ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠ করা হবে : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
২৯ জুন, ২০২৫ ১৭:৪২
অনলাইন ডেস্ক
৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠ করা হবে : নাহিদ ইসলাম

আগামী ৩ আগস্ট ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী ৬৪ জেলায় ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪টি জেলা প্রদক্ষিণ করবে।

জুলাই অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে বলেছিলাম ‘নতুন বাংলাদেশ ২.০’- সেই রাষ্ট্র পুনর্গঠনের কার্যক্রম এখনো চলমান। সেই দেশ গড়ার লক্ষ্যে এই জুলাই পদযাত্রা। ১৬ জুলাই, যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিলেন, সেদিন থেকেই জুলাইয়ের শহীদদের মিছিল শুরু হয়েছিল। সেই দিনটিকে আমরা বৈষম্য-বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব। সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল আয়োজন করা হবে।

তিনি বলেন, ৩ আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ-বিরোধী এক দফা দিবস ঘোষণা করা হয়েছিল। আমরা এ বছর ৩ আগস্ট শহীদ মিনারে ‘ছাত্র-জনতা জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ’ কর্মসূচি পালন করব।

জুলাই ঘোষণাপত্র সরকার যেটি দেওয়ার কথা ছিল, ৩০ কার্যদিবসের কথা বলা হয়েছিল। ৩০ কার্যদিবস পেরিয়ে গেছে, কিন্তু সরকারের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সংবিধানের স্বীকৃতি এবং শহীদদের মর্যাদা নিশ্চিত করার জন্য জুলাই ঘোষণাপত্র আমাদের প্রয়োজন। সরকার বলেছিল, সকলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে তারা এটি দেবে। কিন্তু সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি।

তিনি বলেন, অভ্যুত্থান ছাত্র-জনতা করেছে। এই ঘোষণাপত্র আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ৩ আগস্ট জুলাইয়ের ঘোষণাপত্র ও ইশতেহার কর্মসূচি পালন করব। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা শুনে, তাদের সঙ্গে নিয়ে আমরা ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করব।

৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস পালন করা হবে জানিয়ে তিনি আরও বলেন, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

    অনলাইন ডেস্ক
    ২৯ জুন, ২০২৫ ১৭:৬
    অনলাইন ডেস্ক
    একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

    একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

    রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে রমনা থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ২০২৫ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

    মির্জা আব্বাস বলেন, ‘একেকজন একেকটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে, নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এ জাতির সর্বনাশ করতে চাচ্ছে।’

    বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ‘এভাবে বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছাবেন না। সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয়, আমরা সারা বাংলাদেশকে একদিনে সমাবেশের আওতায় আনতে পারি। সারা বাংলাদেশ একদিনে সমাবেশ করবে। কেউ কোনো জায়গা ছাড়বে না। এটা তো সিস্টেম হলো না।’

    মির্জা আব্বাস বলেন, ‘সবাইকে অনুরোধ জানাব আউল–ফাউল কথাবার্তা বইলেন না কেউ। আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না।’

    ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করীমকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ‘যখন বিএনপি-জামায়াতের ওপরে স্টিমরোলার চালানো হচ্ছিল, তখন ওই দলটি এবং তার নেতা দূরে থেকে বাহবা দিয়েছেন। ইনডাইরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছেন। কালো নির্বাচন, রাতের নির্বাচন, দিনের নির্বাচন; তিনবার নির্বাচন হয়েছে, উনারা কোনো প্রতিবাদ করেন নাই। এখন লম্বা কথা বলতেছেন, আগে দিতে হবে স্থানীয় নির্বাচন, এরপর দিতে হবে পিআর সিস্টেম (আনুপাতিক পদ্ধতি)। যত দিন এগুলো না হবে, তত দিন এ দেশে কোনো নির্বাচন হবে না।’

    ‘পিআর পদ্ধতি কই থেকে আসে’ প্রশ্ন করে মির্জা আব্বাস বলেন, ‘দেশটাকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কিছু করেন না, শুধু আপনার কথামতোই হতে হবে, স্থানীয় সরকার আগে হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই? কই থেকে আবিষ্কার করেন এগুলা? কে দেয় বুদ্ধি আপনাদের? এসব কুপরামর্শ নিয়ে, এই দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজ মাঠে নেমেছে।’

    সম্প্রতি ইসরাইলের বিরুদ্ধে ইরানের একা লড়াইয়ের উদাহরণ টেনে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের মুসলিম বিশ্বের কেউ যখন তাকে সমর্থন দিল না, ইরান একাই যুদ্ধ করে গেল। কারণ জাতি ঐক্যবদ্ধ ছিল। আর আমার দেশের মধ্যে কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যাওয়ার জন্য, কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না, এই করে করে দেশটাকে গত ৫০ বছরে এগোতে দিল না। দেশটাকে আমরা ধীরে ধীরে শেষ করে দিচ্ছি।’

    দেশকে ভালোবেসে সবাইকে এক জায়গায় আসার আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, যারা দেশকে ভালোবাসেন, একটা জায়গায় আসেন। যে জায়গায় গেলে পরে দেশ ও দেশের মানুষের উন্নতি হবে।

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মো. শরীফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত ছিলেন। নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন সরদার।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ছাত্রশিবিরের গুজব আর সজীব ওয়াজেদ জয়ের গুজবের ভাষা একই: নাছির

      অনলাইন ডেস্ক
      ২৯ জুন, ২০২৫ ১৬:৫০
      অনলাইন ডেস্ক
      ছাত্রশিবিরের গুজব আর সজীব ওয়াজেদ জয়ের গুজবের ভাষা একই: নাছির

      বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, শিবির নেতারা বিএনপির নাম জড়িয়ে ধর্ষণের গুজব ছড়িয়ে দলের নেতাকর্মীদের চরিত্রহননের অপচেষ্টা চালিয়েছে। উদ্দেশ্য ছিল বিএনপির কর্মীদের বিরুদ্ধে জনমত ও মব উসকে দেওয়া। এমন গুজব সন্ত্রাস ধরা পড়ার পরও তারা ভুল স্বীকার করেনি, প্রকাশ করেনি কোনো অনুশোচনা।

      আজ রবিবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

      নাছির উল্লেখ করেন, কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং তা ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দেশবাসী ক্ষুব্ধ। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ফজর আলী নামের আরেকজন ব্যক্তি আওয়ামী লীগের কর্মী বলেও তথ্যপ্রমাণ পাওয়া গেছে।

      তিনি বলেন, এই অমানবিক ঘটনার সাথে বিএনপি বা ছাত্রদলের কারো কোনো ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল না। কিন্তু আমরা লক্ষ্য করলাম, উক্ত ঘটনাকে বিকৃত করে মধ্যরাতে  জামায়াত শিবির চক্র বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার করেছে। এতে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয়  শিবির নেতা সাদিক কায়েম এবং ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ; যারা গণ-অভ্যুত্থানের পরে ছাত্রলীগের নেতা থেকে শিবির নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখনও তাদের গুজব আর সজীব ওয়াজেদ জয়ের গুজবের ভাষা একই। 

      নাছির আরও বলেন, গুজব রটনা ছাত্রশিবিরের মধ্যে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ছাত্রশিবির গুজব সন্ত্রাস নামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তাদের এই রোগ ছোঁয়াচে রোগের মতো নতুন নতুন অনেক দলের মধ্যেও প্রবেশ করেছে। ছাত্রশিবির মিথ্যা ও অপতথ্যের আশ্রয় নিয়ে রাজনীতির পরিবেশ দূষিত করেছে। 

      তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারীর প্রতি সকল ধরনের সহিংসতা, শ্লীলতাহানি, ধর্ষণসহ সব ধরনের নারী নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। আমরা সব ধরনের নারী নির্যাতনের বিচার দাবি করছি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ করতে যাচ্ছে এনসিপি

        অনলাইন ডেস্ক
        ২৯ জুন, ২০২৫ ১২:১০
        অনলাইন ডেস্ক
        ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ করতে যাচ্ছে এনসিপি

        জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

        রোববার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

        তিনি বলেন, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হবে।

        নাহিদ আরও জানান, ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর মাধ্যমে শহীদ হওয়া শুরু হয়। তাই আমরা ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসেবে সারা দেশে পালন করব। এ ছাড়া ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এই দিনকে ছাত্র-জনতার মুক্তি দিবস পালন করবে জাতীয় নাগরিক পার্টি।

        তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুত মেয়াদ শেষ। সরকারের জায়গা থেকে কোনো পদক্ষেপ দেখিনি। সরকার ব্যর্থ হয়েছে। তাই আমরাই দেবো।

        এ ছাড়া ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানান তিনি।

             

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বাংলাদেশে পিআর সিস্টেমে নির্বাচন সম্ভব নয় : সালাহউদ্দিন

          অনলাইন ডেস্ক
          ২৮ জুন, ২০২৫ ২০:৬
          অনলাইন ডেস্ক
          বাংলাদেশে পিআর সিস্টেমে নির্বাচন সম্ভব নয় : সালাহউদ্দিন

          বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর (প্রোপরশোনাল রিপ্রেজেন্টেশন) বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

          শনিবার (২৮ জুন) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

          যারা পিআর সিস্টেমে নির্বাচন চাচ্ছেন তাদের উদ্দেশ্য আছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করতে চায় তারা।

          বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার দ্রুত জাতীয় নির্বাচনের দিনক্ষণ জানাবেন আশা তার।

          সাংবাদিকদের অপর এক প্রশ্নে তিনি বলেন, স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয়।

          এ দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না।

          প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, অতীতের গণহত্যায় জড়িতদের বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ আয়োজন করে।

          মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই।

          জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু করতে হবে।

           

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত