শিরোনাম
বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ নং খেলার মাঠে দুটি খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। ছাত্রীদের ক্রিকেট খেলায় দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে অর্থনীতি বিভাগ এবং ছাত্রদের ক্রিকেট খেলায় পদার্থবিজ্ঞান বিভাগকে হারিয়ে বাংলা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতাটি খুবই চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদেরকে নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত রাখে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। ক্রীড়া চর্চার মাধ্যমে অর্জিত ইতিবাচক মানসিকতা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহবান জানান উপাচার্য।

এসময় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া দুপুরে বিজয় ২৪ হলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিজয় ২৪ হলের প্রভোস্ট মোঃ আমির শরীফসহ সহকারী প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
বেরোবিতে ‘বায়োমেট্রিক হাজিরা করনীয় ও ব্যবহারবিধি’ শীর্ষক সেমিনার
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মচারীদের জন্য ‘বায়োমেট্রেকি হাজিরা করনীয় ও ব্যবহারবিধি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ মে) সকালে কাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এ সময় তিনি বলেন, বেরোবিকে মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হলে সুশৃঙ্খলাবোধ ও পেশাদারিত্বকে গুরুত্ব দিতে হবে। উপাচার্য বলেন, একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে সময়ানুবর্তিতা চর্চা জরুরি। এজন্য সকল বিভাগ ও দপ্তরে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালু করা হয়েছে।তিনি বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা বিদ্যাপীঠে পরিণত করা সম্ভব।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখনে রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
দেশের সর্বস্তরের শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষকরা।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, প্রজাতন্ত্রের সকল বিভাগের সকল কর্মচারীদের জন্য আলাদা বেতন কাঠামো আছে। কিন্তু এদেশের মানুষ গড়ার কারিগর যে শিক্ষকরা তাদের জন্য আলাদা কোন বেতন কাঠামো নেই। এটা একটা স্বাধীন দেশের শিক্ষকদের জন্য দুঃখের বিষয়। এ সময় তারা সরকারের কাছে আগামী বাজেটের আগেই শিক্ষকদের আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহ বলেন, ‘সমাজে আজ শিক্ষকরা বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। এর আগেও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানানো হলেও সেটা কার্যকর করা হয়নি।বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের আহ্বান থাকবে তিনি যেন আমাদের দাবি গুলো পূরণ করেন।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক, জুডিশিয়ারিসহ প্রত্যেক স্তরে নিজস্ব বেতন কাঠামো অনুসরণ করে। কিন্তু সাধারণ শিক্ষক সমাজের জন্য এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই। ফলে আমরা বারবার অবমূল্যায়িত ও হেয় প্রতিপন্ন হচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজে একজন শিক্ষক। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের কষ্ট ও বঞ্চনার বিষয়টি তিনি উপলব্ধি করবেন এবং আসন্ন বাজেটে এই সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন স্তরের শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি নিজেদের একটি স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন করা। কিন্তু কোনো সরকারই এ দাবি মেনে নেয়নি। শিক্ষকতা পেশাকে মুখে মুখে সম্মানজনক বলা হলেও, বাস্তবে এই পেশার প্রতি যথাযথ মূল্যায়ন করা হয় না। সামনে বাজেট আমরা আশা করি আমাদের এই দাবিকে সরকার বিবেচনায় নিবেন।’
ছাত্রদলের সভাপতি হলেন শিবির
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মৌলভীবাজার জেলা শাখার অধীনে ভুনবির দর্জিপুরত কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সদ্যঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শিবির মিয়া।
২৫ মে ২০২৫ তারিখে ছাত্রদলের জেলা শাখার প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি খায়রুল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক নাইম, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিব মিয়া, সাংগঠনিক সম্পাদক শরিফ হোসাইন, প্রচার সম্পাদক আফিক বোধ এবং দপ্তর সম্পাদক আবির হোসেন।
কমিটি প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্বে ভুনবির দর্জিপুরত কলেজ ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জনের চাকরি পুনর্বহালের নির্দেশ
২০১১ সালে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত করা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে সিনিয়রিটি সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহালের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ রায় এ ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আইনজীবী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আদালতে উপস্থিত কর্মচারীরা জানান, ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের বিষয়ে নির্দেশ দেওয়ায় আমরা খুশি।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য