শিরোনাম
ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসায় জীবন বদলের বার্তা প্রধান উপদেষ্টার
ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে কীভাবে জীবন বদলে দেয়া সম্ভব সেই গল্প কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে শোনালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি আজ মঙ্গলবার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেয়া বক্তব্যে শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলার ওপর গুরুত্বারোপ করেন।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন বদলে ফেলার গল্প শুনিয়েছেন।’
উল্লেখ্য, দোহায় ২২ ও ২৩ এপ্রিল এবারের আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এবারের সম্মেলনে যোগ দিতে অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি সফরে বর্তমানে কাতারে রয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরো জানান, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাতার থেকে আমদানিকৃত এলএনজি আমদানি ব্যয়ের শত শত মিলিয়ন মার্কিন ডলার দীর্ঘদিন পরিশোধ করেনি। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দেনা পরিশোধের উদ্যোগ নিয়েছে এবং ২/১ দিনের মধ্যে সব দেনা পরিশোধ করা হবে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে কাতার থেকে আমদানিকৃত এলএনজির দেনার বড় অংশ পরিশোধ করেছে।
কাতার থেকে এলএনজি আমদানির ৩৭ মিলিয়ন ডলার এখনো পরিশোধ হয়নি, যা আগামী ২/১ দিনের মধ্যে পরিশোধ করবে সরকার।
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিলের রায়
আওয়ামী লীগ সরকারের আমলে দুদকের করা এক মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে করা আবেদন খারিজের বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসসহ সাত ব্যক্তির করা আপিল মঞ্জুর ও হাইকোর্টের আদেশ বাতিল করে আজ রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ সর্বসম্মতিক্রমে আজ এই রায় দেন।
আজকের এই রায়ের ফলে আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি বাতিল হয়ে গেল বলে জানান উভয় পক্ষের আইনজীবীরা।
আদালতে আপিলকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান।
আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ২০২৩ সালের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এই মামলাটি করেন। অপর ছয় কর্মকর্তা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।
এক পর্যায়ে এই মামলায় অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ ছয় কর্মকর্তা গত বছরের ৮ জুলাই আবেদন করেন। সে আবেদনের শুনানি শেষে গত ২৪ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে আদেশ দেন। হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তারা। তবে এর মধ্যেই রাষ্ট্র বা দুদকের পক্ষে পিপি মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন। গত ১১ আগস্ট সেই আবেদন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক। অন্যদিকে লিভ টু আপিল মঞ্জুর করে গত বছরের ২১ অক্টোবর আপিল বিভাগ আদেশ দেন। সে অনুযায়ী আপিল শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
চিরনিদ্রায় বরেণ্য কবি মুকুল চৌধুরী, সিলেটে জানাজা ও দাফন সম্পন্ন
বরেণ্য কবি মুকুল চৌধুরী (মঞ্জুরুল করীম চৌধুরী) আর নেই।
গতকাল মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মুকুল চৌধুরী শ্রমনিষ্ঠ কবি ও লেখক। গত শতকের সত্তর দশকের মাঝামাঝি থেকে নিরলসভাবে তিনি লিখে গেছেন। কবিতার পাশাপাশি গদ্যসাহিত্যেও তিনি শক্তিমান, ঝরঝরে ও বুদ্ধিদীপ্ত। প্রবন্ধ, গবেষণা, কিশোর-রচনা ও সম্পাদনায় তার রয়েছে স্বচ্ছন্দ ও স্বাতন্ত্র্যপূর্ণ বিচরণ।
ইসলামিক ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কবি মুকুল চৌধুরী ১৯৫৮ খ্রিষ্টাব্দের ২২ আগস্ট সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের খালোপাড় গ্রামে জন্মগ্রহণ করেন।
মুকুল চৌধুরী তার কর্মের স্বীকৃতি-স্বরূপ বুক অব দি ইয়ার এচিভম্যান্ট এওয়ার্ড, বিএনএসএ, ইংল্যান্ড (১৯৯৬), সাহিত্য পুরস্কার, বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ, ঢাকা (১৯৯৭), রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কার, সিলেট (২০০৬) ও জালালাবাদ সাহিত্য পুরস্কার, সিলেটসহ (২০১২) বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হন।
তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২৮টি। এর মধ্যে কাব্যগ্রন্থ ছয়টি, প্রবন্ধ/গবেষণা গ্রন্থ পাঁচটি, কিশোর গ্রন্থ পাঁচটি সম্পাদিত গ্রন্থ ছয়টি। ১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই অস্পষ্ট বন্দর।
মরহুমের জানাজার নামাজ আজ বুধবার বাদ যোহর নগরের নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এর আগে তার মরদেহ প্রিয় প্রতিষ্ঠান শত বছরের ঐতিহ্যবাহী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়। জানাজা শেষে তাকে মানিক পীর (রহ.) গোরস্থানে দাফন করা হয়।
ট্রাফিক আইন লঙ্ঘনে
ডিএমপি’র একদিনেই ১৭০৯ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৭০৯টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।
এছাড়াও অভিযানকালে ২৩০টি গাড়ি ডাম্পিং ও ১১০টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে আরও জানানো হয় মঙ্গলবার ডিএমপি’র ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাসস:
লালমনিরহাটে দুদকের ১৭৩তম গণশুনানি কাল
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সকাল ১০টায় লালমনিরহাটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) গণশুনানির আয়োজন করেছে।
গণশুনানিতে কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ অনুষ্ঠানে দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ লালমনিরহাট জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন। একইসাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল অভিপ্রায়।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য