শিরোনাম
স্বাক্ষর জালিয়াতি: চবির কর্মচারীকে সাময়িক বরখাস্ত
স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অভিযুক্ত কর্মচারী শ্রাবণ সরকার, তিনি আলাওল হলের অফিস পিয়ন। হলটির প্রভোস্ট অধ্যাপক এনামুল হকের অভিযোগের ভিত্তিকে তাকে বরখাস্ত করে প্রশাসন। একই ঘটনায় আলাওল হলের আরও দুই কর্মচারী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
জানা গেছে, প্রভোস্ট এনামুল হকের স্বাক্ষর জালিয়াতি করে ২৫ হাজার টাকা উত্তোলন করে আলাওল হলের কর্মচারী শ্রাবণ। পরে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার ম্যাসেজ যায় প্রভোস্টের কাছে। এতে প্রভোস্ট নিশ্চিত হন, অন্য কেউ তার স্বাক্ষর জালিয়াতি করে টাকা তুলেছেন। পরে তিনি প্রশাসনকে লিখিত অভিযোগ দেন।
এ ঘটনায় শ্রাবণকে সাময়িক বরখাস্ত ও হলটির আরও দুই কর্মচারী শামসুল হুদা ও ছৈয়দ হোসেনকে শোকজ করে প্রশাসন। তবে বিষয়টি জানাজানির পর ওই টাকা জমা দিয়ে দেন শ্রাবণ।
চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শ্রাবণ সরকারকে সাময়িক করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ক্যাম্পাস থেকে ককটেল উদ্ধার, যা বললেন ঢাবি শিবির সভাপতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনে আজ পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
এ নিয়ে সোমবার দুপুরে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ তার ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট করেন।
পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে আজ অবিস্ফোরিত ককটেল উদ্ধার—এটি প্রমাণ করে, ‘ক্যাম্পাস এখনো নিরাপদ নয়’ এই বয়ান প্রতিষ্ঠার চক্রান্ত আজও চলমান।
এসএম ফরহাদ লেখেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে আজকের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি আরও লেখেন, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস গঠনের একমাত্র সমাধান — ডাকসু নির্বাচন। এটি বাস্তবায়নে প্রশাসনকে প্রতিটি সম্ভাব্য কনসার্ন বিবেচনায় নিয়ে যথাযথ সক্ষমতা ও দক্ষতার পরিচয় দিতে হবে।
সবশেষ তিনি লেখেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকা সত্ত্বেও ডাকসু পেছানোর ষড়যন্ত্রকে থামাতে না পারলে—ব্যর্থতার দায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বসম্মানে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।
বেসরকারিতে প্রথম পিএইচডি চালু হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশে প্রথম পিএইচডি প্রোগ্রাম চালু হতে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। সোমবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে পিএইচডি প্রোগ্রাম চালুর উদ্বোধন অনুষ্ঠান হবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউজিসি সূত্র জানায়, ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্ট্রাডিজের (এসওএএস) সঙ্গে যৌথভাবে এ প্রোগ্রামের উদ্বোধন করা হবে। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি থাকবেন।
দীর্ঘদিন ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগাম চালুর দাবি থাকলেও ইউজিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা ও শিক্ষার মান নিয়ে আলোচনা চলছিলো।
গত মে মাসে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছিলেন, সক্ষমতা যাচাই করে উপযুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হবে।
ইউজিসি চেয়ারম্যানের এমন ঘোষণার এক মাসের মাথায় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে দেশে প্রথম পিএইচডি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
ঢাবিতে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজী মোতাহার হোসেন ভবনের সামনে থেকে অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার সকাল ৯টার দিকে ভবনের সামনে গাছের নিচে পাওয়া এসব ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
ঢাবির সহকারী প্রক্টর (আইন অনুষদ) ড. এনামুল হক সজিব বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে নিরাপত্তাকর্মীরা দুটি ওয়ানটাইম বক্সে ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে খবর দিলে শাহবাগ থানা ও বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
তিনি বলেন, এক বক্সে চারটি এবং অন্য বক্সে দুইটি ককটেল ছিল। পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল নিশ্চিত করেছে, এগুলো অবিস্ফোরিত ককটেল।
এ বিষয়ে সহকারী প্রক্টর বলেন, “বিশ্ববিদ্যালয়ের মেডিকেল গেটটি সবসময় খোলা থাকে এবং সেখানে কোনো সিসিটিভি নেই। তাই কারা এগুলো রেখেছে, সেটা বলা যাচ্ছে না।”
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইডেন কলেজের পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর ইডেন মহিলা কলেজের পুকুরের পানিতে ডুবে সানজিদা আক্তার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী।
সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মোহনা ইসলাম নামে ইডেনের ফিনান্স বিভাগের ছাত্রী জানান, সানজিদার বাসা পুরান ঢাকার চকবাজার এলাকায়। বাসায় গিয়ে তাকে পড়ান মোহনা। আজ সকালে তারা ফোনে যোগাযোগ করে একসাথে বাসা থেকে বের হন। উদ্দেশ্য ছিল ইডেন কলেজের পুকুরে দুজনই সাঁতার শিখবেন।
সেই পরিকল্পনামতে ইডেন কলেজের ভেতর ঢুকে দুজনই পুকুরে নামেন। পুকুরের পাড়বাদা সিড়িতে দাঁড়িয়ে গোসল করার সময় পা পিছলে গভীর পানিতে ডুবে যায় সানজিদা। তখন মোহনার চিৎকারে আশপাশের শিক্ষার্থী ও কর্মচারীরা এসে পানি থেকে তাকে তুলেন। এরপর সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থীর মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য