ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

নিয়োগ নিয়ে উত্তাল ইবি, বাকবিতন্ডায় শিক্ষক-ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৩৫
নিজস্ব প্রতিবেদক
নিয়োগ নিয়ে উত্তাল ইবি, বাকবিতন্ডায় শিক্ষক-ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিয়োগ বোর্ডকে কেন্দ্র করে দু ভাগে বিভক্ত হয়ে পড়েছে শিক্ষকরা। এ নিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তাল হয়ে উঠে। এদিকে একই বিষয়কে কেন্দ্র করে উপাচার্যের কার্যালয়ে শিক্ষকদের একাংশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং কর্মকর্তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগের জন্য নিয়োগ বোর্ড ছিল। এর আগে ১২টি দাবিতে সকাল ৯টা থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান করে কর্মকর্তারা। পরে কর্মকর্তারা উপাচার্যের কার্যালয়ে তাদের ১২ টি দাবি তুলে ধরেন। একই সাথে তারা নিয়োগ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ স্থগিত রাখার দাবি জানান।

এরই মাঝে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন, অধ্যাপক ড মাহবুবুর রহমান এবং অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের নের্তৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তারা নিয়োগ সংক্রান্ত দূর্নীতির অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ স্থগিত রাখতে উপাচার্যের কাছে দাবি তুলেন। এ সময় উপাচার্য ও শিক্ষক-কর্মকর্তাদের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

এক পর্যায়ে কর্মকর্তারা উপাচার্যের কার্যালয় থেকে বের হয়ে যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী ‘জয় বাংলা’স্লোগান দিতে দিতে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে। সেখানে তারা শিক্ষকদের উদ্দেশ্যে ‘দালাল, দূর্নীতিবাজসহ বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকে। এছাড়াও এময় ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়োগ বোর্ড চলমান রেখে যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবি জানান।

উপাচার্য নিজে শিক্ষকদের হেনস্তা করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের কার্যালয়ে ডেকে এনেছিল বলে দাবি করেন অবস্থানরত শিক্ষকরা। তবে উপাচার্য এটি অস্বীকার করে বলেন, আমি এর সাথে কোন ভাবেই জড়িত ছিলাম না। শিক্ষকদের সাথে আলোচনা চলাকালীন ছাত্রলীগের প্রবেশ অনাকাঙ্ক্ষিত। তাদের এভাবে প্রবেশ করা উচিত হয়নি।

এ নিয়ে ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, নিয়োগ বোর্ড নিয়ে কর্তৃপক্ষ যাদের যোগ্য মনে করবে তাদের নিয়োগ দিবে। এখানে ছাত্রলীগের কোন বিষয় নেই। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক থাক।

উপাচার্যের কার্যালয়ের বিশৃঙ্খল পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেখানে যারা এই পরিস্থিতির সৃষ্টি করেছে তারা ছাত্রলীগের সাবেক বিভিন্ন পদের নেতাকর্মী। তারা দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টরে দিন মজুর হিসেবে কাজ করছে। এখন তারা যদি নিজেদের ব্যক্তিগত বিষয়ে আন্দোলন করে তাহলে এখানে ছাত্রলীগের কিছু করার নেই।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আজকে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি নজীরবিহীন ঘটনা। আমি বিষয়টি তে মর্মাহত। আমি মনে করি যারা এ ঘটনাটি ঘটিয়েছে তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে মান মর্যাদা সেটি নষ্ট করেছে। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য উপাচার্যের বিরুদ্ধে শিক্ষকদের একাংশ অবস্থান করছে। তাদের মতামত কর্তৃপক্ষের সিদ্ধান্তে কোন প্রভাব ফেলবে না।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক
    ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:২৮
    নিজস্ব প্রতিবেদক
    নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

    মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

    মানবন্ধনে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক তৈয়ব শাহনুর বলেন, ‘ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল লেগেই থাকে। এসবকে কেন্দ্র করে তারা অস্ত্রের মহড়াসহ প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকালও তাই হয়েছিল। সেখানে ক্যাম্পাসের সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় অনেক সাংবাদিকও। এই সাংবাদিকরা যেন তাদের অপকর্ম, তাদের নগ্নরূপ তুলে ধরতে না পারেন তাই তাদের প্রতিহত করতেই এই হামলা চালায় সন্ত্রাসীরা। এইসব সন্ত্রাসী নানা ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করলেও ‘ছাত্রলীগ’ ট্যাগ ইউজ করে বেঁচে যায়। অথচ এরা ছাত্রলীগের কোনোরকম নীতি আদর্শ কখনোই প্রদর্শন করে নি। এরা বারবার বহিস্কৃত, তবু এরা বিশ্ববিদ্যালয়ে ঘোরাফেরা করে, হলেও থাকে। প্রশাসন যদি এদের বিরুদ্ধে এবারও কড়া সিদ্ধান্ত না নেয় তাহলে প্রশাসনের মেরুদণ্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তুলবে।’

    মানববন্ধনে মোকছেদুল মোমিন বলেন, ‘এই সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অতীতেও নানা ধরণের অপকর্ম করেছে। এদের নামে বড় বড় পত্রিকায় বারবার নিউজ হয়েছে। এরপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন এদের ব্যাপারে নমনীয় আচরণ করে আসছে।

    মোস্তাফিজুর রহমান নোমান বলেন, ‘প্রশাসনের উপস্থিতিতে এরা যেধরণের নৃশংসতা দেখিয়েছে, তাতে এদের ছাত্র কিংবা ছাত্রলীগ, কোনোটিই বলার সুযোগ নেই। এরা সন্ত্রাসী, আর এরা নজরুল বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে। নজরুল বিশ্ববিদ্যালয় কি তাহলে সন্ত্রাসী লালন-পালন করে? যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সন্ত্রাসীদের যথোপযুক্ত বিচার না করে, যদি সন্তোষজনক ফলাফল না আসে, তাহলে চরম পরিণতি হবে। ত্রিশাল প্রেসক্লাব, ময়মনসিংহ প্রেসক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ স্থানীয় ও জাতীয় পর্যায় থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা সবাই একযোগে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবে।’

    উল্লেখ্য, গতকাল বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে ছাত্রলীগের একটি গ্রুপের নেতাকর্মীদের অতর্কিত হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিক। এরমধ্যে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীবকে হামলা করা হয় সমিতির অফিসের সামনেই। এরপর সমিতির সভাপতি মো. ফাহাদ বিন সাঈদ তাকে উদ্ধার করতে আসলে তাকেও জয়ধ্বনি মঞ্চের সামনে বেধড়ক পেটানো হয়।

    এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খুরশিদুল আলম মুজিব, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, ত্রিশাল বার্তার সম্পাদক আনোয়ার হোসেন, সময় টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ সাদিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, ত্রিশাল উপজেলা কালের কন্ঠ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান নোমান, মানবকন্ঠের প্রতিনিধি মো সেলিম ত্রিশাল প্রেস ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম তুহিন, বিজনেস বাংলাদেশের ত্রিশাল প্রতিনিধি নুরিদ্দিন সহ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের সাংবাদিকসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      রাবিতে চূড়ান্ত আবেদনের তৃতীয় সিলেকশন রেজাল্ট প্রকাশ

      নিজস্ব প্রতিবেদক
      ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৩:৫০
      নিজস্ব প্রতিবেদক
      রাবিতে চূড়ান্ত আবেদনের তৃতীয় সিলেকশন রেজাল্ট প্রকাশ

      রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য তৃতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সোয়া ১২টায় এ ফল প্রকাশ করা হয়েছে।

      এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৩.৮৩, মানবিক ৪.১৭ এবং ব্যবসায় শিক্ষা ৩.৫০। ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৪২, মানবিক ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা ৫.০০।

      চারটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। ইতোমধ্যে দুটি ধাপে আবেদন নেওয়া শেষ হয়েছে। যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সে পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না।

      তৃতীয় ধাপে মনোনীত শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া চলবে ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত। তৃতীয় দফা শেষে আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে পরবর্তী একটি ধাপে আবেদন করা যাবে। চতুর্থ দফায় ১০ ও ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।'

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বেরোবি সাংবাদিক সমিতির নেতৃত্বে শিপন -হিমেল

        নিজস্ব প্রতিবেদক
        ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:২৬
        নিজস্ব প্রতিবেদক
        বেরোবি সাংবাদিক সমিতির নেতৃত্বে শিপন -হিমেল

        বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের বেরোবি প্রতিনিধি মোবাশ্বের আহমেদ শিপন ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার বেরোবি প্রতিনিধি মো কামরুজ্জামান হিমেল।

        মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড বিজন মোহন চাকী।

        নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনে সহকারী কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো সারোয়ার আহমাদ ও বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার সচিব মো আলী হাসান।

        নব-নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি দৈনিক কালবেলা ও ডেইলি ক্যাম্পাসের বেরোবি প্রতিনিধি মো আনোয়ার হোসেন , যুগ্ম সম্পাদক রাইজিং বিডির (অনলাইন) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজেদুল ইসলাম , দপ্তর ও প্রচার সম্পাদক ঢাকা মেইলের মো কামরুজ্জামান পুলক, কোষাধ্যক্ষ নবপ্রভাত,র বেরোবি প্রতিনিধি আল আমিন সাদিক ছায়েম।এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছে মো ইমন আলী ও আবুল খায়ের জায়ীদ।

        নব-নির্বাচিত সভাপতি শিপন বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন এবং এ ধারা অব্যাহত থাকবে। এসময় তারা শিক্ষার্থীদের স্বার্থে নৈতিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

        সাধারন সম্পাদক হিমেল বলেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা যারা নির্বাচিত হয়েছেন। আমাদের লিখনীর ধারা হোক সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে। আমাদের লক্ষ্য হবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জবির সহকারী প্রক্টর হলেন মুনিরা জাহান সুমি

          নিজস্ব প্রতিবেদক
          ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:১২
          নিজস্ব প্রতিবেদক
          জবির সহকারী প্রক্টর হলেন মুনিরা জাহান সুমি

          জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর পদে নতুন দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুনিরা জাহান সুমি।

          সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

          জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধি ১৫(১) বিধি মোতাবেক তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে এ আদেশ কার্যকর হবে। সেই সঙ্গে ওই পদের দায়িত্ব ভাতা পাবেন তিনি।

          মুনিরা জাহান সুমি ঝালকাঠি সদর উপজেলার কালিবাড়ি এলাকার ঝালকাঠির সিনিয়র আইনজীবী এস এম ফজলুল হকের মেয়ে এবং ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস এম রুহুল আমীন রিজভীর সহধর্মিণী।

          নতুন দায়িত্ব পেয়ে মুনিরা জাহান সুমি বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমি সঠিকভাবে পালন করার জন্য সবার সহযোগিতা কামনা করছি। আমি আশা রাখি সবার সহযোগিতায় আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত