ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

প্রথম দিনে এইচএসসি পরীক্ষায় বসেনি ২০ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৪৩

অনলাইন ডেস্ক
২৬ জুন, ২০২৫ ১৯:৩৫
অনলাইন ডেস্ক
প্রথম দিনে এইচএসসি পরীক্ষায় বসেনি ২০ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৪৩

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমান পরীক্ষার ১ম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন প্রায় ২০ হাজার পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। এ ছাড়া, অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আজ ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় মোট অনুপস্থিতি ১৯ হাজার ৭৫৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ হাজার ৫১৩ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪ হাজার ১৯৬ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ১ হাজার ৫০ জন।

মোট ৪৩ জন বহিষ্কার হয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৬ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৪ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৩ জন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    আরব আমিরাতে এইচএসসি পরীক্ষা শুরু

    অনলাইন ডেস্ক
    ২৬ জুন, ২০২৫ ১৯:৩২
    অনলাইন ডেস্ক
    আরব আমিরাতে এইচএসসি পরীক্ষা শুরু

    দেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুটি কেন্দ্রে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশের ঢাকা বোর্ডের অধীনে স্থানীয় সময় ৮টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা) বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়।

    কেন্দ্র দুটো হলো আবুধাবির ‘শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ’ এবং উত্তর আমিরাতের অঙ্গরাজ্য ‘রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ’।

    এরমধ্যে শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৪৩ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও তিনজন কেন্দ্রে অনুপস্থিত ছিলেন।

    এ ছাড়া রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

    শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের পরীক্ষার পরিদর্শক হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মাদ উল্লাহ খান এবং রাস আল খাইমা ইংলিশ প্রাইভেট স্কুলের পরীক্ষা পরিদর্শক ছিলেন দুবাই কনসূ্লেটের কাউন্সিলর (শ্রম) মু. আব্দুস সালাম।

    আবুধাবি পরীক্ষা পরিদর্শক কাউন্সেলর মোহাম্মাদ উল্লাহ খান কালবেলাকে জানান, দুটি স্কুলে ছাত্রছাত্রীদের সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি স্কুলে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন।

    মন্তব্য

    কলেজে নোটিশ বোর্ড

    এইচএসসি পরীক্ষার হলে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড কলম আনা নিষিদ্ধ!

    অনলাইন ডেস্ক
    ২৬ জুন, ২০২৫ ১৭:৩১
    অনলাইন ডেস্ক
    এইচএসসি পরীক্ষার হলে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড কলম আনা নিষিদ্ধ!

    প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছে। 

    কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ নোটিশ দেখে হতভম্ব হয়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা। 

    বৃহস্পতিবার পরীক্ষার হলে গিয়ে এ নোটিশ দেখতে পান শিক্ষার্থী ও অভিভাবকরা। নোটিশের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

    ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশটি ভুলবশত দেওয়া হয়েছিল। কম্পোজের মিসটেকের কারণে এ ঘটনা ঘটেছে। পরে বিষয়টি জানাজানি হলে সেটা রিমুভ করা হয়েছে। 

    তিনি বলেন, পরীক্ষার হলে কী কী নিয়ে আসা যাবে আর কী কী আনা যাবে না, সেটা প্রত্যেকটা পরীক্ষার্থীই জানে। এখানে আমাদের ইন্সট্রাকশন দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ না। বোর্ড যা বলবে, সবাইকে তাই-ই মানতে হবে। 

    কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষা কেন্দ্রের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছিল। এটা দেখে আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম। গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে এমন নোটিশ বা নির্দেশনা আমরা আশা করি না। অবহেলা, দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে এমন ঘটনা ঘটে। 

    কুষ্টিয়া জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা গেছে, এ বছর কুষ্টিয়ায় ৩৯টি কেন্দ্রে ২০ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। 

    বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর বোর্ডের অধীনে এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র ও মাদ্রাসা বোর্ডের অধীনে কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      পরীক্ষা কক্ষে শৃঙ্খলা, মাঠে অনুপ্রেরণা—মুগ্ধ শিক্ষা উপদেষ্টা ও বোর্ড প্রধান

      অনলাইন ডেস্ক
      ২৬ জুন, ২০২৫ ১৬:৪৪
      অনলাইন ডেস্ক
      পরীক্ষা কক্ষে শৃঙ্খলা, মাঠে অনুপ্রেরণা—মুগ্ধ শিক্ষা উপদেষ্টা ও বোর্ড প্রধান

      আজ বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে একযোগে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া কেন্দ্রে পরীক্ষার পরিবেশ পরিদর্শনে যান  শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নুরুল হক।

      পরিদর্শনের সময় পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে ড. আবরার বলেন, এই কেন্দ্রের পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

      বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নুরুল হক পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা সারা দেশের পরীক্ষা কেন্দ্রগুলো মনিটরিং করছি। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া কেন্দ্রে এসে যে সুশৃঙ্খল পরিবেশ দেখলাম, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। শিক্ষার্থীদের মধ্যে যে আত্মবিশ্বাস ও মনোযোগ দেখেছি, তা মাদ্রাসা শিক্ষার অগ্রগতির একটি ইতিবাচক দিক।

      তিনি আরও বলেন, আমরা চাই একটি স্বচ্ছ, নকলমুক্ত ও মানসম্মত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে, যাতে শিক্ষার্থীরা প্রকৃত মেধা ও পরিশ্রমের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্মাণে অগ্রসর হতে পারে।

      এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফুল কবির, প্রধান মাওলানা অধ্যাপক মো. মনজুরুর রহমান, হল প্রভোস্ট মো. মাসুম বিল্লাহসহ আরও অনেকে।

      শিক্ষা উপদেষ্টা মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠও ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে নিয়মিত শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষকবৃন্দকে এ বিষয়ে উৎসাহিত করার আহ্বান জানান।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সুন্দর পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে : শিক্ষা উপদেষ্টা

        অনলাইন ডেস্ক
        ২৬ জুন, ২০২৫ ১২:৫৬
        অনলাইন ডেস্ক
        সুন্দর পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে : শিক্ষা উপদেষ্টা

        সারা দেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

        বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

        উপদেষ্টা জানান, পরীক্ষার প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রয়েছে। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় একটি সুচারু ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

        তিনি বলেন, প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করেছে। এখন পর্যন্ত কোথাও এ ধরনের কোনো অনিয়ম বা সমস্যা দেখা যায়নি।

        এ সময় সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

        প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত অংশের পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন।

        এদিকে এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এবার মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে ৮১ হাজারের বেশি কমেছে। তিন বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। এ ছাড়া দুই বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন (নিবন্ধন) করেও সোয়া চার লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে না।

        এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি। গতবারের তুলনায় এ বছর এইচএসসিতে প্রায় ৭৩ হাজার পরীক্ষার্থী কমেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমে পরীক্ষার্থী কমেছে প্রায় দুই হাজার। আলিমে এবার পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি। কমেছে সাত হাজারের মতো।

        সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা। এ পরীক্ষার কারণে আগামী ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

        আগামী বছরের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি: এ দিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম গত বছরের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এসব শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। এসব পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত