শিরোনাম
গুচ্ছের মাধ্যমে ভর্তির দিনই শিক্ষার্থীদের ডোপ টেস্ট শাবিপ্রবিতে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার শিক্ষার্থীদের ভর্তির দিনই ডোপ টেস্ট করা হবে বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ
গত সোমবার থেকে শুরু হওয়া আবেদন চলবে আগামী ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। বিশেষ যোগ্যতায়ও ভর্তির সুযোগ রেখেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণরা আবেদনের পর ভর্তির জন্য যোগ্যদের তালিকা বা র্যাংকিং প্রকাশ করা হবে। এরপর র্যাংকিং অনুসারে মোবাইল ফোনে মেসেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিন তারিখ জানানো হবে। সেই তালিকা ওবেসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।
পরবর্তীতে ভর্তির দিন বিশ্ববিদ্যালয়ে আসতে হবে শিক্ষার্থীদের। এ সময় তাদের ডোপ টেস্ট করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, সব শিক্ষার্থীকে ডোপ টেস্টের মাধ্যমে ভর্তির সুযোগ ও ভর্তিকৃতদের স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে।
উপাচার্য বলেন, এবার অল্প টাকায় আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। ভর্তিচ্ছুরা শুধু ভর্তির দিন আসলেই হবে। বাকি কাজ ঘরে বসেই করতে পারবেন। একবার আবেদন করে সব ইউনিটে ভর্তির সুযোগ পাবেন তারা।
গুচ্ছ পরীক্ষা ছাড়াও বিশেষ যোগ্যতায় শিক্ষার্থী ভর্তির সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, এবং অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ পদকপ্রাপ্তদের এ সুযোগ দেয়া হবে।
রাবি উপাচার্যের সাথে মার্কিন দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তার মতবিনিময়
রাবি প্রতিনিধি: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা শার্লিনা হুসাইন-মরগ্যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আলোচনাকালে রাবি উপাচার্য আমেরিকান বিশ্ববিদ্যালয় ও উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে রাবির শিক্ষা ও গবেষণা বিষয়ে সহযোগিতা বিশেষ করে ফুলব্রাইট বৃত্তি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলোশিপ অপরচুনিটি ও সুশি কর্মসূচির আওতায় রাবি শিক্ষক ও গবেষকদের সুযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এসময় শার্লিনা জানান, অচিরেই একজন আমেরিকান প্রশিক্ষক রাবিতে ১০ মাসব্যাপী ইংরেজি ভাষার প্রশিক্ষণ দিতে আসবেন। এছাড়া উপাচার্যের আগ্রহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন শার্লিনা।
এসময় রাবি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ইংরেজি বিভাগের বিশিষ্ট শিক্ষকবৃন্দ ও ঢাকাস্থ আমেরিকান সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শেখ রাসেলের জন্মদিনে কুবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
হেদায়েতুল ইসলাম নাবিদ, কুবি প্রতিনিধি:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার (১৭ অক্টোবর) বিকাল ৩ টায় অর্থনীতি বিভাগের ৩০৮ ও ৩০৯ নম্বর কক্ষে এ প্রতিযোগিতা হয়৷
বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার ৪ টি স্কুলের প্রায় ৭৫ জন শিক্ষার্থী(শিশু) এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে৷ এসময় শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, শেখ রাসেল, জাতীয় পতাকা, মানচিত্র এবং মুক্তিযুদ্ধ এই পাঁচটি বিষয়ের উপর ছবি আঁকতে দেওয়া হয়৷
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, উপ-কমিটির সদস্যরাসহ শিক্ষার্থীদের অভিভাবকরা৷
উপ-কমিটির আহবায়ক ড. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম থেকে ৩য় শ্রেনী এক ক্যাটাগরি এবং অন্যটি ৪র্থ থেকে ৫ম শ্রেনী । এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে প্রায় ৭৫ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সবাই খুব সুশৃঙ্খলভাবে প্রদত্ত বিষয়গুলো চিত্রাঙ্কন করেছে। বিষয়বস্তুর আলোকে মূলায়ন করে দুইটি কেটাগরিতে ৬টি পুরষ্কার দেওয়া হবে। এই চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা আমাদের মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুসহ জাতীয় চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম ১৯৬৪ সালের ১৮ অক্টোবর৷ ১৯৭৫ সালের সেনা অভ্যুত্থানে শেখ মুজিব হত্যার সময় সপরিবারে তাকেও হত্যা করা হয়।,
রাবির 'বি' ইউনিটের বিষয়ভিত্তিক সপ্তম মেধাতালিকা প্রকাশ
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের সপ্তম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সপ্তম নির্বাচন তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার ১৮ অক্টোবর থেকে ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রহণ করা হবে। ছাত্রছাত্রীদের সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে ( ডীনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১২) উপস্থিত হয়ে সাক্ষাৎকারের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে।
এতে আরও বলা হয়েছে, নির্বাচিত ছাত্রছাত্রীদের নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করার পর দুই কপি প্রিন্ট করে অফিস চলাকালীন বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (রুম নম্বর ৩১৮/১) এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোনো ভর্তিচ্ছু যদি ভর্তিকৃত বিভাগেই থাকতে চান তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে অটো-মাইগ্রেশন বন্ধের অপশন বেছে নিতে হবে।
উল্লেখ্য, প্রথমবর্ষের ক্লাস আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে।
‘CoU Unpredictable 3207’ দলকে সংবর্ধনা দিলো কুবির আইসিটি বিভাগ
হেদায়েতুল ইসলাম নাবিদ, কুবি প্রতিনিধি:‘CoU Unpredictable 3207’ কে সংবর্ধনা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ৷ গত শনিবার (৮ অক্টোবর) ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি, এশিয়া) চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দলটি।
এ সময় বিজয়ী দলের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়৷ রোববার (১৬ অক্টোবর) দুপুরে আইসিটি বিভাগে এ সংবর্ধনা দেওয়া হয়৷
আইসিপিসি প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করেন বিভাগটির ১২তম ব্যাচের শিক্ষার্থী অনিক চক্রবর্তী, ১৩তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রিয়াদ, ১৪তম ব্যাচের শিক্ষার্থী ইফতেখার নাহিম৷
এ সময় উপস্থিত ছিলেন বিভাগটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান৷ এছাড়াও ছিলেন সহযোগী অধ্যাপক দুলাল চক্রবর্তী, সহকারী অধ্যাপক মোঃ শরিফ হোসেন, আমেনা বেগম, প্রভাষক রাকিব হাসান রিয়াদ, মাকসুদুর রহমান, পিন্টু চন্দ্র পাল সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা৷
বিজয়ী দলের টিম কোচ প্রভাষক মাকসুদুর রহমান বলেন, আমরা আরও নতুন নতুন দল তৈরি করব৷ পরবর্তীতে যাতে সেরা ১০ এর মধ্যে থাকতে পারি৷
বিভাগটির চেয়ারম্যান ড. মো. সাইফুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীদের সাফল্যে আমরা খুবই খুশি৷ এখন থেকে সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টাই বিভাগের প্রোগ্রামিং ল্যাব খোলা থাকবে শিক্ষার্থীদের জন্য৷ ভবিষ্যতের যেকোনো প্রোগ্রামিং প্রতিযোগিতায় সব খরচ বিভাগ থেকে বহন করা হবে৷ প্রোগ্রামিং কনটেস্ট বাধ্যতামূলক করে দেওয়া হবে নতুন ব্যাচগুলোর জন্য যাতে আমরা সেরা দশের মধ্যে আসতে পারি৷
উল্লেখ্য, গত শনিবার (৮ অক্টোবর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৬৪টি প্রোগ্রামিং দলের ৬৪০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে৷ এতে চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দলটি৷ একই সাথে ন্যাশনাল র্যাংকিং এ ১৬ তম স্থান দখল করে নেয় তারা৷
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য