ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ষষ্ঠ ধাপের ভর্তি শেষেও আসন খালি চবিতে, পূরণ হবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২২ ১২:১৭
নিজস্ব প্রতিবেদক
ষষ্ঠ ধাপের ভর্তি শেষেও আসন খালি চবিতে, পূরণ হবে যেভাবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের সব আসন এখনো পূরণ করতে পারেনি কর্তৃপক্ষ। ষষ্ঠ ধাপের ভর্তি কার্যক্রম শেষ হলেও এখনো ২৬৪টি আসন খালি রয়েছে। এ ছাড়া যারা ভর্তি হয়েছেন, তাদের অনেকে বাতিল করে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন। ফলে আসনগুলো খালি রয়ে গেছে। আরও একবার তালিকা প্রকাশ করে এসব আসন পূরণ করবে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে চার হাজার ৯২৬টি আসনের বিপরীতে অন্তত ছয় শতাংশ খালি রয়েছে বলে জানা গেছে। এভাবে আসন খালি থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা, মারামারি ও শিক্ষার্থীদের পছন্দের বিষয়টি সামনে আনছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে খালি রয়েছে ১১৮টি আসন। এ ছাড়া ‘বি’ ইউনিটে ১০১টি, ‘সি’ ইউনিটে সাতটি আসন ও ‘ডি’ ইউনিটে ৩৩টি আসন খালি রয়েছে। এ ছাড়া ‘বি১’ উপ-ইউনিটে তিনটি ও ‘ডি১’ উপ-ইউনিটে দুটি আসনে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি।

এদিকে বি-১ উপ-ইউনিটের নাট্যকলা ও সংগীত বিভাগে ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থী পাওয়া যায়নি। এ কারণে বিভাগ দুটির ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ৩৫টি আসনের মধ্যে খালি রয়েছে ৮টি আসন। আর ৩০টির মধ্যে ৯টি আসন খালি সংগীত বিভাগে।

চবির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ষষ্ঠ ধাপের প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এখনো ২৬৪টি আসন খালি রয়েছে। সপ্তম ধাপে এগুলো পূরণ হয়ে যাবে যাবে বলে আশা করছি। এরপরও না হলে বিকল্প উপায় ভাবব।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে গণমাধ্যমকে বলেন, ‘খালি আসন পূরণ করার জন্য আরেকবার তালিকা দেব আমরা। এখনো ভর্তি কার্যক্রম সব বিশ্ববিদ্যালয়ে শেষ হয়নি। কাছের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা অপেক্ষা করছে। এ কারণে বিষয় পছন্দক্রম পূরণ করছে না তারা।

আসন খালি থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আগের মতো নেই। বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের কারণে গণমাধ্যমের শিরোনাম হচ্ছে চট্টগ্রাম। এ কারণে শিক্ষার্থীদের অভিভাবকেরা সন্তানকে ভর্তিতে আগ্রহ দেখাচ্ছেন না। এ ছাড়া শিক্ষার্থীরা কাছের বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী।’

প্রাসঙ্গিক
    মন্তব্য

    মেরিট স্কোর ও পজিশনসহ মেডিকেল ভর্তির ফল প্রকাশ

    নিজস্ব প্রতিবেদক
    ৬ এপ্রিল, ২০২২ ১২:১
    নিজস্ব প্রতিবেদক
    মেরিট স্কোর ও পজিশনসহ মেডিকেল ভর্তির ফল প্রকাশ

    ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। মঙ্গলবার (৫ এপ্রিল) এই ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

    এদিকে এই দিন এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশিত হলেও শুধুমাত্র পিডিএফ ফাইলের মাধ্যমে ফল দেখা পাচ্ছিল মেডিকেল ভর্তিচ্ছুরা। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানান প্রতিক্রিয়া ছিল।

    তবে বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার পর থেকে মেরিট স্কোর ও পজিশনসহ মেডিকেল ভর্তির ফল দেখা যাচ্ছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs/) ভর্তিচ্ছুরা শুধুমাত্র নিজ নিজ রোল নম্বর প্রদানের মধ্য দিয়ে এই ফল দেখতে পাচ্ছেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি আবেদন শুরু ১৮ মে

      নিজস্ব প্রতিবেদক
      ৬ এপ্রিল, ২০২২ ১১:৪২
      নিজস্ব প্রতিবেদক
      জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি আবেদন শুরু ১৮ মে

      জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮ মে থেকে ১৬ জুন পর্যন্ত এই আবেদন করা যাবে।

      বুধবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনার সচিব আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক নুরুল আলমের সভাপতিত্বে ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

      সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, জাবির প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য আবেদনের সময় ১৮ মে থেকে ১৬ জুন পর্যন্ত, ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভার পর সময়সূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

      ভর্তি পরিচালনার সচিব আবু হাসান জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি কমিটির সভায় আলোচনা করা হয়। সভায় রেজিস্ট্রেশনের করার সম্ভাব্য সময় ১৮ মে থেকে ১৬ জুন এবং পরীক্ষার সম্ভাব্য সময় আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

      তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে ও বিশ্ববিদ্যালয় পরিষদের সভার পর সময়সূচি চূড়ান্ত করা হবে।

      এদিকে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের দুটি সভায় দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

      গত বছর দেশের শীর্ষ চার বিশ্ববিদ্যালয় গুচ্ছে না আসলেও এবার আসবে বলে আশা করা হচ্ছিল। তবে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া জটিলতায় পড়ায় সে উদ্যোগ আর এগোয়নি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় ২০২১-২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু করেছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        পাস করেও মেডিকেলে পড়ার সুযোগ পাবেন না ৬৯ হাজার শিক্ষার্থী

        নিজস্ব প্রতিবেদক
        ৬ এপ্রিল, ২০২২ ১১:৩৯
        নিজস্ব প্রতিবেদক
        পাস করেও মেডিকেলে পড়ার সুযোগ পাবেন না ৬৯ হাজার শিক্ষার্থী

        ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস করেছেন প্রায় ৮০ হাজার শিক্ষার্থী। আর সরকারি-বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ১০ হাজার ৭৮৯টি৷ ফলে ভর্তি পরীক্ষায় পাস করেও প্রায় ৬৯ হাজার শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন না।

        ফলে এসব শিক্ষার্থীর এখন পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ নেয়াই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

        স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১ লাখ ৩৯ হাজার ৭৭২ জন। এদের মধ্যে পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন।

        ওই সূত্র আরও জানায়, দেশের সরকারি ৩৭টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। আর বেসরকারি ৭২টি মেডিকেল কলেজের আসন সংখ্যা ৬ হাজার ৪৮৯টি। ফলে ভর্তিচ্ছুদের একটি বড় অংশ পরীক্ষায় পাস করেও চিকিৎসক হতে পারছেন না।

        মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গেছে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া ৪ হাজার ৩৫০ জনের মধ্যে ছাত্রীদের সংখ্যাই বেশি। সরকারিতে চান্স প্রাপ্তদের মধ্যে ২ হাজার ৩৪৫ জন ছাত্রী। আর এক হাজার ৮৮৫ জন ছাত্র।

        পাসের দিক দিয়েও এগিয়ে রয়েছে মেয়েরা। শুধু তাই নয় সর্বোচ্চ নম্বর প্রাপ্তিতেও প্রথম হয়েছে এক ছাত্রী। মোট পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৪৪ হাজার ৫০৪ জন মেয়ে। আর পাসকৃত ছেলের সংখ্যা ৩৪ হাজার ৮৩৩ জন।

        লিখিত পরীক্ষায় মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মিম। তার প্রাপ্ত স্কোর ৯২ দশমিক ৫। আর ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর ৯১ দশমিক ৫।

        প্রসঙ্গত, গত শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ও মেডিকেল ভর্তি পরীক্ষার খাতা মূল্যায়ন করেছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          আগস্টে জাবির ভর্তি পরীক্ষা!

          নিজস্ব প্রতিবেদক
          ৬ এপ্রিল, ২০২২ ১১:৩২
          নিজস্ব প্রতিবেদক
          আগস্টে জাবির ভর্তি পরীক্ষা!

          জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক নুরুল আলমের সভাপতিত্বে ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

          সম্ভাব্য সময় অনুযায়ী, আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভার পর সময়সূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

          সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনার সচিব আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

          তিনি বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিয়ে আজকের ভর্তি কমিটির সভায় আলোচনা করা হয়। সভায় রেজিষ্ট্রেশনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ১৮ মে থেকে ১৬ জুন ও পরীক্ষার জন্য সম্ভাব্য সময় নির্ধারণ করা আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট ।

          তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে ও বিশ্ববিদ্যালয় পরিষদের সভার পর সময়সূচি চূড়ান্ত করা হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত