ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

মদিনা থেকে ফিরেই চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে গেল বিমান

অনলাইন ডেস্ক
৫ জুলাই, ২০২৫ ১২:৪৪
অনলাইন ডেস্ক
মদিনা থেকে ফিরেই চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে গেল বিমান

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি-১৩৮) রানওয়েতে আটকা পড়েছে। এ ঘটনায় অন্য উড়োজাহাজগুলো চলাচলে বিঘ্ন ঘটেছে। উড়োজাহাজটিতে প্রায় ৪০০ হজযাত্রী ও প্রবাসী যাত্রী রয়েছেন।

পবিত্র হজ পালন শেষে উড়োজাহাজটিতে ফিরছিলেন চট্টগ্রামের দোস্ত মোহাম্মদ নামের এক যাত্রী। উড়োজাহাজে বসে বেলা সোয়া ১১টায় মুঠোফোনে তিনি জানান, সৌদি আরবের মদিনা থেকে উড়োজাহাজটি গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় উড্ডয়ন করে। চট্টগ্রামে সকাল সোয়া ৯টায় অবতরণ করে। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। উড়োজাহাজটি অবতরণের পর ইউটার্ন নেওয়ার সময় রানওয়ের মাঝপথে আটকে যায়। দুই ঘণ্টা ধরে উড়োজাহাজে বসে আছেন তিনি।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি–১৩৮ সকাল সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড়োজাহাজটিকে দ্রুততম সময়ে রানওয়ে থেকে সরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ধামরাইয়ে নাচের কারণে কনের বিয়ে ভাঙার সংবাদটি সত্য নয়

    অনলাইন ডেস্ক
    ৪ জুলাই, ২০২৫ ১৯:৫৮
    অনলাইন ডেস্ক
    ধামরাইয়ে নাচের কারণে কনের বিয়ে ভাঙার সংবাদটি সত্য নয়

    সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া “কনের নাচের কারণে ধামরাইয়ে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে” — এমন দাবি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। ছড়িয়ে পড়া ভিডিওটি কোনো বিয়ের অনুষ্ঠান নয়, বরং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ, যেটিকে মিথ্যা বিয়েবিচ্ছেদের ঘটনার সঙ্গে জুড়ে ভাইরাল করা হয়েছে।

    সম্প্রতি একটি ভুয়া ফেসবুক পেইজ থেকে দাবি করা হয়, ধামরাইয়ের এক কলেজছাত্রীর ‘অশ্লীল’ নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর পাত্রপক্ষ বিয়ে বাতিল করে। ওই ভিডিওতে দেখা যায়, একজন তরুণী মঞ্চে নৃত্য পরিবেশন করছেন, যা দেখে নেটিজেনদের একাংশ কটাক্ষ শুরু করেন। ঘটনাটি সামাজিক মাধ্যমে চরম আলোড়ন তোলে।

    তবে অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি এই বিয়ের ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। এমনকি ধামরাইয়ে এ ধরনের কোনো বিয়েবিচ্ছেদের ঘটনাও ঘটেনি। ভুয়া তথ্য ছড়ানোর জন্য ওই ফেসবুক পেইজটিই পরবর্তী পোস্টে স্বীকার করে যে ভাইরাল হওয়া ভিডিও ও তরুণীর সঙ্গে বিয়েবিচ্ছেদের কোনো সম্পর্ক নেই।

    এদিকে, ইউটিউবার ও কিছু অনলাইন চ্যানেল ইচ্ছাকৃতভাবে ভাইরাল ভিডিওটিকে বিভ্রান্তিকর শিরোনাম ও বানানো সংলাপসহ ছড়িয়ে দেয়। এতে স্থানীয় এক কলেজছাত্রী ও তার পরিবারের মানসম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়।

    আইনজীবীরা বলছেন, এ ধরনের গুজব ছড়ানো, কারও সম্মানহানিকর ভিডিও ছড়ানো এবং ভুল তথ্য প্রকাশ ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় গুরুতর অপরাধ। ভুক্তভোগী পরিবার চাইলে মানহানি ও সাইবার অপরাধে মামলা করতে পারেন।

    বিশেষজ্ঞরা মনে করছেন, সামাজিক মাধ্যমে দায়িত্বহীন কনটেন্ট ছড়ানো রোধে কড়া নজরদারি ও আইনি ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ধনেপাতার কেজি ৬০০ টাকা

      অনলাইন ডেস্ক
      ৪ জুলাই, ২০২৫ ১৭:১৯
      অনলাইন ডেস্ক
      ধনেপাতার কেজি ৬০০ টাকা

      খুলনার বাজারে ধনেপাতার মূল্য এখন আকাশচুম্বি। এক মাস আগেও যে ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, এখন সেটি বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে। যা নিম্নআয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে।

      বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বাজারে ধনেপাতার সরবরাহ কম, আর মূল্য অস্বাভাবিক। প্রতি ১০০ গ্রাম ধনেপাতা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। অনেকে মূল্য শুনেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। 

      বিক্রেতারা বলছেন, শীতের মৌসুমে প্রতি কেজি ধনেপাতার দাম থাকে ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। এখন হাতে গোনা কয়েকটি দোকানে ধনেপাতা পাওয়া যাচ্ছে। তাই দাম বেশি।

      সরকারি ব্রজলাল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ধনেপাতা দিয়ে সুস্বাদু খাবার বা আচার তৈরি হয়। বর্তমানে এই পাতার মূল্য অনেক বেশি, যা আমাদের মতো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। কিছুদিন আগেও ১০০ গ্রাম ধনেপাতা ২০ টাকায় কিনেছি, এখন সেটি কিনতে হচ্ছে ৬০ টাকায়। 

      শেখপাড়া হেফজখানার ছাত্র জুবায়ের হোসেন বলেন, প্রতি বৃহস্পতিবার মাদ্রাসার বন্ধুরা ১৫-২০ টাকা করে চাঁদা তুলে ছোলা-মুড়ি খাই। এর সঙ্গে যদি ধনেপাতা না দেওয়া হয়, তাহলে শূন্যতা থেকে যায়। দাম যতই হোক, আমাদের ধনেপাতা চাই। আজ দাম বেশি হওয়ায় ৫০ গ্রাম কিনেছি ৩০ টাকায়। 

      খুলনার ময়লাপোতা সন্ধ্যা বাজারের সবজি বিক্রেতা সেলিম হোসেন বলেন, এখন বর্ষার মৌসুম চলছে। যারা ধনেপাতার চাষ করছেন, তারা ক্ষেতের ওপর পলিথিন দিয়ে ঢেকে রাখছেন যেন বৃষ্টির পানি না লাগে। এত যত্ন নেওয়ার পরও ফলন কম হচ্ছে, তাই সরবরাহ কমে গেছে। এ কারণেই দাম বেড়েছে। 

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা

        অনলাইন ডেস্ক
        ৪ জুলাই, ২০২৫ ১৬:৪৮
        অনলাইন ডেস্ক
        মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা

        নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে নিজের বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে।

        শুক্রবার (৪ জুলাই) সকালে  উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মাহবুব (৪২)। ঘটনার পর থেকে তার ছেলে মো. ইয়াসিন (২২) পলাতক রয়েছে।

        এলাকাবাসী জানায়, সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার টাকা দাবি করেন। মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাথাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাহবুব কৃষি কাজ করতেন। অভিযোগ রয়েছে, ছেলে ইয়াসিন মাদকাসক্ত ছিলেন।

        আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

        মন্তব্য

        মুরাদনগরে নারীকে নির্যাতন করে ভিডিও

        ‘বড় ভাই ফজর আলীকে শায়েস্তা করতে ভিডিও ছড়ায় ছোট ভাই শাহ পরান’

        অনলাইন ডেস্ক
        ৪ জুলাই, ২০২৫ ১৪:২৫
        অনলাইন ডেস্ক
        ‘বড় ভাই ফজর আলীকে শায়েস্তা করতে ভিডিও ছড়ায় ছোট ভাই শাহ পরান’

        কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের পর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী মো. শাহ পরানকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

        র‍্যাব জানায়, শাহ পরান ও অভিযুক্ত ফজর আলী আপন দুই ভাই। দুই মাস আগে একটি গ্রাম্য সালিসে বড় ভাই ফজর আলী জনসমক্ষে ছোট ভাই শাহ পরানকে চড়-থাপ্পড় মারেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই শাহ পরান বড় ভাইয়ের ওপর প্রতিশোধ নিতে সুযোগ খুঁজছিলেন।

        শুক্রবার (৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

        তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে কুমিল্লার বুড়িচং থানার কাবিলা বাজার এলাকা থেকে শাহ পরানকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

        লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, বাহেরচর গ্রামের শহিদের বড় ছেলে ফজর আলী ও ছোট ছেলে শাহ পরান দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দুই মাস আগে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে গ্রাম্য সালিসে জনসম্মুখে বড় ভাই ফজর আলী তার ছোট ভাই শাহ পরানকে চর-থাপ্পর মারে। তৎপরবর্তী সময় শাহ পরান তার বড় ভাইয়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগের সন্ধানে থাকে। সালিসের কিছুদিন পর ভুক্তভোগী নারীর মা ফজর আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা সুদের বিনিময়ে লোন নেয়।

         ‘বড় ভাইকে শায়েস্তা করতে ভিডিও ছড়ায় ছোট ভাই শাহ পরান’

        ঘটনার দিন ভুক্তভোগী নারীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ফজর আলী সুদের টাকা আদায়ের অজুহাতে রাত সাড়ে ১১টার দিক কৌশলে ওই নারীর শয়নকক্ষে প্রবেশ করে। একই সময় পূর্বপরিকল্পিতভাবে ভুক্তভোগী নারীর বাড়ির আশপাশে অবস্থান করা শাহ পরান ও ফজর আলীর পূর্বশত্রু একই গ্রামের আবুল কালামসহ অনিক, আরিফ, সুমন, রমজানসহ ৮ থেকে ১০ জন দরজা ভেঙে প্রবেশ করেই ভুক্তভোগীকে শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি ও অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে এবং পরে ওই ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

        ঘটনার পর মূলহোতা শাহ পরানসহ আবুল কালাম ও অন্য আসামিরা আত্মগোপন করেন। পরবর্তী সময় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শাহ পরানকে গ্রেপ্তার করা হয়।

        প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাহ পরান স্বীকার করেছেন যে, পূর্বশত্রুতার কারণে তার ভাই ফজর আলীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পিতভাবে তার নির্দেশনা মোতাবেক অন্যদের সহায়তায় ভুক্তভোগী নারী ও ফজর আলীকে নির্যাতন, শ্লীলতাহানি ও অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটায়।

        র‍্যাব-১১ এর অধিনায়ক বলেন, গ্রেপ্তার শাহ পরানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার মুরাদনগর থানায় তাকে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত