ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

পদোন্নতি পেলেন আলোচিত সেই সারোয়ার আলম

নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট, ২০২৪ ০:৪৪
নিজস্ব প্রতিবেদক
পদোন্নতি পেলেন আলোচিত সেই সারোয়ার আলম

অবশেষে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন একসময়ের আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। মঙ্গলবার রাতে ঢাকা পোস্টকে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

নিজের পদোন্নতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সারওয়ার আলম নিজেই জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেন, তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম। আলহামদুলিল্লাহ্। সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফয়সালাকারী।

২০২১ সালের ৭ মার্চ প্রশাসনের ৩৩৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। কিন্তু পদোন্নতিবঞ্চিত হন ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের আলোচিত এ কর্মকর্তা।

বিসিএস ২৭তম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে ২০০৮ সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগ দেন সারোয়ার আলম। ২০১৪ সালের ১ জুন সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান তিনি। সে অনুযায়ী এ পদে প্রায় সাত বছরসহ মোট ১২ বছরেরও বেশি সময় ধরে প্রশাসন ক্যাডার হিসেবে কর্মরত থাকলেও সেসময় পদোন্নতিবঞ্চিত হন সারওয়ার আলম।

২০২২ সালে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তিরস্কার সূচক লঘুদণ্ডের শাস্তি পেয়েছিলেন সেসময়ের র‌্যাবের আলোচিত এ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে ২০২১ সালের ৩০ জুন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয়। তবে সারওয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দেননি।

তার পদোন্নতি না পাওয়ার ঘটনাটি ওই সময়ের বেশ আলোচিত বিষয় ছিল। তখন মো. সারওয়ার আলম বলেছিলেন, আমার পদোন্নতি না হওয়ার বিষয়টি বিশ্বাস করতে পারছেন না বলে অনেক সরকারি কর্মকর্তা আমাকে জানিয়েছেন। বিষয়টি নিয়ে তারা অবাক হয়েছেন। তবে এটাই বাস্তবতা।

এদিকে আজ (মঙ্গলবার) সারোয়ার আলমসহ উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন ১১৭ কর্মকর্তা। তারা পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন।

সারওয়ার আলম ২৭তম বিসিএসে ক্যাডার সার্ভিসে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগে পড়াশোনা শেষ করেন। ছয় ভাই বোনের মধ্যে সবার বড় সারওয়ার।

সৎ ও মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত পাওয়া সারওয়ার আলম র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) যোগদানের পর থেকে সব সময় আলোচিত ছিলেন। কর্মদক্ষতা আর নিষ্ঠার পরিচয় দিয়ে গেছেন বারংবার। ব্যক্তিস্বার্থ নয়, বরং তিনি প্রাধান্য দিয়েছেন দেশ ও জনগণের স্বার্থকে। স্বার্থান্বেষী মহল তার কাজে অসন্তুষ্ট থাকলেও জনগণ তাকে অফুরান ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছে।

১৯৯৫ সালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন প্রাণিবিদ্যা বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ২০০৫ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর পাস করেন তিনি। সারওয়ার আলম ২০০৮ সালে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে যোগ দেন প্রশাসনে।

মো. সারওয়ার আলম ২০০৯ সালে চট্টগ্রামের মেয়ে সানজিদা শারমিন লিন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের চারটি মেয়ে রয়েছে। যাদের নাম মাহরিন সামারা, নাজিফা সাফরিন, তানহা ও মানহা।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল

    নিজস্ব প্রতিবেদক
    ১৩ আগস্ট, ২০২৪ ২০:৯
    নিজস্ব প্রতিবেদক
    ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল

    ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল বাংলাদেশে। এদিন সরকারি ছুটিও ছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ১৫ আগস্টের ছুটি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকার যে ১৫ আগস্টের সরকারি ছুটি রাখবে না সেটার আভাস আজ বিকেলেই পাওয়া গিয়েছিল।

    আজ দুপুরে নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল হতে পারে। এজন্য প্রজ্ঞাপনও রেডি (প্রস্তুত) করে রাখা হয়েছে। নির্দেশনা পেলেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

    এদিকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ১৫ আগস্ট সাধারণ ছুটি না রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেপ্তার

      নিজস্ব প্রতিবেদক
      ১৩ আগস্ট, ২০২৪ ১৯:৪৪
      নিজস্ব প্রতিবেদক
      সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেপ্তার

      সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

      ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

      রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

      মাইনুল হাসান আরও জানান, নিউমার্কেট থানার একটি মামলায় আজ বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।

      কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন।

      বিস্তারিত আসছে....

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ইন্টারনেট বন্ধের সাথে আগুন লাগার কোনো সম্পর্ক ছিল না

        নিজস্ব প্রতিবেদক
        ১৩ আগস্ট, ২০২৪ ১৮:৪
        নিজস্ব প্রতিবেদক
        ইন্টারনেট বন্ধের সাথে আগুন লাগার কোনো সম্পর্ক ছিল না

        শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ইন্টারনেট বন্ধ ও চালু করার বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন ব্যতিরেকে তখনকার প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মৌখিক নির্দেশক্রমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় সম্পন্ন করা হয়। ইন্টারনেট বন্ধের সাথে ডেটা সেন্টারে আগুন লাগার কোনো সম্পর্ক ছিল না।

        সরকার পতনের পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে।

        শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৭ জুলাই মধ্যরাত থেকে মোবাইল ইন্টারনেট সেবা এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।

        ইন্টারনেট বন্ধের কারণ হিসেবে সরকারের উচ্চ পর্যায় থেকে বিভিন্ন রকম বক্তব্য দেওয়া হয়েছিল সে সময়।

        তদন্তে প্রতিবেদনে আরও বলা হয়েছে— ইন্টারনেট বন্ধের সাথে ডেটা সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সম্পৃক্ত করে প্রচারণার মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জাতির সাথে মিথ্যাচার ও প্রতারণা করেছেন।

        ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারত চলে যান শেখ হাসিনা। পরিবর্তিত দৃশ্যপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ৮ আগস্ট শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে রয়েছেন ১৬ জন উপদেষ্টা।

        বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কও রয়েছেন উপদেষ্টামণ্ডলীতে। তাদের মধ্যে একজন নাহিদ ইসলাম। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          শিক্ষার্থীদের স্বপ্নকে সত্য করতে সহায়তা করব: ড. ইউনূস

          নিজস্ব প্রতিবেদক
          ১৩ আগস্ট, ২০২৪ ১৭:১৪
          নিজস্ব প্রতিবেদক
          শিক্ষার্থীদের স্বপ্নকে সত্য করতে সহায়তা করব: ড. ইউনূস

          রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূস তাঁর কার্যালয়ে নির্বাচিত সাংবাদিকদের ব্যক্তিগত ব্রিফিংকালে ব্যাখ্যা করেন, ‘আমি এটা করছি; কারণ, দেশের তরুণেরা এটাই চেয়েছিল এবং আমি তাদের এটি করতে সাহায্য করতে চেয়েছিলাম।’

          ড. ইউনূস বলেন, ‘এটা আমার স্বপ্ন নয়, এটা তাঁদের স্বপ্ন। আমি আসলে এটাকে সত্য করতে তাঁদের সাহায্য করছি।’

          শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনে সরকারের পতনের পর অধ্যাপক ইউনূস গত বৃহস্পতিবার শপথ নেন। তিনি এখনো তাঁর সামনে থাকা কাজের মাত্রা বোঝার চেষ্টা করছেন।

          ড. ইউনূস বলেন, সবচেয়ে জরুরি বিষয় হলো নিরাপত্তা পরিস্থিতি।

          আন্দোলন ঘিরে সহিংসতায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। শত শত থানা আগুনে পুড়ে গেছে। সব পুলিশ সদস্য উধাও হয়ে যান। পুলিশ ইউনিয়ন কর্মবিরতি ঘোষণা করে। এ অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেন শিক্ষার্থীরা।

          অধ্যাপক ইউনূস বলেন, আইনশৃঙ্খলা সবার আগে, যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে বা কাজ করতে পারে। পুলিশ সদস্যরা সড়কে ফিরে আসায় পরিস্থিতির অগ্রগতির প্রথম ঝলক দেখা যায় গতকাল সোমবার। এটি একটি প্রথম পদক্ষেপ। কিন্তু নিরাপত্তা একমাত্র সমস্যা—বিষয়টি মোটেও এমন নয়।

          অধ্যাপক ইউনূস বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সরকার সম্পূর্ণভাবে ‘হাওয়া’ হয়ে যায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ১৫ বছরের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনের পর যা বাকি ছিল, তা হলো বিশৃঙ্খলা, পুরোপুরি বিশৃঙ্খলা।

          ড. ইউনূস আরও বলেন, এমনকি সরকার যা করেছে, যা কিছুই করেছে, তার কোনো অর্থ হয় না। প্রশাসন কী জিনিস, সে সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না।

          অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা এখানে আছি তাঁদের জন্য, দেশের জন্য তরতাজা নতুন মুখ হিসেবে...কারণ অবশেষে, এই মুহূর্তে দানব চলে গেছে। তাই এটি উদ্দীপনার বিষয়।’ সংস্কারই মুখ্য বিষয়।

          সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের সাধারণ দাবি ছিল শিক্ষার্থীদের। এই দাবি থেকেই প্রথম আন্দোলনের সূত্রপাত হয়। কিন্তু নিরাপত্তা বাহিনী নৃশংস ও প্রাণঘাতী দমন অভিযান চালায়, যা পরবর্তী সময়ে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পরিণত হয়।

          বাক্‌স্বাধীনতার দিকে ইঙ্গিত করে অধ্যাপক ইউনূস বলেন, সংস্কার খুবই প্রয়োজন। শেখ হাসিনার সরকারের সময় বাক্‌স্বাধীনতা ব্যাপকভাবে সীমিত ছিল। কারাগারগুলো এমন লোকে ভরা, যাঁরা তাঁর বিরুদ্ধে কথা বলতে চেষ্টা করেছিলেন।

          অধ্যাপক ইউনূস নিজেই অভিযোগ করেছেন, তিনি বাক্‌স্বাধীনতা দমনের শিকার হয়েছেন।

          শেখ হাসিনার সরকারের একজন স্পষ্টবাদী সমালোচক অধ্যাপক ইউনূস। ক্ষুদ্রঋণের প্রবক্তা হিসেবে তিনি প্রশংসিত। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তাঁকে জনশত্রু হিসেবে গণ্য করতেন। তাঁকে একটি মামলায় ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন অধ্যাপক ইউনূস।

          কিন্তু সামনে আরও বৈপ্লবিক ধারণা আসছে। প্রতিটি মন্ত্রণালয়ে একজন শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন। সরকার পতনে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁদের এই পদ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তাঁরা সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

          এরপর বিচার বিভাগের সংস্কারের বিষয়টি আছে। শিক্ষার্থীদের চাপে ইতিমধ্যে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন।

          অধ্যাপক ইউনূস যুক্তি দেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে; বরং অভিযোগ আছে, তারা ‘কিছু উচ্চতর কর্তৃপক্ষের’ আদেশে কাজ করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, পরিভাষাগত দিক থেকে তিনি প্রধান বিচারপতি ছিলেন। কিন্তু আসলে তিনি ছিলেন একজন জল্লাদ।

          ড. ইউনূস বলেন, ‘আমার কাজের অভিজ্ঞতা যা-ই হোক না কেন...আমি বলছি না, আমি একটি সরকার চালাতে পারব। আমি বলছি যে আমার কিছু প্রতিষ্ঠান চালানোর অল্পবিস্তর অভিজ্ঞতা আছে। আমি সেই অভিজ্ঞতার যতটা পারি কাজে লাগাব। এমন লোক থাকবে, যারা এটি পছন্দ করবে, যারা এটি অপছন্দ করবে। তবে কাজটা আমাদের করে যেতে হবে।’

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত