শিরোনাম
৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
৪৫তম বিসিএসের আরও ৪৫২ জন চাকরিপ্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আরফীন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ২০৬ জন, সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ১৮১ জন এবং শুধু কারিগরি বা পেশাগত ক্যাডারের পদগুলোর ৬৫ জনসহ মোট ৪৫২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
গত ২৫ জুন প্রথম দফায় ৫৮৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করে পিএসসি। সূচি অনুযায়ী- আগামী ৮ জুলাই থেকে তাদের পরীক্ষা শুরু হবে।
১৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশের জোর প্রস্তুতি চলছে। ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (৩ জুলাই) অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে পাঠানো হবে।
সম্ভাব্য তারিখ সম্পর্কে সরাসরি কিছু না বললেও তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যেহেতু মাদ্রাসা বোর্ডের শেষ পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়েছে, তাই তারা ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। মোট ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।
এ ছাড়াও, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী ছিল, যাদের মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৭২৫টি এবং প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ক্যাডার পদে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
আজ সোমবার রাতে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২১ সালের ৪৪তম বিসিএস পরীক্ষার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনয়ন প্রদান করছে। যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি/পেশাগত ক্যাডারের ২০টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও সকল প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি। যে সকল প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি তাদেরকে নন-ক্যাডার পদে নিয়োগের বিধান অনুযায়ী সরকারের নিকট হতে শূন্য পদে তিসাপেক্ষে পর্যায়ক্রমে মেধাক্রম ও বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে সুপারিশের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে।
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আজ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আজ সোমবার প্রকাশ করা হচ্ছে। সন্ধ্যার মধ্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।
পিএসসির এক কর্মকর্তা জানিয়েছেন, ৪৪তম বিসিএসের ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ এ ফলাফল প্রকাশ করা হবে।
এদিকে চূড়ান্ত ফলাফলে প্রায় ৪০০টি ক্যাডার পদ বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হলেও শেষ পর্যন্ত তা বাড়ছে না। ফলে বিজ্ঞপ্তিতে থাকা শূন্য পদগুলোতে নিয়োগে সুপারিশ করবে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেছিলেন, ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। ৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে।
ভাইভা শেষে ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে এই বিসিএসে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে। ৪৪তম বিসিএসে মোট আবেদন করেছিলেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।
সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা
যানজট ও জনদুর্ভোগ এড়াতে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
গতকাল শনিবার (২৮ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্র এলাকার যানজট ও জনদুর্ভোগ লাঘবে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার পর থেকেই কেন্দ্রে ঢোকার সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হচ্ছে। তবে পরীক্ষাকক্ষে প্রবেশ ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য পূর্বনির্ধারিত নিয়মাবলী বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনাটি ঢাকা বোর্ডের আওতাধীন সব কেন্দ্রের জন্য প্রযোজ্য। এ সংক্রান্ত চিঠির অনুলিপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের সংশ্লিষ্ট শাখাসমূহে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় সেদিন অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৩ জন শিক্ষার্থী। বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। আর ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য