শিরোনাম
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ৭৯১৭ জন উত্তীর্ণ
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বার কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হয়েছেন।
এখন উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে বার কাউন্সিল।
বাংলাদেশ বার কাউন্সিল সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত ফলাফল প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে আজ প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আইনের ওপর স্নাতক উত্তীর্ণের পরপরই আইনজীবী হিসেবে ন্যূনতম ১০ বছর পেশায় রয়েছেন, এমন একজন সিনিয়রের অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়।
ইন্টিমেশন জমা দেওয়ার পর ছয় মাস অতিক্রম হলে প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ করে এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। সনদ লাভের পর সংশ্লিষ্ট জেলা বার-এ যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করতে পারেন।
আইনজীবী হিসেবে সনদ লাভের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।
শনিবার শুরু হচ্ছে ফাজিল পরীক্ষা, অংশ নেবে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী
আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসাসমূহে ফাজিল স্নাতক (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২৪ শুরু হচ্ছে। প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
এবারের পরীক্ষায় সারাদেশের মোট ৩৩০টি কেন্দ্রে প্রায় ১,১৭,৬২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।
এছাড়াও তিনি বলেন, “পরীক্ষার সুষ্ঠু ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সারাদেশের সব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র নিরাপত্তা, তদারকি টিম ও মনিটরিং ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
আগামী ২৫ অক্টোবর ২০২৫ থেকে ৯ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত এ পরীক্ষা চলবে।
এদিকে পরীক্ষার প্রথম দিন রাজধানীর বকশিবাজারে অবস্থিত সরকারি মাদরাসা-ই-আলিয়াসহ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম। তিনি কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার্থী উপস্থিতি ও পরিচালনা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।
৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
৪৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা ২ নভেম্বর থেকে শুরু হবে। ৯ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ঢাকার আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এর আগে গত রোববার (১৯ অক্টোবর) এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ প্রার্থী।
গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি কেন্দ্রে এ বিসিএসে আবেদন করা ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থীর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার আয়োজন করে পিএসসি। লিখিত পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী অংশ নেন, যা মোট আবেদনকারীর ৫৬ দশমিক ৪৯ শতাংশ।
জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এবারও জিপিএ-৫ ও পাসের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছেন। এ বছর ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ। আর ছাত্রদের পাসের হার প্রায় ৫৪ দশমিক ৬০ শতাংশ। সেই হিসাবে পাসের হারে ছাত্রীরা ৮ দশমিক ৩৭ শতাংশ এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন বাংলাদেশ আন্তশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডর চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর মোট ১২ লাখ ২৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। আর ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন।
উত্তীর্ণ মোট শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী তিন লাখ ৯৩ হাজার ৯৬ জন। আর ছাত্র তিন লাখ ৩৩ হাজার ৮৬৪ জন।ছাত্রীদের গড় পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ।
মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। এর মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন। ছেলেদের চেয়ে ৪ হাজার ৯৯১ জন মেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ছিল ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
সর্বোচ্চ পাসের হার মাদ্রাসা বোর্ডে
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে এবার মাদ্রাসা বোর্ডে পাসের হার সর্বোচ্চ। যদিও বোর্ডটিতে এবার পাসের হার কমেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার ফলাফল নিয়ে রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে ব্রিফিং করেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল হক।
তিনি জানান, ঢাকা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৫৯ দশমিক ৪০ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ৮৬ শতাংশ, যশোর বোর্ডে ৫০ দশমিক ২০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ৫৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬২ দশমিক ৫৭ শতাংশ, সিলেট বোর্ডে ৫১ দশমিক ৮৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৭ দশমিক ৪৯ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৫৪, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৫ দশমিক ৬১ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬২ দশমিক ৬৭ শতাংশ।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার আলিমে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। যেখানে গত বছর ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ। ফলে এবার শিক্ষার্থীর পাসের হার কমেছে।
এ ছাড়া এ বছর আলিমে মোট জিপিএ পেয়েছেন ৪ হাজার ২৬৮। যেখানে গত বছর ছিল ৯ হাজার ৬১৩ জন।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য