ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সরকারি কর্মচারীদের আন্দোলন

সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক
২৭ মে, ২০২৫ ১৩:৯
অনলাইন ডেস্ক
সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন

সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে আন্দোলনের মধ্যে আজ মঙ্গলবার সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্যরা।

সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এদিন সকাল থেকেই সচিবালয়ের সামনে সোয়াট, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন। কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কারো প্রবেশের অনুমতি মিলছে না।

এর আগে, সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করা হলো।

প্রাসঙ্গিক
মন্তব্য

দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
২৬ মে, ২০২৫ ১৯:৪৬
অনলাইন ডেস্ক
দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না বলে জানিয়েছে সেনা সদর। করিডর একটি ‘স্পর্শকাতর’ বিষয় বলে উল্লেখ করেছে তারা।

সোমবার (২৬ মে) দুপুরে সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ  কথা জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্স ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনশৃঙ্খলার অবস্থা আগের তুলনায় স্থিতিশীল অবস্থায় আছে বা কিছুটা ভালো অবস্থায় আছে। আমরা দিনরাত নিরলসভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। আইনশৃঙ্খলার উন্নয়ন শুধু সেনাবাহিনীর একার দায়িত্ব নয়, এখানে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দায়িত্ব রয়েছে। সকলে মিলে সমন্বিতভাবে কাজ করলে আইনশৃঙ্খলার অবস্থা অচিরেই আরও উন্নত হবে বলে আমরা আশা করছি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে করিডর নিয়ে আলোচনা হচ্ছে, এখানে নিরাপত্তার বিষয় জড়িত। এই করিডর নিয়ে সেনাবাহিনী কী ভাবছে– জানতে চাইলে মিলিটারি অপারেশন্স ডিরেক্টরেটের কর্নেল স্টাফ বলেন, করিডর একটি স্পর্শকাতর বিষয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না।

বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, এ বিষয়টি সেনাবাহিনী কীভাবে দেখছে এবং কী পদক্ষেপ নিচ্ছে– এমন প্রশ্নের জবাবে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, আরাকান আর্মির সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। গণমাধ্যমে আসা এসব খবরের সঠিকতা ও বস্তুনিষ্ঠতা যথেষ্ট বিবেচনার দাবি রাখে।

অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধান নির্বাচন, করিডর, বন্দর ও স্টারলিংক নিয়ে কথা বলেন জানা গেছে বিভিন্ন মাধ্যমে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচনের বিষয়ে সেনাবাহিনীর কোনো অবস্থান আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সেনাবাহিনী প্রধান যেকোনো সময় বা সময়ে সময়ে অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে কথা বলে থাকেন, দিকনির্দেশনা দিয়ে থাকেন। এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র। অফিসার্স অ্যাড্রেসে আমরা কোনো সাংবাদিককে ডাকিনি, সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশে কোনো ভাষণও দেননি অথবা আইএসপিআরও সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। সুতরাং গণমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে যা প্রকাশ করা হয়েছে এর সঠিকতা ও বস্তুনিষ্ঠতা যথেষ্ট বিবেচনার দাবি রাখে।

করিডর, বন্দর ও স্টারলিংক নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা হচ্ছে, এসব বিষয় দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এ বিষয়ে সেনাবাহিনী কী পদক্ষেপ নিচ্ছে– জানতে চাইলে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না।

দেখা গেছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের একটি সশস্ত্র গোষ্ঠী বৈঠক করেছে। বিষয়টি সেনাবাহিনী কীভাবে দেখছে– জানতে চাইলে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, এই দলটি আত্মস্বীকৃত একটি সন্ত্রাসী দল, যারা সংঘাতপূর্ণ কাজ করে থাকে। সুতরাং তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমুচিত নয় বলে আমরা মনে করি।

নির্বাচন, করিডর নিয়ে সেনাবাহিনী ও সরকারের মুখোমুখি কোনো অবস্থান আছে কি না– জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়গুলো নিয়ে মুখোমুখি কোনো অবস্থান দেখছি না। আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসঙ্গে দেশের জন্য দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করে যাচ্ছি।

দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যদি কোনো হুমকি আসে সেক্ষেত্রে সেনাবাহিনী কী করবে– জানতে চাইলে মিলিটারি অপারেশন্স ডিরেক্টরেটের এ কর্নেল স্টাফ বলেন, দেশের সার্বভৌমত্ব বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা একত্রে এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি। ভবিষ্যতেও সেনাবাহিনী দেশের জন্য দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সঙ্গে কাজ করে যাবে।

মন্তব্য

বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস

অনলাইন ডেস্ক
২৬ মে, ২০২৫ ১৯:৪৩
অনলাইন ডেস্ক
বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস

বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকার চীনা দূতাবাস। রোববার রাতে দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। 

গ্লোবাল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে— চীনা নাগরিকদের বিদেশিদের বিয়ের ক্ষেত্রে আইন কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে  সতর্কবার্তায়। এ ছাড়াও অবৈধ ম্যাচমেকিং এজেন্টদের এড়িয়ে চলতে এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্মের আন্তঃসীমান্ত ডেটিংয়ের বিষয়বস্তু দেখে বিভ্রান্ত না হতে পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস চীনা নাগরিকদের ‘বিদেশি স্ত্রী কেনা’র ধারণা থেকে বের হয়ে আসার এবং বাংলাদেশে বিবাহ করার আগে ভালোভাবে চিন্তা করার পরামর্শ দিয়েছে।

জানা যায়, চীনে নারী-পুরুষ অনুপাতের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় সে দেশের বহু পুরুষ বিবাহের জন্য অন্য দেশ থেকে হবু স্ত্রীকে আনার পরিকল্পনা করছেন। টাকার বিনিময়ে কিছু কিছু এজেন্সি এই সম্ভাব্য স্ত্রী খুঁজে দেওয়ার কাজ করছে। আর এর আড়ালে চলছে মানবপাচার।

চীনা দূতাবাস জানিয়েছে, তাদের দেশ কোনো এজেন্সিকে আন্তঃসীমান্ত বিবাহ ম্যাচমেকিং পরিষেবা চালানোর অনুমতি দেয় না। তাই চীনা নাগরিকদের এসব এজেন্সি থেকে দূরে থাকতে এবং অনলাইন রোমান্স স্ক্যাম থেকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে, যাতে আর্থিক ও ব্যক্তিগত উভয় ক্ষতি এড়ানো যায়। এ ধরনের কেলেঙ্কারির শিকার ব্যক্তিদের দ্রুত চীনের জননিরাপত্তা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে বলেছে দূতাবাস।

বার্তায় দূতাবাস মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে সতর্ক করেছে যে, বাংলাদেশে অবৈধ আন্তঃসীমান্ত বিবাহে জড়িতরা মানবপাচারের সন্দেহে গ্রেপ্তার হতে পারেন।

দূতাবাস আরও উল্লেখ করেছে, বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া সাধারণত দীর্ঘ হয়। যদি কেউ মানবপাচারের সন্দেহে গ্রেপ্তার হন তবে আইনি প্রক্রিয়া শেষে রায় পেতে কয়েক মাস বা এমনকি কয়েক বছর লাগতে পারে। সেক্ষেত্রে ব্যক্তির জীবন ও পারিবারিক পুনর্মিলন মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    গরুর ৫ ও খাসি-বকরির ২ টাকা বাড়িয়ে

    কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

    অনলাইন ডেস্ক
    ২৫ মে, ২০২৫ ১৯:৩
    অনলাইন ডেস্ক
    কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

    কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার দাম গতবছরের চেয়ে এবারও ৫ টাকা বাড়িয়ে ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার। আর ঢাকার বাইরে ৫ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা করা হয়েছে। একই সঙ্গে খাসি ও বকরির চামড়ার দাম ২ টাকা বাড়ানো হয়েছে।

    রোববার (২৫ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব কথা জানান।

    বাণিজ্য উপদেষ্টা বলেন, ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকায় গরুর চামড়া প্রতি পিস ১৩৫০ টাকার নিচে কেনা যাবে না এবং ঢাকার বাইরের চামড়া ১১৫০ টাকার নিচে কেনা যাবে না।

    তিনি বলেন, আমরা আশা করি এর চেয়ে কমে চামড়া বিক্রি হবে না। সরকার চামড়ার নায্য দাম নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। জেলা এবং উপজেলা পর্যায়ে ঈদের পর অন্তত ১৫ দিন পর্যন্ত কাঁচা চামড়া স্থানীয় ব্যবস্থাপনায় সংরক্ষণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ, হাট-বাজার ব্যবস্থাপনাসহ তিন মাসের জন্য কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির শর্ত শিথিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ঢাকায় ১০ দিনের আগে কাঁচা চামড়া প্রবেশ করতে দেওয়া হবে না।

    সবাইকে তড়িঘড়ি করে বিক্রি না করে চামড়া সংরক্ষণের আহ্বান জানিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, কোরবানির ঈদে সুষ্ঠু চামড়া ব্যবস্থাপনা ও পশু পরিবহনে সার্বিক নিরাপত্তার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের হেল্প লাইন নম্বর ৯৯৯ থেকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করা হবে। পাশাপাশি এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়েও বিশেষ কন্ট্রোল সেলের ব্যবস্থা করা হবে।

    গতবছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়া ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

    মন্তব্য

    প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় যাচ্ছেন বিভিন্ন দলের নেতারা

    অনলাইন ডেস্ক
    ২৫ মে, ২০২৫ ১৮:২৪
    অনলাইন ডেস্ক
    প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় যাচ্ছেন বিভিন্ন দলের নেতারা

    প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছেন বিভিন্ন দলের নেতারা। দুই দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। 

    রোববার (২৫ মে) বিকেল ৫টা ২০ মিনিটে প্রথম দফার বৈঠকে অংশ নিতে যাওয়া নেতারা যমুনায় প্রবেশ করেন।

    জানা গেছে, প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন কর্নেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

    সন্ধ্যা ৬টায় দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি। 

    প্রাসঙ্গিক
      মন্তব্য
      সর্বশেষ সংবাদ
        সর্বাধিক পঠিত