শিরোনাম
জাবির এমএইচ হলের ৪৪ ব্যাচের উদ্যোগে ইফতার সামগ্রি বিতরণ
জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের (এমএইচ) ৪৪ ব্যাচের উদ্যোগে ছিন্নমূল শিশু মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় হলের সদ্য প্রয়াত শিক্ষার্থী আরাফাত সিয়াম এর স্মরণে দোয়া করা হয়।
রবিবার (৯ এপ্রিল) বেলা ৫টায় মীর মশাররফ হোসেন হলের 'বি' ব্লকে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ৪৪ ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র আবুল কালাম আজাদ বলেন, পবিত্র রমাজানে আমরা পরিবার থেকে দূরে হলে অবস্থান করছি। এমএইচ হল ছাত্রলীগ পরিবারের ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে আমাদের এই আয়োজন। পাশাপাশি আমরা হলের ও আশেপাশের পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করি।
তিনি আরো বলেন, সদ্যপ্রয়াত ছোটভাই আরাফাত সিয়ামের আত্মার মাগফেরাতের জন্য আলাদা করে দোয়া করা হয়েছে।
শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ৪৪ ব্যাচের মীর মশাররফ হলের আবাসিক ছাত্র মো. দেলোয়ার হোসেন বলেন, 'কয়েকদিন আগে আমরা স্নেহভাজন প্রয়াত আরাফাত সিয়ামকে হারিয়েছি। তাকে স্মরণ করে এবং হলের সবার মাঝে ভ্রাতৃত্বের জায়গা থেকেই আজকের এই আয়োজন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ৪৩ ব্যাচের মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র মো. বিপ্লব হোসাইন বলেন, এতো সুন্দর একটি আয়োজন করার জন্য হলের ৪৪ ব্যাচের ছোটভাইদের ভালোবাসা জানাই। তাদের উদ্যোগে পথশিশুদের মধ্যে ইফতার বিতরণের উদ্যোগটি প্রশংসনীয়। হল ছাত্রলীগের উদ্যোগে এমন কাজের ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।
আরাফাত সিয়ামের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যু দেশ ও জাতির যে ক্ষতি হয় তা অপূরনীয়। আমি তার আত্নার মাগফিরাত কামনা করছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম প্রীতম, আজিমুশশান নওরোজ প্রনয়, ফারহান সাদিক রিদম, শাহ পরান, মাইদুল ইসলাম সিফাত, শেখ আসিবুল ইসলাম, হাসান মাহমুদ ফরিদ, পিযূষ অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ইমরান, লেলিন মাহবুব, উপ কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান খান সহ হল ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।
রাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে 'প্রচেষ্টার ' ইফতার বিতরণ
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা'র উদ্যোগে প্রায় অর্ধশতাধিক অসহায় দুস্থ শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আজ রোববার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভদ্রা রোডের সামনে তাদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
এ বিষয়ে রাবি প্রচেষ্টা'র সভাপতি মারুফ হাসান বলেন, পবিত্র রমজান মাসে অসহায় দুস্থ শিশুরা যেন ইফতারের কষ্ট না পায় সে জন্য আমরা ইফতার বিতরণ করেছি। এসব শিশুদের হাতে ইফতার তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমি চাই বিশ্ববিদ্যালয়সহ সকল স্তরের বিত্তবান মানুষ অসহায় শিশুদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিক।
ইফতার বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি প্রচেষ্টা'র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি বাপ্পি রহমান, ফাহারিয়া সাথী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাব্বী তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক চন্দন কুমার, শিমুল আলী ও রাকিবুল ইসলাম।
উল্লেখ্য, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রচেষ্টা’ ২০২০ সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি প্রত্যন্ত অঞ্চলের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ,যুব সমাজে বিভিন্ন সচেতনতা তৈরির মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা (শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং ইত্যাদি) দূরীকরণসহ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তা প্রদান করে আসছে।
জাবির দুই ডেপুটি রেজিস্ট্রারের বদলি
জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২/কাউন্সিল) বি. এম. কামরুজ্জামানকে বদলি করে "উচ্চশিক্ষা ও বৃত্তি" শাখায় এবং অপর ডেপুটি রেজিস্টার (উচ্চ শিক্ষা ও বৃত্তি -২) এ বি এম আজিজুর রহমানকে বদলি করে "প্রশাসন-২" শাখায় নিয়োগ দেয়া হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ‘কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের সুবিধার্থে জনাব এ বি এম আজিজুর রহমানকে কর্মী প্রশাসন (প্রশাসন- ২) শাখায় এবং ড. বি এম কামরুজ্জামানকে উচ্চশিক্ষা ও বৃত্তি শাখায় বদলী করা হলো। এ বদলীর কারণে তাদের বেতন বা সিনিয়রিটির কোনো তারতম্য হবে না।’
এছাড়াও অফিস আদেশে আরো বলা হয় কাউন্সিল শাখা আপাতত রেজিস্টারের তত্ত্বাবধানে থাকবে।
উল্লেখ্য, কামরুজ্জামানের বদলি সহ চারদফা দাবিতে চলতি মাসের ২ তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে কর্মকর্তারা।

গ্রামীণফোন ও আইইউটি’র সমঝোতা স্মারক স্বাক্ষর
সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে টেক সার্ভিস লিডার গ্রামীণফোন ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি (আইইউটি)। টেলিযোগাযোগ খাত ও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ এমওইউ স্বাক্ষরিত হয়।
আইইউটি ও গ্রামীণফোনের পক্ষ থেকে এমওইউ -তে স্বাক্ষর করেন যথাক্রমে আইইউটি’র উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন। এছাড়া, অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সমঝোতা স্মারকের অংশ হিসেবে আইইউটি’র শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হবে। দেশের প্রযুক্তি বিষয়ক স্নাতকদের জন্য বিস্তৃত সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে, এ পার্টনারশিপের অধীনে গ্রামীণফোনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞগণ শিক্ষার্থীদের বিভিন্ন সেশন নিবেন। এসব সেশনের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসরুমে শেখা থিউরি বাস্তব জীবন ও কর্মক্ষেত্রে প্রয়োগ সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও, শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন করে তুলতে ইন্টার্নশিপ ও ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম নিয়ে রোডশো আয়োজন করা হবে। এই পার্টনারশিপের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে গবেষণা ও উন্নয়ন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট – আরঅ্যান্ডডি) প্রকল্প এবং ব্যবসার ব্যাবহারিক ক্ষেত্রসহ আরও নানা বিষয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও অংশগ্রহণ বৃদ্ধি করা।
একইসাথে, এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে গবেষণা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র তৈরি করা হবে, যা গ্রামীণফোন ও আইইউটি – উভয় প্রতিষ্ঠানের জন্য উদ্ভাবনের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে। পাশাপাশি, আইইউটি’র শিক্ষকরা খাতসংশ্লিষ্ট সেরা অনুশীলনীগুলো সম্পর্কে জানতে পারবেন। এর ফলে, পাঠদান প্রক্রিয়া আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি মেধাবীদের বিভিন্ন খাতে কাজের জন্য প্রস্তুত করে তোলার যাত্রা ত্বরান্বিত হবে।
এ নিয়ে গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন বলেন, “দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজির সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। আইইউটি’র সাথে পার্টনারশিপ শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে সহায়তা করবে, গবেষণার ক্ষেত্রে একসাথে কাজের সুযোগ তৈরি করবে, উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে ভূমিকা রাখবে এবং আমাদের দেশের বিকাশমান প্রযুক্তি খাতে অগ্রণী ভূমিকা পালনে সহায়তা করবে।”
গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ নিয়ে আইইউটি’র উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ জোরদার করার অংশ হিসেবে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল ল্যান্ডস্কেপের অভূতপূর্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমাদের প্রত্যাশা এই পার্টনারশিপ প্রযুক্তিখাতে দেশের মেধাবী স্নাতকদের ভবিষ্যতের উপযোগী দক্ষতায় দক্ষ করে তুলতে ভূমিকা রাখবে; এ ব্যাপারে তাদের আরও সচেতন করে তুলবে এবং একইসাথে, শিক্ষার্থীদের জন্য অমিত সম্ভাবনা উন্মোচন করবে।”
মুজিবনগর বিশ্ববিদ্যায় গেজেট: জুনেই শুরু হচ্ছে কার্যক্রম
মেহেরপুর জেলায় ঘোষিত মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হচ্ছে আগামী জুন নাগাদ। ইতোমধ্যে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের গেজেট প্রকাশ করা হয়েছে। যাতে রাষ্ট্রপতি সম্মতিও প্রকাশ করেছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলছেন, আগামী জুনের মধ্যে উপাচার্য নিয়োগ দিয়ে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হবে।
গেজেটে বলা হয়েছে, উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমাণ বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা, সমতা অর্জন, জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, আধুনিক জ্ঞানচর্চা, পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের উদ্দেশ্যে মেহেরপুর জেলায় মুজিবনগর বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সমীচীন।
স্বাধীনতার স্মৃতিবিজড়িত স্থান মেহেরপুরর মুজিবনগর। ১৯৭১ সালের ১৭ এপ্রিল এ আম্রকাননেই গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার। পরবর্তীতে বঙ্গবন্ধুর নামে নামাঙ্কিত করা হয় মুজিবনগরের। এ অঞ্চলে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল দীর্ঘদিনের।
সীমান্তবর্তী এ জেলার প্রধান আয়ের উৎস কৃষি। শিক্ষার দিক দিয়েও অনেক পিছিয়ে এ জেলা। অনেকের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন থাকলেও আর্থিক টানাপোড়নে সেই স্বপ্ন থেকে যায় অধরাই। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে জেলাবাসীর।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, জুনেই উপাচার্য নিয়োগ করা হবে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে। আপাতত যেকোনো ভাড়া অবকাঠামো অথবা মেহেরপুর সরকারি কলেজে কার্যক্রম শুরু করার কথা ভাবা হচ্ছে। পর্যায়ক্রমে জমি অধিগ্রহণ করে সেখানে অবকাঠামো নির্মাণ করে শিক্ষা কার্যক্রম চালু করা হবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য