শিরোনাম
উচ্চশিক্ষার সকল সেবা ডিজিটালাইজ করা হবে: ইউজিসি
ইনোভেটিভ বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে দেশের বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সকল সেবা ডিজিটাল প্লাটফর্মে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির সদস্য ও ইনোভেশন টিমের আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
তিনি বলেন, ইনোভেটিভ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশের সকল বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান সেবাসমূহ শতভাগ ডিজিটালাইজ করা হবে।
ইউজিসির ২০২১-২০২২ অর্থবছরে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ‘উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণে’ প্রধান অতিথির বক্তব্যে আজ রবিবার (২০ মার্চ) তিনি এ কথা জানান।
সভায় প্রফেসর আলমগীর উচ্চশিক্ষা সংক্রান্ত সেবা সহজলভ্য করতে সংশ্লিষ্টদেরকে উদ্ভাবন, সেবা সহজীকরণে সক্ষমতা বৃদ্ধি এবং পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
চতুর্থ শিল্প বিপ্লবে উচ্চশিক্ষা খাতের চ্যালেঞ্জ ও প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, ৪র্থ শিল্প বিপ্লবে শ্রম ও চাকরির বাজারে ব্যাপক প্রতিযোগিতা তৈরি হবে। এক্ষেত্রে যন্ত্র মানুষের স্থান দখল করে নিলেও মেধা, দক্ষতা ও সক্ষমতা দিয়ে মানুষই সবকিছু নিয়ন্ত্রণ করবে। কাজেই, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উচ্চশিক্ষাস্তরে পাঠ্যক্রম ঢেলে সাজানো, গ্রাজুয়েটদের দক্ষতা ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে হবে।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এন্ড ট্রেনিং বিভাগের পরিচালক মো. মাকছুদুর রহমান ভূঁইয়া বক্তব্য দেন।
সভায় ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সেবা প্রত্যাশীদের ভোগান্তি কমাতে সেবা সহজিকরণ, গুণগত সেবা প্রদান এবং সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
কমিশনের সিনিয়র সহকারী পরিচালক ও ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট মো. রবিউল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে রিসোর্সপারসন হিসেবে যুক্ত ছিলেন এটুআই কনসালটেন্ট (উপ সচিব) জিয়াউর রহমান। প্রশিক্ষণে ইউজিসি’র বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ববিতে গণবিজ্ঞপ্তির ভর্তি চলছে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির শেষ কার্যক্রম চলছে। আজ রোববার (২০ মার্চ) গণবিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। এরপর আর কোনো শিক্ষার্থী ভর্তি করানো হবে না বলে জানায় কর্তৃপক্ষ। শূন্য ৩০০ আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে।
এর আগে, ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রাহাত হোসেন ফয়সাল বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রায় ৩০০ আসন এখনো খালি রয়েছে। শূন্য আসনে ভর্তি কার্যক্রম শেষ করতে ২০ মার্চ মেধা তালিকার ক ইউনিটে ১-৬৫০০ সিরিয়াল পর্যন্ত, খ ইউনিট ১-২৫০০ সিরিয়াল পর্যন্ত এবং গ ইউনিট ১-২৫০০ পর্যন্ত শিক্ষার্থীদের ভাইবা নিয়ে ভর্তি নেয়া হবে। পূূর্বে যারা মেধাতালিকায় এসেছিল কিন্তু কোন কারণে ভর্তি হতে পারেনি তারাও চাইলে ভাইবা দিয়ে ভর্তি হতে পারবে।
তিনি আরো জানান, ২০ তারিখেই ভর্তি হতে হবে। ওভাবেই প্রিপারেশন নিয়ে আসতে বলা হবে। যে ২০ তারিখ ৫ টার মধ্যে ভর্তি হতে পারবেনা তার সিট বাতিল হয়ে যাবে।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে গত ২৭ ফেব্রুয়ারিতে থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।
ডেন্টাল ভর্তির আবেদন শুরু আজ
দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হবে হচ্ছে আজ রবিবার। এদিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ডেন্টাল ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ডেন্টাল ভর্তির আবেদন ফি এক হাজার টাকা। ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের টাকা জমা দেওয়া যাবে। প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। আর ২২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এইচএসসি পাসের পূর্ববর্তী তিন বছরের মধ্যে এসএসসি ও সমমান এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিদ্যাসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.৫ থাকতে হবে।
১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে।
সব দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দু’টি পরীক্ষা মিলে মোট জিপিএ থাকতে হবে ৯। সব উপজাতীয় (সমতল ও পার্বত্য জেলা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দু’টি পরীক্ষায় মোট জিপিএ ৮ থাকতে হবে। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩.৫-এর কম থাকলে আবেদন করা যাবে না।
এনটিআরসিএর একাধিক পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে।
শনিবার (১৯ মার্চ) এনটিআরসিএর সদস্য ও বিভাগীয় নির্বাচন কমিটির আহ্বায়ক এ এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ মার্চ তারিখে অনুষ্ঠিত এ কার্যালয়ের ৩য় (অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক) ও ৪র্থ শ্রেণির (অফিস সহায়ক) পদে লিখিত পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে উত্তীর্ণ প্রার্থীরা হলেন- 1100023, 1100027, 1100031, 1100034, 1100036,1100065, 1100067, 1100135, 1100141, 1100154, 1100164, 1100168, 1100185, 1100197, 1100207, 1100219, 1100248, 1100279, 1100280 মোট ১৯ জন।
অফিস সহায়ক পদে উত্তীর্ণ প্রার্থীরা হলেন- 1200036, 1200038,1200045, 1200047, 1200164, 1200198, 1200210. 1200222, 1200223, 1200252, 1200294 1200296 মোট=১২ জন।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান এবং অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান এনটিআরসিএ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশসহ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
২০ রমজান পর্যন্ত খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়: প্রতিমন্ত্রী
২০ রমজান পর্যন্ত দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনার যে ক্ষতি হয়েছে, সেটা পুষিয়ে নিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আজ শনিবার দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমকি ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
তিনি প্রাথমিকের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমরা এ দেশের ভবিষ্যৎ। তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ। তোমরা সুশিক্ষা অর্জন করে কেউ সচিব, কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ রাজনীতিবিদ, আবার কেউ হবে দেশের প্রধানমন্ত্রী। তাই লেখাপড়া ভালো করে করতে হবে। লেখাপড়ার বিকল্প কিছু নেই।
প্রতিমন্ত্রী আরও বলেন, এলাকার উন্নয়নে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্টের উন্নয়নসহ ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বছরের শুরুতে নতুন বই ও উপবৃত্তি দেওয়া হচ্ছে।
শতবর্ষপূর্তি অনুষ্ঠানে খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের প্রাথমিকের উপ-পরিচালক মোজাহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলার নির্বাহী কর্মকর্তা আল ইমরান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামসহ আরও অনেকে।
এর আগে খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য