ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৬ মাঘ ১৪৩৩
 
শিরোনাম

ডিআইইউ ফার্মেসি বিভাগের নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৩ ১৩:৫৬
নিজস্ব প্রতিবেদক
ডিআইইউ ফার্মেসি বিভাগের নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

ডিআইইউ প্রতিনিধিঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগের নবীনবরণ ও পিঠা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে পিঠা উৎসব ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফরিদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা -১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ।

অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ,বোর্ড অব ট্রাস্টিজ ভাইস-চেয়ারম্যান ডা. এস কাদির পাটোয়ারী, উপ- উপাচার্য ড. গনেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম, ডিএনসিসি ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ডা. আব্দুল মতিন।

এ সময় ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, বিশ্ববিদ্যালয়ের জীবনের অন্যতম হলো কো-কারিকুলাম কার্যক্রমের সাথে যুক্ত থাকা। নবীন বরণ, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এখন শিক্ষারই এক অংশ। একই সাথে তিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় স্বাগতম জানান এবং পিঠা উৎসবের সফলতা কামনা করেন।

সরেজমিনে দেখা যায়, একাডেমিক ভবনের সামনে এ পিঠা উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষর্থীরা। বাহারি নামের পিঠাগুলোর মধ্যে রয়েছে, চিকেন মমোপিঠা, শামুক পিঠা, পুলি পিঠা, চমুচাই পিঠা, নকশি পিঠা, পাহাড়ি সান্নি পিঠা এছাড়াও ছিটা পিঠা ও হাঁসের মাংস।

ফার্মেসী বিভাগের ২৮ ব্যাচের শিক্ষার্থী জেসি বলেন, আমাদের স্টলে হরেক রকমের পিঠা ও হাঁসের মাংস রয়েছে। ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত খাবারের মূল্য রাখা হয়েছে। দেশীয় ঐতিহ্য ধরে রাখার প্রয়াসে এই আয়োজন। অনুভূতি জানতে চাইলে বলেন, পিঠা উৎসবে সবাই মিলে অনেক আনন্দ করেছি এবং স্টলের জন্য সবাই মিলে পিঠা তৈরিতে অংশগ্রহণ করে মনে হচ্ছে এরকম প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ ক্যম্পাসে আরও হোক সেই কামনা করছি।

উল্লেখ্য, পিঠা উৎসবের শেষে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সমাপ্ত হয়।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইবি তারুণ্য’র শীতবস্ত্র বিতরণ

    নিজস্ব প্রতিবেদক
    ১৪ জানুয়ারি, ২০২৩ ১১:৪৮
    নিজস্ব প্রতিবেদক
    ইবি তারুণ্য’র শীতবস্ত্র বিতরণ

    ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’ প্রথম ধাপে প্রায় একশত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

    শুক্রবার (১৩ জানুয়ারি) ১০.৩০ ঘটিকায় কুষ্টিয়া শহরের ৬নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

    সংগঠনটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আমিনুল ইসলাম এর উপস্থাপনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি মো. ওবাইদুর রহমান, সহ-সভাপতি মো. রইচ উর রহমান, সহকারী শিক্ষক হোসনেয়ারা জামান ও আব্দুল বাতেন, জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. মুকুল খসরু, তারুণ্য’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের সভাপতি আশিফা ইসরাত।

    এসময় তারুণ্য'র বর্তমান সভাপতি আশিফা ইসরাত বলেন, অসহায় দুস্থ মানুষকে সাহায্য করা তারুণ্যের স্বেচ্ছাসেবীদের মূল উদ্দেশ্য। আজ দুস্থ মানুষদের উষ্ণতার ছোয়া দিতে পেরে তারুণ্য পরিবার সার্থক।"

    উল্লেখ্য, "অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য " এই স্লোগানকে বুকে ধারন করে ২৯ শে জুলাই ২০০৯ সালে তারুণ্য প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্য'র সদস্যরা রক্তদানের প্রাত্যাহিক রুটিনকর্ম পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে, ক্যাম্পাস অঙ্গনে বৃক্ষরোপন, শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিডারশীপ ট্রেনিং,তারুণ্য লাইব্রেরী, বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন, রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরন, ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করে থাকে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জাবিতে দুই দিনব্যাপী 'জাতীয় গণিত উৎসব' শুরু

      নিজস্ব প্রতিবেদক
      ১৩ জানুয়ারি, ২০২৩ ১৯:৪৪
      নিজস্ব প্রতিবেদক
      জাবিতে দুই দিনব্যাপী 'জাতীয় গণিত উৎসব' শুরু

      জাবি প্রতিনিধিঃ 'বিজ্ঞান গবেষণায় গণিত’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই দিনব্যাপী ‘জাতীয় গণিত কনফারেন্স-২০২২’ শুরু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে কনফারেন্সটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো: নূরুল আলম।

      উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, জাবির গণিত বিভাগের শিক্ষার্থীরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মের মাধ্যমে সুনাম কুড়িয়েছেন। এর মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছেন। আমি বিশ্বাস করি, একটি কনফারেন্স সবসময়ই শিক্ষার দ্বার উন্মোচন করে। আজ যে কনফারেন্সের আয়োজন করা হয়েছে তাতে বিভিন্ন স্বনামধন্য গবেষক গবেষণাকর্ম উপস্থাপন করবেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা নতুন কিছু জানতে ও শিখতে পারবেন। এমন গুরুত্বপূর্ণ একটি কনফারেন্সের ভেন্যু হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করায় বাংলাদেশ গণিত সমিতিকে ধন্যবাদ জানাই।

      বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক মো: শহীদুল ইসলাম বলেন, ২০৪১ সালের মধ্যে দারিদ্র দূরীকরণ ও উন্নত বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তির উপর গুরুত্বারোপ করতে হবে। এ লক্ষ্যে গণিতের উপর বিশেষ গুরুত্বারোপের বিকল্প নেই। কারণ বর্তমানে প্রযুক্তির বিকাশে গণিত মূল ভূমিকা পালন করছে। আবহাওয়ার পূর্বাভাস, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা ও অর্থনীতি সকল ক্ষেত্র গণিতের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। তাই, গণিত বিকাশের লক্ষ্য নিয়েই আমরা কাজ করে চলেছি।

      অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাবির গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, যেকোন গবেষণার ক্ষেত্রে গণিত আবশ্যক। বর্তমানে গাণিতিক, প্রকৌশল, মেডিসিন, জীববিজ্ঞান ও অর্থনীতি প্রতিটি বিজ্ঞান গবেষণার প্রতিটি ক্ষেত্রে গণিতের ব্যবহার দিনদিন বেড়েই চলেছে। বস্তুত, গণিত ছাড়া কোন গবেষণাই পূর্ণতা পাচ্ছে না। তাই অন্যান্য ডিসিপ্লিনও ধীরে ধীরে গাণিতিক উপায় অবলম্বন করছে।

      প্রসঙ্গত, প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয় জাতীয় গণিত কনফারেন্স। এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে ও বাংলাদেশ গণিত সমিতির পৃষ্ঠপোষকতায় এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের কনফারেন্স।

      এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো: আবু নাঈম শেখ, জাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক ড. বাবুল হাসান, জাবির গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ আহমদ প্রমুখ।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বাকৃবিতে শিক্ষার্থী মারধর এবং শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

        নিজস্ব প্রতিবেদক
        ১৩ জানুয়ারি, ২০২৩ ১৮:১৪
        নিজস্ব প্রতিবেদক
        বাকৃবিতে শিক্ষার্থী মারধর এবং শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

        বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীকে মারধর এবং শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. সুকুমার সাহাকে সভাপতি এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে সদস্য-সচিব করে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

        বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

        তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন উদ্যাতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মোক্তার হোসেন, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন-২, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আজহারুল ইসলাম।

        উল্লেখ্য, জোরপূর্বক কক্ষে প্রবেশ করে শিক্ষককে লাঞ্ছনা এবং মাসহ এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদের বিরুদ্ধে। গত ১০ জানুয়ারি সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. পূর্বা ইসলামের কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় সহকারী প্রক্টর অধ্যাপক ড. আফরিনা মুস্তারিকে লাঞ্ছিত করা হয় এবং মারধর করা হয় ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফতাব দুর্বারকে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          পবিপ্রবি'তে বিজ্ঞান অলিম্পিয়াড- ২০২৩ আয়োজিত

          নিজস্ব প্রতিবেদক
          ১৩ জানুয়ারি, ২০২৩ ১৭:৪০
          নিজস্ব প্রতিবেদক
          পবিপ্রবি'তে বিজ্ঞান অলিম্পিয়াড- ২০২৩ আয়োজিত

          পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩ আয়োজিত হয়েছে। জাতীয় বিজ্ঞান একাডেমির আয়োজনে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সার্বিক সহযোগিতায় এবারের এ বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজিত হয়। এতে বরিশাল বিভাগের প্রায় দু'শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

          শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত পতাকা উত্তোলনের মাধ্যমে উক্ত আয়োজনের উদ্বোধন করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

          উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, মানুষের পাথরের যুগ থেকে আজ যে অট্রালিকা তা শুধু বিজ্ঞানেরই অবদান। বিজ্ঞানের কল্যাণেই আজ শিল্প, চিকিৎসা, কৃষি খাতে এত অগ্রগতি এবং সে অগ্রগতিকে পুঁজি করেই পৃথিবী আজ চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে।

          এ সময় তিনি আরও বলেন, বিজ্ঞান চর্চার মাধ্যমেই ২০৪১ সালের ভিশনে আমাদের পৌছাতে হবে। বাংলাদেশ সরকার আগামীর যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে তার জন্য বিজ্ঞান মনস্ক তরুন সমাজকেই এগিয়ে আসতে হবে, একইসাথে বিজ্ঞান চর্চার পাশাপাশি মানবিক শিক্ষার দিকেও নজর দিতে হবে।

          এসময় বরিশাল বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এস. এম. তাওহিদুল ইসলাম বলেন, ডেটা সাইন্স, মেশিন লার্নিং অথবা রোবটিক্স আজ সব কিছুই আধুনিক বিজ্ঞানের উদ্ভাবন এবং এগুলোর সামগ্রিক বিকাশে আগামীর জন্য আজকের এ প্রজন্মকে তৈরী হতে হবে। আমাদের এ মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়েই আগামীর স্মার্ট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে একসাথে কাজ করতে হবে।

          অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, এগ্রোনমি বিভাগের প্রফেসর ড. জাহিদ হাসান সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত