শিরোনাম
ওমিক্রন আতঙ্কে একদিনেই স্থগিত ৪ নিয়োগ পরীক্ষা
দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার দ্রুত বাড়তে থাকায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্য অধিদফতর বলছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাধান্য দেশে এখনও বেশি, তবে একটু একটু করে সে জায়গাটা ওমিক্রন ভ্যারিয়েন্ট দখল করে নিচ্ছে।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯০৬ জন। শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। এ অবস্থায় আজ রবিবার (২৩ জানুয়ারি) একদিনেই স্থগিত করা হয়েছে সরকারি ৪টি নিয়োগ পরীক্ষা। এরমধ্যে তিনটি লিখিত এবং বাকি একটি প্রিলিমিনারি পরীক্ষা। আগামী ২৮ এবং ২৯ জানুয়ারি ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব পরীক্ষা হওয়ার কথা ছিল।
নিয়োগ স্থগিত করা সরকারি এসব প্রতিষ্ঠান হলো-দুর্নীতি দমন কমিশন (দুদক), ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন, কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
দুদক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সহকারী পরিদর্শক এর শূন্য পদের নিয়োগ প্রার্থীদের আগামী ২৯ জানুয়ারি (শনিবার) সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণ বশতঃ স্থগিত করা হয়েছে। বিষয়টি এসএমএস এর মাধ্যমে নির্ধারিত পরীক্ষার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে।
এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, কোভিড-১৯ এর সাম্প্রতিক পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগের ২১ জানুয়ারির এক নির্দেশনা অনুসরণে এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগের লক্ষ্যে আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা আপাততঃ স্থগিত ঘোষণা করা হলো। উল্লিখিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি নোটিশের মাধ্যমে পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে নেওয়া হবে।
সিপিজিসিবিএল জানিয়েছে, আগামী ২৯ জানুয়ারি (শনিবার) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টিতে সিপিজিসিবিএল এর ‘ব্যক্তিগত সচিব (PS to MD)’ ও ‘অভ্যর্থক (Receptionist)’ পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনী লিখিত পরীক্ষা কোভিভ-১৯ পরিস্থিতি প্রকট হওয়ায় এতদ্বারা স্থগিত করা হলো। এ বিষয়ে গৃহীত কার্যক্রম ও পরিবর্তিত পরীক্ষার তারিখ পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেয়া হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন জানিয়েছে, বিআইডব্লিউটিসির অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর শূন্য পদে লোক নিয়োগের নিমিত্ত অবেদনকারী প্রার্থীদের ঢাকা শহরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৮ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হযবে মর্মে দিন ধায্য করা হয়। অনিবার্য কারণ বশতঃ ওই পরীক্ষাটি আপাতত স্থগিত করা হল। পরীক্ষার পরিবর্তীত সময়কাল পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
নির্ধারিত সময়েই পাঁচ ব্যাংকের পরীক্ষা
নির্ধারিত সময়েই সমন্বিত পাঁচ ব্যাংকের ক্যাশ অফিসার পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার (২৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ব্যাংকার্স সিলেকশন কমিটির মহাব্যবস্থাপক ও সদস্য সচিব মো. আজিজুল হক। আগামী ৪ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মো. আজিজুল হক বলেন, আমরা পরীক্ষা নিতে চাই। পাঁচ ব্যাংকের পরীক্ষাও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এটাই আমাদের সিদ্ধান্ত।
করোনা সংক্রমণ বাড়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এ ঘোষণার পরই সমন্বিত পাঁচ ব্যাংকের ক্যাশ অফিসার পদের নিয়োগ পরীক্ষা নিয়ে সংশয় দেখা দেয়। পরীক্ষা নেয়ার দাবিও তুলেন চাকরিপ্রার্থীরা। পরীক্ষা না হলে আন্দোলনের হুমকি দেন তারা।
চাকরিপ্রার্থীরা বলেন, করোনার কারণে আমরা এমনিতে অনেক পিছিয়ে আছি। দেড় বছরে আমরা কোনো পরীক্ষা দিতে পারিনি। এদিকে চাকরির জন্য নির্ধারিত বয়সও শেষ হয়ে যাচ্ছে। করোনার কারণে এবারের পরীক্ষাগুলোও স্থগিত হয়ে যায় তাহলে আমাদের সামনে আর কোনো পথ থাকবে না। হতাশ হয়ে যাবো। তারা আরও বলেন, চাকরির পরীক্ষাগুলো সাধারণ ছুটির দিনেই হয়। ফলে পরীক্ষাগুলো নিতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। স্বাস্থ্যবিধি মেনেই নিয়োগ পরীক্ষাগুলো নিয়ে নেয়া উচিত। নাহলে দেশের বেকার সংখ্যা আরও বাড়বে।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. আজিজুল হক বলেন, করোনা সংক্রমণ বাড়ার পর থেকে স্বাস্থ্যবিধি মেনেই আমরা পরীক্ষাগুলো নিয়ে আসছি। আশা করি সামনের পরীক্ষাগুলোতেও কোনো সমস্যা হবে না। তিনি পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে আসার অনুরোধ জানান। একই সঙ্গে কমিটির নির্দেশনা অনুযায়ী ইলেক্ট্রনিক কোনো ডিভাইস যাতে পরীক্ষার্থীরা না নিয়ে আসেন সে বিষয়ে সতর্ক করেন তিনি।
ক্যাশ অফিসারের ১ হাজার ৪৩৯টি শূণ্য পদে নিয়োগ দেবে সমন্বিত পাঁচ ব্যাংক। ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, রূপালী, অগ্রণী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। ১৪৩৯ পদের মধ্যে সোনালী ব্যাংকে ৮৪৬টি, জনতা ব্যাংকে ১০৫টি, অগ্রণী ব্যাংকে ৪০০টি, রূপালী ব্যাংকে ৮৫টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩টি পদ রয়েছে।
এ পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর টাকা ১৬,০০০-৩৮,০০০ হাজার টাকা অনুয়ায়ী বেতন পাবেন। ৩১ জানুয়ারি ২০২১ সালে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ পান চাকরিপ্রার্থীরা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর ৫৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে গত শুক্রবার ৭টি ব্যাংক ও একিটি আর্থিক প্রতিষ্ঠানের অফিসার জেনারেল পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।
শাবিপ্রবি ভিসিকে অপসারণের দাবি সংসদে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে আজকের মধ্যেই অপসারণের দাবি উঠেছে জাতীয় সংসদে। আজ রোববার (২৩ জানুয়ারি) সংসদ অধিবেশনে এ দাবি তোলে বিরোধী দল জাতীয় পার্টি।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, গত কয়েকদিন ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ভাইস চ্যান্সেলর, হাউস টিউটরের পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। তারা অনশনে আছেন। ১৬ জন এরই মধ্যে হাসপতালে ভর্তি হয়ে গেছেন। এতে কারো টনক নড়ছে না। আমি মনে করি, আর কোনো তদন্ত রিপোর্ট নয়। কারো সঙ্গে আলাপ, আলোচনা নয়। শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী আছেন। ভাইস চ্যান্সেলরকে আজকের মধ্যেই ওখান থেকে প্রত্যাহার করে নিয়ে আসেন। ছাত্রদের ক্লাসে ফিরে যেতে সহায়তা করেন।
আরেক সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসিকে চায় না। তারপরও তিনি পদ আঁকড়ে বসে আছেন। যদি তিনি পদত্যাগ না করেন তাহলে সরকারের উচিত আজকের মধ্যে তাকে অব্যাহতি দিয়ে শিক্ষার্থীদের দাবি পূরণ করা।
১৩ জানুয়ারি রাত থেকে প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রীরা। পরে সংহতি জানিয়ে তাদের সঙ্গে যোগ দেন ছাত্ররাও। শিক্ষার্থীদের এ দাবি মেনে নেয়ার কথা থাকলেও তা পূরণ করেন নি ভিসি অধ্যাপক ফরিদ। চাপের মুখে পরে প্রভোস্ট থেকে পদত্যাগ করেন বেগম সিরাজজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। ওই সময় অভিযুক্তদের বিচারের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা ভিসিকে অবরুদ্ধ করে। ভিসিকে উদ্ধার করতে গিয়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ার শেল, রাবার বুলেট ও গ্রেণেড ছোড়ে। এতে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা মূলত ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে। দাবি আদায়ে আমরণ অনশন করছে ২৪ শিক্ষার্থী। এদের মধ্যে ১৬ জন হাসপাতালে ভর্তি আছেন।
আটকে গেল ১০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা
করোনার সংক্রমণ বাড়তে থাকায় ১৩২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার পর আবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে চলমান পরীক্ষা স্থগিত করায় বিপাকে পড়েছেন লাখ লাখ শিক্ষার্থী। বেশি সমস্যায় পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ধকল কিছুটা কাটিয়ে উঠতে না উঠতেই ফের বড় ধরনের সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তাদের অধিভুক্ত কলেজগুলোতে বর্তমানে অনার্স পার্ট-৪-এর আর তিনটি পরীক্ষা বাকি রয়েছে। এতে পরীক্ষার্থী দুই লাখ ৩৬ হাজার। আগামী ২ ফেব্রুয়ারি থেকে অনার্স পার্ট-২-এর পরীক্ষা শুরুর কথা ছিল। এতে পরীক্ষার্থী চার লাখ ৩৫ হাজার। এ ছাড়া আগামী মাসের শুরুতেই এলএলবি পার্ট-২-এর মৌখিক, বিএড ও এমএডের মৌখিক পরীক্ষা, বিবিএ পঞ্চম ও সপ্তম সেমিস্টারের পরীক্ষা, সিএসই দুই বর্ষের পরীক্ষা শুরুর কথা ছিল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করায় বিপাকে পড়েছেন হাজারো শিক্ষার্থী। গত বছরের ২৯ ডিসেম্বর শুরু হয় ২০১৬-১৭ সেশনের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা। এরই মধ্যে ছয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে। বাকি তিনটি বিষয়ের পরীক্ষা ২৩, ২৭ ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অর্থাৎ তিন বছর অপেক্ষা শেষে এই মাসেই শেষ হতো তাঁদের স্নাতক পরীক্ষা। কিন্তু এই পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা স্থগিত হওয়ায় প্রায় ১০ লাখ শিক্ষার্থীর অপেক্ষার প্রহর আরো দীর্ঘ হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘আগেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালে আমরা সরাসরি পরীক্ষা নিয়েছি। কারণ তখন করোনা সংক্রমণ কম ছিল। এখন ঊর্ধ্বগতি। এ অবস্থায় পরীক্ষা নিলে শিক্ষার্থীদের ঝুঁকি বাড়বে। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সংক্রমণ কমে এলে আমরা অন্তত পরীক্ষা শুরুর চেষ্টা করব। এখন আমাদের সুবিধা হলো, শিক্ষকরা শতভাগ ও শিক্ষার্থীদের ৬০ শতাংশ টিকা নেওয়া। ’
গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের সিদ্ধান্ত নিজেদেরই নিতে বলা হয়। এরপর থেকে একে একে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে সরাসরি ক্লাস বন্ধের ঘোষণা আসতে থাকে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের ব্যাপারে কোনো ঘোষণা হয়নি। গতকাল সকালে পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীরা স্থগিতের খবর পান। এতে তাঁরা কিছু সময়ের জন্য নীলক্ষেত মোড় অবরোধ করেন।
জানা গেছে, রাজধানীর সাত কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০১৮ সালে। করোনার কারণে দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত বছরের শেষের দিকে পরীক্ষা শুরু হয়। গতকাল ছিল তাঁদের শেষ পরীক্ষা। কিন্তু এই একটি পরীক্ষা আটকে যাওয়ায় হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন আটকে গেল।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার কালের কণ্ঠকে বলেন, ‘ডিগ্রির একটি বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে। কিছু বর্ষের কিছু মৌখিক পরীক্ষাও চলছিল। এগুলো স্বাস্থ্যবিধি মেনে নেওয়া গেলে শিক্ষার্থীদের আটকে থাকতে হবে না। যেসব পরীক্ষা চলছে, সেগুলো স্বাস্থ্যবিধি মেনে নেওয়া যায় কি না, সে ব্যাপারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেব। ’
ফেনী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ আলম এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠেয় পরীক্ষাগুলো চলমান রাখা প্রয়োজন ছিল। অনার্স চতুর্থ বর্ষের তিনটি, ডিগ্রির একটি পরীক্ষা বাকি ছিল। আর অনার্স প্রথম বর্ষের ব্যাবহারিক পরীক্ষা এ মাসেই হতো। অর্থাৎ জানুয়ারি মাসে এসব পরীক্ষা শেষ হয়ে যেত।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রায় ৯ মাস পর সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয়েছিল গত বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা। আর এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও বছরের মাঝামাঝি নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন শিক্ষামন্ত্রী। সে অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হচ্ছিল। কিন্তু নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও ফের অনিশ্চয়তায় পড়ল।
আসন কমলেও কিছু বিভাগে বাড়বে
২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা প্রায় ১ হাজার কমিয়ে ৬ হাজারে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে বিভাগ ও ইনস্টিটিউটগুলোর মতামত নিয়ে একটি সুপারিশ প্রণয়ন করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। সেখানে ৪৪টি বিভাগ ও ইনস্টিটিউটে আসন কমানো এবং ১৫টিতে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি ও একাডেমিক কাউন্সিলে আলোচনার পর আসন কমানোর বিষয়টি চূড়ান্ত হবে সিন্ডিকেটে। কর্তৃপক্ষ বলছে, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বেকারত্ব কমিয়ে আনার জন্য আসন কমানোর উদ্যোগটি নেওয়া হয়েছে। সর্বশেষ ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে আসন ছিল ৭ হাজার ১২৫টি। সুপারিশ বাস্তবায়িত হলে আসনসংখ্যা হবে ৬ হাজার ১১০। অর্থাৎ ১ হাজার ১৫টি আসন কমবে।
সুপারিশ অনুযায়ী, কলা অনুষদে ৫১৫টি কমে আসনসংখ্যা ১ হাজার ৩৬০টি, ব্যবসায় শিক্ষা অনুষদে ২০০ আসন কমে ১ হাজার ৫০টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ১৫৭টি কমে ১ হাজার ৬৫টি, জীববিজ্ঞান অনুষদে ৯০টি কমে ৪৯৫টি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষতে ১০টি কমে ২৩৫টি, চারুকলা অনুষদে ৫টি আসন কমে ১৩০টি, আইন অনুষদে ২০টি কমে ১১০টি এবং ১০টি ইনস্টিটিউটে ৪০টি আসন কমিয়ে ৮৭৫ করার সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে বিজ্ঞান অনুষদে আসনসংখ্যা ২টি বেড়ে ৪৭০টি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে ১০টি আসন বাড়িয়ে ২৪৫টি এবং ফার্মেসি অনুষদে ১০টি বাড়িয়ে ৭৫ আসন করা হতে পারে।
যেসব বিভাগে আসন কমতে পারে সুপারিশ অনুযায়ী, কলা অনুষদের বাংলা বিভাগে ১২টি, ইংরেজিতে ৩০টি, আরবিতে ৫০টি, ফারসি ভাষা ও সাহিত্যে ২৫টি, উর্দুতে ৭০টি, সংস্কৃতে ২৫টি, পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজে ৪০টি, ইতিহাসে ২০টি, দর্শনে ৫০টি, ইসলামিক স্টাডিজে ৮৫টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৫০টি, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় ১০টি, ভাষাবিজ্ঞানে ২০টি, সংগীতে ২০টি, বিশ্বধর্ম ও সংস্কৃতিতে ৪০টি আর নৃত্যকলা বিভাগে ৫টি আসন কমতে পারে।
ব্যবসায় শিক্ষা অনুষদের নয়টি বিভাগের মধ্যে আটটিতেই আসন কমানোর সুপারিশ করেছে ডিনস কমিটি। এর মধ্যে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট, মার্কেটিং ও ফিন্যান্সে ৩০টি করে আসন কমিয়ে ১৫০ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ইন্টারন্যাশনাল বিজনেস ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ১৫টি করে আসন কমিয়ে ১০০ করার সুপারিশ করা হয়েছে। ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগে ৫০টি আসন কমিয়ে ১০০ করার কথা বলা হয়েছে।
সামাজিক বিজ্ঞান অনুষদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৫০টি, আন্তর্জাতিক সম্পর্কে ২০টি, সমাজবিজ্ঞানে ৩৫টি, গণযোগাযোগ ও সাংবাদিকতায় ৬টি, লোকপ্রশাসনে ২০টি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে ২০টি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে ৫টি, অপরাধবিজ্ঞানে ১০টি, যোগাযোগ বৈকল্যে ১০টি আর জাপানিজ স্টাডিজ বিভাগে ১০টি আসন কমানোর কথা বলা হয়েছে।
জীববিজ্ঞান অনুষদের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে ২০টি, উদ্ভিদবিজ্ঞানে পাঁচটি, প্রাণিবিদ্যায় ২০টি আর মনোবিজ্ঞানে ৫০টি আসন কমতে পারে। আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে ভূগোল ও পরিবেশ বিভাগে ৪০টি আসন কমিয়ে ৮০ করা হতে পারে। আইন অনুষদের আইন বিভাগে ২০টি আসন কমিয়ে ১১০ করার কথা বলা হয়েছে। চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের আসনসংখ্যা ৫টি কমিয়ে ২৫টি করার সুপারিশ করা হয়েছে।
ইনস্টিটিউটগুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৪০টি আসন কমিয়ে ১২০টি, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ৫টি কমিয়ে ১০০ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২০টি আসন কমিয়ে ১৪০ করার সুপারিশ করা হয়েছে।
যেসব বিভাগে আসন বাড়তে পারে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজে সাতটি, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগে ১৫টি, অর্থনীতি বিভাগে দুটি, পপুলেশন সায়েন্সেসে ১৫টি, ডেভেলপমেন্ট স্টাডিজে ১২টি, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে ৫টি, পরিসংখ্যান বিভাগে ২টি, সমুদ্রবিজ্ঞান বিভাগে ১৫টি, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনায় ১০টি, আবহাওয়াবিজ্ঞানে ৫টি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫টি, রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫টি এবং ফার্মেসি বিভাগে ১০টি আসন বাড়ানোর কথা বলা হয়েছে।
পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটে ৫টি আসন বাড়িয়ে ৪০টি আর তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে ২০টি বাড়িয়ে ৫০টি করার সুপারিশ করা হয়েছে। বাকি বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে আসন অপরিবর্তিত থাকতে পারে।
যা বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা, গ্রন্থাগার-সুবিধা, শ্রেণিকক্ষ ও পরিবহন থেকে শুরু করে সর্বত্র অতিরিক্ত শিক্ষার্থীর চাপ রয়েছে। গত দুই দশকে অপরিকল্পিতভাবে নতুন নতুন বিভাগ ও ইনস্টিটিউট খোলা এবং একই অনুপাতে অবকাঠামো না বাড়ায় এ অবস্থা তৈরি হয়েছে। অবকাঠামো বাড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘ভৌত মহাপরিকল্পনা’ প্রস্তুত করেছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ভৌত মহাপরিকল্পনার আগে একটি ‘একাডেমিক মহাপরিকল্পনা’ প্রস্তুতের আহ্বান জানান। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসনসংখ্যা কমানোর উদ্যোগ নেয়।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বেকারত্ব কমিয়ে আনার জন্য আসনসংখ্যা কমানোর উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল। তিনি প্রথম আলোকে বলেন, পৃথিবীর মানসম্মত বিশ্ববিদ্যালয়গুলোতে ১০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকেন। কিছু বিশ্ববিদ্যালয়ে পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক রয়েছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ২০ জনের বেশি শিক্ষার্থীর জন্য একজন শিক্ষকের ব্যবস্থা আছে। অনুপাতটি ১৬: ১- এ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ ১৬ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকবেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য