ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

জাকসুর ব্যালট পেপারে যুক্ত হচ্ছে প্রার্থীদের ডাক নাম

ক্যাম্পাস প্রতিনিধি
১ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩২
ক্যাম্পাস প্রতিনিধি
জাকসুর ব্যালট পেপারে যুক্ত হচ্ছে প্রার্থীদের ডাক নাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ব্যালট পেপারে প্রার্থীদের ডাক নাম সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীগণের মূল নামের সাথে ডাক নাম সংযোজন করার জন্য আগামী ২ সেপ্টেম্বর বিকেল ৪ টার মধ্যে জাকসু নির্বাচন কমিশন বরাবর প্রার্থীর মূল নামের সাথে ডাক নাম উল্লেখ করে লিখিতভাবে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নির্বাচন কমিশনের সাথে প্রার্থীদের আলোচনা সভার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইবি'র নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির পুনর্গঠন

    ক্যাম্পাস প্রতিনিধি
    ১ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩০
    ক্যাম্পাস প্রতিনিধি
    ইবি'র নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির পুনর্গঠন

    ১৩ বছর ধরে নিখোঁজের শিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ-আল মুকাদ্দাসের সন্ধানে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির পুনর্গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

    সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভরপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করেছে।

    অফিস আদেশ সূত্রে, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার সাভার থেকে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইজন মেধাবী শিক্ষার্থী দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়ালি উল্লাহ এবং আল-ফিক্‌হ অ্যান্ড ল’ বিভাগের আল মুকাদ্দাস-কে ফিরিয়ে দেওয়ার দাবিতে ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রাইট’স সাপোর্ট সোসাইটি'র মানববন্ধনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৬ জানুয়ারি এ বিষয়ে তথ্য অনুসন্ধানের (Facts finding) জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ২০২৫ সালের ৩১ আগস্ট আবার পুনর্গঠন করেছেন।

    পুনর্গঠিত ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান শেখ-কে আহ্বায়ক এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন-কে সদস্য-সচিব করা হয়েছে।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ হুম তরীকুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম ও কুষ্টিয়া জেলা দায়রা জজকোর্টের এ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ।

    এ বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান শেখ বলেন, 'আমি অন্য বিশ্ববিদ্যালয়ে এসেছি ভাইবা বোর্ডের সদস্য হিসেবে। এবিষয়ে শুনেছি ডিপার্টমেন্টে একটা চিঠি এসেছে। ক্যাম্পাসে ফিরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।'

    সাকিব আসলাম, ইবি/

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ডাকসু নির্বাচন ভন্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

      অনলাইন ডেস্ক
      ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:১৯
      অনলাইন ডেস্ক
      ডাকসু নির্বাচন ভন্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

      ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিবার্চন ভন্ডুল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

      আজ সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডাকসু নিবার্চন-২০২৫ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

      সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া সকল নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আমরা প্রস্তুত। যারা ডাকসু নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

      তিনি বলেন, ডাকসু নির্বাচনকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলে মিলে কাজ করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সক্ষম হবো।

      সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

      সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোঃ শফিকুল ইসলাম, বিপিএম,পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জিললুর রহমান; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ; ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন; ডাকসু নির্বাচন কমিশনের সহযোগী রিটার্নিং অফিসারগণ, ছাত্র প্রতিনিধিগণ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধিগণ, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

      সূত্র: ডিএমপি নিইজ/

      মন্তব্য

      চবিতে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত

      অনলাইন ডেস্ক
      ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:১৩
      অনলাইন ডেস্ক
      চবিতে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত

      গ্রামবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

      স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে বিভাগীয় একাডেমিক কমিটির মাধ্যমে শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের চলমান পরীক্ষা নিতে পারবে বলেও উল্লেখ রয়েছে।

      শনিবার (৩০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রামবাসী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। রাত দেড়টার দিকে ২ নম্বর গেট এলাকায় সংঘর্ষ ভয়াবহ রূপ নেয় এবং এতে বহু শিক্ষার্থী আহত হন। সংঘর্ষ থামে ভোররাত ৪টার দিকে।

      পরদিন রোববার (৩১ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে চবির ২ নম্বর গেট এলাকায় সংঘর্ষ আবার ছড়িয়ে পড়ে।

      এ সময় চবি উপ-উপাচার্য, প্রক্টরসহ কয়েক শ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

      মন্তব্য

      রাকসু নির্বাচনের ফরম বিতরণের সময় আবারও বাড়লো

      ক্যাম্পাস প্রতিনিধি
      ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৩৬
      ক্যাম্পাস প্রতিনিধি
      রাকসু নির্বাচনের ফরম বিতরণের সময় আবারও বাড়লো

      রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন বিতরণের গতকাল শেষ দিন থাকলেও ২ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

      অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, গতকালের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আজ ও আগামীকাল (২ সেপ্টেম্বর) পর্যন্ত রাকসু নির্বাচনের ফরম বিতরণের সময় বৃদ্ধি করা হয়েছে। তবে নির্ধারিত তালিকা অনুযায়ী অন্যান্য সকল কার্যক্রম যথাসময়ে চলবে।

      প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার প্রদানের বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। উপাচার্য মহোদয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করে আগামীকালের মধ্যেই আমাদের এ বিষয়ে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে রাকসুর নির্বাচনের নির্ধারিত তারিখ ২৫ সেপ্টেম্বর অপরিবর্তিত রেখে সকল সিদ্ধান্ত নেওয়া হবে।

      এর আগে, প্রথমে ১৭ আগস্ট মনোনয়ন বিতরণ শুরুর কথা থাকলেও এর সময় পরিবর্তন করে ২১ আগস্ট করা হয়। পরে ২০ আগস্ট রাতে মনোনয়ন বিতরণের সিদ্ধান্ত স্থগিত করে প্রশাসন। পরবর্তী সময়ে মনোনয়ন বিতরণ শুরু হয় ২৪ আগস্ট। এছাড়া ২৬ আগস্ট জরুরি বৈঠকের পর মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। এরপর ২৭ আগস্ট একই দিনে দুইবার তফসিল পরিবর্তন করা হয়। প্রথমে ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহণের ঘোষণা দেওয়া হয়, কিন্তু শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে আবার পরিবর্তন করে ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।

      প্রাসঙ্গিক
        মন্তব্য
        সর্বশেষ সংবাদ
          সর্বাধিক পঠিত