শিরোনাম
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ডিবি পুলিশ ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নাসিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
এদিকে সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ‘দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’ উল্লেখ করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানায় সংগঠনটি।
খায়রুল হকের বিরুদ্ধে ইতোমধ্যেই বেশ কয়েকটি মামলা হয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর গত ১৮ আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয়।
আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছিল না।
রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন এবিএম খায়রুল হক। এছাড়া বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো, আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে।
১৩ বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক ঘোষণা করে রায় দেওয়ার ঘটনায় সাবেক প্রধান বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জে মামলা হয়েছে। ২০২৪ সালের ২৫ আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া মামলাটি করেন বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম।
নারায়ণগঞ্জে করা মামলার এজাহারে বলা হয়, আসামি বাংলাদেশের প্রধান বিচারপতি থাকা অবস্থায় সংবিধানের ত্রয়োদশ মামলার শুনানিকালে সুপ্রিম কোর্টের আটজন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিযুক্ত করা হয়। তাদের মধ্যে একজন বাদে বাকি সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষে মতামত দেন।
ত্রয়োদশ সংশোধনী মামলায় বিচারপতি মো. মোজাম্মেল হক, বিচারপতি এস কে সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দেন। অন্যদিকে বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা, নাজমুন আরা সুলতানা ও ঈমান আলী তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার পক্ষে রায় দেন।
বাদী অভিযোগ করেন, বিষয়টি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আগেই বুঝতে পেরে সরকারের কর্তা-ব্যক্তিদের সঙ্গে ষড়যন্ত্র করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে কাস্টিং ভোট দেন।
দেশের ১৯-তম প্রধান বিচারপতি হিসাবে এবিএম খায়রুল হক শপথ নেন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর। পরের বছর (২০১১ সাল) ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন।
তথ্য চেয়ে রাজউকে চিঠি
বিচারপতি মানিকের ৯০০ কোটি টাকার সম্পদের খোঁজে দুদক
সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ৯০০ কোটি টাকার অবৈধ সম্পদ আছে বলে অভিযোগ আছে। ওই সম্পদের সন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে তথ্য চেয়ে গতকাল বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বরাবর চিঠি পাঠিয়েছে সংস্থাটির উপপরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি ।
অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে জাল নথি তৈরি করে পাঁচ একর জমি পৈতৃক সম্পত্তি হিসেবে দেখান বিচারপতি মানিক। পরে সেখানে নিজস্ব ডেভেলপার দিয়ে সাতটি বহুতল ভবন নির্মাণ করেন, যার মূল্য প্রায় ৯০০ কোটি টাকা।
এছাড়া তার বিরুদ্ধে সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেওয়া এবং অর্থপাচার করে লন্ডনে বাড়ি কেনারও অভিযোগ পাওয়া গেছে। চিঠিতে পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি বরাদ্দসহ সব সম্পদের নথি চাওয়া হয়েছে।
গত বছরের ২৪ আগস্ট গ্রেপ্তার করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিতর্কিত সাবেক বিচারপতি মানিককে। জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বহু আমলা, বিচারক এমনকি মসজিদের ইমামও পালিয়ে যান। তাদের মতো ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে মানিককে আটক করে স্থানীয় জনতা। তারা তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেয়। পরে তাকে থানায় হস্তান্তর করে বিজিবি। সেই থেকে কারাগারে আছেন মানিক।
তার নামে একের পর এক মামলা দিয়েছে দুদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশিকিউশন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং জুডিশিয়াল কিলিংসহ গুম-খুনে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা বলা যুবকসহ গ্রেপ্তার ৪
সচিবালয়ে ঢুকে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ‘টাকা তুলে শেখ হাসিনাকে আবার ফেরাবো’ বলা এক তরুণও রয়েছেন বলে ডিএমপির রমনা বিভাগ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন- বাহ্মণবাড়িয়ার আশিকুর রহমান তানভীর (১৯), বরিশালের জেফরী অভিষেক সিকদার (২১), কুমিল্লার লাকসাম থানাধীন পশ্চিমগাঁও এলাকার আবু সফিয়ান (২১) ও মুরাদনগর থানাধীন সালিয়াকান্দি ইউনিয়নের মো. শাকিল মিয়া (১৯)। এর মধ্যে শাকিল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা বলেছিল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল (বুধবার) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে শাকিল বলেছিল সে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। তাদেরকে আমরা আদালতে পাঠিয়েছি। এ ছাড়া, সচিবালয়ের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গত ২৮ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির মহাসমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ মহাসমাবেশে যোগ দিয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি, গণ অধিকার পরিষদের নেতারাও একই দাবি জানান।
বিমান বিধ্বস্তের সময় কত শিক্ষার্থী ছিল মাইলস্টোনে, জানালেন শিক্ষক
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। বিমানটি স্কুলের একটি দোতলা ভবন আছড়ে পড়ে।
সম্প্রতি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল ও কলেজের প্রভাষক মো. রেজাউল হক গণমাধ্যমকে বলেন, ‘দোতলা ভবনের প্রতিটি শ্রেণিকক্ষে ৩০ জনের মতো শিক্ষার্থীর ক্লাস হতো। যারা দোতলায় ছিল, তাদের উদ্ধার করা গেছে। আর যারা নিচতলায় ছিল তাদের অনেকেই দগ্ধ হয়েছে।
তিনি জানান, বিমানটি একেবারেই ভবনের মাঝ বরাবর নিচের অংশে আঘাত করেছে। যে কারণে নিচতলার দুই পাশের কক্ষগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই তলা মিলে ২০০-এর ওপরে শিক্ষার্থী ছিল। আর নিচতলায় ছিল ১০০-১২০ শিক্ষার্থী। তবে নিচতলার শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে’।
তিনি আরও জানান, ক্লাস চলাকালীন হলে সাধারণত ২০০ থেকে ২২০ শিক্ষার্থী থাকার কথা। যেহেতু বিরতি চলছিল এজন্য এই সংখ্যা কমবেশি হতে পারে। যদিও স্কুলটির পক্ষ থেকে আহত বা নিহতদের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে আইএসপিআর মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তালিকায় ২৭ জন নিহতের কথা বলা হয়, যাদের মধ্যে ২৩ জন শিশু। রাতে নিহতের সংখ্যা বেড়ে ৩২-এ পৌঁছায়।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে অনেকের পরিচয় শনাক্ত করা হয়নি। ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, ৬টি রাখা হয়েছে সিএমএইচের মর্গে। নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ রাজশাহীতে দাফন করা হয়েছে।
আইএসপিআরের তালিকা অনুযায়ী এ ঘটনায় মোট আহত হয়েছেন ১৬৫ জন। তাদের মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ৮, বার্ন ইনস্টিটিউটে ৪৬, ঢাকা মেডিকেলে ৩, সিএমএইচে ২৮, লুবনা জেনারেল হাসপাতালে ১৩, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১, ইউনাইটেড হাসপাতালে ২ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য