শিরোনাম
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের শপথ আজ
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (৭ আগস্ট) সেনাসদরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, শপথ অনুষ্ঠানের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকেলে করার। সেটি অত্যন্ত টাইট শিডিউল হয়ে যায়। কারণ, ড. মোহাম্মদ ইউনূস ২টা ১০ মিনিটের দিকে দেশে আসবেন। এর পরপরই আয়োজন করা কঠিন। এ জন্য রাত ৮টার দিকে আয়োজন করতে পারি। মোট ৪০০ জন লোকের আয়োজন থাকবে।
অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ধারণা আপাতত ১৫ জনের মতো হতে পারে। তারপরও দুই-একজন যোগ হতে পারে।
তিনি আরও বলেন, ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী।
প্রধান বিচারপতিসহ সব বিচারপতিকে পদত্যাগ করতে হবে
বৃহস্পতিবার সকালের মধ্যে প্রধান বিচারপতিসহ সব বিচারপতিকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
বুধবার (৭ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক এক পোস্টে এ কথা লেখেন তিনি।
পোস্টে আসিফ লিখেছেন, বিচার বিভাগের ফ্যাসিবাদ বিলোপ করতে হবে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিচার বিভাগে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার শরিক বিচারপতিরা বিচরণ করছেন। আমরা শুনতে পেলাম, অভ্যুত্থানের আগে আমাদের যেভাবে আদালতের নামে টালবাহানা করা হতো, ঠিক একই কায়দায় অভ্যুত্থান পরবর্তী ছাত্র-জনতার সরকার ব্যাহত করার প্রচেষ্টা চলমান।
তিনি লিখেছেন, আমরা অচিরেই ফ্যাসিবাদী ব্যবস্থার সক্রিয় শরিক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিদের অপসারণ দাবি করছি। অনতিবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষের বিচারপতিদের ওই শূন্য পদগুলোতে নিয়োগ করে দেশে ছাত্র-জনতার সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততর করা হোক। আশা করব (বৃহস্পতিবার) সকালের মধ্যেই বিচারপতিরা স্বেচ্ছায় পদত্যাগ করবেন। অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিচার বিভাগকে স্বাধীন ও কার্যকরভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পলিসি বাস্তবায়ন করার আহ্বান থাকবে।
এছাড়াও দেশের সকল পর্যায়ে ফ্যাসিবাদের সুবিধাভোগী, সহযোগীদের স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান করা হয় পোস্টে।
সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম অনির্দিষ্টকাল স্থগিত
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনাক্রমে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর উভয় বিভাগের অধিবেশন (বিচারিক কার্যক্রম) স্থগিত করেছেন।’
গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে ঢাকাসহ সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে।
এর মধ্যে গত মঙ্গলবার বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে বৈঠক করেন রাষ্ট্রপতি। পরে বঙ্গভবন প্রেস উইং জানায়, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্যদের নাম জানানো হবে।
ইউনূস সেন্টার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার ঢাকা পৌঁছাবেন। ধারণা করা হচ্ছে, এরপরই তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেবেন।
বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হতে পারে।
বাড়ি পুড়ল মাশরাফির, ভারতে প্রচার লিটন দাসের বাড়ি বলে
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকে গত দুদিনে দেশজুড়ে আওয়ামী লীগ সমর্থিত অনেক মন্ত্রী, এমপি ও নেতাদের বাড়িতে হামলা হয়েছে। মাশরাফি বিন মুর্তজাও এর শিকার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির বাড়ি পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা।
কিন্তু ভারতে একটি মহল সেটিকে প্রচার করেছে জাতীয় দলেরই আরেক ক্রিকেটার লিটন দাসের বাড়ি পোড়ানোর ঘটনা বলে। ভারতের কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য ‘ফ্যাক্টচেক’ করে পরে আসল ঘটনা তুলে ধরেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ও ফ্যাক্টচেক করে আসল তথ্য তুলে ধরেছে।
নিজেদের হিন্দু ও হিন্দুত্ববাদ নিয়ে কাজ করা যোদ্ধা জানিয়ে ‘হিন্দুত্ব নাইটস’ নামে একটি এক্স (সাবেক টুইটার) পেইজ মাশরাফির বাড়ি পোড়ার দৃশ্যের একটি ছবির পাশে লিটন দাসের একটি ছবি কোলাজ করে দিয়ে লিখেছে, ‘বাংলাদেশি হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।’ ৫ আগস্ট দেওয়া সেই পোস্টের ‘ভিউ’ এখন পর্যন্ত হয়েছে ১৬ লাখেরও বেশি। এই পেইজ থেকে গত দুদিনে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ বলে অনেক ছবি ও ভিডিও-ই ছড়ানো হচ্ছে।
সুনন্দা রয় নামে আরেকটি এক্স পেইজ থেকে একই ছবির কোলাজ প্রচার করে লেখা হয়েছে, ‘ইনি লিটন দাস, বাংলাদেশের ক্রিকেটার। বাংলাদেশে তিনি জাতীয় নায়ক, তাঁর বাড়ি ইসলামপন্থীরা পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশে একজন এলিট শ্রেণির হিন্দুর এই অবস্থা, তাহলে সাধারণ হিন্দুদের কী অবস্থা ভাবুন!’
মাশরাফির বাড়ি পোড়ার ছবি ও পাশে লিটন দাসের ছবির সেই একই কোলাজ দিয়ে একই সুরে পোস্ট করেছে সত্য প্রকাশ, দীপক কুমার, প্রতীকসহ নানা নামের অনেক একাউন্ট।
তবে ভারতীয় দৈনিক দ্য ইকোনমিক টাইমস গতকাল ‘বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের বাড়ি আন্দোলনকারীরা পুড়িয়ে দিয়েছে? ভাইরাল ভিডিওর পেছনের সত্যিটা এখানে’ শিরোনামে করা প্রতিবেদনে সত্যি ঘটনাটি জানিয়েছে। লিখেছে, পুড়তে থাকা বাড়ির যে ছবি ছড়িয়ে পড়েছে, সেটি লিটন দাসের নয়, মাশরাফির বাড়ি।
অনুরাগ রাজ নামে এক এক্স একাউন্টের একটি পোস্টকে ব্যবহার করা হয়েছে দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে। যেখানে মাশরাফির বাড়ি পোড়ানোর ভিডিও এবং এ সম্পর্কিত খবরের স্ক্রিনশট দিয়ে লেখা, ‘এই লোকগুলো কারা যারা ‘লিটন দাসের বাড়ি পোড়ানো হচ্ছে’ বলে খবর ছড়াচ্ছে? ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন! এটা নড়াইল-২ আসনের এমপি মাশরাফি মুর্তজার বাড়ি। তিনিও সাবেক বাংলাদেশি ক্রিকেটার।’
পোস্টের এর পরের অংশে লেখা, ‘এই হিন্দু-মুসলিম রাজনীতি বন্ধ করুন! তবে আমরা এটাও অস্বীকার করতে পারি না যে, বাংলাদেশে অনেক প্রাণ ঝরছে, অনেক সম্পদ নষ্ট হচ্ছে। এই সহিংসতা বন্ধ করুন।’
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনও এ নিয়ে ‘ফ্যাক্ট চেক: বাংলাদেশে সহিংসতায় মাশরাফি মুর্তজার বাড়ি পুড়েছে, লিটন দাসের নয়’ শিরোনামের প্রতিবেদনে সঠিক তথ্যটি তুলে ধরেছে।
যুক্তরাষ্ট্রে যেতে দেওয়া হয়নি চিত্রনায়ক রিয়াজকে
চিত্রনায়ক রিয়াজকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলেও তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
রিয়াজের এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র ঢাকা পোস্টকে জানায়, গোয়েন্দা সংস্থা থেকে কিছু রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্বসহ বেশ কয়েকজনের তালিকা চেক-ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে দেওয়া রয়েছে। পাশাপাশি প্লেনে যাত্রী ওঠা ও ফ্লাইট উড্ডয়নের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ক্লিয়ারেন্স নিতে হয়। রিয়াজ বিকেলে বিমানবন্দরে আসেন। সম্ভবত তালিকায় নাম থাকার কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রিয়াজের আওয়ামী লীগে কোনো পদ না থাকলেও বিভিন্ন সময়ে আওয়ামীমনা শিল্পীদের অনুষ্ঠানে তাকে সরব ভূমিকায় দেখা যায়।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য