শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাশিয়ান কর্নার’ স্থাপনে ঐকমত্য
ঢাকার রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর এবং রাশিয়ান ‘সেন্টার ফর সায়েন্স অ্যান্ড কালচার’-এর পরিচালক মি. ম্যাক্সিম ডোব্রোখোতোভ বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাশিয়ান কর্নার’ স্থাপনের বিষয়ে তারা ঐকমত্য প্রকাশ করেন।
এছাড়াও, তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট অনান্য বিষয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম চালুর সম্ভাব্য দিকগুলো নিয়ে মতবিনিময় করেন। এ লক্ষ্যে শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ান ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তারা ফলপ্রসূ আলোচনাও করেন।
উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সাথে যৌথ শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম গ্রহণের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করায় মি. ম্যাক্সিম ডোব্রোখোতোভকে আন্তরিক ধন্যবাদ জানান।
পবিপ্রবি স্কুল এন্ড কলেজে (সৃজনী বিদ্যানিকেতন) বার্ষিক কবিতা উৎসব
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে(সৃজনী বিদ্যানিকেতন) “অন্তর মম বিকশিত কর’' এই স্লোগান দিয়ে কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাকে কেন্দ্র করে বার্ষিক কবিতা উৎসব-২০২২ আয়োজিত হয়েছে।
বুধবার( ৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কবিতা উৎসব-২০২২ এর উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
পরবর্তীতে সকাল ১০টায় পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের(সৃজনী বিদ্যানিকেতন) এর অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) অধ্যাপক লিটন চন্দ্র সেন এর সভাপতিত্বে কবিতা উৎসবের মূল আয়োজন শুরু হয়।
এসময় কবিতা উৎসবে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দিনব্যাপী কবিতা, চিত্রাঙ্কন, নৃত্য এবং গান সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। কবিতা উৎসবে শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান করতে অভিভাবকদেরও উক্ত অনুষ্ঠানে সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এ.বি.এম মাহবুব মোর্শেদ খান, অধ্যাপক ড. জাহিদ হাসান, সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.স্বদেশ চন্দ্র সামন্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কবিতার চর্চা করলে ভাল মানুষ হতে পারবে। এসময় তিনি কাজী নজরুল এবং রবীন্দ্রনাথকে জানা এবং তাঁদের সাহিত্যকর্ম পাঠ করার উপদেশ দেন।
ইবিতে এন্টি র্যাগিং বিষয়ক প্রোগ্রাম
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এন্টি র্যাগিং বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। "জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২২-২০২৩" এর অংশ হিসেবে বুধবার (০৭ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের তৃতীয় তলায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আল মামুন, মোঃ ওবাইদুল হক, মোঃ রিপোনুজ্জামান, ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস, বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার ড. মোঃ ইব্রাহীম হোসেন প্রমুখ।
এন্টি র্যাগিং বিষয়ক এ প্রোগ্রামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রোগ্রামে বক্তারা র্যাগিং এর বিরুদ্ধে অবস্থান ও শুদ্ধাচার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ইবি রোভার স্কাউট গ্রুপের তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু হয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের মধ্যবর্তী বটতলায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানটি সকাল ১০ টায় জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ এবং স্কাউট পতাকা উত্তোলন করেন স্কাউট লিডার (আরএসএল) আমিনুল ইসলাম।
জানা যায়, ০৭-০৯ ডিসেম্বর, ২০২২ইং পর্যন্ত তিনদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান অনুষ্ঠিত হবে। রোভারদের অংশগ্রহণে হাইকিং, মহা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান ও নাচ প্রদর্শন, স্কাউট ওন সহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ কার্যক্রম শেষে অনুষ্ঠানের তৃতীয় দিনে সফলভাবে সকল কার্যক্রম সম্পন্নকারী রোভারদের দীক্ষানুষ্ঠান সমাপ্ত হবে। উক্ত অনুষ্ঠানে নবাগত ৫০ জন সহচর দীক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্ব স্কাউট্স-এর সদস্যপদ লাভ করবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী , সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, আব্দুর রাজ্জাক ও তারেক রেজা খান, দপ্তর সম্পাদক আবু তালহা আকাশ, কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম রাসেল, পাঠাগার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কুলছুম আক্তার, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা শ্যামলী তানজিন অনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবির হোসেন, ক্রিড়া সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম।
সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ বলেন,'তিন দিনের দীক্ষা ক্যাম্পে অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে আমরা বিশ্ব স্কাউটের সাথে নিজেকে সম্পৃক্ত হওয়ার সুযোগ লাভ করি। তাই হাতে কলমে এই তিন দিনের সকল কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি'।
বকশিবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
মাঠ উদ্বোধন করাকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ দুপুর ১টার দিকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আল আমিন নামে এক শিক্ষার্থীকে আটকও করা হয়েছে।
জানা যায় বেলা ১১টার দিক থেকে বিক্ষোভ করছিলেন মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব মাঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সরকারি বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ নামে উদ্বোধন করতে চাচ্ছে- এই অভিযোগ তুলে বিক্ষোভ করছিলেন তারা।
মাঠ উদ্বোধন করতে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পৌঁছানো মাত্রই শিক্ষার্থীরা মাঠের ভিতর থেকে ইট পাটকেল, চেয়ার ছুড়ে মারতে শুরু করে। এরপর মেয়র মাঠের উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত মাঠের ভিতরে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ চলছে। কয়েক রাউন্ড গুলিও চালিয়েছে পুলিশ।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য