শিরোনাম
ছাত্রদল ও এনসিপির সমাবেশ
রোববার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ
আগামীকাল রোববার রাজধানীর শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান করবে সাইমুম শিল্পীগোষ্ঠী।
এ তিন কর্মসূচি ঘিরে শাহবাগ ও বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল জনসমাগম হতে পারে, এমন ধারণা থেকে এদিন শাহবাগ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ কারণে এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধ করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সভা-সমাবেশ ও অনুষ্ঠান উপলক্ষ্যে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে। ফলে ওই এলাকা বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যানচলাচল করানো সম্ভব হবে না। এমতাবস্থায় ঢাকাবাসীকে ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করা হচ্ছে।
জানা গেছে, রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির জনসমাবেশ।
এ ছাড়া সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে (১-৪ অগস্ট) প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ চলমান রয়েছে।
ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়ক
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় : সোনারগাঁও সিগন্যাল/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।
কাটাবন মোড় : সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আগত যানবাহনগুলো কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।
মৎস্য ভবন মোড় : হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনগুলো মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) হয়ে চলাচল করবে।
অপরদিকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহন মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।
টিএসসি/রাজু ভাস্কর্য : নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্বর ক্রসিং থেকে আসা যানবাহন টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।
এছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।
এ কারণে ঢাকাবাসীকে বিশেষ করে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে।
ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ
রাজধানীর শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে রোববার (৩ আগস্ট)। এ সমাবেশকে ঘিরে সৃষ্টি হতে যাওয়া জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।
এক বিবৃতিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, গত জুন মাসে আমরা আমাদের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণায় শুরুতে ৩ আগস্টে জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করি। কিন্তু পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা ৩ আগস্ট শহীদ মিনারে তাদের সমাবেশ করার বিষয়ে আমাদের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে একাধিকবার যোগাযোগ ও অনুরোধ করেন। শহীদ মিনারের সমাবেশের বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতিও গ্রহণ করেছিলাম। এই দিনে শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে আমরাই ছিলাম একমাত্র বৈধ দাবিদার। কিন্তু পরে একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিঞ্চু, সব মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে আমরা শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করি।
তিনি আরও বলেন, ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের জনভোগান্তি সম্পর্কে আমরা অবগত। এতদসত্ত্বেও জুলাই গণঅভ্যুত্থানের এই গুরুত্বপূর্ণ স্মরণীয় দিনটিতে আমাদেরকে ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতা ও উদারতার জায়গা থেকে সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে।
আমরা ছাত্রদলের নেতাকর্মীরা আগামীকালের যেকোনো ধরনের জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করছি। প্রত্যাশা করছি, সম্মানিত নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ভবিষ্যতে এই বিষয়ে আমরা আরও অধিকতর সচেতন থাকবো।
লন্ডনে লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুক্রবার লন্ডনে সাধারণ যাত্রীদের মতো লোকাল বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
গতকাল (১ আগস্ট) ঘটনাটির কিছু স্থিরচিত্র বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
সেখানে ক্যাপশনে বলা হয়েছে, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন—যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।
বিস্তারিত পড়ুনছবিগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই তারেক রহমানের সাধারণ জীবনযাপনকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন।
ছাত্রদল ট্রেনের ভাড়া পরিশোধ করবে যেভাবে
রাজধানীর শাহবাগে আগামীকাল রোববার (৩ আগস্ট) ছাত্র সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। চট্টগ্রাম থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নিতে আসবেন। এ লক্ষ্যে সংগঠনটি রেলওয়ের কাছে ২০ কোচবিশিষ্ট একটি বিশেষ ট্রেনের আবেদন জানায় এবং রেল কর্তৃপক্ষ সেই ট্রেন অনুমোদন দেয়।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে এক জরুরি বার্তায় ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপককে ট্রেন পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের চাহিদার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে পিএইচটি টাইপ কোচ দিয়ে একজোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। ট্রেনে মোট কোচ থাকবে ২০টি। এসব কোচে মোট আসন থাকবে এক হাজার ১২৬টি। ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে এবং ঢাকা থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে ট্রেনটি আবার চট্টগ্রাম পৌঁছাবে ৪ আগস্ট রাত ১টায়।
ট্রেন ভাড়া পরিশোধের বিষয় নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম গণমাধ্যমকে জানান, ঢাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সমাবেশে যোগ দিতে আমরা বাসের পাশাপাশি একটি ট্রেন চেয়ে রেলওয়ের কাছে আবেদন করি। রেলওয়ের পক্ষ থেকে একটি ট্রেন ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এর ভাড়া আমরা নিজেরা এবং আমাদের বড় ভাইদের সহযোগিতায় পরিশোধ করছি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন পরিচালনার আগে চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রেলওয়ে বিধি অনুযায়ী ভাড়া ও অন্যান্য চার্জ আদায়ের ব্যবস্থা করবেন।
একইসঙ্গে, ট্রেনের সময়সূচি অনুযায়ী রেক গঠন, ইঞ্জিন ও ক্রু সরবরাহ, পাওয়ার কার ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ট্রেন পরিচর্যা, যাত্রীদের নিরাপত্তায় ঢাকা ও চট্টগ্রাম থেকে আরএনবি মোতায়েন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
রাজনৈতিক সমাবেশে গণপরিবহন ব্যবস্থার ব্যবহার ও তার আর্থিক দায়িত্ব নিজ উদ্যোগে নেওয়ার এই পদক্ষেপ ইতোমধ্যে আলোচনায় এসেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানা গেছে।
এবার ট্রেন ভাড়া করল ছাত্রদল, কত দিতে হচ্ছে ভাড়া?
“নিয়ম অনুসারে রেল ভবনের অনুমোদন নিয়ে একটি বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে,” বলেন পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক।
চট্টগ্রামের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় ছাত্র সমাবেশে যোগ দিতে ২০ বগির একটি ট্রেন ভাড়া করেছেন।
রোববার বিকাল ৩টায় ঢাকার শাহবাগে এই ছাত্র সমাবেশে যোগ দিতে সে দিন সকালে ট্রেনে করে রওনা দেবেন বিএনপির ছাত্র সংগঠনটির প্রায় দেড় হাজার নেতাকর্মী।
ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন নিয়ে বিশেষ ট্রেনটি বরাদ্দ দেওয়ার কথা বলেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক।
রোববার সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ট্রেনের ২০টি বগিতে আসন থাকছে ১ হাজার ১২৬টি।
চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল (রোববার) শাহবাগের ছাত্র সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম থেকে দুই হাজারের বেশি নেতাকর্মী ঢাকায় যাবেন। অনেকে আজ রাতেই বাসে করে রওনা দিবেন।
“আমরা রেলওয়ের কাছে আবেদন করে একটি বিশেষ ট্রেন বরাদ্দ নিয়েছি। এতে ২০টি বগি আছে। আসন আছে এগারোশর বেশি। ট্রেনে করে প্রায় দেড় হাজার নেতাকর্মী ঢাকায় যাবে। শুধু মহানগরের না উত্তর জেলা ও দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও যাবে।”
বিশেষ ট্রেনটির ভাড়া বাবদ প্রায় ১০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে জানান ছাত্রদল নেতা সাব্বির আহমেদ।
জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদল বিশেষ ট্রেনের জন্য আবেদন করেছিল। নিয়ম অনুসারে রেল ভবনের অনুমোদন নিয়ে একটি বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এর জন্য তারা ভাড়া পরিশোধ করেছে।”
এই বিশেষ ট্রেনের জন্য ঢাকা-চট্টগ্রাম পথে চলাচলকারী নিয়মিত ট্রেন চলাচলে কোন সমস্যা হবে না, বলেন তিনি।
এর আগে ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে নেতাকর্মীদের আনা-নেওয়ার জন্য চারটি ট্রেন ভাড়া করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ট্রেনগুলো রাজশাহী, সিরাজগঞ্জ, চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে ঢাকায় গিয়েছিল নেতাকর্মীদের নিয়ে। তখন রেলপথ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, চারটি ট্রেনের ভাড়া হিসেবে ৩২ লাখ টাকা পরিশোধ করেছে জামায়াত।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য