ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দিলেন শান্ত

ক্রীড়া ডেস্ক
২৮ জুন, ২০২৫ ১৩:০
ক্রীড়া ডেস্ক
টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দিলেন শান্ত

কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় তথা শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সেই গুঞ্জনে সিলমোহর পড়ল। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন শান্ত। আজ (শনিবার) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, 'আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’

দলের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে শান্ত বলেন, ‘আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ারলি মেসেজটা দিতে চাই যে, এটা কোনো পারসোনাল (ব্যক্তিগত) কিছু না। এটা দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মতামত যে তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে। পুরোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি।'

পরে এক প্রশ্নের জবাবে টাইগার এই ব্যাটার বলেছেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে বেশ কয়েকদিন আগেই এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন।’

কিছুদিন আগেও তিন সংস্করণের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে মনোযোগী হতে শান্ত নিজেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। গত মে মাসে টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয় লিটন দাসকে। সেইসময় বোর্ডকে শান্ত জানিয়েছিলেন, তিনি টেস্ট ও ওয়ানডে দল চালাতে চান। যদিও তাকে না জানিয়েই ওয়ানডের অধিনায়ক বদলের পথে হাঁটে বিসিবি। ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে শান্তকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় মেহেদি হাসান মিরাজকে। 

অবশ্য বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরবর্তীতে বলেছিলেন, শান্তর অধিনায়কত্ব (ওয়ানডে) কেড়ে নেওয়া হয়নি। বরং বোর্ডের সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি শান্ত নিজেও খেলোয়াড়সুলভ মানসিকতায় এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে উল্লেখ করেছিলেন বোর্ড সভাপতি। 

২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে সাদা পোশাকে নেতৃত্বে অভিষেক হয় শান্তর। সর্বশেষ কলম্বো টেস্টসহ ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত। তার নেতৃত্বে বাংলাদেশ চারটি জয় পেয়েছে। জয়ের সাফল্যে তিনি বাংলাদেশের দ্বিতীয় সেরা টেস্ট অধিনায়ক। 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এক বছর আগেই বিশ্বকাপের সূচি প্রকাশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান

    ক্রীড়া ডেস্ক
    ১৮ জুন, ২০২৫ ২০:৩০
    ক্রীড়া ডেস্ক
    এক বছর আগেই বিশ্বকাপের সূচি প্রকাশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান

    ২০২৬ সালের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে মেয়েদের পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে। এক বছর আগেই মেগা টুর্নামেন্টটির সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে গ্রুপ–১ এ রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব থেকে আসা দুই দেশ। একইভাবে গ্রুপ–২ এ স্বাগতিক ইংল্যান্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে দুটি দল বাছাইপর্ব থেকে যুক্ত হবে।

    ৩৩ ম্যাচের এই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২৪ দিন ব্যাপী, যা ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল দ্য ওভাল এবং ফাইনালের ভেন্যু হিসেবে ঐতিহাসিক লর্ডসকে বেছে নেওয়া হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে, যা ২০২৩ আসরেও ছিল ১০।  দ্য ওভাল ও লর্ডস বাদে মেয়েরা বিশ্বকাপের ম্যাচ খেলবে ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, সাউদাম্পটন, ব্রিস্টল ও এজবাস্টনে। তিনটি ভিন্ন সময়ে ম্যাচগুলো মাঠে গড়াবে।

    ১২ জুন আসরের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মেয়েরা মুখোমুখি হবে। গত আসরের সেমিফাইনালে খেলেছিল এই দুটি দল। অর্থাৎ, তারই পুনরাবৃত্তি দিয়ে নতুন আসরের পর্দা উঠবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিউই মেয়েরা পরদিন (১৩ জুন) টুর্নামেন্ট শুরু করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। একইদিন ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া এবং ১৪ জুন হবে আসরের অন্যতম হাইভোল্টেজ লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান লড়বে ম্যাচটিতে।

    এক নম্বর গ্রুপে ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ জুন ম্যানচেস্টারে, ২৮ জুন লর্ডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। পাকিস্তান ১৭ জুন এজবাস্টনে দক্ষিণ আফ্রিকা এবং ২৩ জুন হেডিংলিতে মোকাবিলা করবে অস্ট্রেলিয়ার। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে এই গ্রুপের শেষ ম্যাচ হবে। অন্যদিকে, দুই নম্বর গ্রুপে ইংল্যান্ড খেলবে পাঁচটি ভেন্যুতে। ২৪ জুন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ, ২৭ জুন ওভালে খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। এ ছাড়া শ্রীলঙ্কা ১৬ জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ড এবং ২১ জুন ব্রিস্টলে খেলবে ক্যারিবীয়দের সঙ্গে।

    এর বাইরে দুটি গ্রুপে বাছাইপর্ব পেরিয়ে আসা চার দল দুই ভাগ হয়ে খেলবে। তাদের সূচি নির্ধারিত হলেও, কে কার মুখোমুখি হবে সেটি এখনই বলা যাচ্ছে না। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। ৩০ জুন ও ২ জুলাই হবে ফাইনালে ওঠার লক্ষ্যে দুটি সেমিফাইনাল। এরপর সেখানকার বিজয়ী দুই দল শিরোপার জন্য লড়বে ৫ জুলাই। ২০২৪ সালের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুসারে আসন্ন আসরে জায়গা করে নেয় স্বাগতিক ইংল্যান্ড ছাড়া অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

    The New Zealand players celebrate with the trophy, South Africa vs New Zealand, final, Dubai, Women's T20 World Cup, October 20, 2024

    শীর্ষ পাঁচে না থাকলেও পরের দুটি সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপের টিকিট পায় পাকিস্তান, শ্রীলঙ্কাও। এর বাইরে বাছাইপর্ব থেকে চারটি দেশ ‍যুক্ত হবে সরাসরি টিকিট পাওয়া আট দলের সঙ্গে। বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেবে ১০টি দেশ। ইতোমধ্যে বাছাই টুর্নামেন্টের জন্য নাম নিশ্চিত করেছে বাংলাদেশ, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেপাল ও থাইল্যান্ড। তাদের সঙ্গে ইউরোপ, আফ্রিকা ও পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে পাঁচটি দল উঠবে বাছাইয়ের প্রতিযোগিতায়।

    মন্তব্য

    ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের

    ক্রীড়া ডেস্ক
    ১২ জুন, ২০২৫ ১৬:৪৯
    ক্রীড়া ডেস্ক
    ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নারী ফুটবলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা। মার্চে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩। আজ (১২ জুন) আরও উন্নতি হয়ে তারা ১২৮ নম্বরে উঠেছে। 

    বাংলাদেশ মে মাসে নারী ফিফা উইন্ডোতে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। যথাক্রমে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানকে রুখে দেওয়ায় বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট ১০৯২ থেকে বেড়ে ১০৯৯.৩৬ হয়েছে। এতে ৫ ধাপ উন্নতি হয়েছে র‌্যাঙ্কিং টেবিলে। 

     

    নারী ফুটবলের পরবর্তী র‌্যাঙ্কিং প্রকাশ হবে আগামী ৭ আগস্ট। এই সময়ের মধ্যে বাংলাদেশ এশিয়ান নারী বাছাই টুর্নামেন্ট খেলবে মিয়ানমারে। স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারলে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে পারবে। এশিয়ান নারী বাছাইয়ে বাংলাদেশ ভালো ফলাফল করলে ইতিবাচক প্রভাব পড়বে র‌্যাঙ্কিংয়ে। প্রথমবারের মতো বাংলাদেশের র‌্যাঙ্কিং ১১০০ পয়েন্ট স্পর্শ করার সুযোগ হাতছানি দিচ্ছে। 

    নারী র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এবারের র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৭ ধাপ উন্নতি হয়েছে মিশরের। সবচেয়ে বেশি ৫ ধাপ অবনমন সংযুক্ত আরব আমিরাতের। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড।

    র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে পাঁচটি পরিবর্তন হয়েছে। চার ধাপ উন্নতি হয়ে ব্রাজিলের মেয়েরা চার নম্বরে এবং এক ধাপ পিছিয়ে পাঁচে নেমেছে ইংল্যান্ড। দুই ধাপ পিছিয়ে জাপান সাত, এক ধাপ পিছিয়ে কানাডা আট এবং এক ধাপ এগিয়ে ফ্রান্সের মেয়েরা ১০ নম্বরে উঠেছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বাংলাদেশকে পেনাল্টি না দেওয়া রেফারি ও তার স্ত্রীর ‘ফেসবুক লক’

      ক্রীড়া ডেস্ক
      ১২ জুন, ২০২৫ ১৫:৫৫
      ক্রীড়া ডেস্ক
      বাংলাদেশকে পেনাল্টি না দেওয়া রেফারি ও তার স্ত্রীর ‘ফেসবুক লক’

      শেষ মুহূর্তে পেনাল্টির আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় বদলে যেতে পারত ম্যাচের ফলাফল। কিন্তু রেফারির সেই এক সিদ্ধান্তেই শেষ পর্যন্ত ২-১ গোলে হারতে হয়েছে বাংলাদেশকে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে তাই যত আলোচনা রেফারি ক্লিফোর্ড দায়পুয়াতকে ঘিরেই।

      নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে সিঙ্গাপুরের ইরফান নাজিব ডিবক্সে ফাউল করেছিলেন বাংলাদেশের মিডফিল্ডার ফয়সাল আহমেদ ফাহিমকে। ফাহিম পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন করে বাংলাদেশ দল। তবে বাঁশি বাজাননি দায়পুয়াত।

      এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় রেফারিং নিয়ে সমালোচনার ঝড়। এমন বিতর্কিত সিদ্ধান্তকে সিদ্ধান্তকে ঘিরে দায়পুয়াত ও তার স্ত্রী কেসা রুথকে ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হয়। পরিস্থিতি এতটাই তিক্ত হয়ে ওঠে যে, শেষমেশ নিজেদের ফেসবুক প্রোফাইল লক করে দিতে বাধ্য হন তারা। বর্তমানে ফেসবুকে গিয়ে দেখা যাচ্ছে, দুজনের প্রোফাইলই লক করা রয়েছে। ধারণা করা হচ্ছে, সমালোচনার মাত্রা সহনীয় না হওয়ায়ই এমন সিদ্ধান্ত নিয়েছেন রেফারি ও তার স্ত্রী।

      মাত্র ২০ বছর বয়সে রেফারিং শুরু করেছিলেন ক্লিফোর্ড দায়পুয়াত। ২০১৯ সালে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে ইরাক-কম্বোডিয়ার ম্যাচ পরিচালনা করেছিলেন প্রায় ৫০ হাজার দর্শকের সামনে। এরপর ২০২১ সালের এএফসি কাপেও ম্যাচ পরিচালনা করেন তিনি। কিন্তু আলোচনার কেন্দ্রে এমনভাবে এর আগে কখনও আসেননি।

      এই ম্যাচের পর ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলেও হালকা নড়চড়। দুই ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষে সিঙ্গাপুর ও হংকং। আর ১ পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে বাংলাদেশ ও ভারত।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        অস্ট্রেলিয়ায় ঈদ করতে যাচ্ছেন বিসিবি সভাপতি বুলবুল

        ক্রীড়া ডেস্ক
        ৩ জুন, ২০২৫ ২০:১০
        ক্রীড়া ডেস্ক
        অস্ট্রেলিয়ায় ঈদ করতে যাচ্ছেন বিসিবি সভাপতি বুলবুল
        বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

        আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন বেশি দিন হয়নি। ঠিক এই সময়ে দুয়ারে এসে দাঁড়িয়েছে ঈদুল আজহা। এই ঈদ পালন করতে নব নির্বাচিত বোর্ড সভাপতি আমিনুল যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।

        তার অস্ট্রেলিয়া ছুটে যাওয়ার কারণ, সেখানে তার পরিবার বসবাস করছে। এক যুগের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় ছিলেন বুলবুল। তার দুই ছেলে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। তার স্ত্রীও ক্যারিয়ার গড়েছেন অস্ট্রেলিয়ায়। বিসিবি সভাপতি হওয়ার আগে আইসিসির গেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে আমিনুল কাজ করেছেন অস্ট্রেলিয়া থেকে আসা যাওয়া করেই।

        বিসিবির ডাকে তিনি বাংলাদেশে ফিরলেও তার পরিবার ওই অস্ট্রেলিয়াতেই রয়ে গেছে। যার ফলে ঈদকে সামনে রেখে দূর দেশে তার পরিবার কাছে ছুটে যাচ্ছেন আমিনুল।

        বাংলাদেশে আগামী ৭ জুন ঈদুল আজহা পালিত হবে। তবে অস্ট্রেলিয়ায় ঈদ হবে আগামী ৬ জুন। সে কারণে আগেভাগেই যাত্রা শুরু করতে হচ্ছে আমিনুলকে। আজ মঙ্গলবারই অস্ট্রেলিয়ার উদ্দেশে তিনি ঢাকা ছাড়বেন।

        বিষয়টি সংবাদ মাধ্যমে বুলবুল নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া যাবো ইনশাআল্লাহ। আশা করছি, ঈদের সপ্তাহখানেক পরই দেশে ফিরবো। তবে ১৪ জুন থেকে আইসিসির একটি মিটিং আছে। সেখানে অ্যাটেন্ড করার সম্ভাবনা বেশি। তাহলে দেশে ফিরে আসতে কয়েকদিন দেরি হতে পারে। সেক্ষেত্রে হয়তো ১৮ জুন আবার দেশে ফিরে আসবো।’

        গত ৩০ মে বিসিবি সভাপতি নির্বাচিত হন বুলবুল। এরপরই তিনি নেমে পড়েছেন ক্রিকেটীয় কর্মকাণ্ডে। তিনি ইতোমধ্যেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন সভাপতি হিসেবে কী করতে চান তিনি। 

        আইসিসির গেম ডেভেলপমেন্টের কাজ করে আমিনুলের অভিজ্ঞতা হয়েছে কী করে প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটকে ছড়িয়ে দিতে হয় সে ব্যাপারে। দেশের ক্রিকেটেও তিনি তাই করবেন। তিনি ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান দেশের প্রতিটি কোণে।

        তিনি দেশে অঞ্চলভেদে আঞ্চলিক পরিদপ্তরের মতো ক্রিকেট পরিচালনা করতে আগ্রহী। সে কাঠামোয় খেলাটা বিভাগীয় শহরকেন্দ্রিক হয়ে পড়বে না। প্রত্যন্ত অঞ্চলের উঠতি ক্রিকেটাররাও ধাপে ধাপে উঠে এসে যেন জাতীয় দলে সুযোগ পেতে পারেন, সে রাস্তাটা তৈরি করে দিতে চান। 

        সেজন্য অবশ্য সময় খুবই কম আমিনুলের হাতে। আগামী অক্টোবরে বিসিবি নির্বাচন। তার আগ পর্যন্ত প্রায় ৪ মাসের একটু বেশি সময় হাতে পাবেন তিনি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত