শিরোনাম
ড. ইউনূসের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ জানুয়ারি) দুপুর তিনটার দিকে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন।
এ মামলায় অন্য আসমিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। তাদেরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামিপক্ষ এক নম্বর আসামির বিষয়ে প্রশংসাসূচক বক্তব্য উপস্থাপন করেছেন। যেখানে তাকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা নোবেল জয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলা হয়েছে। কিন্তু এ আদালতে নোবেলজয়ী ইউনূসের বিচার হচ্ছে না, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে বিচার হচ্ছে। এসময় আদালত বলেন, ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
আজ নতুন বইয়ের ঘ্রাণ নেবে ৪ কোটি শিক্ষার্থী
বছরের প্রথম দিন সারা দেশে বই উৎসব পালিত হয় প্রতি বছর। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা হয় শিশু-কিশোররা। এ উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। আজ বছরের প্রথম দিনে হবে সেই বই উৎসব। এবার প্রাকপ্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাসহ বিভিন্ন স্তরে ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩২৪ শিক্ষার্থীর মাঝে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি বই বিতরণ করা হবে।
২০২৪ শিক্ষাবর্ষের জন্য গতকাল রোববার সকালে প্রাকপ্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। আজ সোমবার থেকে সারা দেশে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও প্রাকপ্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য 'বই বিতরণ উৎসব-২০২৪' অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ১০টায় রাজধানীর মিরপুরের ন্যাশনাল (সকাল-বিকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
উল্লেখ্য, বর্তমান সরকার ২০১০ সাল থেকে এ পর্যন্ত সারা দেশে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ৪৬৪ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ৮৮৩ কপি বই বিনামূল্যে বিতরণ করেছে। ২০১৭ সাল থেকে সরকার সংখ্যালঘু জাতিগোষ্ঠীর শিশুদের তাদের মাতৃভাষায় অধ্যয়নের জন্য চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদরি ভাষার বই বিতরণের পাশাপাশি অন্ধ শিক্ষার্থীদের মধ্যেও বই বিতরণ করছে।
‘আজ রাতে ফানুস-আতশবাজি বা গুলি ছুড়লেই ব্যবস্থা’
আজ রাতে ফানুস-আতশবাজি বা গুলি ছুড়লেই ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেছেন, ডিএমপি কমিশনার থার্টি ফাস্ট নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা স্বত্বেও যদি কেউ ফানুস ওড়ায়, আতশবাজি ফাটায় বা অস্ত্র দিয়ে গুলি ছোড়ে তাহলে নির্দেশনা অনুযায়ী অ্যাকশন নেওয়া ছাড়া উপায় থাকবে না। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে।
রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতি বছরই থার্টি ফার্স্ট নাইটের আগে বলা হয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রায় প্রতিটি বাসার ছাদে আতশবাজি ফাটানো হয়ই। তাহলে নিরাপত্তার বিষয়টি কেমন থাকছে?
জানতে চাইলে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ঢাকা শহরে পুলিশের সদস্য সংখ্যা হলো ৩৩ হাজার। আর ঢাকায় বসবাসকারী নাগরিকের সংখ্যা প্রায় আড়াই কোটি। আমরা মনে করি, পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে নগরবাসীকে সতর্ক করা হয়। কিন্তু কিছু মানুষ যদি না মানে, আইন তোয়াক্কা না করে। তাহলে তাদের বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া ছাড়া কোনো উপায় দেখি না।
তিনি বলেন, যদি কাউকে বলা হয়, এটা অন্যায়, এটা করা যাবে না, ইলিগ্যাল কাজ... তারপরও আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আইনের বাইরে গিয়ে করে থাকে। আইন মানতে চায় না। আমরা তো অপরাধকে অপরাধ বলছি। এরপরও অপরাধ করা হচ্ছে। আমরা যদি তথ্য পাই তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানায় থানায় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ল: ছুটির তালিকা দেখুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়িয়ে নতুন করে ২০২৪ সালের শিক্ষাপঞ্জিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। শিক্ষকদের দাবির মুখে ১৬ দিন ছুটি বাড়ানো হয়। রোববার (৩১ ডিসেম্বর) ডিপিই থেকে নতুন করে ছুটির তালিকা প্রকাশ করা হয়।
নতুন তালিকা অনুযায়ী, শুক্রবার ও শনিবার ছাড়া মোট ৭৬ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।
চাঁদ দেখার ওপর ধর্মীয় উৎসবের ছুটি নির্ভর করবে। জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় বিদ্যালয় পর্যায়ে পালন করতে হবে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা/উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে ভোগ করতে হবে।

কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
আল-মামুন, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ঐতিহ্যবাহী হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ফলপ্রকাশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ। পরীক্ষায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মধ্যে কৃতকার্য/ পাসের হার ৯৯%।
এসময় সহকারি প্রধান শিক্ষক একেএম আজাদ হোসেন'র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও ইউনিয়ন আ'লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভূট্টোলাল গাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড ইয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, পরিচালনা পর্ষদ সদস্য মাস্টার শফিকুল ইসলাম, হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,আ'লীগ নেতা আব্দুস সাত্তার, আব্দুল মাজেত ,অভিভাবকবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ সহ স্থানীয় সুধীজন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য