ঢাকা, শনিবার, ২ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

মেডিকেলে আবেদন করতে পারছেন না মাদ্রাসা শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:২১
নিজস্ব প্রতিবেদক
মেডিকেলে আবেদন করতে পারছেন না মাদ্রাসা শিক্ষার্থীরা

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি আবেদন শুরু হয়েছে। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আবেদন করছেন শিক্ষার্থীরা। তবে মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। তারা বলছেন, আবেদন করতে ওয়েবসাইটে গেলে তাদের ‘আবেদনের জন্য যোগ্য নয়’ বলে জানাচ্ছে।

চট্টগ্রাম থেকে শোয়েবুর রহমান নামে এক ভর্তিচ্ছু জানান, মাদ্রাসা বোর্ড থেকে যারা পাস করেছে তারা কেউই মেডিকেলে আবেদন করতে পারছে না। আবেদন করতে গেলে ‘আপনি আবেদনের যোগ্য নয়’ লেখা দেখাচ্ছে। এসএসসি ও এইচএসসির একটি অথবা দুইটাই মাদ্রাসা বোর্ড থেকে যারা পাস করেছেন তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, সাধারণ শিক্ষা বোর্ড থেকে যারা পাস করেছে তারা আবেদন করতে পারছে। একই অভিযোগ করেছেন আবদুল্লাহ মাহমুদ নামে আরেকজন ভর্তিচ্ছু।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব বলেন, এ ধরনের কোনো সমস্যার কথা এখনো জানি না। তবে বিষয়টি নিয়ে টেলিটকের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে। এ বিষয়ে জানতে টেলিটক কর্তৃপক্ষকে কল দিলেও ধরেন নি তারা।

আজ থেকে শুরু হওয়া আবেদন চলবে ১০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি এক হাজার টাকা। ১১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টেলিটকের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।

মেডিকেল ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ১ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশি নাগরিক যারা বিদেশি শিক্ষা কার্যক্রম থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সার্টিফিকেট সমতাকরণ করতে হবে। এজন্য দুই হাজার টাকা জমা দিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) বরাবর আবেদন করতে হবে।

পূর্ববর্তী বছরের ন্যায় এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ নম্বর এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৭ দশমিক ৫ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা হবে।

যারা ২০২০ বা ২০২১ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ) উত্তীর্ণ হয়েছেন, তারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আর এইচএসসি পাসের পূর্ববর্তী তিন বছরের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদনের করতে পারবেন না।

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসাবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে এসএসসিতে প্রাপ্ত জিপিএ এর জন্য ৭৫ নম্বর এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। মোট ৩০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।

ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির প্রশ্নের মান ১। এমসিকিউ পরীক্ষা হবে ১ ঘণ্টায়। মেডিকেল ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক ১০ নম্বরের (মোট ১০০) প্রশ্ন থাকবে।

এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। এর কম পেলে অকৃতকার্য বলে বিবেচিত হবে। কেবল কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকাসহ ফলাফল প্রকাশ করা হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    যে কয়টি বিষয় ও যত নম্বরে এবারের এসএসসি–এইচএসসি

    নিজস্ব প্রতিবেদক
    ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৯:২৭
    নিজস্ব প্রতিবেদক
    যে কয়টি বিষয় ও যত নম্বরে এবারের এসএসসি–এইচএসসি

    চলতি বছরও এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা হচ্ছে না। তবে গতবারের চেয়ে এবার দুটি পাবলিক পরীক্ষাতেই বিষয় বাড়ছে। এর মধ্যে এসএসসিতে তিনটি বিষয় বাদ যাচ্ছে। আর এইচএসসিতে বাদ যাচ্ছে একটি বিষয়। এ ছাড়া এবারও এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হবে কম নম্বরে ও কম সময়ে।

    এসব প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন ‘আন্তশিক্ষা বোর্ড চেয়ারম্যানস কমিটি’। আজ রোববার কমিটির সভায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ‘নির্বাচনী পরীক্ষা (টেস্ট) না নেওয়ারও প্রস্তাব এসেছে। এ ক্ষেত্রে বিকল্প হিসেবে পরীক্ষা শুরুর আগে প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেছে কমিটি। করোনা সংক্রমণের কারণে ঠিকমতো শ্রেণিকার্যক্রম না হওয়ার কারণেই মূলত এসব প্রস্তাব এসেছে।

    এখন পর্যন্ত যে সিদ্ধান্ত আছে, তাতে আগামী জুন মাসে এসএসসি এবং আগস্টে এইচএসসি পরীক্ষা হবে। ইতিমধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

    করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর গত বছরের শেষ দিকে ২০২১ সালের এসএসসি ও এইচএসসিতে শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার সেগুলোর সঙ্গে বাংলা, ইংরেজি, গণিতসহ বেশির ভাগ বিষয়ের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করলেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। নম্বর বিভাজনের ক্ষেত্রে প্রস্তাব এসেছে, যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (সৃজনশীল ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে। আর যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা আছে, সেসব বিষয়ে ৪৫ নম্বরের (সৃজনশীল ৩০, এমসিকিউ ১৫) পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে আজকের সভায়।

    করোনা মহামারির কারণে এসএসসি ও এইচএসসির পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। এ কারণে ক্লাসের সঙ্গে পরীক্ষাও পিছিয়ে যায় বা বাতিল করতে হয়েছে। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিল। কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছিল সরকার। এই ছুটি শেষে ২২ ফেব্রুয়ারি আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।

    তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও করোনার অভিঘাতের কারণে এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হচ্ছে না। সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া হলেও এখন তা বছরের মাঝামাঝিতে নিতে হচ্ছে।

    আজকের সভার বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু প্রস্তাব এসেছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। প্রস্তাবগুলো এখন শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে খুব শিগগির এসব সিদ্ধান্ত পরিষ্কার করে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      মেডিকেলে ভর্তির আবেদন শুরু, দেখে নিন নিয়ম

      নিজস্ব প্রতিবেদক
      ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৯:২০
      নিজস্ব প্রতিবেদক
      মেডিকেলে ভর্তির আবেদন শুরু, দেখে নিন নিয়ম

      দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি আবেদন আজ সোমবার থেকে শুরু হচ্ছে।

      সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে ১০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। আবেদন ফি এক হাজার টাকা। ১১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টেলিটকের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।

      মেডিকেল ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ১ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশি নাগরিক যারা বিদেশি শিক্ষা কার্যক্রম থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সার্টিফিকেট সমতাকরণ করতে হবে। এজন্য দুই হাজার টাকা জমা দিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) বরাবর আবেদন করতে হবে।

      পূর্ববর্তী বছরের ন্যায় এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ নম্বর এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৭ দশমিক ৫ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা হবে।

      যারা ২০২০ বা ২০২১ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ) উত্তীর্ণ হয়েছেন, তারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আর এইচএসসি পাসের পূর্ববর্তী তিন বছরের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদনের করতে পারবেন না।

      এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসাবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে এসএসসিতে প্রাপ্ত জিপিএ এর জন্য ৭৫ নম্বর এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। মোট ৩০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।

      ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির প্রশ্নের মান ১। এমসিকিউ পরীক্ষা হবে ১ ঘণ্টায়। মেডিকেল ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক ১০ নম্বরের (মোট ১০০) প্রশ্ন থাকবে।

      এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। এর কম পেলে অকৃতকার্য বলে বিবেচিত হবে। কেবল কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকাসহ ফলাফল প্রকাশ করা হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে আইনি নোটিশ

        নিজস্ব প্রতিবেদক
        ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৯:১৬
        নিজস্ব প্রতিবেদক
        মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে আইনি নোটিশ

        ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আয়োজন করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

        রবিবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি ও রেজিস্ট্রারকে এই নোটিশ পাঠানো হয়েছে।

        জানা গেছে, সুফিয়া খাতুন হাসি নামে এক ভর্তিচ্ছুর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার এই নোটিশ পাঠিয়েছেন।

        তথ্যমতে, গত ২৩ ফেব্রুয়ারি ২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করে বিএমডিসি। নীতিমালার ৩.৩ ধারায় এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের কথা বলা হয়। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দ্বিধা তৈরি হয়।

        পরবর্তীতে বিষয়টি জানতে পক্ষ থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

        প্রসঙ্গত, আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি আবেদন শুরু হবে। আগামী ১০ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবেন। আগামী ১ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নারী শিক্ষার্থীদের যুক্তরাজ্যে পড়তে বৃত্তি দেবে ব্রিটিশ কাউন্সিল

          নিজস্ব প্রতিবেদক
          ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ২১:১৪
          নিজস্ব প্রতিবেদক
          নারী শিক্ষার্থীদের যুক্তরাজ্যে পড়তে বৃত্তি দেবে ব্রিটিশ কাউন্সিল

          দ্বিতীয় বছরের মতো স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) বিষয়ে নারীদের বৃত্তি দিতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। এই বৃত্তি যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে স্টেম–সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনার জন্য বিশ্বের শতাধিক নারীকে সহায়তা করবে। ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেমের জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।

          ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেম যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল বা গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে আগ্রহী নারীদের সহায়তা করে। সম্মানজনক এই বৃত্তি দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, যুক্তরাষ্ট্রসহ নির্দিষ্ট কিছু অঞ্চলের শতাধিক নারীকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা আর্লি একাডেমিক ফেলোশিপ অর্জনের সুযোগ দেবে।

          যুক্তরাজ্যের ২৬টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এই স্কলারশিপ স্কিমে টিউশন ফি, মাসিক উপবৃত্তি, ভ্রমণ খরচ, ভিসা ও স্বাস্থ্য বা হেলথ কভারেজ ফি অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিপেনডেন্ট আছেন, এমন নারীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন এবং অতিরিক্ত সহায়তা পেতে পারেন।

          জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) তথ্য অনুসারে, বিশ্বে ৩০ শতাংশেরও কম নারী গবেষক আছেন। এর মধ্যে ৩০ শতাংশ নারী শিক্ষার্থী উচ্চশিক্ষায় স্টেম–সংশ্লিষ্ট বিষয় বেছে নেন। যেহেতু একজন সাধারণ স্টেম কর্মী অন্যদের তুলনায় দুই-তৃতীয়াংশ বেশি উপার্জন করেন, তাই নারীদের স্টেমে ক্যারিয়ার গড়ার সমান সুযোগ দিলে তা বেতনে লৈঙ্গিক বৈষম্য কমাতে সাহায্য করবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৫—‘লিঙ্গসমতা অর্জন এবং সব নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন’ অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে।

          এই বসন্ত সেশনে ১১৯ জন স্কলারের প্রথম ব্যাচ তাঁদের নির্বাচিত কোর্সে ভর্তি হয়েছেন। যুক্তরাজ্যের ১২টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নারীদের জন্য স্টেম বিষয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অফার করছে। চলতি বছর দক্ষিণ এশিয়ার নারীদের জন্য ৬৫টি বৃত্তি রয়েছে, যা প্রতিটি দেশের জন্য গত বছরের বরাদ্দের তুলনায় বেশি।

          ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল ডিরেক্টর এডুকেশন সাউথ এশিয়া সালভাদর লোপেজ বলেন, ‘স্টেমে যুক্তরাজ্যের শীর্ষ মানের ডিগ্রি অর্জনে দক্ষিণ এশিয়ার মেধাবী ও যোগ্য নারীদের সহায়তা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা নারীদের শিক্ষা, একাডেমিয়াসহ বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে লিঙ্গ–ভারসাম্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য নারীর ক্ষমতায়ন এবং যুক্তরাজ্য ও দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে সম্পর্ক জোরদার করার মাধ্যমে এখানকার মানুষের জীবনে পরিবর্তন আনা।’

          বৃত্তির আবেদনের প্রক্রিয়া, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়, কোর্সের সম্পূর্ণ তালিকাসহ আরও বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত