ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

যে ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস ‍দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২৪ ১১:৩৯
নিজস্ব প্রতিবেদক
যে ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস ‍দিলো আবহাওয়া অফিস

কয়েক দিন ধরেই দেশজুড়ে কুয়াশাচ্ছন্ন ও কনকনে শীতল পরিবেশ বিরাজ করছে। কোনো কোনো অঞ্চলে টানা সাত দিনেও মেলেনি সূর্যের দেখা। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১৭ জানুয়ারি) রাত থেকে আগামী শুক্রবার পর্যন্ত দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর মেঘ ও কুয়াশা পরিষ্কার হয়ে গেলে মিলবে সূর্যের দেখা।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, বুধবার খুলনা বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবারের (১৮ জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এমন পরিস্থিতিতে দেশের যেসব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব অঞ্চলের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    তাপমাত্রা ১০-এর নিচে নামলে প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ হতে পারে

    নিজস্ব প্রতিবেদক
    ১৬ জানুয়ারি, ২০২৪ ১৭:৫৭
    নিজস্ব প্রতিবেদক
    তাপমাত্রা ১০-এর নিচে নামলে প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ হতে পারে

    তাপমাত্রাজনিত কারণে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করার বিষয়ে আজ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রাথমিকের বিষয়ে এ ধরনের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি। তবে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে এলে তখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাশ।

    মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে এ মন্তব্য করেন উত্তম কুমার। তিনি বলেন, স্কুল বন্ধ করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আমরা প্রতিদিন আবহাওয়ার বুলেটিন দেখছি। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তখন পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব।

    এদিকে, তীব্র শীতে শিশুরা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার কারণে মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে বলে ওই নির্দেশনায় বলা হয়।

    মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা এ সংক্রান্ত চিঠি আঞ্চলিক কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ইট পড়ে ঢাবি'র প্রাক্তন শিক্ষার্থীর মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

      নিজস্ব প্রতিবেদক
      ১৫ জানুয়ারি, ২০২৪ ১৯:৫৬
      নিজস্ব প্রতিবেদক
      ইট পড়ে ঢাবি'র প্রাক্তন শিক্ষার্থীর মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

      মাথায় ইট পড়ে নিহত বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী দিপু সানার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

      সোমবার (১৫ জানুয়ারি) জনস্বার্থে এ নোটিশ পাঠান আইনজীবী মোহাম্মদ ছফওয়ান করিম। এতে সাত দিনের মধ্যে এ ক্ষতিপূরণ দিতে বলা হয়।

      সচিব সড়ক ও সেতু বিভাগ, সচিব অর্থ বিভাগ, সচিব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সচিব স্বরাষ্ট্রমন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকার জেলা প্রশাসক ও ডিএমপি কমিশনারকে নোটিশে বিবাদী করা হয়েছে।

      প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি রাতে রাজধানীর মৌচাক এলাকার ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে দিপু সানার মাথার ওপর ইট পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তার মৃত্যুর ঘটনায় রমনা থানায় মামলা করে বাংলাদেশ ব্যাংকের এই সহকারী পরিচালকের পরিবার।

      দিপু সানার বাড়ি খুলনার পাইকগাছা থানার সোলদানা গ্রামে। স্বামী সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণ কুমার বিশ্বাস ও তিন বছরের ছেলে নিশিরাজ বিশ্বাসকে নিয়ে মগবাজার গাবতলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন দিপু সানা। পরে সহকারী পরিচালক হন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নতুন নীতিমালা প্রকাশ

        নিজস্ব প্রতিবেদক
        ১৫ জানুয়ারি, ২০২৪ ১৪:২৫
        নিজস্ব প্রতিবেদক
        বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নতুন নীতিমালা প্রকাশ

        বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও বিভিন্ন কর্মচারী নিয়োগের নির্দেশিকা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রধান ও কর্মচারী নিয়োগে স্বচ্ছতা ও অভিন্নতা আনতে এ নির্দেশিকা বা নির্দেশমালা জারি করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান, কর্মচারী নিয়োগ প্রক্রিয়া, কমিটি, পরীক্ষা, মানবণ্টন, সিলেবাস কী হবে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

        রোববার (১৪ জানুয়ারি) রাতে এ নির্দেশিকাটি জারি করা হয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

        নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক ও নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতা (প্রবেশ পর্যায়ের পদ) ব্যতীত অন্যান্য পদে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি কর্তৃক নিয়োগ প্রদান করা হয়। এই নিয়োগে প্রতিষ্ঠানভেদে পদ্ধতিগত ভিন্নতা রয়েছে। এসব পদে নিয়োগ কার্যক্রমে অভিন্নতা ও স্বচ্ছতা আনতে এ নির্দেশমালা জারি করা হলো।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          স্কুল-কলেজে চুক্তিভিত্তিক অধ্যক্ষ-শিক্ষক নিয়োগ স্থগিত

          নিজস্ব প্রতিবেদক
          ১৪ জানুয়ারি, ২০২৪ ২০:১৫
          নিজস্ব প্রতিবেদক
          স্কুল-কলেজে চুক্তিভিত্তিক অধ্যক্ষ-শিক্ষক নিয়োগ স্থগিত

          বেসরকারি স্কুল-কলেজে চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক বা অধ্যক্ষ নিয়োগ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতোদিন এমপিও না নেওয়ার শর্তে সরকারের অনুমোদন নিয়ে চুক্তিভিত্তিক প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সুযোগ ছিল। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ। এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন।

          গত ১১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

          এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজের) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১.১১ অনুচ্ছেদে উল্লেখিত ‘তবে ঐতিহ্যবাহী ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বার্থে এবং সরকারের কোনো আর্থিক সুবিধা বা এমপিও না নেওয়ার শর্তে সরকারের অনুমোদনক্রমে শুধু প্রতিষ্ঠানপ্রধানের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানকে আর্থিকসহ সব দায়ভার বহন করতে হবে এবং সরকার এর কোনো দায় বহন করবে না। এমপিওভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের চুক্তিভিত্তিক প্রতিষ্ঠানপ্রধানের মেয়াদ সরকারের আর্থিক সংশ্লিষ্টতা না থাকলেও কোনোক্রমেই ৬৫ বছরের বেশি হতে পারবে না।’ নীতিমালার এ অংশটুকুর কার্যকারিতা স্থগিত করা হলো।

          বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। তিনি গণমাধ্যমকে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ) প্রধানদের চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত করা হয়েছে। এর ফলে কেউ চাইলে নির্দিষ্ট সময়ের পর শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে পারবেন না।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত