ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সেবা নিতে এসে জনগণ যেন হয়রানির শিকার না হয়

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২২ ১২:২১
নিজস্ব প্রতিবেদক
সেবা নিতে এসে জনগণ যেন হয়রানির শিকার না হয়

সরকারি সেবা নিতে এসে সাধারণ জনগণ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে ‘জেলাপ্রশাসক (ডিসি) সম্মেলন ২০২২’-এর উদ্বোধনকালে এ নির্দেশনা দেন

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডিসি সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি।

জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি শিকার না হয়, সে বিষয়ে সকলকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। ’

‘এখানে জাতির পিতা বঙ্গবন্ধুর কথাটাও মনে রাখতে হবে সেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করে সেটা দিয়েই তো বেতন-ভাতা, আমাদের সব কিছু চলে। কাজেই তাদের সম্মান করতে হবে। ’

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দক্ষ, দুর্নীতিমুক্ত ও সেবামুখী জনপ্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশল, সিটিজেনস চার্টার ইত্যাদির বাস্তবায়ন জোরদার করতে হবে। '

`সুশাসন সংহতকরণের উদ্দেশ্যে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে এবং দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকগণ আরও আন্তরিকভাবে কাজ করবেন বলে আশা করি। ’

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী টিকার বাইরে

    নিজস্ব প্রতিবেদক
    ১৮ জানুয়ারি, ২০২২ ১২:১৪
    নিজস্ব প্রতিবেদক
    ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী টিকার বাইরে

    ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মোট মাদরাসার সংখ্যা ১ হাজার ৩৪৬টি। অধিভুক্ত সব মাদরাসা ফাজিল (পাস) পর্যন্ত। এসব কলেজে অনার্স স্তর ৭৭টি এবং কামিল স্তরের মাদরাসা ২৫৩টি। মোট দুই লাখ ৫১ হাজার ৭০৩ জন শিক্ষার্থী এসব মাদরাসায় অধ্যয়নরত। এর মধ্যে করোনার এক ডোজ ও দুই ডোজ মিলিয়ে মোট টিকা নিয়েছে ১ লাখ ৩৯ হাজার ১৬১ জন শিক্ষার্থী। আর টিকা নেননি ১ লাখ ১২ হাজার ৫৪২ জন। অর্থাৎ টিকা নিয়েছেন প্রায় ৫৫ দশমিক ২৮ শতাংশ আর টিকা নেননি প্রায় ৪৫ শতাংশ (৪৪ দশমিক ২৮) শিক্ষার্থী।

    গত ১০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে টিকা দেওয়ার তথ্য জমা দেয় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। জমা দেওয়া তথ্যে জানা গেছে, অধিভুক্ত মাদরাসাগুলোর ফাজিল (পাস), অনার্স ও মহিলা মাদরাসার মোট শিক্ষার্থী ২ লাখ ৫১ হাজার ৭০৩ জন। এসব শিক্ষার্থীর মধ্যে করোনার টিকার দুই ডোজ নিয়েছেন ৬৫ হাজার ৮৮০ জন। এক ডোজ টিকা নিয়েছেন ৭৩ হাজার ২৮১ জন। নিবন্ধন করেছেন কিন্তু টিকা গ্রহণ করেননি ৪১ হাজার ৭৮৬ জন। নিবন্ধন করেননি ৭০ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী।

    ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘যারা নিবন্ধন করেনি সেসব শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানুয়ারির মধ্যে এসব শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ হবে বলে আশা করি।’

    অধিভুক্ত মাদরাসাগুলোর শিক্ষক সংখ্যা ২৯ হাজার একজন। শিক্ষকদের মধ্যে দুই ডোজ টিকা গ্রহণ করেছেন ২২ হাজার ৪০২ জন। আর এক ডোজ টিকা গ্রহণ করেছেন ৬ হাজার ১৯৫ জন। নিবন্ধন করেছেন কিন্তু অসুস্থতার কারণে টিকা গ্রহণ করেননি ৪০৪ জন।

    ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ১৯৪ জন। এদের মধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন ১৮০ জন এবং এক ডোজ টিকা নিয়েছেন ১৯৪ জন।

    অধিভুক্ত মাদরাসার কর্মচারীর সংখ্যা ৭ হাজার ৩৬৮ জন। টিকার দুই ডোজ গ্রহণ করেছেন চার হাজার ৮৬০ জন আর এক ডোজ গ্রহণ করেছেন দুই হাজার ৫৩ জন। নিবন্ধন করেছেন কিন্তু অসুস্থতাজনিত কারণে টিকা নেননি ৪৬৫ জন।

    গত ১০ জানুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী ৪৪ লাখ ৩৪ হাজার ৪৫১ জন। এর মধ্যে প্রথম ডোজ সম্পন্ন করেছেন ২৩ লাখ ২৮ হাজার ৪৬৮, দ্বিতীয় ডোজ ১৭ লাখ ১৩ হাজার ৩০২ জন। মোট নিবন্ধন করেছেন ২৭ লাখ ৩১ হাজার ২৮৭ জন। এর মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীই জাতীয় বিশ্ববিদ্যালয়ের। চলতি জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় নেওয়া সম্ভব হবে।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলে ১৭ মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ ১৮ মাস পর গত বছর ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে সীমিত আকারে শ্রেণি পাঠদান অব্যাহত রাখা হয়েছে। নতুন করে দেশে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করে টিকা দিয়ে ১২ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত) শিক্ষা প্রতিষ্ঠানে আসার জন্য নির্দেশনা জারি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে।

    অন্যদিকে, দেশের ৬৫ হাজার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কঠোর স্বাস্থ্যবিধি মেনে খোলা রেখে শ্রেণিপাঠদান অব্যাহত রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া টিকা কার্যক্রম অব্যাহত রেখে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি পাঠদান চালিয়ে নেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হবে খুদে ডাক্তারের মাধ্যমে

      নিজস্ব প্রতিবেদক
      ১৮ জানুয়ারি, ২০২২ ১০:৪৭
      নিজস্ব প্রতিবেদক
      শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হবে খুদে ডাক্তারের মাধ্যমে

      দেশের কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং সমপর্যায়ের মাদ্রাসাসহ সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে খুদে ডাক্তার দিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এই কার্যক্রম আগামী ২২ জানুয়ারি শুরু হয়ে চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

      এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খুদে ডাক্তারের দল গঠন করা হবে। এই দল শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরীক্ষা করে অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি, দৃষ্টিশক্তির ত্রুটিসহ নানা বিষয় সংশ্লিষ্ট শিক্ষকের নজরে আনবে।

      আজ সোমবার এ বিষয়ে দেশের সব সরকারি-বেসরকারি মাদ্রাসাপ্রধানকে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এর আগে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের জানাতে বলেছিল স্বাস্থ্য অধিদপ্তর।

      স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো চিঠিতে বলা হয়, আগামী ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং সমপর্যায়ের মাদ্রাসাসহ সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে খুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষায় গঠিত খুদে ডাক্তার দল তাদের জন্য নির্ধারিত শ্রেণির সব শিক্ষার্থীর ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরিমাপসহ আনুষঙ্গিক তথ্য সংগ্রহ করে তা স্বাস্থ্য পরীক্ষার ফরমে লিপিবদ্ধ করবে।

      চিঠিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় খুদে ডাক্তার দল গঠন এবং তাদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা একটি অভিনব কার্যক্রম। এতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়ার, দলগতভাবে কাজ করার, এমনকি সুশৃঙ্খলভাবে বেড়ে ওঠার সুযোগ রয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে খুদে ডাক্তারের দল কোনো শিক্ষার্থীর অস্বাভাবিক বৃদ্ধিসহ দৃষ্টিশক্তিতে ত্রুটি কিংবা স্বাস্থ্য পরীক্ষার ফরমে উল্লেখিত অন্যান্য বিষয়াদির তথ্যও গাইড শিক্ষকের নজরে আনতে পারবে এবং বিষয়গুলো প্রাথমিক পর্যায়েই সংশোধনের ব্যাপারেও সহায়ক ভূমিকা রাখবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        আড়াই বছর পর ডিসি সম্মেলন শুরু

        নিজস্ব প্রতিবেদক
        ১৮ জানুয়ারি, ২০২২ ১০:১৮
        নিজস্ব প্রতিবেদক
        আড়াই বছর পর ডিসি সম্মেলন শুরু

        আড়াই বছর পর ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

        ডিসি সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল। তিনি বলেন, করোনা সংক্রমণের কারণে সম্মেলনে অতিথিদের কম দাওয়াত দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ জন মন্ত্রী ও ১৫ জন সচিবকে দাওয়াত দেওয়া হয়েছে। কার্য অধিবেশনগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিব মঞ্চে বসবেন, ডিসিরা গ্যালারিতে ছড়িয়ে-ছিটিয়ে বসবেন।

        মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, করোনা মহামারির কারণে দীর্ঘ আড়াই বছর পর জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলন হচ্ছে। বছরের শুরুতেই ১১, ১২ ও ১৩ জানুয়ারি ডিসি সম্মেলনের তারিখ নির্ধারিত হলেও পরে তা পেছানো হয়েছে। নির্দিষ্ট করা হয়েছে ১৮, ১৯ ও ২০ জানুয়ারি (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে।

        মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, এবারের সম্মেলনে দেশের ৬৪ জেলার ডিসি ও ৮ বিভাগের বিভাগীয় কমিশনার অংশ নেওয়ার প্রস্তুতি নিলেও ৫ জেলার ডিসি ও ২ বিভাগের বিভাগীয় বিভাগীয় কমিশনার এবারের এই সম্মেলনে অংশ নিতে পারছেন না। তারা কোভিড আক্রান্ত।

        তিনি বলেন, ‘এবার সম্মেলনে মোট ২৫টি অধিবেশন হবে। এরমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কার্য অধিবেশন ২১টি। এছাড়া একটি উদ্বোধন অনুষ্ঠান, রাষ্ট্রপতির দিকনির্দেশনা গ্রহণ নিয়ে একটি, স্পিকারের শুভেচ্ছা বক্তব্য নিয়ে একটি ও প্রধান বিচারপতির শুভেচ্ছা বক্তব্য নিয়ে একটি অধিবেশন হবে।

        খন্দকার আনোয়ারুল বলেন, ‘সম্মেলনে মোট ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগ অংশগ্রহণ করবে। কার্য অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকবেন।

        ডিসি সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়গুলো তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভূমি ব্যবস্থাপনা, কোভিড ম্যানেজমেন্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্যবিমোচন কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আরো ব্যবহার ও ই-গভার্ন্যান্স আরো নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্হ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও দূষণরোধ, ভৌত অবকাঠামোর উন্নয়ন ও উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন। এ বিষয়গুলোই মূলত আলোচনায় আসবে।

        এবার জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ২৬৩টি প্রস্তাব পাওয়া গেছে। সবচেয়ে বেশি সংখ্যক প্রস্তাব পাওয়া গেছে ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত। এ মন্ত্রণালয় সংক্রান্ত প্রস্তাব ১৮টি। এরপর সমাজকল্যাণ মন্ত্রণালয় (১৬টি প্রস্তাব) ও জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত (১৫টি) প্রস্তাব বেশি পাওয়া গেছে।’

        উল্লেখ্য, করোনা মহামারির আগে সর্বশেষ ডিসি সম্মেলন হয়েছিল ২০১৯ সালে। সে সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৭৫ শতাংশ।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          উপাচার্যের পদত্যাগ চেয়ে শাবিপ্রবির শিক্ষার্থীদের রাষ্ট্রপতিকে খোলা চিঠি

          নিজস্ব প্রতিবেদক
          ১৮ জানুয়ারি, ২০২২ ১০:১২
          নিজস্ব প্রতিবেদক
          উপাচার্যের পদত্যাগ চেয়ে শাবিপ্রবির শিক্ষার্থীদের রাষ্ট্রপতিকে খোলা চিঠি

          সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য্য মো. আব্দুল হামিদের উদ্দেশ্যে খোলা চিঠি পাঠ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

          সোমবার রাত ১১টার দিকে উপাচার্যের বাস ভবনের সামনে আন্দোলনরত অবস্থায় এ চিঠি পাঠ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগ দিয়ে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

          খোলা চিঠিতে শিক্ষার্থীরা বলেন, আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধানের বিধি মোতাবেক, আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আচার্য। আমাদের শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার জন্য আপনি সাংবিধানিক বিধি মোতাবেক আপনার প্রতিনিধিস্বরূপ উপাচার্য নিয়োগ করে থাকেন। আমরা সাধারণ শিক্ষার্থীরা দেশের কল্যাণে নিজেদের প্রস্তুত করার উদ্দেশ্যে অধ্যয়নে নিবেদিত আছি।

          রোববার (১৬ জানুয়ারি) শাবিপ্রবির ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সামনে নিরাপদ আবাসন পরিবেশ নিশ্চিত করার জন্য ৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিনা উস্কানিতে সুপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদদে পুলিশ নিষ্ঠুর হামলা চালায়। এ সময় বাংলাদেশের জনগণের টাকায় ক্রয়কৃত আধুনিক অস্ত্রসজ্জিত পুলিশের নির্বিচার লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের স্বীকার হন নিরস্ত্র শিক্ষার্থীরা।

          এতে গুরুতর আহত হয়েছে অন্তত ৪০ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ছাত্রীর সংখ্যা ২০ এর বেশি। কারো মাথা ফেটেছে, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে মারাত্মক আহত হয়েছেন অনেকে । ছাত্রীদের ওপর নিষ্ঠুর ভাবে পুরুষ পুলিশ সদস্যরা লাঠি চার্জ করেছে। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পুলিশ ডেকে এনে শিক্ষার্থীদের ওপর এমন নৃশংস হামলার ঘটনা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।

          দাবি না মেনে উল্টো পুলিশী হামলায় শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলার ঘটনায় শাবিপ্রবির উপাচার্য যেভাবে মূল কুশীলবের ভূমিকা পালন করেছেন তা সরাসরি সংবিধান বিরোধী এবং আপনার (রাষ্ট্রপতি) কর্তৃক জনাব ফরিদ উদ্দিন আহমদের ওপর অর্পিত দ্বায়িত্বের সরাসরি বরখেলাপ।

          চিঠিতে আরও বলা হয়, এ ঘটনায় শাবিপ্রবির সাবেক ও বর্তমান সব শিক্ষার্থী হতবাক এবং ক্ষুদ্ধ। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে প্রাণে বিশ্বাস করে, আমাদের আচার্য তার জীবন অভিজ্ঞতা থেকে এটুকু বুঝতে পারেন যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ, দশ ও নিজেদের ভালোমন্দ অনুধাবন করার সক্ষমতা রাখেন। এ দিনের মত পরিষ্কার যে আপনার প্রতিনিধি হিসেবে জনাব ফরিদ উদ্দিন আহমদ এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দ্বায়িত্ব পালনের সকল নৈতিক, যৌক্তিক ও সাংবিধানিক যোগ্যতা হারিয়েছেন। এ ঘটনা আমাদের দৃঢ়প্রতিজ্ঞা করেছে, এই অথর্ব, অযোগ্য ও স্বৈরাচারী ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ক্ষমতায় বহাল রাখা বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্রের পরিপন্থি। বর্তমানে কোনো শিক্ষার্থীই এই উপাচার্যের দায়িত্বে থাকাকালে ক্যাম্পাসে নিরাপদ বোধ করছে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে গতদিনের হামলার পর আজ (সোমবার) সারাদিন ক্যাম্পাসে ও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জলকামান ও রায়টকারসহ পুলিশের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে অনিরাপত্তার পরিবেশ তৈরি করেছে।

          বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা আমাদের আচার্যর কাছে আবেদন করছি অবিলম্বে ক্যাম্পাসে মোতায়েনকৃত অতিরিক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দিয়ে আমাদের নিরাপত্তা বিধান করুন। এ উদ্ভূত পরিস্থিতিতে, শাবিপ্রবি শিক্ষার্থীরা উপচার্যের পদ থেকে গতকালের হামলার মূল মদদদাতা জনাব ফরিদ উদ্দিন আহমদের অবিলম্বে পদত্যাগ দাবি করে তাকে শাবিপ্রবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে মহামান্য আচার্যের কাছে আমাদের আবেদন, আপনার সরাসরি হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের পদত্যাগ নিশ্চিত করে, একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে অতিসত্ত্বর নিয়োগ দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখতে উদ্যোগ নিন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত