ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

স্কুল-কলেজে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা মাউশির

নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ, ২০২২ ১৫:২৭
নিজস্ব প্রতিবেদক
স্কুল-কলেজে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা মাউশির

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (২৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

নির্দেশনা অনুযায়ী, ২৫ মার্চের মধ্যে গণহত্যা সর্ম্পকে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করতে হবে। কোনোভাবেই ২৫ মার্চ স্কুল-কলেজে আলোকসজ্জা করা যাবে না।

এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সব দেশের স্কুল-কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থী সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। আর মহান স্বাধীনতা দিবস উদযাপনে ২৬ মার্চ সন্ধ্যা থেকে শিক্ষা প্রতিষ্ঠান আলোকসজ্জা করা যাবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    দেশের সিনেমা দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক
    ২৩ মার্চ, ২০২২ ১৫:২০
    নিজস্ব প্রতিবেদক
    দেশের সিনেমা দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী

    বিজয়ীদের তালিকা প্রকাশ হয়েছে আগেই। আজ বুধবার (২৩ মার্চ) জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    করোনা পরিস্থিতির কারণে এবারও অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন। এজন্য অনুষ্ঠানের শুরুতেই তিনি শিল্পীদের কাছে দুঃখ প্রকাশ করেন।

    এরপর একে একে শিল্পীরা মঞ্চে আসেন তাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করতে। তার এক ফাঁকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি সিনেমা নিয়ে তার ভালো লাগার কথা জানান।

    নিজেকে সিনেমাপ্রেমী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো সিনেমা হলে যেতে পারি না। কিন্তু প্লেনে যখন দেশের বাইরে যাই তখন দেশি সিনেমা দেখি। প্রোডাকশনগুলো খুব ভালো লাগে। আবার কেউ যদি পেনড্রাইভে ছবি পাঠান সেটাও দেখি। ভালোই লাগে সিনেমা দেখতে। আমাদের দেশে সুপ্তপ্রতিভা আছে। তাদের কাজ দেখে মুগ্ধ হই।’

    এসময় অসহায় শিল্পীদের জন্য কল্যাণ তহবিল নিয়েও কথা বলেন তিনি। ‘শিল্পী-কলাকুশলীদের জন্য একটা ট্রাস্ট করে দিয়েছি। যারা বিত্তবান তারা এই ফান্ডে সাহায্য করবেন। আমি আহ্বান জানাচ্ছি’- যোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    দুপুর ১২টার দিকে শুরু হয় পুরস্কার প্রদান। অভিনেত্রী আনোয়ারার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে শারীরিক অসুস্থতার জন্য নিজে উপস্থিত হতে পারেননি আনোয়ারা। তার হয়ে আজকের আয়োজনের সভাপতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত থেকে পুরস্কার নেন আনোয়ারার মেয়ে মুক্তি।

    আনোয়ারাকে মঞ্চে না দেখে কারণ জানতে চান প্রধানমন্ত্রী। অভিনেত্রী অসুস্থ জানতে পেরে তিনি দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আনোয়ারা আসতে পারেননি। আমি জানতাম না যে আনোয়ারা অসুস্থ। শুনে খুব দুঃখ পেলাম। তার রোগমুক্তি কামনা করি।’

    এসময় কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার যে কোনো সহযোগিতায় পাশে থাকার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      পুরো রমজান মাস বন্ধ চান প্রাথমিকের শিক্ষকরা

      নিজস্ব প্রতিবেদক
      ২৩ মার্চ, ২০২২ ১৫:৮
      নিজস্ব প্রতিবেদক
      পুরো রমজান মাস বন্ধ চান প্রাথমিকের শিক্ষকরা

      রমজান মাসের ছুটি পুর্নবহাল রাখার দাবি জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিকের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি থেকে এ দাবি জানানো হয়। গতকাল সংগঠনটির একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছিলো। সেখানে সিদ্ধান্ত নেয়া হয়, শীঘ্রই ছুটির বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর তারা আবেদন করা হবে।

      সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক জেলা কমিটি নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রত্যেক উপজেলা কমিটি নিজ নিজ উপজেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন জমা দেবেন।

      এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামসুদ্দিন মাসুদ বলেন, স্বাধীনতার পর থেকে রমজান মাসে কখনো প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালু ছিলো না। মাঝে একবার রমজানে দুই থেকে তিনদিন ক্লাস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেটি পুনরায় বন্ধ করা হয়। তিনি বলেন, প্রাথমিকের শিক্ষকরা অন্যান্যা সরকারি চাকুরিজীবীদের থেকে কম ছুটি ভোগ করেন। অন্যদের সাপ্তাহিক বন্ধ থাকে দুইদিন। সেখানে আমরা শুধু শুক্রবার ছুটি পেয়ে থাকি। এছাড়া জাতীয় দিবসগুলোতেও আমাদের বিদ্যালয়ে আসতে হয়।

      তিনি আরও বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সারাদিনে হয়তো একটি ক্লাস নেন। কিন্তু আমাদের একজন শিক্ষককে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অনেকগুলো ক্লাস নিতে হয়। শিক্ষার্থীদের বারবার বুঝাতে হয়। সারাদিন কথা বলতে হয়। অনেক বিদ্যালয়ে শিক্ষক আছেন দুই থেকে তিনজন। তাহলে তারা কিভাবে রমজান মাসে ক্লাস নেবেন?

      শামসুদ্দিন মাসুদ বলেন, দীর্ঘদিন প্রাথমিকের শিক্ষকদের বদলি বন্ধ রয়েছে। যে কারণে অনেক শিক্ষককে নিজের বাড়ি থেকে অনেক দূরে গিয়ে ক্লাস নিতে হয়। কারো কারো ক্ষেত্রে সেটি ২০/২৫ কিলোমিটার দূরত্বেরও হয়ে যায়। রমজান মাসে এই গরমের মধ্যে একজন শিক্ষকের পক্ষে এভাবে ক্লাস চালিয়ে নেয়া অসম্ভব। শিখন ঘাটতি পূরণের জন্য এই উদ্যোগ নেয়া হলেও এটি কতটুকু ফলপ্রসূ হবে সেটি নিয়ে আমরা সন্দিহান। তিনি ছুটি পুর্নবহাল রাখার দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে রমজান মাসের পরে আমরা সমন্বয় করে নেবো।

      উল্লেখ্য, মন্ত্রণালয় থেকে করোনাকালীন শিখন ঘাটতি পূরণের জন্য ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেয়া হয়।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        পিএসসিতে তদবির হয়: চেয়ারম্যান

        নিজস্ব প্রতিবেদক
        ২৩ মার্চ, ২০২২ ১৫:৪
        নিজস্ব প্রতিবেদক
        পিএসসিতে তদবির হয়: চেয়ারম্যান

        সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছেন, পিএসসিতে তদবির হয়। অদ্ভুত ধরনের যুক্তি নিয়ে অনেকে আসেন। অনেকে এসে বলেন চাকরিটা হলে গরিব ছেলেটার বা মেয়েটার উপকার হবে। কিন্তু তারা ভাবেন না, গরিবের উপকার করতে গেলে মেধাবীকে বঞ্চিত করতে হবে। গরিবের উপকার করতে গিয়ে মেধাবীকে বঞ্চিত করতে পারে না পিএসসি। তাই তদবির করবেন না। এখানে তদবির রাখার কোনো সুযোগ নেই। কে কোন বোর্ডে ভাইভা নিতে যাবেন এটা কোনো সদস্যই জানেন না। যেদিন ভাইভা সেদিন সকালে পিএসসিতে এসে তারা জানতে পারেন কোন বোর্ডে তিনি ভাইভা নেবেন।

        সম্প্রতি সরকারি কর্ম কমিশনের নানা বিষয় নিয়ে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পিএসসি চেয়ারম্যান।

        পিএসসির চেয়ারম্যান হিসেবে আপনি কোনো সদস্যের কাছে তদবির করেন কিনা এমন প্রশ্নের জবাবে সোহরাব হোসাইন বলেন, চেয়ারম্যান হিসেবে আমি সেটা করতে পারি না। আমি যদি কোনো সদস্যর কাছে তদবির করি তাহলে তিনি আমাকে কী ভাববেন এটা হলে কাজ করা সম্ভব হবে না। তদবির করলে নিজেকে অনেক ছোট মনে হবে।

        প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে পিএসসি’র এত চিন্তা কেন? জানতে চাইলে চেয়ারম্যান বলেন, প্রিলিমিনারিতে কয়েক লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। সারা দেশে তারা ছড়িয়ে থাকেন। তাদের জন্য পরীক্ষার হল ঠিক করা কঠিন এক কর্ম। এ সময় এসএসসি-এইচএসসির মতো পাবলিক পরীক্ষা, সম্ভাব্য নির্বাচনসহ কতকিছু খেয়াল রাখতে হয়। প্রশ্নপত্র তৈরি, মডারেশন, বিকল্প সেট বানানো, ছাপানো, পাঠানো সবই স্পর্শকাতর। পান থেকে চুন খসলেই সর্বনাশ। এত পরীক্ষার্থীর খাতা মূল্যায়ন, পরীক্ষক নির্বাচন, পরীক্ষার হলে দায়িত্বপালনকারী কর্মকর্তা সবই পুঙ্খানুপুঙ্খভাবে করতে হয়। পিএসসির প্রত্যেকটা কাজই ষোল আনা চাই। এক আনা কম হলে চলবে না। তাই এত দুশ্চিন্তা।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ইউজিসির লাল তালিকা থেকে বাদ গণ বিশ্ববিদ্যালয়

          নিজস্ব প্রতিবেদক
          ২৩ মার্চ, ২০২২ ৮:৩৯
          নিজস্ব প্রতিবেদক
          ইউজিসির লাল তালিকা থেকে বাদ গণ বিশ্ববিদ্যালয়

          দীর্ঘ তিন বছর পর সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) নামের পাশের লাল তারকা চিহ্ন সরিয়ে নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (২২ মার্চ) গবি কর্তৃপক্ষ ও ইউজিসি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

          বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, ২০২১ সালের জুলাই থেকে এ সমস্যার সমাধানে কাজ শুরু করে প্রশাসন। ইউজিসির যেসব বিষয়ে আপত্তি ছিল, এরমধ্যে সেসব বিষয়গুলো সমাধান করা হয়। এরপর ইউজিসিকে এ বিষয়ে যাবতীয় কাগজপত্র প্রদর্শন করা হয়। তাদের সকল প্রক্রিয়া শেষে আজ এই লাল তারকা সরিয়ে নেয়া হয়েছে। করোনার দুই দফা বন্ধের কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হয়।

          জানা যায়, ২০১৯ সালে গবির পাঁচটি প্রোগ্রামে (এমবিবিএস, বিডিএস, বিবিএ, ফিজিওথেরাপি ও পরিবেশ বিজ্ঞান) ভর্তিতে স্থগিতাদেশ দেয় আদালত। ওই বছরের মার্চে ইউজিসির ওয়েবসাইটে ‘লাল তারকা’ চিহ্নের বিষয়টি শিক্ষার্থীদের দৃষ্টিগোচর হয়। এরপর এ ইস্যু সমাধান এবং বৈধ উপাচার্যের দাবিতে ৬ এপ্রিল থেকে টানা ৬৮ দিন আন্দোলন করে শিক্ষার্থীরা।

          বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, যোগদানের পর থেকে আমি বিষয়টিতে নজর দিয়েছি। একাডেমিক কাউন্সিলের সাথে আলোচনা করে আমরা এ সমস্যা সমাধানে সম্মত হই। এরপর থেকে বিভিন্ন সময়ে ইউজিসির সাথে যোগাযোগ করি, চিঠি দেই। আমরা তাদেরকে এটা নিশ্চিত করি, এখানে কোনো অননুমোদিত বিষয় পড়ানো হয়না। তারা আমাদের কথায় আশ্বস্ত হয় এবং লাল তারকা চিহ্ন তুলে নেয়।

          তিনি বলেন, সামনের দিনে ইউজিসির নীতিমালা অনুযায়ী কার্যক্রম চলবে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি সামনের দিনে বিশ্ববিদ্যালয় অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে।

          লাল তারকা চিহ্ন সরিয়ে নেয়ার বিষয়ে ইউজিসির বেসরকারী বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. ওমর ফারুখ বলেন, ‘‘যেসব কারণে গণ বিশ্ববিদ্যালয়কে রেড মার্ক দেয়া হয়েছিল, সেই কারণগুলো এখন আর নেই। তাই এটা তুলে দেয়া হয়েছে।’’

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত