শিরোনাম
জুনে এসএসসি পরীক্ষা, আগস্টে এইচএসসি
২০২২ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসে। আর এইচএসসি পরীক্ষা নেয়া হবে আগস্ট মাসে।
রোববার একটি অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা। এতে স্বাক্ষর করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকার।
জানা যায়, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্র ও ইংরেজি প্রথম ও ২য় পত্রের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করা হয়েছে।
পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) অনুরোধ করা হয়েছে।
সূত্র জানায়, এর আগে ৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই বিষয়ের পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়।
নতুন ২০ নির্দেশনা দিল মাউশি
দেশের করোনার প্রাদুর্ভাবে বন্ধ থাকা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে সশরীরে ক্লাস। এতে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে শ্রেণি কার্যক্রমে অংশ নিতে হবে।
এদিকে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান কিভাবে চলবে এ বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সই করা ২০ দফা নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোডিড-১৯ অভিমারির কারণে ২১ জানুয়ারি থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি ক্রমান্বয়ে সন্তোষজনক পর্যায়ে উন্নীত হওয়ায় ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আগের গাইড লাইনের নির্দেশনা ছাড়াও নতুন ২০টি নির্দেশনা অনুসরণ করতে হবে। নির্দেশনায় যা রয়েছে-
১. কোডিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নেয়া শিক্ষার্থীরা সশরীরে শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবে।
২. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশমুখসহ অন্যান্য স্থানে কোডিড-১৯ অতিমারি সম্পর্কিত সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি পালনে করণীয় বিষয়গুলো ব্যানার বা অন্য কোনো উপায়ে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।
৩. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশ পথে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে নিয়মিত তাপমাত্রা মাপা ও তা পর্যবেক্ষণের ব্যবস্থা করা।
৪. শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় অনলাইন/ভার্চুয়াল প্ল্যাটফরমে শিখন-শেখানো কার্যক্রম অব্যাহত রাখবে।
৫. শিক্ষার্থীদের জন্য বিতরণ করা অ্যাসাইনমেন্টগুলোর কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে।
৬. শিক্ষার্থীদের ক্লাস রুটিন আগের নির্দেশনা মেনে প্রণয়ন করতে হবে।
৭. শিক্ষার্থীদের ভিড় এড়াতে প্রতিষ্ঠানের সব প্রবেশ/প্রস্থান মুখ ব্যবহারের ব্যবস্থা করা। একটি প্রবেশ/প্রস্থান মুখ থাকলে সেক্ষেত্রে একাধিক প্রবেশ/প্রস্থান মুখের ব্যবস্থা করার চেষ্টা করতে হবে।
৮. প্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণি কার্যক্রমে স্বাগত জানানোর ব্যবস্থা করা।
৯. প্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষার্থীরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে অবস্থান করবে এবং বাসা থেকে যাওয়া-আসা করবে সে বিষয়ে তাদেরকে শিক্ষণীয় ও উদ্বুদ্ধকারী ব্রিফিং দিতে হবে।
১০. প্রতিষ্ঠানের একটি কক্ষ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাসহ আইসোলেশন কক্ষ হিসেবে প্রস্তুত রাখতে হবে।
১১. প্রতিষ্ঠানের সব ভবনের কক্ষ, বারান্দা, সিঁড়ি, ছাদ ও আঙ্গিনা যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
১২. প্রতিষ্ঠানের সব ওয়াশরুম নিয়মিত সঠিকভাবে পরিষ্কার ও পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখতে হবে।
১৩. প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবকসহ অন্য কেউ প্রবেশ/অবস্থান/প্রস্থানের সময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করতে হবে।
১৪. সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী এবং অন্য কেউ সঠিকভাবে মাস্ক পরিধান করার বিষয়টি নিশ্চিত করতে হবে।
১৫. প্রতিষ্ঠানে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে।
১৬. শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ এবং পারস্পরিক ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করতে হবে।
১৭. খেলার মাঠ, ড্রেন ও বাগান যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং কোথাও পানি জমে না থাকে তা নিশ্চিত করা।
১৮. প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা নিরূপণ করতে হবে।
১৯. প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন শিখন কার্যক্রমের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত করার ব্যবস্থা নিতে হবে।
২০. প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সঙ্গে সভা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার পর রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এস এম সালাহউদ্দিন আর প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব নকিব আহমেদ চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় মহান একুশের কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি বাজানো হয়। এসময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
করোনা মহামারীর কারণে গত বছরের এবারও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সশরীরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেননি।
রাষ্ট্রপতি ও প্রধামন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
করোনা মহামারীর কারণে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আসা নাগরিকদের কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হচ্ছে। এছাড়া যারা পুষ্পস্তবক অর্পণ করতে আসবেম তাদের করোনাভাইরাসের টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
একাদশে ভর্তিতে চতুর্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত
একাদশে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত শিক্ষার্থীদের চতুর্থ ধাপে অনলাইন আবেদন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয়ক বোর্ড। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে আবেদন কার্যক্রম শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে।
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশে ১৫ লাখ ৬ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে শেষ ধাপ পর্যন্ত ১৪ লাখ ৬৩ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী পচ্ছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন। আবেদন করেও সারাদেশে ৪৩ হাজার ৩৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়নি। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৩০০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডে রয়েছেন ৫৪৪ জন।
এ বিষয়ে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয়ক বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আবেদন করে যারা একাদশে ভর্তির সুযোগ পায়নি তাদের জন্য চতুর্থ ধাপে অনলাইন আবেদন করার সুযোগ দেওয়া হবে। আশা করি যারা এখন পর্যন্ত ভর্তির বাহিরে রয়েছেন তারা এ ধাপে শূন্য আসন থাকা কলেজগুলোতে ভর্তি হতে পারবে। আগামী সপ্তাহের শুরুতে চতুর্থ ধাপের আবেদন কার্যক্রম শুরু হতে পারে বলেও জানান তিনি।
তিনি বলেন, চতুর্থ ধাপে অনলাইন ভিত্তিক আবেদন ও সফটওয়্যার এর মাধ্যমে মেধা তালিকা প্রকাশ করা হবে। এ পর্যন্ত ৯৫ শতাংশ আবেদনকারী ভর্তি হয়ে গেছে। যে ৫ শতাংশ নানা কারণে তারা ভর্তির বাহিরে রয়েছে। কিছু কলেজে এদের বড় একটি অংশকে ভর্তির ফলাফল দেখিয়ে ভিন্ন জায়গায় আবেদন করতে দিচ্ছে না বলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সেটি না করে যেখানে শূন্য আসন আছে চতুর্থ ধাপে সেসব কলেজে আবেদন করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।
গত ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। গত ১০ ডিসেম্বর দ্বিতীয় ধাপে এবং মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তৃতীয় তথা শেষ ধাপে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়।
১০ জনের নাম চূড়ান্ত করতে বৈঠকে সার্চ কমিটি
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করার কথা রয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হয়। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এতে সভাপতিত্ব করছেন।
এছাড়াও সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত রয়েছেন।
এর আগে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সার্চ কমিটির পঞ্চম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন জানান, ২০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।
এর আগে, গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য