ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

অর্ধেক আসন কমিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ক্যাম্পাস প্রতিনিধি
৪ আগস্ট, ২০২৫ ১২:১৩
ক্যাম্পাস প্রতিনিধি
অর্ধেক আসন কমিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সরকারি সাত (০৭)টি কলেজের বিদ্যমান অ্যাকাডেমিক কাঠামো অনুসারে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষার্থী ভর্তি করানো হবে এই সাতটি কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের অধীনে চারটি অনুষদে।


প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বের শিক্ষাবর্ষের চেয়ে বর্তমান বর্ষে শিক্ষার্থী সংখ্যা কমছে অর্ধেকেরও বেশী। 


সাত কলেজের বিজ্ঞান ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে যেখানে আগে ৬৫৫০ জন শিক্ষার্থী ভর্তি নেয়া হতো, সেখানে ১৭৭৭টি আসন কমিয়ে এবার ভর্তি নেয়া হবে মাত্র ৪৭৭৩ জন। যা আগের তুলনায় ২৭.১৩ শতাংশ কম।


অনুরূপভাবে, ব্যাবসায় শিক্ষা ইউনিটের অধীনে থাকা বাণিজ্য অনুষদের বিভিন্ন বিভাগে আগে আসন সংখ্যা ছিলো ৫৩১০ টি; নতুন শিক্ষাবর্ষে তা কমিয়ে আসন নির্ধারণ করা হয়েছে ১৮৮৫টি। এই ইউনিটে আসন কমেছে ৩৪২৫টি, পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে ৬৪.৫২ শতাংশ।


কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বিগত শিক্ষাবর্ষে আসন ছিলো ৯৭০৩ টি, এবারে ৫২১১টি কমিয়ে আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪৪৯২টি। শতকরা হিসেবে আসন কমেছে ৫৩.৭১ শতাংশ। 



বিগত বছরগুলোতে যেখানে সাতটি কলেজে ২৩ হাজারেরও অধিক শিক্ষার্থী ভর্তি নেয়া হতো সেখানে এবার নেয়া হবে মাত্র ১১ হাজার ৯৫০ জন। যা পূর্বের তুলনায় অর্ধেকেরও কম।

 

প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি আবেদন শুরু হবে ৩ আগস্ট ২০২৫ দুপুর ১২টা থেকে এবং চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করতে হবে https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে। আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রদান করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এসএসসি/সমমান এবং ২০২৩ বা ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন প্রত্যাহার করলে টাকা ফেরত দেওয়া হবে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২২ আগস্ট শুক্রবার, বিকেল ৩টা–৪টা, বিজ্ঞান ইউনিটের ২৩ আগস্ট শনিবার, সকাল ১১টা–১২টা, ব্যবসায় শিক্ষা ইউনিটের ২৩ আগস্ট শনিবার, বিকেল ৩টা–৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া, আগামী ১৭ আগস্ট থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু এবং ২০ আগস্ট থেকে আসন বিন্যাস প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসনের পক্ষ থেকে।

 

এস এম মঈন, সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি

প্রাসঙ্গিক
    মন্তব্য

    শিক্ষকের সাথে অসদাচরণের অভিযোগে জবি রেজিস্ট্রারের পদত্যাগ দাবি

    ক্যাম্পাস প্রতিনিধি
    ৩ আগস্ট, ২০২৫ ২০:২৮
    ক্যাম্পাস প্রতিনিধি
    শিক্ষকের সাথে অসদাচরণের অভিযোগে জবি রেজিস্ট্রারের পদত্যাগ দাবি

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আবু রায়হান সিদ্দিকের সাথে অসদাচরণের অভিযোগে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 


    রোববার (৩ আগস্ট) ভাষা শহীদ রফিক ভবনের সামনে এই মানববন্ধন করেন তারা। শিক্ষার্থীরা বলেন, তিনি শুধু শিক্ষার্থীদের সাথে নয়, আমাদের বিভাগের স্যারের সাথে বাজে ব্যবহার করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলতে চাই জুলাই পরবর্তী সময়ে এ রকম স্বৈরাচারী আচরণ মেনে হওয়া হবে না। তিনি যদি স্বৈরাচার হয়ে উঠতে চান তাহলে তার অবস্থা ভালো হবে না।  


    এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমরা যখন কোনো যৌক্তিক প্রশ্ন বা সমস্যা নিয়ে তার দপ্তরে যায় তখন তিনি আমাদের সাথে সহানুভূতির পরিবর্তে তিনি বিরূপ এবং অপমানজনক ভাষায় প্রতিক্রিয়া জানান। একজন প্রশাসনিক কর্মকর্তার এমন আচরণ শুধুমাত্র একজন শিক্ষার্থী নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে।


    খোজ নিয়ে জানা গেছে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আবু রায়হান সিদ্দিক ইউজিসি ফান্ডেড স্কলারশিপ পাওয়ার পর ইউজিসি প্রদত্ত শর্ত অনুযায়ী একটি ত্রিপক্ষীয় চুক্তিপত্রে স্বাক্ষর নিতে গিয়ে রেজিস্ট্রারের নিকট গেলে বাজে আচরনের শিকার হন। ওই শিক্ষককে নানাভাবে হেনস্তা করেন রেজিস্ট্রার গিয়াসউদ্দিন আহমদ। 


    এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক বলেন, ইউজিসি থেকে আমাকে দ্রুত সময়ে ত্রিপক্ষীয় চুক্তিপত্রের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়। আশা করেছিলাম এ বিষয়ে রেজিস্ট্রার মহোদয়ের কাছে গেলে তিনি আন্তরিকতার সাথে স্বাক্ষর করে দিবেন। এরপরও কয়েক দফায় সারাদিন ঘুরে যখন ওনার স্বাক্ষরের জন্য শেষবার যাই আবার কেন গিয়েছি জানতে চেয়ে তিনি লাঞ্চ করবেন বলে কক্ষ থেকে চলে যেতে বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তার এমন ব্যবহারে খুবই হতবাক ও মর্মাহত হয়েছি। এমন দায়িত্বশীল পদে থেকে কারো সঙ্গে এমন ব্যবহার করা সমীচীন নয়।

    মন্তব্য

    ভিসেরা রিপোর্টের প্রতিবেদন: শ্বাসরোধে মৃত্যু হয়েছে ইবি শিক্ষার্থী সাজিদের

    ক্যাম্পাস প্রতিনিধি
    ৩ আগস্ট, ২০২৫ ২০:৫
    ক্যাম্পাস প্রতিনিধি
    ভিসেরা রিপোর্টের প্রতিবেদন: শ্বাসরোধে মৃত্যু হয়েছে ইবি শিক্ষার্থী সাজিদের

    শ্বাসরোধে মৃত্যু হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কোরআন এন্ড স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ'র। রবিবার সজিদের মৃত্যুর চূড়ান্ত ভিসেরা রিপোর্ট কুষ্টিয়া আদালতের মাধ্যমে তদন্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এতে শ্বাসরোধে সাজিদের মৃত্যু হয় বলে উল্লেখ করা হয়। 


    রিপোর্ট বলা হয়, ‘শ্বাসরোধজনিত কারণে সাজিদের শ্বাসনালী বন্ধ হয়ে যায় এবং এটি হত্যাকাণ্ডের চিহ্নও বহন করে। এছাড়া সাজিদ আব্দুল্লাহ'র মরদেহ ময়নাতদন্তের ৩০ ঘন্টা আগে তার মৃত্যু হয় বলেও উল্লেখ করা হয়’। অর্থাৎ, গত ১৬ জুলাই বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। এরপর গত ১৭ জুলাই সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়।


    ভিসেরা রিপোর্ট প্রকাশের পর সাজিদের বাবা বলেন, "আমরা শুরু থেকেই বলেছিলাম আমাদের ছেলে সাঁতার জানতো। সে ঐ পুকুরে ডুবে মরতে পারে না। আজ আমাদের সন্দেহ সত্য প্রমাণিত হলো। দোষীদের খুঁজে বের করা এখন কর্তৃপক্ষের দায়িত্ব। তবে এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে সেটি আমরা অবগত নই। আমরা এ মূহুর্তে কাউকে সন্দেহ করছি না।"


     এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, "পোস্টমর্টেম ও ভিসেরা রিপোর্টের ফলাফলে নিশ্চিত হওয়া গেছে এটি একটি হত্যা মামলা। আমরা এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাজিদের পরিবারের সঙ্গে পরামর্শ করে মামলা দায়ের ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।"



    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দীন

      ক্যাম্পাস প্রতিনিধি
      ৩ আগস্ট, ২০২৫ ২০:২
      ক্যাম্পাস প্রতিনিধি
      ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দীন

      বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন।


      রোববার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) থেকে আগামী তিন বছরের জন্য ফরহাদ উদ্দীনকে চেয়ারম্যানের দায়িত্বপালনের জন্য এ নির্দেশনা প্রদান করা হয়। তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমরান হোসেন এর স্থলাভিষিক্ত হন।


      মো. ফরহাদ উদ্দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের এপ্রিলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২২ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।


      তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি ক্যাম্পাস সাংবসদিকতায় যুক্ত ছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন জনাব মো. ফরহাদ উদ্দীন।


      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ক্যাম্পাস শাটডাউনের হুঁশিয়ারি চবি ছাত্র অধিকার পরিষদের

        ক্যাম্পাস প্রতিনিধি
        ৩ আগস্ট, ২০২৫ ১৯:৩৩
        ক্যাম্পাস প্রতিনিধি
        ক্যাম্পাস শাটডাউনের হুঁশিয়ারি চবি ছাত্র অধিকার পরিষদের

        আগামী দুই কার্যদিবসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) এর তফসিল ঘোষণা না করলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরণ অনশন ও ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছে চবি শাখা ছাত্র অধিকার পরিষদ। 

         

        রোববার (৩ আগষ্ট) বিকাল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতৃবৃন্দ।


        চাকসু নির্বাচন, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এ সময় নেতৃবৃন্দ চাকসুর তফসিল ঘোষণা চেয়ে আগামী দুই কার্যদিবসের মধ্যে তফসিল ঘোষনা না করলে আমরণ অনশন ও ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দেন। 

         

        সংবাদ সম্মেলনে শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ তামজিদ উদ্দীন বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৬ বছর ধরে চাকসু নির্বাচন হয়নি। বর্তমান প্রশাসন রোডম্যাপ দেওয়ার কথা বললেও আজ পর্যন্ত তা প্রকাশ করেনি। চাকসু না হওয়ার পেছনে প্রশাসনের ব্যর্থতা রয়েছে। তারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করতে পারেনি। আমরা আর রোডম্যাপ চাই না, সরাসরি তফসিল চাই। আগামী দুই কার্যদিবসের মধ্যে তফসিল ঘোষণা না করলে আমরা আমরা আমরণ অনশনে বসব এবং ক্যাম্পাসে শাটডাউন পালন করব"। 

         

        তিনি আরও বলেন, ''বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম বাহন শাটল ট্রেন শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার জায়গায় পরিণত হয়েছে। ট্রেনের শিডিউল বিপর্যয়ে শিক্ষার্থীরা ক্লাস মিস করছে। অনলাইন ব্যাংকিং চালু হলেও তার কার্যকর বাস্তবায়ন নেই। এছাড়াও হলগুলোতে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এ বিষয়গুলোর প্রতি প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।''


        তিনি বলেন, "চাকসুতে ছাত্র অধিকার পরিষদ থেকে আমরা একক প্যানেল দেব"।

         

        যুগ্ম সদস্য সচিব মো. সবুজ বলেন, "ঢাবি, রাবি, জাবিতে তফসিল ঘোষণা হলেও চবিতে এ নিয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। চাকসু শিক্ষার্থীদের কথা বলার সাংবিধানিক অধিকার। চাকসু হলে প্রশাসন যাচ্ছেতাইভাবে চলতে পারবে না। আমরা চাই, অবিলম্বে চাকসুর তফসিল ঘোষণা করা হোক। অন্যথায়, শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।''


        শাখা কমিটির কার্যকরী সদস্য ও আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থী মো: মেহেদী হাসান বলেন, "আমি বিশ্বাস করি চবি একটি শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয়। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অনুরোধ করবো, আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চাকসুতে যেন একটি পদ সৃষ্টি করা হয়। পদ সৃষ্টি হলে আমাদের অধিকার সুনিশ্চিত হবে। সাধারণ শিক্ষার্থীরা যেমন চাকসুতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করছে, আমরাও আমাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। এটি আমাদের মৌলিক অধিকার। আমরা সবার সাথে তাল মিলিয়ে রাজনীতির মূলস্রোতে যেতে চাই। এতে আমাদের মেধার বিকাশ ঘটাবে।''

         

        এসময় শাখা কমিটির সদস্য সচিব মো: রোমান রহমান চাকসুতে পূর্বের ১৮টি পদ থেকে বর্তমানে ২৮ টি করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানায়। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য চাকসুতে পদ দাবি করেন। কিন্তু চাকসুতে এমফিল-পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেয়ার বিরোধিতা করেন তিনি এবং প্রার্থীতার বয়স ৩০ থেকে কমিয়ে সর্বোচ্চ ২৮ করতে হবে বলে দাবি জানান।


        সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু হানিফ, যুগ্ম সদস্য সচিব মোঃ মারুফ খান, যুগ্ম সদস্য সচিব মোঃ দিদার মাহমুদ ও কার্যকরী সদস্য রায়হান আব্দুল্লাহ

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত