ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ঈদযাত্রায় বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না ঢাকাগামী ৯ ট্রেন

অনলাইন ডেস্ক
৩ জুন, ২০২৫ ২০:১
অনলাইন ডেস্ক
ঈদযাত্রায় বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না ঢাকাগামী ৯ ট্রেন

আসন্ন ঈদুল আজহায় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৯টি আন্তঃনগর ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।

কর্মপরিকল্পনায় বলা হয়, ৪ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না। অন্যদিকে সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফরম থেকে যাত্রা আরম্ভ করবে।

বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় টিকিট বিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে।

নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ছাড়া র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে।

টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে ৩ জুন থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোন টিকিট ইস্যু করা হবে না। বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন হতে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোন টিকিট ইস্যু করা হবে না।

এছাড়া, ঈদ উপলক্ষ্যে ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না।

মন্তব্য

আ.লীগ নেতার কারখানা থেকে কুকি-চিনের ইউনিফর্ম জব্দ

অনলাইন ডেস্ক
৩ জুন, ২০২৫ ১৯:৪৩
অনলাইন ডেস্ক
আ.লীগ নেতার কারখানা থেকে কুকি-চিনের ইউনিফর্ম জব্দ
২৭ মে রাতে চট্টগ্রামের পাহাড়তলী থানার একটি কারখানা থেকে কেএনএফের পোশাক জব্দ করে বায়েজিদ থানা পুলিশ, সাম্প্রতিক ছবি

পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম তৈরির জন্য আনা  হয়েছে- এমন সন্দেহে বিপুল পরিমাণ থান কাপড়ের রোল ভর্তি একটি কাভার্ডভ্যান জব্দ করেছে চান্দগাঁও থানা পুলিশ। 

সোমবার রাত ৯টার দিকে চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল (কালুর ঘাট) শিল্প এলাকার ওয়েল ফেব্রিক্স কারখানা থেকে কাপড়গুলো জব্দ করা হয়।  এটি আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আবদুচ ছালামের মালিকানাধীন গার্মেন্ট কারখানা। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের টিম ওয়েল ফেব্রিক্সে অভিযান চালিয়ে থান কাপড়ের রোলভর্তি একটি কাভার্ডভ্যান জব্দ করেছে। চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।  

এর আগে চট্টগ্রামের বিভিন্ন কারখানায় তিন দফা অভিযান চালিয়ে ৪৭ হাজার পিস ইউনিফর্ম জব্দ করেছিল নগর গোয়েন্দা ও পাহাড়তলী থানা পুলিশ। ওই সব ঘটনায় দুই গার্মেন্ট মালিক পুলিশ রিমান্ডে রয়েছেন।  

সূত্র জানায়, ১৭ মে রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন ‘রিংভো অ্যাপারেলস’ নামে একটি পোশাক কারখানায় নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম জব্দ করে। অভিযানে কারখানার মালিক সাহেদুল ইসলাম ছাড়াও গোলাম আজম ও নিয়াজ হায়দার নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। মংহলা সিন ওরফে মং নামে এক পাহাড়ি যুবক দুই কোটি টাকায় ওইসব ইউনিফর্ম তৈরির জন্য কারখানা মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এ ঘটনায়  নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে এসব কাপড় বা ইউনিফর্ম কেএনএফের জন্য তৈরি করা হচ্ছিল বলে উল্লেখ করা হয়।  ২৭ মে নগরীর পাহাড়তলী থানার ডিটি রোডে অবস্থিত ‘নুর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস’ নামে আরেকটি গার্মেন্ট কারখানায় অভিযান চালিয়ে  আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করা হয়। এ ঘটনায় মতিউর রহমান নামে এক গার্মেন্টস মালিককে  গ্রেফতার করে পুলিশ। 

মামলায় উল্লেখ করা হয়, ৫০ লাখ টাকার চুক্তিতে নুর ফ্যাশন কেএনএফের জন্য এসব ইউনিফর্ম তৈরি করছিল। এই ঘটনায় দায়ের করা মামলায় মতিউর রহমানকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে সৈয়দা সালেহা পারভীন নামে আরেক গার্মেন্ট মালিককে ৬ দিনের রিমান্ডে আনা হয়। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামভিত্তিক সশস্ত্র সংগঠন কুকি চিন আলাদা রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে পাহাড়ে বেশ কয়েক বছর ধরে কাজ করছে। সংগঠনের জন্য অর্থ যোগান দিতে তারা ব্যাংক ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মুক্তিপণের মতো অপরাধ করে আলোচনায় আসে।  

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাজধানীতে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো পশু হাটের কার্যক্রম

    অনলাইন ডেস্ক
    ৩ জুন, ২০২৫ ১৮:৪৫
    অনলাইন ডেস্ক
    রাজধানীতে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো পশু হাটের কার্যক্রম

    রাজধানীর কুরবানি পশুর হাটগুলো গরু-ছাগল-মহিষসহ বিভিন্ন কুরবানিযোগ্য পশুতে ভরে উঠেছে। স্বল্পপরিসরে বিক্রিও শুরু হয়েছে। তবে পুরোপুরি জমে ওঠেনি। 

    মঙ্গলবার থেকে বিক্রি পুরোপুরি জমে উঠবে এমনটাই আশা করছেন হাটের ইজারাদার ও বিক্রেতারা। ঢাকা সিটি করপোরেশনের ইজারার নিয়ম অনুযায়ী মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে হাট শুরু হচ্ছে। এসব হাটের সার্বিক তদারকির জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

    সরেজমিন দেখা যায়, ঢাকার পূর্বাচল ৩০০ ফুট সড়ক নামে পরিচিত এক্সপ্রেসওয়ের পাশে মস্তুল এলাকায় অস্থায়ী কুরবানি পশুর হাট বসেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে পশু নিয়ে আসছেন বিক্রেতারা। স্থানীয় কিছু লোকজন হাটে এসেছেন গরু দেখতে। এর মধ্যে কিছু গরু বিক্রিও হয়েছে।

    কুষ্টিয়া সদর থেকে ১৪টি গরু এনেছেন বারেক মো. হেলাল উদ্দিন। তিনি জানান, গত বছরও এ হাটেই এসেছিলেন। এবার এক ট্রাকে ১৫টি গরু এনেছেন। তবে এখনো কোনো গরু বিক্রি হয়নি।

    রাজধানীর হাজারীবাগে দেশি গরু উঠেছে অনেক। উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছে মাঝারি থেকে বড় আকারের গরু। তবে লাগাতার বৃষ্টির দাপটে এখনো জমে ওঠেনি বেচাকেনা। হাটে এসেছেন অনেক ব্যাপারী। 

    সরেজমিন দেখা যায়, লেদার ইনস্টিটিউট কলেজসংলগ্ন সড়ক, বেড়িবাঁধ, বউবাজার, কালুনগর, হাজারীবাগ কাঁচাবাজার, ঢাকা ট্যানারি মোড়, ম্যাটাডোর ফ্যাক্টরি সংলগ্ন এলাকা ও সিকদার মেডিকেল পর্যস্ত বিস্তৃত এলাকায় গরুর অস্থায়ী শেড গড়ে উঠেছে। 

    রংপুরের পীরগাছা থেকে হাজারীবাগ হাটে আসা হায়দার বলেন, ১৫ থেকে ১৬ বছর ধরে এই হাটে আসি। এবার ৩৭টি গরু এনেছি, দাম ৭০ হাজার থেকে দুই লাখ টাকা। 

    ঝিনাইদহের ছন্টু ব্যাপারী বলেন, তিন বছর ধরে লালনপালন করা একটি গরু এনেছি। তিন লাখ টাকা হলে বিক্রি করব। ক্রেতা আসছে না বৃষ্টির কারণে। কেউ কেউ অল্প দাম বলে চলে যাচ্ছে।

    আমুলিয়া মডেল টাউন ও সারুলিয়া হাটে স্থল ও নদীপথে প্রচুর গরু আসছে। প্রত্যন্ত গ্রাম থেকে আসা বিক্রেতারা কিছুতেই দাম ছাড়তে রাজি নন। স্থানীয় ক্রেতাসাধারণ বিচ্ছিন্নভাবে ঘুরাফেরা করছেন হাটে। দেখছেন বিভিন্ন প্রজাতির গরু ও ছাগল। 

    সরেজমিন দেখা যায়, এখানে নজর কাড়ছে দেশি শাহিওয়াল, ব্রাহামা, নেপালিসহ ভারতীয় বৈল জাতের বড় বড় গরু। পাশাপাশি রয়েছে ২ থেকে ৪ দাঁতওয়ালা ছোট-মাঝারি গরু। 

    ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু-ছাগল নিয়ে ব্যাপারীরা আসছেন রাজধানীর শাহজাহানপুর পশুর হাটে। শুরু হয়েছে বেচাকেনাও। ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যা বেশি। ছোট গরুতে নজর বেশি ক্রেতার। তবে বড় গরু দেখলে দর্শনার্থীরা ভিড় করছেন। দাম জিজ্ঞাসা করছেন। 

    সরেজমিন দেখা যায়, গরু-ছাগলে ভরে গেছে পুরো মাঠ। ব্যস্ত সময় পার করছেন হাসিল ঘরের লোকজন। 

    রাজধানীর গাবতলী কুরবানির হাটের ছাউনিগুলো পশুতে ভরে উঠেছে। একের পর এক ট্রাকভর্তি পশু গাবতলীতে ঢুকছে। আরও নতুন শেড তৈরির কাজ চলছে। গাবতলী পশুর হাট ঘুরে দেখা গেছে পর্যাপ্ত পশু রয়েছে এখানে। ব্যাপারীরা বৃষ্টি আর কাদাপানির মধ্যে গরু খুঁটিতে বেঁধে দাঁড়িয়ে আছেন। 

    ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, হাটে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। ২ মন ওজনের গরু ৬৫ থেকে ৭০ হাজার এবং ৪ মন ওজনের গরু ১ লাখ ৪০ হাজার থেকে দেড় লাখ টাকায় বিক্রি হচ্ছে। 

    মিরপুর ১ নাম্বারের বাসিন্দা আলতাফ হোসেন বলেন, কয়েকদিন ধরে হাট ঘুরে দেখছি। আগে দাম একটু বেশি মনে হলেও এখন কমছে। 

    মুন্না অ্যাগ্রোফার্মের মালিক ইমরান এসেছেন সাভার থেকে। তিনি বলেন, হাটে ৪০টি গরু এনেছি। আরও ৬৫টি গরু আমিনবাজারের পথে। এ বছর গরুর দাম গতবারের চেয়ে একটু বেশি হবে। কারণ আমদানি কম। আর আওয়ামী লীগ সমর্থিত যেসব খামারি (ব্যবসায়ী) ছিল, ৫ আগস্টের পর তারা পালিয়েছে। ওইসব খামারের গরুর কোনো হদিস নেই।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      পরিবারসহ সাংবাদিক মুন্নী শাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা

      অনলাইন ডেস্ক
      ৩ জুন, ২০২৫ ১৬:৫৮
      অনলাইন ডেস্ক
      পরিবারসহ সাংবাদিক মুন্নী শাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা

      দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে সাংবাদিক মুন্নী সাহা ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

      দুদক বলছে, সম্প্রতি বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবেই মুন্নী সাহা ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমন সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তদন্ত চলাকালে কেউ দেশত্যাগ করতে না পারেন।

      একই আদেশে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল ইসলাম ও তার পরিবারের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং প্রায় ৪ কোটি টাকার স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে এনআইডি ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

      নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী এবং এ বি এম তাজুল ইসলাম ও তাদের পরিবার সদস্যদের বিরুদ্ধেও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

      দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তাদের সম্পদ ও লেনদেন যাচাই-বাছাইয়ের আওতায় আনা হয়েছে। তদন্তের স্বার্থেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

       

      মন্তব্য

      তালাবদ্ধ এনটিআরসিএ কার্যালয়, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

      অনলাইন ডেস্ক
      ৩ জুন, ২০২৫ ১৫:৪৯
      অনলাইন ডেস্ক
      তালাবদ্ধ এনটিআরসিএ কার্যালয়, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

      ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ না পাওয়া চাকরিপ্রার্থীদের তিন দফা আন্দোলনে স্থবির হয়ে পড়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যক্রম। এ কারণে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের নিরাপত্তার জন্য কার্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ করে রাখা হয়েছে।

      মঙ্গলবার (৩ জুন) বেলা ২টায় সরেজমিনে এনটিআরসিএর কার্যালয়ে দেখা যায়, চতুর্থ তলায় কলাপসিবল গেটটি তালা মেরে রাখা হয়েছে। ভেতরে থাকা এক কর্মচারীকে সাংবাদিক পরিচয় দিয়ে ভেতরে যাওয়ার কথা বলা হলে তিনি অপেক্ষা করতে বলেন। পরে এনটিআরসিএর সচিবের অনুমতি পেয়ে এ প্রতিবেদককে ভেতরে ঢুকতে দেওয়া হয়।

      এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সে জন্য গেটে তালা মেরে রাখা হয়েছে। নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনার বরাবর আবেদন করা হয়েছে।’

      এর আগে তিন দফা দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ার অবরোধ করেন ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ না পাওয়া চাকরিপ্রার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বোরাক টাওয়ারের সামনেই অবস্থান করবেন বলে জানা গেছে।

      ১৭তম নিবন্ধনের নিয়োগবঞ্চিত ফোরামের অন্যতম সংগঠম মো. ইউসুফ ইমন বলেন, ‘এক বছরের নিবন্ধন পরীক্ষা শেষ করতে এনটিআরসিএ চার বছর সময় লাগিয়েছে। এর দায় এনটিআরসিএকে নিতে হবে। আমরা আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এসেছি। তবু আমাদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। আমাদের ন্যায্য দাবি আদায়ে আমরা বোরাক টাওয়ার অবরোধ করে রেখেছি।’

      ১৭তম নিবন্ধনের নিয়োগবঞ্চিতদের তিন দফা দাবি হলো :

      ১. এনটিআরসিএকে আমাদের ১৭তম ব্যাচের নিয়োগ সুপারিশের লক্ষ্যে সদিচ্ছা পোষণ করে শিক্ষা মন্ত্রণালয়ে বয়সের পেছনের তারিখ উল্লেখ করে একটা চিঠি পাঠাতে হবে।

      ২. ১৭তম ব্যাচের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত পরবর্তী ১৮তমদের রেজাল্ট এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির কার্যক্রম স্থাগিত করতে হবে।

      ৩. প্রয়োজন হলে এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজই ১৭তমদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য
        সর্বশেষ সংবাদ
          সর্বাধিক পঠিত