ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৪ ১২:৩২
নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৬টি একাডেমিক ভবনে বিজ্ঞান (এ) ইউনিটের পরীক্ষা শুরু হয় যা চলবে বেলা ১ টা পর্যন্ত। ইবি কেন্দ্রে এ ইউনিটে পরীক্ষা দেওয়ার কথা রয়েছে ৬ হাজার ৪৪২ জন ভর্তিচ্ছুর।

এর আগে সকাল ১০টা থেকেই প্রচন্ড দাবদাহের মধ্যে ভর্তিচ্ছু পরিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে। কুষ্টিয়া-ঝিনাইদহ ছাড়াও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, মেহেরপুর ও আশপাশের জেলার শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্র ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। সে অনুযায়ী কাজও চলছে। আশা করি সার্বিক বিষয়গুলো সুন্দর ভাবে সম্পন্ন হবে

এদিকে, গুচ্ছের ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্খিত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সকাল থেকেই ক্যাম্পাসে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

https://therisingcampus.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/

প্রাসঙ্গিক
    মন্তব্য

    গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ, জবি ক্যাম্পাসে সাংবাদিক প্রবেশ না করতে নির্দেশনা

    নিজস্ব প্রতিবেদক
    ২৭ এপ্রিল, ২০২৪ ১১:৫৫
    নিজস্ব প্রতিবেদক
    গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ, জবি ক্যাম্পাসে সাংবাদিক প্রবেশ না করতে নির্দেশনা

    জবি প্রতিনিধি: দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ।‘এ’ ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত হবে। একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ ‘সংরক্ষিত’ করে কোটাভিত্তিক কয়েকজনকে অনুমতি দিয়েছে প্রশাসন। এর বাইরে আর কোনো সাংবাদিককে ক্যাম্পাসে প্রবেশ না করতেও নির্দেশনা দেয়া হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো.জাহাঙ্গীর হোসেন।

    এবিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, কেন্দ্রীয় গুচ্ছ কমিটি থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে আমরা সেভাবেই কাজ করছি। আমরা ১২ জন সাংবাদিককে প্রবেশের সুযোগ দিচ্ছি।

    বিগত বছরগুলোতে ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করে অনুমতি পেয়েছে। প্রক্সি পরীক্ষা চক্রের হোতাসহ, প্রশ্নফাঁস চক্রের সদস্যদের ধরতেও অবদান রেখেছেন সাংবাদিকরা।এই বছর সাংবাদিকদের ক্যাম্পাসে প্রবেশ না করতে সাংবাদিক সংগঠনগুলোকে নির্দেশনাও দেয়া হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ে কর্মরত একাধিক সাংবাদিকরা বলছেন, গতবছর এই রকম নিষেউধাজ্ঞা ছিলো না।এইবারই কেন! প্রশ্নফাঁস, প্রক্সি এইসব ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।সাংবাদিকরা ক্যাম্পাসে প্রবেশ করতে না পারলে কিভাবে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করবো আমরা।

    খোঁজ নিয়ে জানা গেছে, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র সাংবাদিক প্রবেশে এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি। শুধু মাত্র জবি ক্যাম্সাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা।

    এবিষয়ে কথা বলতে গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে বারবার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

    উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৫৭৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। পাশাপাশি উপকেন্দ্রগুলো এবং এসব কেন্দ্রে পরীক্ষার্থীদের সংখ্যা হলো—সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ৩ হাজার, সরকারি বাংলা কলেজে ৬ হাজার ৭৪০, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ৩ হাজার ২০০, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৩ হাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ হাজার ২৯৬ জন পরীক্ষা দেবে।

    সাকিবুল ইসলাম/

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু আজ, তাপপ্রবাহ নিয়ে থাকছে বিশেষ ব্যবস্থা

      নিজস্ব প্রতিবেদক
      ২৭ এপ্রিল, ২০২৪ ১১:৩১
      নিজস্ব প্রতিবেদক
      গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু আজ, তাপপ্রবাহ নিয়ে থাকছে বিশেষ ব্যবস্থা

      গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ (২৭ এপ্রিল)। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। একই দিনে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নেওয়া হবে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা।

      এছাড়া আগামী ৩ মে শুক্রবার (‘বি’ ইউনিট-মানবিক) এবং ১০ মে শুক্রবার (‘সি’ ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত।

      ভর্তি পরীক্ষা উপলক্ষে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে চলমান তাপপ্রবাহে পরীক্ষার্থীদের সুরক্ষায় বিশেষ নজর রাখা হচ্ছে এবার। বিষয়টি নিশ্চিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, তাপপ্রবাহের মধ্যে যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে সব বিশ্ববিদ্যালয়কে।

      একইসঙ্গে গুচ্ছভুক্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন ভর্তি পরীক্ষার্থীদের সুরক্ষায় পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা রাখেন।

      চলতি বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ২১ হাজার আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। সেই হিসেবে আসনপ্রতি লড়বেন ১৫ জন ভর্তিচ্ছু।

      এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন চলে ১২-২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি ও ব্যবসায় শিক্ষা শাখার ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        শুধু ভর্তি পরীক্ষার দিন উপাচার্যসহ ৩ দপ্তরের তালা খোলা থাকবে: শিক্ষক সমিতি

        নিজস্ব প্রতিবেদক
        ২৭ এপ্রিল, ২০২৪ ১১:১৯
        নিজস্ব প্রতিবেদক
        শুধু ভর্তি পরীক্ষার দিন উপাচার্যসহ ৩ দপ্তরের তালা খোলা থাকবে: শিক্ষক সমিতি

        কুবি প্রতিনিধি: শুধু গুচ্ছের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টর অফিস তালা খোলা থাকবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের।

        ২৬ এপ্রিল রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেন তিনি।

        তিনি বলেন, সাত দফা দাবি আদায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উপাচার্য সহ তিন দপ্তরে তালা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। তবে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুধু গুচ্ছের ভর্তি পরীক্ষার দিনগুলোতে আমাদের এই কর্মসূচি থাকবে না। তাই আগামীকাল উপাচার্য সহ বাকি তিন দপ্তর আমাদের এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। পরেরদিন আবারও ঐ দপ্তরগুলোতে তালা দেওয়া হবে।

        প্রসঙ্গত, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হবে। এদিন ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

        এছাড়া ৩ মে শুক্রবার (‘বি’ ইউনিট-মানবিক) এবং ১০ মে শুক্রবার (‘সি’ ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়গুলোর মোট ২১ হাজার আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নানা নাটকীয়তার পর গুচ্ছ ভর্তি কার্যক্রমে অংশ নিচ্ছে ইবি শিক্ষকরা

          নিজস্ব প্রতিবেদক
          ২৭ এপ্রিল, ২০২৪ ১০:৩৬
          নিজস্ব প্রতিবেদক
          নানা নাটকীয়তার পর গুচ্ছ ভর্তি কার্যক্রমে অংশ নিচ্ছে ইবি শিক্ষকরা

          বিশ্ববিদ্যালয় গুচ্ছে অংশ নিলে ভর্তি সংশ্লিষ্ট সকল কাজে শিক্ষকদের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।

          শুক্রবার(২৬ এপ্রিল) সমিতির এক জরুরি সভার (অনলাইন) সিদ্ধান্ত অনুযায়ী সকল শিক্ষক গুচ্ছ ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করবেন। সভা শেষে গণমাধ্যমে প্রেরিত সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

          বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক সমিতির গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা না নেয়ার দাবি অটুট রয়েছে। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র ঘোষণা করা হয়েছে, যেখানে পনেরো হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। শিক্ষার্থী এবং অভিভাবকদের কল্যাণ বিবেচনা করে শিক্ষকতার দায়িত্ববোধের জায়গা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষা নেবার দাবি আপাতত স্থগিত করে অত্র শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় সম্মানিত শিক্ষকগণ অংশগ্রহণ করবেন।

          এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, গুচ্ছে যেসব অসামঞ্জস্যতা এবং ত্রুটি রয়েছে ইবি শিক্ষক সমিতি এখনো সেগুলোর বিরুদ্ধে রয়েছে। এছাড়া শিক্ষক সমিতি যে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো তাতেও অটুট রয়েছে।

          তবে যেহুতু বিশ্ববিদ্যালয়কে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী কেন্দ্র হিসেবে পছন্দ করেছে। অভিভাবকসহ তারা এখানে পরীক্ষা দিতে আসবে। শিক্ষকতার দায়িত্ববোধ থেকে তাদের দিক বিবেচনা করে আপাতত আমরা দাবি স্থগিত করেছি।

          এর আগে গত ২৩ জানুয়ারি সর্বসম্মতভাবে গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় ইবি শিক্ষক সমিতি। এরপরও যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুচ্ছে অংশ নেয় তবে শিক্ষকরা ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন শিক্ষকরা। পরে গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১২৭তম একাডেমিক কাউন্সিলেও গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই সিদ্ধান্ত উপাচার্য লিখিতভাবে ইউজিসিকে জানাননি বলে অভিযোগ ওঠে। বিভিন্ন মাধ্যমে বিষয়টি ইউজিসির নজরে এলে ইবির গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে গুচ্ছের আওতায় ভর্তি পরীক্ষা আয়োজনের নির্দেশ দেয়। এদিকে ইউজিসি সভার জন্য ডাকলেও শিক্ষকরা তাতে সাড়া দেয়নি।

          প্রসঙ্গত, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হবে। এদিন ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

          এছাড়া ৩ মে শুক্রবার (‘বি’ ইউনিট-মানবিক) এবং ১০ মে শুক্রবার (‘সি’ ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়গুলোর মোট ২১ হাজার আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত