শিরোনাম
চবির কত শিক্ষার্থী দুই ডোজ টিকা নিয়েছেন, জানা নেই কর্তৃপক্ষের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত করোনার দুই ডোজ টিকা নিয়েছেন, তার হালনাগাদ ও পূর্ণাঙ্গ তথ্য কর্তৃপক্ষের কাছে নেই।
ক্যাম্পাস খোলার তিন মাস পার হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য সংগ্রহ করতে পারেনি। ফলে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী দুই ডোজ টিকার আওতায় এসেছেন কি না, তা জানা যাচ্ছে না।
শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় গত বছরের ১৮ অক্টোবর। ২১ অক্টোবর থেকে শুরু হয় শ্রেণি কার্যক্রম।
শ্রেণি কার্যক্রম শুরুর পর শিক্ষার্থীরা হলে আসতে শুরু করেন। কিন্তু হলে এক ডোজ টিকা নেওয়ার বিষয়টি তদারক করা হয়নি। অর্থাৎ কোনো শিক্ষার্থীকে হলে উঠতে টিকার সনদ দেখাতে হয়নি।
অন্যদিকে ক্যাম্পাসে করোনার নমুনা সংগ্রহের জন্য বুথ বসাতে পারেনি কর্তৃপক্ষ। ফলে যেসব শিক্ষার্থী জ্বর, সর্দি, কাশির মতো করোনার উপসর্গে ভুগছেন, তাঁরা সহজে নমুনা দিতে পারছেন না।
অবশ্য ক্যাম্পাসে নমুনা পরীক্ষা করার ল্যাব রয়েছে। ওই ল্যাবে হাটহাজারী ও আশপাশের এলাকা থেকে নমুনা এনে পরীক্ষা করা হয়।
চবির আলাওল হলের আবাসিক শিক্ষার্থী জুবায়ের আহমেদ দুই দিন ধরে জ্বরে ভুগছেন। করোনার উপসর্গ থাকলেও তিনি নমুনা পরীক্ষা করাতে যাননি। এর কারণ হিসেবে তিনি প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে নমুনা সংগ্রহের কোনো ব্যবস্থা নেই। হাটহাজারী কিংবা ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে নগরে গিয়ে করোনা পরীক্ষা করার বিষয়টিতে ঝক্কি দেখছেন তিনি।
শুধু জুবায়ের নন, চবির বিভিন্ন হলের অনেক শিক্ষার্থী করোনার উপসর্গে ভুগছেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের মধ্যে অন্তত পাঁচজন প্রথম আলোকে বলেন, শহরে নমুনা পরীক্ষা করাতে গেলে লম্বা লাইন ধরতে হয়। অনেক ঝক্কি পোহাতে হয়। ক্যাম্পাসে বুথ থাকলে সহজেই নমুনা দেওয়া যেত।
বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকেরা বলছেন, করোনা মহামারি প্রতিরোধের অংশ হিসেবে শিক্ষার্থীদের টিকা গ্রহণের হালনাগাদ ও পূর্ণাঙ্গ তথ্য জানা অত্যন্ত জরুরি। সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব না হলে করোনার ঝুঁকি কমানো যাবে না। পাশাপাশি ক্যাম্পাসে করোনার নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা দরকার। তাহলে শিক্ষার্থীরা ঝক্কিঝামেলা ছাড়াই নমুনা জমা দিতে পারতেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে আইসিটি সেলের মাধ্যমে টিকাসংক্রান্ত তথ্য সংগ্রহ করে কর্তৃপক্ষ। ওই তথ্য অনুযায়ী, দুই ডোজ টিকা নিয়েছেন ৪ হাজার ১৯০ জন শিক্ষার্থী। এক ডোজ টিকা নিয়েছেন ২ হাজার ৩৪২ জন। নিবন্ধন করে টিকার জন্য অপেক্ষমাণ ছিলেন ৪ হাজার ৪৭২ জন।
এর বাইরে সহ-উপাচার্য বেনু কুমার দে বিভিন্ন বিভাগ থেকে টিকার তথ্য সংগ্রহ করেন।
টিকার তথ্যের বিষয়ে আইসিটি সেলের পরিচালক মোহাম্মদ খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সেপ্টেম্বরের পর আর টিকার তথ্য সংগ্রহ করা হয়নি।
টিকার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে স্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান।
মনিরুল হাসান বলেন, কতজন শিক্ষার্থী দুই ডোজ টিকা নিয়েছেন, সে বিষয়ে সুস্পষ্ট তথ্য নেই। কারণ, এর আগে তিনবার টিকার তথ্য সংগ্রহের জন্য চেষ্টা চালানো হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা সাড়া দেননি। এ কারণে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা যায়নি। তবে সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৪০ থেকে ৪৫ শতাংশ শিক্ষার্থী দুই ডোজ টিকার আওতায় এসেছেন বলে তিনি জানেন।
দেশে কওমি মাদ্রাসা ১৯ হাজার ১৯৯টি: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, দেশে বর্তমানে ১৯ হাজার ১৯৯টি কওমি মাদ্রাসা রয়েছে। আজ রোববার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ এ কে এম রহমত উল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, কওমি মাদ্রাসাগুলোকে একটি বোর্ডের মাধ্যমে পরিচালনা করা প্রয়োজন। কওমি মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য যুগোপযোগী শিক্ষাব্যবস্থা কার্যকরণ এবং সরকারের নিবন্ধনের আওতায় আনার প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে সমন্বিত একটি নীতিমালা প্রণয়ন এবং কওমি মাদ্রাসা-সংক্রান্ত বর্তমানে পৃথক পৃথকভাবে পরিচালিত ৬টি বোর্ডকে সমন্বিত করে একটি কমিটি গঠনের বিষয়টি সরকারের পর্যালোচনায় রয়েছে।
জাতীয় পার্টির মসিউর রহমানের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানান, প্রতিবন্ধী জনগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধিকতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি পরিচালনা করছে। ডিআইএস নামে একটি সফটওয়্যারের মাধ্যমে তথ্যভান্ডারে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য সন্নিবেশ করা হচ্ছে। এই ডেটাবেইসে ১৮ জানুয়ারি ২০২২ পর্যন্ত ২৪ লাখ ৫৯ হাজার ৭৪৮ জন প্রতিবন্ধী ব্যক্তির তথ্য সন্নিবেশ করা হয়েছে।
১৩ গবেষককে পিএইচডি, ১৮ জনকে এমফিল ডিগ্রি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
সম্প্রতি ১৩ জন গবেষককে পিএইচডি এবং ১৮ জনকে এমফিল ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত ২৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেটের এক সভায় তাঁদের এসব ডিগ্রি দেওয়া হয় বলে আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
পিএইচডি ডিগ্রি পাওয়া ব্যক্তিরা হলেন বাংলা বিভাগের অধীনে কামরুন নাহার, ইংরেজি বিভাগের অধীনে সায়মা আরজু, ইতিহাস বিভাগের অধীনে চাঁদ সুলতানা, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মো. সাইফুল আলম, ভাষাবিজ্ঞান বিভাগের অধীনে নাদিয়া নন্দিতা ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধীনে ফিরদৌস যারীন, যোগাযোগ বৈকল্য বিভাগের অধীনে সাদিয়া সালাম, রসায়ন বিভাগের অধীনে মো. সাহেদ রেজা, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধীনে ফাহিমা আকতার, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধীনে সজীব সাহা, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধীনে সুমা আক্তার, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধীনে রানা-আল-মোশাররফা এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ইয়াসমিন সুলতানা৷
অন্যদিকে এমফিল ডিগ্রি পাওয়া ব্যক্তিরা হলেন ইতিহাস বিভাগের অধীনে তৌহিদা আক্তার, দর্শন বিভাগের অধীনে নাসরিন আক্তার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মুহা. সহিদ উল্লাহ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে নাসরীন সুলতানা, ভাষাবিজ্ঞান বিভাগের অধীনে তাপসী রানী সরকার ও শারমিন আক্তার, সংগীত বিভাগের অধীনে নাঈমা ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে মো. সহিদুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধীনে দেওয়ান নুসরাত জাহান, রসায়ন বিভাগের অধীনে মো. সোহেল রানা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে অন্তরা দে, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে মালেকা সুলতানা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধীনে সাবিন হুদা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে তনুশ্রী মল্লিক, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে উম্মে শেফা সালেহ্, তাসনিয়া তাবাসসুম ও মো. খালিদ হাসান এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের অধীনে শামীমা প্রধান।
ওমিক্রন আতঙ্কে একদিনেই স্থগিত ৪ নিয়োগ পরীক্ষা
দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার দ্রুত বাড়তে থাকায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্য অধিদফতর বলছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাধান্য দেশে এখনও বেশি, তবে একটু একটু করে সে জায়গাটা ওমিক্রন ভ্যারিয়েন্ট দখল করে নিচ্ছে।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯০৬ জন। শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। এ অবস্থায় আজ রবিবার (২৩ জানুয়ারি) একদিনেই স্থগিত করা হয়েছে সরকারি ৪টি নিয়োগ পরীক্ষা। এরমধ্যে তিনটি লিখিত এবং বাকি একটি প্রিলিমিনারি পরীক্ষা। আগামী ২৮ এবং ২৯ জানুয়ারি ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব পরীক্ষা হওয়ার কথা ছিল।
নিয়োগ স্থগিত করা সরকারি এসব প্রতিষ্ঠান হলো-দুর্নীতি দমন কমিশন (দুদক), ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন, কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
দুদক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সহকারী পরিদর্শক এর শূন্য পদের নিয়োগ প্রার্থীদের আগামী ২৯ জানুয়ারি (শনিবার) সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণ বশতঃ স্থগিত করা হয়েছে। বিষয়টি এসএমএস এর মাধ্যমে নির্ধারিত পরীক্ষার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে।
এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, কোভিড-১৯ এর সাম্প্রতিক পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগের ২১ জানুয়ারির এক নির্দেশনা অনুসরণে এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগের লক্ষ্যে আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা আপাততঃ স্থগিত ঘোষণা করা হলো। উল্লিখিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি নোটিশের মাধ্যমে পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে নেওয়া হবে।
সিপিজিসিবিএল জানিয়েছে, আগামী ২৯ জানুয়ারি (শনিবার) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টিতে সিপিজিসিবিএল এর ‘ব্যক্তিগত সচিব (PS to MD)’ ও ‘অভ্যর্থক (Receptionist)’ পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনী লিখিত পরীক্ষা কোভিভ-১৯ পরিস্থিতি প্রকট হওয়ায় এতদ্বারা স্থগিত করা হলো। এ বিষয়ে গৃহীত কার্যক্রম ও পরিবর্তিত পরীক্ষার তারিখ পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেয়া হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন জানিয়েছে, বিআইডব্লিউটিসির অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর শূন্য পদে লোক নিয়োগের নিমিত্ত অবেদনকারী প্রার্থীদের ঢাকা শহরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৮ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হযবে মর্মে দিন ধায্য করা হয়। অনিবার্য কারণ বশতঃ ওই পরীক্ষাটি আপাতত স্থগিত করা হল। পরীক্ষার পরিবর্তীত সময়কাল পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
নির্ধারিত সময়েই পাঁচ ব্যাংকের পরীক্ষা
নির্ধারিত সময়েই সমন্বিত পাঁচ ব্যাংকের ক্যাশ অফিসার পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার (২৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ব্যাংকার্স সিলেকশন কমিটির মহাব্যবস্থাপক ও সদস্য সচিব মো. আজিজুল হক। আগামী ৪ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মো. আজিজুল হক বলেন, আমরা পরীক্ষা নিতে চাই। পাঁচ ব্যাংকের পরীক্ষাও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এটাই আমাদের সিদ্ধান্ত।
করোনা সংক্রমণ বাড়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এ ঘোষণার পরই সমন্বিত পাঁচ ব্যাংকের ক্যাশ অফিসার পদের নিয়োগ পরীক্ষা নিয়ে সংশয় দেখা দেয়। পরীক্ষা নেয়ার দাবিও তুলেন চাকরিপ্রার্থীরা। পরীক্ষা না হলে আন্দোলনের হুমকি দেন তারা।
চাকরিপ্রার্থীরা বলেন, করোনার কারণে আমরা এমনিতে অনেক পিছিয়ে আছি। দেড় বছরে আমরা কোনো পরীক্ষা দিতে পারিনি। এদিকে চাকরির জন্য নির্ধারিত বয়সও শেষ হয়ে যাচ্ছে। করোনার কারণে এবারের পরীক্ষাগুলোও স্থগিত হয়ে যায় তাহলে আমাদের সামনে আর কোনো পথ থাকবে না। হতাশ হয়ে যাবো। তারা আরও বলেন, চাকরির পরীক্ষাগুলো সাধারণ ছুটির দিনেই হয়। ফলে পরীক্ষাগুলো নিতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। স্বাস্থ্যবিধি মেনেই নিয়োগ পরীক্ষাগুলো নিয়ে নেয়া উচিত। নাহলে দেশের বেকার সংখ্যা আরও বাড়বে।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. আজিজুল হক বলেন, করোনা সংক্রমণ বাড়ার পর থেকে স্বাস্থ্যবিধি মেনেই আমরা পরীক্ষাগুলো নিয়ে আসছি। আশা করি সামনের পরীক্ষাগুলোতেও কোনো সমস্যা হবে না। তিনি পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে আসার অনুরোধ জানান। একই সঙ্গে কমিটির নির্দেশনা অনুযায়ী ইলেক্ট্রনিক কোনো ডিভাইস যাতে পরীক্ষার্থীরা না নিয়ে আসেন সে বিষয়ে সতর্ক করেন তিনি।
ক্যাশ অফিসারের ১ হাজার ৪৩৯টি শূণ্য পদে নিয়োগ দেবে সমন্বিত পাঁচ ব্যাংক। ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, রূপালী, অগ্রণী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। ১৪৩৯ পদের মধ্যে সোনালী ব্যাংকে ৮৪৬টি, জনতা ব্যাংকে ১০৫টি, অগ্রণী ব্যাংকে ৪০০টি, রূপালী ব্যাংকে ৮৫টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩টি পদ রয়েছে।
এ পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর টাকা ১৬,০০০-৩৮,০০০ হাজার টাকা অনুয়ায়ী বেতন পাবেন। ৩১ জানুয়ারি ২০২১ সালে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ পান চাকরিপ্রার্থীরা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর ৫৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে গত শুক্রবার ৭টি ব্যাংক ও একিটি আর্থিক প্রতিষ্ঠানের অফিসার জেনারেল পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য