ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

৪১তম বিসিএসে অযাচিত হাজিরা, প্রার্থিতা বাতিল করল পিএসসি

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৫৬
নিজস্ব প্রতিবেদক
৪১তম বিসিএসে অযাচিত হাজিরা, প্রার্থিতা বাতিল করল পিএসসি

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন ও হাজিরাবহির্ভূত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণকারী তিনজনের প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীদের নিবন্ধন নম্বর প্রকাশ করেছে পিএসসি। নিবন্ধন নম্বরগুলো হলো ১৪০১৩০৩৩, ১১০৩৭৬৫৯, ১১১৩১৯৪৯ ও ১২০১১৫৫৩।

১৪০১৩০৩৩ নিবন্ধনধারী প্রার্থীর ৪১তম বিসিএসের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ ছাড়া বাকি প্রার্থীদের ৪১তম বিসিএসের প্রার্থিতা বাতিলের পাশাপাশি ২০২১ সালের পরের ১ বছর পিএসসির সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আলো বলা হয়েছে, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার কারণে ৪১তম বিসিএসের বিজ্ঞাপনের ৪৩ (৬) নম্বর অনুচ্ছেদ, বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ২০১৪–এর শর্ত এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষায় অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০ অনুযায়ী কমিশন কর্তৃক এসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    কৃষিগুচ্ছের ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত মেধাতালিকা

    নিজস্ব প্রতিবেদক
    ২১ সেপ্টেম্বর, ২০২২ ১৭:২১
    নিজস্ব প্রতিবেদক
    কৃষিগুচ্ছের ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত মেধাতালিকা

    দেশের আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে। ভর্তি পরীক্ষা শেষে ফলও প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে মোট আসন সংখ্যার তুলনায় কয়েকগুণ শিক্ষার্থীর তালিকা দেওয়া হয়।

    এদিকে প্রকাশিত ফলের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা অনলাইনে বিশ্ববিদ্যালয় ও বিষয়ভিত্তিক পছন্দক্রম দিতে পারছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত অনলাইনে এ পছন্দক্রম দিয়েছেন ভর্তিচ্ছুরা।

    এদিকে কৃষি গুচ্ছভুক্ত আটটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিষয়ভিত্তিক মেধাতালিকা আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হবে। যা পরবর্তীতে কৃষি গুচ্ছের ভর্তির ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

    বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।

    তিনি জানান, ‘আগামী ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট প্রকাশ ও শিক্ষা শাখায় এ তালিকা প্রেরণ করা হবে।’

    এদিকে কৃষি গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শেষ হয়েছে। আগামী সোমবার (২৬ সেপ্টেম্বর) রেজাল্ট চ্যালেঞ্জের ফল প্রকাশিত হবে।

    জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টায় আবেদন গ্রহণ শেষ হয়েছে। শিক্ষার্থী সশরীরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে আবেদন করতে হয়েছে। আবেদনের সাথে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র জমা দেওয়া ছাড়াও এক হাজার টাকা ফি পরিশোধ করতে হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত প্রায় সাড়ে চারশত শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন।

    জানা গেছে, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৭৯ হাজার ১৯৫ জন। ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬৫ হাজার ৩৫৪ জন। আর পরীক্ষার জন্য আবেদন করেও হলে যাননি ১৩ হাজার ৮৪১ জন। পরীক্ষায় ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। সে হিসেবে পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৯৮৫ জন।

    এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      হাসনাতের অনশন ভাঙালেন ঢাবি উপাচার্য

      নিজস্ব প্রতিবেদক
      ২১ সেপ্টেম্বর, ২০২২ ১৫:১২
      নিজস্ব প্রতিবেদক
      হাসনাতের অনশন ভাঙালেন ঢাবি উপাচার্য

      ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতায় সৃষ্ট নানা রকম হয়রানি বন্ধ ও ৮ দফা দাবিতে আমরণ অনশনরত ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহর অনশন ভাঙালেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

      বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে প্রায় ২৭ ঘণ্টা পর পানি খাইয়ে অনশন ভাঙান উপাচার্য।এসময় তিনি শিক্ষার্থীদের সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।

      উল্লেখ্য, আজ সকাল ৭.৩০ মিনিটের দিকে অনশনে থাকায় অজ্ঞান হয়ে যান তিনি। এ সময় তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে অবনতি হচ্ছিল। কিছু দিন আগেই তিনি নিউরোলজিতে জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেও জানা।

      চিকিৎসক তাকে দ্রুত হাসপাতালে ভর্তির তাগিদ দিলেও, যতক্ষণ পর্যন্ত ভিসি তার দাবি মেনে নেবেন না ততক্ষণ পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন হাসনাত।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        এসএসসির প্রশ্ন ফাঁস: কুড়িগ্রামে কেন্দ্রসচিবসহ গ্রেপ্তার ৩

        নিজস্ব প্রতিবেদক
        ২১ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৫৪
        নিজস্ব প্রতিবেদক
        এসএসসির প্রশ্ন ফাঁস: কুড়িগ্রামে কেন্দ্রসচিবসহ গ্রেপ্তার ৩

        কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি-২০২২ সালের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষাকেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষকসহ ওই বিদ্যালয়ের অপর দুই সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একজন পলাতক রয়েছেন।

        মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ দেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সদস্য উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালীক চৌধুরী। এরপরই তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

        প্রশ্ন ফাঁসের বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নজরে এলে তাঁরা প্রাথমিক তদন্ত শুরু করেন। পরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় নড়েচড়ে বসে প্রশাসন ও পুলিশ। গতকাল মঙ্গলবার ইংরেজি দ্বতীয় পত্র পরীক্ষার দিন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান, ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে অভিযান চালিয়ে গণিত, কৃষিবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধার করে। এই বিষয়গুলোর পরীক্ষা এখানো অনুষ্ঠিত হয়নি। প্রশ্নপত্র ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের কক্ষে রয়েছে নিশ্চিত হয়ে তাঁরা অভিযান চালান। পুলিশ জানতে পারে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার প্যাকেটে ওই প্রশ্নপত্রগুলো ঢোকানো ছিল। পরে বিকেলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ও প্রধান শিক্ষক লুৎফর রহমানকে থানায় আনে। রাতে প্রধান শিক্ষককে আটক করা হলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে ছেড়ে দেওয়া হয়। পরে ইংরেজি শিক্ষক আমিনুর রহমান রাসেল, চুক্তিভিত্তিক শিক্ষক জোবায়ের হোসাইনকে আটক করা হয়।

        অন্যদিকে বুধবার (২১ সেপ্টেম্বর) ভোরে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমান ও সোহেল আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। প্রশ্নপত্র ফাঁস মামলার অপর আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছেন। প্রশ্ন ফাঁসের ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কামরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে প্রায় তিন ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক শেষে তারা অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে দ্রুত স্থান ত্যাগ করেন।

        ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক রয়েছেন। মামলার তদন্ত চলছে। আরও কেউ জড়িত থাকলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।’

        ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ও ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের ট্যাগ অফিসার আদম মালিক চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনে চাকরি, বেতন স্কেল পৌনে দুই লাখ

          নিজস্ব প্রতিবেদক
          ২১ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৭
          নিজস্ব প্রতিবেদক
          নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনে চাকরি, বেতন স্কেল পৌনে দুই লাখ

          নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মকর্তা নেওয়া হবে। আগ্রহীদের ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

          পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা ফাইন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাঁচ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে জেনারেশন ইউটিলিটিসে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি আইনকানুন জানতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম ও করপোরেট গভর্ন্যান্সে পারদর্শী হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

          বয়স: ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর সর্বোচ্চ ৬০ বছর বেতন স্কেল: ১,৭৫,০০০ টাকা সুযোগ–সুবিধা: মূল বেতনের সঙ্গে বাসাভাড়া, স্বাস্থ্য ভাতা, বোনাস, গ্র্যাচুইটি, টেলিফোন বিল, ফ্রিঞ্জ বেনিফিট ও পরিবহন সুবিধা দেওয়া হবে।

          আবেদন যেভাবে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ ও কভার লেটারসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত ডাকযোগে বা কুরিয়ারে চেয়ারম্যান বরাবর পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

          আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল–৪), ৮, পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

          আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২২।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত