শিরোনাম
বাকৃবিতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে ছাত্র ইউনিয়নের
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গণতান্ত্রিক পরিবেশের নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্র ইউনিয়নের সদস্যরা ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল জব্বারের মোড়ে ছাত্র ইউনিয়নের কার্যালয়ে এসে শেষ হয়।
গত ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে দেবদারু রোডে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী মোরশেদুল ইসলাম ইফতীর মৃত্যু হয়। শিক্ষার্থী ইফতীর মৃত্যুকে প্রশাসনিক গাফিলতিকে দায়ী করে ছাত্র ইউনিয়ন।
ছাত্র ইউনিয়নের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, ময়মনসিংহ মেডিকেলে দায়িত্বরত কর্মকর্তার অধীনে মেডিকেলে বাকৃবির শিক্ষার্থীদের আলাদা চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করা, এম্বুল্যান্স সুবিধা বাড়ানো এবং অ্যাম্বুলেন্স চালক নিয়োগের উদাসীনতা নিরসন করা, হেলথ কেয়ারে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করা, ক্যাম্পাসে নিরাপত্তা কর্মীর সংখ্যা বৃদ্ধি করা, ক্যাম্পাসের নির্মাণাধীন অবকাঠামোর আশেপাশে সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের অভন্তরীণ সড়কে ভারী যানবাহন চলাচল সম্পূনভাবে নিষিদ্ধ করা।
এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের সভাপতি হাবিব আহমেদ লিমন এবং সাধারণ সম্পাদক আরিফ রায়হান বলেন, বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ারের সুবিধা বৃদ্ধি এবং অ্যাম্বুলেন্স সংখ্যাবৃদ্ধি আবশ্যক । অ্যাম্বুলেন্স থাকলেও তার জন্য ড্রাইভার নিয়োগের প্রশাসনিক গাফিলতির বলি হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র ইউনিয়ন এই প্রশাসনিক গাফিলতির প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং দ্রুততার সাথে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানায়।
গত বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের পোস্টার স্থাপনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাবি সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে রাবিতে প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত
সোহানুর রহমান, রবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার প্রত্যয়ে গঠিত 'গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্যানেল'-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডীন কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম ও রূপালী ব্যাংকের রাজশাহী সাহেব বাজার শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সোয়াইবুর রহমানের যৌথ সঞ্চালনায় সোনালী ব্যাংকের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীদের পরিচিতি করান এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী সকল ভোটারকে ভোট প্রদানের আহ্বান জানান।
সভায় আতাউর রহমান বলেন, এবছর ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিকরাসহ অন্যান্য শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করছে। আমরা আশা রাখি, এই নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্যানেল নির্বাচিত হবে এবং এই নির্বাচনের প্রভাব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইতিবাচক ফলাফল নিয়ে আসবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম, প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সোহরাব আলী, গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থী 'দৈনিক আজকের বাংলা'র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ইকবাল মাহমুদ (বাবলু), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো আনসার উদ্দিন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো সাইফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাহমুদুর রহমান, সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. বিপুল কুমার বিশ্বাস ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো ইলিয়াছ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মীর হাসান মো. জাহিদ, উপমহাব্যবস্থাপক সৈয়দ মো. তৌহিদুল হক, অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মো. শামসুল হক, সার্কেল ডিজিএম বাবলু মহুরী, অঞ্চল প্রধান মো. আব্দুল মজিদ, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ফকরুল হাসান, উপমহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন ও মো. গোলাম নবী, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংকের রাবি শাখার এজিএমসহ অগ্রণী, সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচন ঢাকার কেন্দ্রসমূহে আগামী ১৮ মার্চ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ মার্চ অনুষ্ঠিত হবে।
ভূমিকম্পের ঝুঁকি টেকসই উন্নয়নের পথে বড়ো চ্যালেঞ্জ: রাবি উপাচার্য
সোহানুর রহমান, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ভূমিকম্পের ঝুঁকি টেকসই উন্নয়নের পথে একটি বড়ো চ্যালেঞ্জ। সম্প্রীতি তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ধ্বংসাত্মক আমাদের সেই বার্তায় দেয়। বিভিন্ন গবেষণা দেখা যাচ্ছে, দেশের বেশ কয়েকটি অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাই ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণ ও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি প্রশমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কৌশল জরুরি।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত 'বাংলাদেশে ভূমিকম্প পরিস্থিতি ও টেকসই উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সাম্প্রতিককালে দেশের চট্টগ্রাম ও সিলেটসহ অন্য কয়েকটি অঞ্চলের স্বল্পমাত্রার ভূমিকম্প আমাদের সতর্ক হওয়ার জন্য যথেষ্ট। এরকম বাস্তবতায় এই সেমিনার আমাদের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাস ও প্রশমনে টেকসই কৌশল নির্ধারণে দিক নির্দেশ করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক।
যুক্তরাষ্ট্রের জিওইস্টার্ন ইনকরপোরেশনের কর্ণধার বিশিষ্ট প্রকৌশল ভূতত্ত্ববিদ মীর ফজলুল করিম ‘আন্ডারইস্টান্ডিং অব আর্থকোয়েক সিনারিও অব বাংলাদেশ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট এন্ড বিল্ডিং সেফার সিটিজ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন। পরে উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
সেমিনারে ভূতত্ত্ব ও খনিবিদ্যা, ভূগোল ও পরিবেশবিদ্যা, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
টিউশনি পেতে মিডিয়া চার্জের নামে প্রতারণার স্বীকার, থানায় যবিপ্রবি শিক্ষার্থীর অভিযোগ
যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর টিউশনি মিডিয়া নামক ফেসবুক আইডির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের টিউশনি দেওয়ার কথা বলে মিডিয়া চার্জের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এবিষয়ে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে যবিপ্রবি শিক্ষার্থীরা।
বুধবার (২২ ফেব্রুয়ারি) যবিপ্রবি শিক্ষার্থী আকাশ পাল যশোরের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর এ অভিযোগপত্র জমা দেন।
জানা যায়, ১৬ ফেব্রুয়ারি 'যশোর টিউশন মিডিয়া' নামক ফেসবুক আইডি থেকে 'টিউশনি করাতে আগ্রহী কিনা' এমন পোস্ট করা হয়।এসময় যবিপ্রবি শিক্ষার্থী আকাশ পাল উক্ত ফেসবুক পোস্টে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে মিডিয়া চার্জ বাবদ ২৭০০ টাকা দাবি করে ব্যক্তিটি। আকাশ পরদিন উক্ত টিউশন মিডিয়ার দেওয়া বিকাশ নম্বরে ১৩৫০ টাকা পাঠিয়ে দেন। এরপর থেকে আর ঐ নম্বরে বা আইডিতে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে ২২ ফেব্রুয়ারি কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগ পত্র থেকে আরো জানা যায়, যশোর টিউশনি মিডিয়া নামক ফেসবুক আইডি ব্যবহারকারী (নগদ একাউন্ট- ০১৮৫৭২৫৭৬২৪, বিকাশ নম্বর- ০১৪০০৩৯৩৯৫৪) ইতিপূর্বে শতাধিক শিক্ষার্থীর সাথে এমন প্রতারণা করে প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এঘটনায় প্রতিবাদ করলে কয়েকজন শিক্ষার্থীকে প্রাণ নাশের হুমকি দেয় ঐ প্রতারক চক্র। এমতাবস্থায় ভুক্তভোগী শিক্ষার্থী, তিন জনকে সাক্ষী করে টাকা ফেরত সহ উক্ত প্রতারক চক্রের বিচারের দাবি জানাই।
এবিষয়ে জানতে চাইলে সাইবার ক্রাইম বিভাগের এস আই অণুপম বলেন, বিষয়টি আমি শুনেছি এবং ইতিমধ্যেই কাজ শুরু করেছি।
জবিতে ভাষা আন্দোলনঃ আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিত ও মধ্যবিত্তের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মাসুম তালুকদার, জবিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে আজ (২৩ ফেব্রুয়ারি ২০২৩-বৃহস্পতিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় `ভাষা আন্দোলনঃ আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিত ও মধ্যবিত্তের ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. আতিউর রহমান বলেন বঙ্গবন্ধু এই পূর্ব বাংলায় বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্যও সংগ্রাম করেছেন। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বাংলা ভাষাকে পূর্ব বাংলার রাষ্ট্র ভাষা ঘোষণা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের অর্থনৈতিক বঞ্চনার কথা বলেছেন। এসময় আতিউর রহমান ভাষা আন্দোলন এবং বাংলার শোষিত, নির্যাতিত মানুষের জন্য বঙ্গবন্ধু যে সংগ্রাম লড়াই করেছেন সে গুলো তুলে ধরেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা ভিত্তি স্থাপন করে গেলেন এবং তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাল ধরেন। তিনি আরও বলেন অন্যান্য সরকারের আমলে এতো উন্নয়ন বাংলার মানুষ দেখে নি যতটা বর্তমান প্রধানমন্ত্রীর আমলে হচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রবন্ধের উপর আলোচনা করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য