শিরোনাম
ডাচ্-বাংলা ব্যাংকের ছিনতাইয়ের ৯ কোটি টাকা উদ্ধার
রাজধানী ঢাকার উত্তরায় ছিনতাইকারীদের কবলে পড়া ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের টাকা বহরকারী মানি প্লান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়িসহ সোয়া ১১ কোটি টাকার মধ্যে প্রায় ৯ কোটি টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
চারটি বক্সের মধ্যে তিনটি বক্স উদ্ধার করতে সক্ষম হয়েছে ডিবি। ডিবি পুলিশ বলছে, এটি একটি পরিকল্পিত ঘটনা। ছিনতাইকারীরা অনেক আগে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল।
বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর উত্তরার হোটেল লা মেরিডিয়ানের সামনে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, সকালে গাড়িটি মিরপুর-১২ নম্বর থেকে রওনা দেয়। উত্তরায় যাওয়ার পথে ছিনতাইকারীরা গাড়িটি গতিরোধ করে। টাকা নিয়ে যাওয়া গাড়িতে ছয়জন লোক ছিল। ছিনতাইকারীরা ছয়জনকে মারপিট করে টাকার চারটি বক্স নিয়ে গাড়িতে পালিয়ে যায়। চার বক্সটিতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুরাগ থানা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের টিম। এরপর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় টহল, থানা এবং ডিবি পুলিশ টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে কাজ শুরু করে। এক পর্যায়ে উত্তরা এলাকা থেকে পালানোর সময় তিনটি বক্সসহ সাতজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় বেশ কয়েকজনের নাম পেয়েছি। মানি প্লান্ট লিংকের দুজন পরিচালসহ সাতজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।
স্বাধীনতা পুরস্কার ২০২৩ পাচ্ছেন মায়াসহ ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান
১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরষ্কার-২০২৩ দেয়ার জন্য মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার (০৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে 'স্বাধীনতা পুরস্কার ২০২৩' প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (০৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যারা পাচ্ছেন এবারের স্বাধীনতা পুরস্কারঃ
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ : বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভুঁইয়া, মোফাজ্জল হোসেন চৌধুরি (মায়া), বীর বিক্রম।
সাহিত্য : মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন)।
সংস্কৃতি : পবিত্র মোহন দে।
ক্রীড়া : এ এস এম রকিবুল হাসান।
সমাজসেবা/জনসেবা : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
গবেষণা ও প্রশিক্ষণ : বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী।
দুই শিশুকে নিয়ে বিদেশে যেতে পারবেন না জাপানি মা
জাপানি দুই মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে দেশের বাইরে যাওয়ার বিষয়ে মায়ের করা আবেদনে সাড়া দেইনি আপিল বিভাগ। এর ফলে দুই মেয়েকে নিয়ে জাপানি মা নাকানো এরিকো আপাতত বিদেশ যেতে পাববেন না। তাছাড়া একইসঙ্গে দুই শিশু কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল জেলা জজ আদালতকে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা যেভাবে আছে সেভাবেই থাকবে বলে জানিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।
কৃষকের ধানের জমিতে দৃশ্যমান জাতীয় পতাকা
মায়ের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে গত বছর নিজের ধানের জমিতে ফুটিয়ে তুলেছিলেন ‘মা’ লেখা। এবার দেশের প্রতি ভালোবাসায় ধানের জমিতে ধানের চারা দিয়ে ফুটিয়ে তুলেছেন জাতীয় পতাকার আদলে শস্যচিত্র। তার ধানের জমিতে জাতীয় পতাকা দৃশ্যমান হয়েছে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কৃষক এনামুল হক এমন অসাধরণ কাজ করে আলোচনায় এসছেন।
মাওনা-গফরগাঁও-বরমী আঞ্চলিক সড়কের টেংরা বাজারের পাশে ধানের জমিতে ধান গাছ দিয়ে তৈরি জাতীয় পতাকা দেখে চোখ আটকে যায় পথচারীদেরও। গত বছর একই সময়ে তিনি তার এ জমিতেই ধান গাছ দিয়ে লিখেছিলেন ‘মা’।
দেখা যায়, জমিতে ধান গাছ দিয়ে তৈরি করা জাতীয় পতাকার চতুর্ভুজের বেশিরভাগ জায়গাজুড়ে বঙ্গবন্ধু-১০০ জাতের সবুজ রঙের ধান গাছ লাগানো হয়েছে। মধ্যে জাতীয় পতাকার বৃত্ত তৈরি করা হয়েছে জিঙ্ক সমৃদ্ধ বেগুনি রংয়ের ধান গাছ দিয়ে। পতাকার খুঁটিতে ব্যবহার করা হয়েছে সবুজ রঙের ধান গাছ। এরপর পতাকার অংশটুকু নজরকাড়া ও দৃশ্যমান রাখতে পুরো জমিতে বেগুনি ধান রোপণ করা হয়েছে। স্বাধীনতার মাসে জাতীয় পতাকা দৃশ্যমান হওয়ায় অনেকেই তা দেখতে আসছেন। ছবি তুলে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এনামুল হক জানান, দুই বছর আগে তিনি তার এক বিঘা জমিতে জিঙ্ক সমৃদ্ধ বেগুনি ধান রোপণ করেন। সে বছর ফলনও ভালো হয়। এটা দেখে তার মাথায় ভিন্নধর্মী চিন্তা আসে। এরপর তিনি মায়ের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে ধানক্ষেতে নান্দনিকভাবে ফুঁটিয়ে তুলেন ‘মা’। সে সময় দর্শনার্থীরা সেই মা লেখা শস্যচিত্র দেখে প্রশংসাও করেন। সেই উৎসাহ থেকে এ বছর জাতীয় পতাকার শস্যচিত্র তৈরির উদ্যোগ নেন।
তিনি জানান, প্রথমে সুতা দিয়ে মেপে জমিতে জাতীয় পতাকার গঠন তৈরি করেন। এরপর সেই অনুযায়ী রোপণ করেন দুই জাতের ধানের চারা। দেশ ও জাতীয় পতাকার প্রতি ভালোবাসা প্রকাশে তার এই আয়োজন।
উখিয়ায় ফের রোহিঙ্গা মাঝি খুন
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একদল সন্ত্রাসী গভীর রাতে সৈয়দ হেসেন ওরফে কালা বদ্দা (৪৫) নামে এক মাঝি কে কুপিয়ে হত্যা করেছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা জানা যায়নি।
মঙ্গলবার (৭ মার্চ) রাত ২ টার দিকে উখিয়া কুতুপালংয়ের ২ নম্বর ক্যাম্পের নিজ ঘরে ঢুকে এই হত্যাকাণ্ড চালায় মুখোশধারী এক দল দুর্বৃত্ত।নিহত সৈয়দ হোসেন ২ নম্বর ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন। এই নিয়ে টানা দুইদিনে দুই মাঝিকে হত্যা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, একটি দুর্বৃত্তের দল রাতের আধাঁরে ঘরে ডুকে রোহিঙ্গা নেতাকে গুলি করে পালিয়ে যায়। স্বজনেরা তাঁকে উদ্ধার করে কুতুপালং আশ্রয়শিবিরের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।
গত সোমবার গভীররাতে প্রতিপক্ষের গুলিতে সন্ত্রাসী গোষ্ঠী আরসার ক্যাম্পের কমান্ডার ওয়াক্কাস নিহত হয়।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য