শিরোনাম
এবার জামায়াতে ইসলামীর মিথ্যাচার ও সহিংসতার বিরুদ্ধে কঠোর নিন্দা জানালো এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে উদ্দেশ্য করে ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী যে অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছে, এনসিপি তা প্রত্যাখ্যান করছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। জামায়াতের এই বিবৃতি বাস্তবতাবিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা।
৬ ডিসেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ)–এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ-নির্ভর যে মন্তব্য করেন, তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল।
২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াতে ইসলামীর কর্মী, তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র-গুলিসহ তাকে গ্রেফতার করেছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয়।
এনসিপি মনে করে, জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে। ৫ই অগাস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে 'নতুন খেলোয়াড়' হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত।
এনসিপি পরিষ্কারভাবে জানাচ্ছে, সহিংসতা, অস্ত্রনির্ভরতা ও ধর্মের অপব্যবহার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সকল রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য।
জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে।
১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কে কোন আসনে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
কে কোন আসনে নির্বাচন করবেন-
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা-১১ আসনে। আখতার হোসেন রংপুর-৪ আসনে। ঢাকা-১৮ আসনে নির্বাচন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সারজিস আলম পঞ্চগড়-১ আসনে। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ আসনে। ঢাকা-৯ আসনে নির্বাচন করবেন তাসনীম জারা। আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে।
এ ছাড়া ঠাকুরগাঁও-২ আসনে মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে মো. গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩ আসনে আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫ আসনে ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২ আসনে ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩ আসনে মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২ আসনে রাসেল আহমেদ ও লালমনিরহাট-৩ আসনে মো. রকিবুল হাসান জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রংপুর-১ আসনে মো. আল মামুন, কুড়িগ্রাম-১ আসনে মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনে ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি, গাইবান্ধা-৩ আসনে মো. নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা-৫ আসনে ডা. আ. খ. ম. আসাদুজ্জামান, জয়পুরহাট-১ আসনে গোলাম কিবরিয়া, জয়পুরহাট-২ আসনে আবদুল ওয়াহাব দেওয়ান কাজল, বগুড়া-৬ আসনে আব্দুল্লাহ-আল-ওয়াকি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. নাজমুল হুদা খান (রুবেল খান) এনসিপির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নওগাঁ-১ আসনে কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ আসনে মো. মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ আসনে পরিমল চন্দ্র (উরাও), নওগাঁ-৪ আসনে মো. আব্দুল হামিদ, নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন, নাটোর-২ আসনে আব্দুল মান্নাফ, নাটোর-৩ আসনে অধ্যাপক এস. এম. জার্জিস কাদির, সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ আসনে মনজুর কাদের ও সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রার্থীদের নাম ঘোষণার আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তারা ব্যালট রেভল্যুশনে যাচ্ছেন। নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান তিনি।
একই সঙ্গে দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, মনোনয়ন ফরম দেশের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন তারা। দেড় হাজারের বেশি মানুষ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এনসিপির প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে।
৮১ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোট ৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (০৮ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের এই তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, দুই ধাপে মোট ৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে।
গত ৬ নভেম্বর প্রথম ধাপে ৬৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চলতি বছরের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ইসির নিবন্ধন দেওয়া হয়।
এরপর দ্বিতীয় ধাপে যাচাই-বাছাই করে আরও ১৫টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এই ১৫টি পর্যবেক্ষক সংস্থাকে চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচ বছরের জন্য নিবন্ধিত হলো।
নিবন্ধনপ্রাপ্ত এসব সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুসারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে।
এনসিপিসহ ৩ দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’র আত্মপ্রকাশ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন- তিনটি দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোটের যাত্রা শুরু হয়েছে। এই জোটের নাম দেওয়া হয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট।’
রোববার ( ৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এ জোটের ঘোষণা দেওয়া হয়। দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য৷’
সংবাদ সম্মেলন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভবিষ্যতে যাতে আর স্বৈরাচারের আবির্ভাব না হয় সে কারণেই আমরা এক হচ্ছি।
নাহিদ ইসলাম বলেন, সিটের লোভ দেখিয়ে বিভিন্ন দলের অনেককেই নানা জোটে নিয়ে যাওয়া হচ্ছে। যেসব অফার আসছে, আমরা সাদরে তা প্রত্যাখ্যান করি। আমরা ঐক্যবদ্ধ থাকবো। শুধু নির্বাচনী জোট নয়, এটা একইসাথে রাজনৈতিক জোট। একসাথে একইমার্কায় জোটবদ্ধ নির্বাচন করবো।
নাহিদ ইসলাম আরও বলেন, এই বাংলাদেশে যদি কেউ মনে করে গায়ের জোরে ভোট আদায় করে, অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদাই করে তারা উভয়েই পরাজিত হবে।
তিনি বলেন, পুরনো দলগুলোর সাথে সংস্কার প্রক্রিয়ায় থেকে আমরা ভুল করেছিলাম। আমরা এখন থেকে নতুনদের সাথে থাকবো। নতুন করে আরও দল ক্রমান্বয়ে যুক্ত হবে।
রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, চব্বিশের অভ্যুত্থান টিকবে কি না, তা সংস্কারের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হলো তার উপর নির্ভর করছে।
এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে
জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। জোটের অন্য দুটি দল হলো- রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তায় বলা হয়, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ প্রসঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিকেল ৪টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে তিন দলের নেতারা উপস্থিত থাকবেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য