ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১২
নিজস্ব প্রতিবেদক
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মহাসমাবেশ

চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করছে ‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ’।

মহাসমাবেশটি শনিবার বেলা ১১টার থেকে শুরু হয়। কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এরআগে শুক্রবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মহাসমাবেশের ডাক দেয় সংগঠনটি।

‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ সমন্বয়ক মো. আরিফ বলেন, ‘আমরা এ মহাসমাবেশ থেকে শনিবারের মধ্যেই আমাদের দাবির বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট বক্তব্য বা কবে নাগাদ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে, সেই বিষয়ে বক্তব্য চাই। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অহিংস একটি মহাসমাবেশ হবে।’

প্রাসঙ্গিক
    মন্তব্য

    গণভবন পরিদর্শনে যাচ্ছেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

    নিজস্ব প্রতিবেদক
    ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩০
    নিজস্ব প্রতিবেদক
    গণভবন পরিদর্শনে যাচ্ছেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন পরিদর্শনে যাচ্ছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

    শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি গণভবনের পৌঁছাবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা।

    এর আগে বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, গণভবনকে জাদুঘর করার প্রস্তাব দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    তিনি বলেন, ‘যে গণভবনটি ছিল, যেখানে ফ্যাসিজমের আখড়া হয়েছিল। আমরা দেখেছি যে, আগে সবাই গণভবনমুখি হয়ে থাকতো। আমরা দেখেছি, কারও ডিভোর্স হয়েছে, সেও গণভবনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। পূর্বাচলে কারও প্লট লাগবে, সেও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। পঞ্চগড়ে কারও একটা ব্যক্তিগত সমস্যা, সেও প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে। অর্থাৎ এই গণভবনটাই ছিল ফ্যাসিজমের একটা আখড়া। এই গণভবনকে স্থায়ীভাবে একটি জাদুঘর করার জন্য আমরা প্রস্তাব করবো এবং সেটা নিশ্চিত করতে চাই।

    পরে গতকাল শুক্রবার শহীদি মার্চ কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। যার মধ্যে ‘গণভবনকে জুলাই স্মৃতি যাদুঘর ঘোষণা করতে হবে’ একটি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      দিল্লিতে দেখা মিলল শামীম ওসমানের

      নিজস্ব প্রতিবেদক
      ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১৫
      নিজস্ব প্রতিবেদক
      দিল্লিতে দেখা মিলল শামীম ওসমানের

      ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি। শামীম ওসমান ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়েও ছিল আলোচনা-সমালোচনা। এরই মধ্যে দেখা মিলল সাবেক এ সংসদ সদস্যের।

      শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে।

      ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবি তুলেছেন তিনি।

      ছবিতে দেখা গেছে, শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পড়ে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন।

      পোস্টে আকাশ লিখেছেন, ‘শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজাম উদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন। ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবো কিনা ভাবতেছি। আবার কবে দেখা হয়- না হয় কে জানে?’

      এ নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে দেশের একটি গণমাধ্যম।

      আকাশ হক গণমাধ্যমটিকে জানান, রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরুপ তিনি ছবিও তুলে রেখেছেন বলে জানান।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতে হবে, কঠোর বার্তা ড. ইউনূসের

        নিজস্ব প্রতিবেদক
        ৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:২১
        নিজস্ব প্রতিবেদক
        তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতে হবে, কঠোর বার্তা ড. ইউনূসের

        বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে মতপার্থক্য নিরসনের উপায় খুঁজে বের করবে।

        কারণ বছরের পর বছর এই চুক্তিকে বিলম্বিত করা কোনও দেশের স্বার্থেই ভালো নয়। এছাড়া তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতে হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। একইসঙ্গে সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছেন ড. ইউনূস।

        তিনি বলেছেন, এটি কোনও সমাধান নয়। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এসব মন্তব্য করেন। পিটিআই নিউজের ওয়েবসাইটে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

        ঢাকায় নিজের সরকারি বাসভবন থেকে পিটিআইকে দেওয়া এই সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, দুই দেশের মধ্যে পানি-বণ্টন সমস্যাটি অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুসারে সমাধান করা উচিত।

        এছাড়া বাংলাদেশের মতো নিম্ন নদীর দেশের তথা ভাটি অঞ্চলের দেশের নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং সেই অধিকার বাংলাদেশ বজায় রাখতে চায় বলেও জোর দেন তিনি।

        ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘(পানি ভাগাভাগির) এই ইস্যুটি নিয়ে বসে থেকে এটি কারও কোনও উদ্দেশ্য সাধন করছে না। আমি যদি জানি আমি কতটা পানি পাব, আমি যদি খুশি না হয়েও স্বাক্ষর করি তারপরও এটি ভালো হবে। এই সমস্যার সমাধান করতে হবে।’

        অন্তর্বর্তীকালীন সরকার তিস্তার পানি বণ্টন চুক্তির সমস্যা দ্রুত সমাধানের জন্য চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন সরকার বিষয়টি নিয়ে কাজ করবে। পিটিআইকে তিনি বলেন, ‘পুশ বা চাপ একটি বড় শব্দ; আমি এটি বলছি না। তবে আমরা বিষয়টি নিয়ে কাজ করব। আমাদের একসাথে বসে এটি সমাধান করতে হবে।’

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সেন্টমার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন সিদ্ধান্ত হয়নি : মন্ত্রণালয়

          নিজস্ব প্রতিবেদক
          ৫ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:৩১
          নিজস্ব প্রতিবেদক
          সেন্টমার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন সিদ্ধান্ত হয়নি : মন্ত্রণালয়

           

          সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে—এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

          বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

          বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে, যা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রকৃতপক্ষে সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর।

          এতে আরও বলা হয়, আজ (৫ সেপ্টেম্বর) কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে গুরুত্বারোপ করা হয়। সেখানে সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হলেও এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

          রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন অর্থাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত