ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

মেডিকেল ভর্তি পরীক্ষার একদিন আগে ৬ কলেজের ভর্তি প্রক্রিয়া স্থগিত

নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৫০
নিজস্ব প্রতিবেদক
মেডিকেল ভর্তি পরীক্ষার একদিন আগে ৬ কলেজের ভর্তি প্রক্রিয়া স্থগিত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আগের দিন দেশের ছয়টি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর মধ্যে দুটি মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ভর্তি কার্যক্রম স্থগিত হওয়া মেডিকেল কলেজগুলো হলো-

১. উত্তরা আইচি মেডিকেল কলেজ

২. নর্দান মেডিকেল (ঢাকা)

৩. নর্দান মেডিকেল (রাজশাহী)

৪. শাহ মাখদুম মেডিকেল কলেজ (ঢাকা)

৫. কেয়ার মেডিকেল কলেজ এবং

৬. সাভারের নাইটেঙ্গেল মেডিকেল কলেজ।

এর মধ্যে কেয়ার মেডিকেল কলেজ ও সাভারের নাইটেঙ্গেল মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব মেডিকেল কলেজ শিক্ষার্থী ভর্তি করার জন্য উপযুক্ত না। বেসরকারি মেডিকেল কলেজের আইন রয়েছে। অতীতে আইনের ব্যত্যয় ঘটতে পারে। তবে এখন থেকে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

তিনি বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এক ঘণ্টাব্যাপী দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হবে। ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে যার মোট আসন ৫৩৮০ টি। এ ছাড়া বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজ রয়েছে যার মোট আসন ৬ হাজার ২৯৫টি।

প্রশ্নফাঁস বন্ধে ডিজিটালাইজেশন ব্যবস্থা প্রসঙ্গে ডা. সামন্ত লাল সেন বলেন, এমবিবিএস ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি ও অনিয়ম বন্ধ এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ভর্তি প্রক্রিয়া ডিজিটালাইজেশনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিগত কয়েক বছর অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন এবং ডিজিটালাইজেশনের ফলে প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছে এবং একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে।

ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও দায়িত্বরতদের জন্য নির্দেশনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভর্তি পরীক্ষার দিন সকাল ৮টায় হলের গেট খুলবে। এদিন সকাল সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীরা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি নিয়ে আসবেন।

পরীক্ষার দিন কেন্দ্রসমূহের আশপাশের ফটোকপি মেশিন বন্ধ থাকবে। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো প্রকার অসদাচরণ/প্রতারণা/গুজব ছড়ানোর সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্সি পরীক্ষার শিডিউল প্রকাশ

    নিজস্ব প্রতিবেদক
    ৩ জানুয়ারি, ২০২৪ ১৪:১
    নিজস্ব প্রতিবেদক
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্সি পরীক্ষার শিডিউল প্রকাশ

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অধীনস্থ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জানুয়ারি-২০২৪ এর রেসিডেন্সি কোর্সের (এমডি/এমএস) ফেজ-এ এবং ফেজ-বি এর লিখিত পরীক্ষার শিডিউল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হাকীম স্বাক্ষরিত পরীক্ষার শিডিউল বিএসএমএমইউর নিজস্ব ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) প্রকাশ করা হয়।

    এতে বলা হয়, এমডি-এমএস ফেইজ-এ পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা বেলা সাড়ে ১২টা পর্যন্ত পেপার-১ এবং ১৭ জানুয়ারি (বুধবার) সকাল সাড়ে ৯টা বেলা সাড়ে ১২টা পর্যন্ত পেপার-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এছাড়াও এমডি-এমএস ফেইজ-বি আগামি ১৬ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর ২টা বিকেল ৫টা পর্যন্ত পেপার-১ এবং ১৭ জানুয়ারি (বুধবার) দুপুর ২টা বিকেল ৫টা পর্যন্ত পেপার-২ অনুষ্ঠিত হবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নিজেই নিজের বেতন বাড়ালেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

      নিজস্ব প্রতিবেদক
      ২৫ জুন, ২০২৩ ১১:৪৮
      নিজস্ব প্রতিবেদক
      নিজেই নিজের বেতন বাড়ালেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

      চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের বিরুদ্ধে নিজেই নিজের বেতন বৃদ্ধির অভিযোগ উঠেছে। উপাচার্য ডা. মো. ইসমাইল খানের নিয়োগ অনুযায়ী বেতন স্কেল তৃতীয় গ্রেডে হওয়ার কথা থাকলেও তিনি নিয়ম না মেনে প্রথম গ্রেডে বেতন নিচ্ছেন বলে জানা গেছে। এমনকি তার নিজের বেতন বৃদ্ধির বিষয়টি সিন্ডিকেটে পাসও করিয়ে নিয়েছেন। যা সঠিক হয়নি বলে মত দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

      এছাড়া তিনি নিজের ব্যক্তিগত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের রাজস্ব তহবিল থেকে ৩ লাখ টাকা নিয়েছেন বলে জানা গেছে। উপাচার্যের বেতন বৃদ্ধিসহ এ রকম সাত খাতে প্রতিষ্ঠানটিতে আর্থিক অনিয়ম পেয়েছে ইউজিসির পর্যবেক্ষক দল। ইউজিসিকে এসব অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে দলটি। ইউজিসির বাজেট পর্যালোচনা দল চমেবির আটটি খাতে পর্যবেক্ষণ দিয়েছে। এর মধ্যে সাতটি খাতে আর্থিক অনিয়ম পাওয়ার কথা জানায় দলটি। গত মাসের ২৩ তারিখে এসব বিষয় উল্লেখ করে একটি পরিপত্র প্রকাশ করে ইউজিসি।

      ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক (বাজেট) মো. হাফিজুর রহমানের সই করা ওই পর্যবেক্ষণে বলা হয়, সরকারি নিয়ম অনুযায়ী উপাচার্য সর্বশেষ প্রতিষ্ঠান থেকে আহরিত বেতন-ভাতাদির সমপরিমাণ অর্থ মাসিক বেতন হিসেবে প্রাপ্য হবেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নিয়ম পরিবর্তন করে তাঁর বেতন প্রথম গ্রেডে উন্নীত করে। এই এখতিয়ার সিন্ডিকেটের নেই।

      উল্লেখ্য, সরকারের সর্বশেষ পে-স্কেল অনুযায়ী প্রথম গ্রেডে সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা। এর সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা মিলিয়ে মোট বেতন-ভাতা দাঁড়ায় ১ লাখ ৪০ হাজার টাকা।

      কিন্তু চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ইসমাইল খান প্রথম গ্রেডে মূল বেতন পান ৮৩ হাজার টাকা। আর ভাতাসহ তিনি পান মোট প্রায় ১ লাখ ৪২ হাজার টাকা। অথচ তাঁর তৃতীয় স্কেলে মূল বেতন ছিল ৭৪ হাজার টাকা। এ অবস্থায় এলপিসি অনুযায়ী তাঁর বেতন নেওয়ার ব্যবস্থা করার জন্য সুপারিশ করেছে ইউজিসির পর্যবেক্ষণ দল।

      এ ছাড়া উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন ও ডিপিপিসংক্রান্ত সমন্বয় সভার ব্যয় বাবদ রাজস্ব খাত থেকে ১ লাখ ৫৪ হাজার টাকা পরিশোধ করে বিশ্ববিদ্যালয়। এতেও নিয়মের ব্যত্যয় এবং আর্থিক ক্ষতি হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে ইউজিসির পর্যবেক্ষণ দল। তারা মতামত দেয়, উন্নয়ন প্রকল্পে কোনো প্রকার অর্থ রাজস্ব তহবিল থেকে প্রদান করা যাবে না। এরপরও রাজস্ব তহবিল থেকে ব্যয় করায় আর্থিক অনিয়ম হয়েছে।

      অভিযোগের বিষয়ে উপাচার্য ইসমাইল খান বলেন, ‘২০১২ সালে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে বেতন স্কেল গ্রেড-৩-তে ফার্মাকোলজি বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলাম। পরে ঢাকা মেডিকেল কলেজে অধ্যক্ষ ও ডিন হিসেবে যোগদান করি। সব মিলিয়ে আমার প্রফেশনালিজম অনেক বছরের, সে জন্য প্রথম গ্রেডে বেতন নেওয়ার যোগ্যতা রাখি।’

      এছাড়া , ‘ইউজিসি ২০২১-২২ অর্থবছরে সংশোধিত বাজেটে চিকিৎসা বাবদ ৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়। সেটি আমি খরচ করি। এই সব বিষয়ে ইউজিসিকে লিখিত আকারে জানিয়েছি।’

      তবে ইউজিসি কতৃপক্ষ বলছে , তৃতীয় গ্রেডে নিয়োগ হয়েও প্রথম গ্রেডে বেতন নেওয়ার কোনো সুযোগ নেই। সিন্ডিকেটে পাস করলেও পারা যায় না। এলপিসি অনুযায়ী বেতন নিতে হবে। এই নিয়ম না মানলে অবশ্যই অনিয়ম হয়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        এফসিপিএস সাব-স্পেশালিটিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

        নিজস্ব প্রতিবেদক
        ৩ এপ্রিল, ২০২৩ ১৩:২
        নিজস্ব প্রতিবেদক
        এফসিপিএস সাব-স্পেশালিটিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

        বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই-২০২৩ সেশনের প্রার্থীগণের নিকট থেকে এফসিপিএস-সাব স্পেশালিটিতে ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

        রোববার (২ এপ্রিল) বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রকাশিত উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

        বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউর রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি, ফিটো ম্যাটারন্যাল মেডিসিন, গাইনোকোলজিক্যাল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, কলোরেক্ট্রাল সার্জারি ও হেপাটোবিলিয়ারি সার্জারি সাব-স্পেশালিটিতে প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক এমএস/এফসিপিএস (অব্স্ এন্ড গাইনি/জেনারেল সার্জারি) ডিগ্রিপ্রাপ্ত সরকারি, বেসরকারি এবং বিএসএমএমইউ প্রার্থীগণের নিকট থেকে জুলাই-২০২৩ ইং সেশনের জন্য নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmmu.edu.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।’

        এতে বলা হয়েছে, ‘পূরণকৃত আবেদনপত্র আগামী ৩০ এপ্রিল বেলা ২.৩০টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র এবং পূবালি ব্যাংক লিমিটেড , শাহবাগ এভিনিউ শাখায় ‘বিএসএমএমইউ এ্যাডমিশন ফান্ড হিসাব নম্বর-০৯৪৭১০২০০১৭৩১’ এ তিন হাজার টাকা জমাদানের রশিদসহ রেজিস্ট্রার কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।’

        বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          মেডিকেলে ‘সিজিপিএ’ বাতিল করে ‘ক্যারি অন’ পদ্ধতি বহাল

          নিজস্ব প্রতিবেদক
          ১০ জানুয়ারি, ২০২৩ ১৬:৫৭
          নিজস্ব প্রতিবেদক
          মেডিকেলে ‘সিজিপিএ’ বাতিল করে ‘ক্যারি অন’ পদ্ধতি বহাল

          মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরীক্ষা ব্যবস্থায় নতুন করে প্রণীত ‘সিজিপিএ’ পদ্ধতি বাতিল করে পুরনো ‘ক্যারি অন’ পদ্ধতি বহালের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

          মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

          তিনি জানান, মেডিকেল শিক্ষার্থীরা ‘ক্যারি অন’ পদ্ধতি বহালের দাবিতে আন্দোলন করে আসছিল। বিএমডিসির সভায় সর্ব সম্মতিক্রমে এটি বহালের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শিগগিরই বিজ্ঞপ্তি জারি করা হবে।

          আরও পড়ুন : সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলন

          লিয়াকত হোসেন বলেন, দুই একদিনের মধ্যে আমরা সকল মেডিকেল কলেজগুলোতে লিখিত নির্দেশনা পাঠাব। নির্দেশনা পাওয়া মাত্রই এটি কার্যকর শুরু হবে।

          উল্লেখ্য, দেশের সব মেডিকেল কলেজে সিজিপিএ পদ্ধতি বাতিল এবং ক্যারি অন পদ্ধতি বহাল রাখার দাবিতে গত রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ওই দিন একই দাবিতে বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেনের কাছে স্মারকলিপি জমা দেন তারা। পরে তিনি আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত