ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে লিড বাংলাদেশ লিডারশিপ সিম্পোজিয়াম

নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২২ ১৮:৬
নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে লিড বাংলাদেশ লিডারশিপ সিম্পোজিয়াম

সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল, সুশীল সমাজের সংগঠনগুলোর অংশীদারিত্বে ‘লিডারশিপ ফর অ্যাডভান্সিং ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (লিড বাংলাদেশ)’ প্রকল্পের অধীনে লিডারশিপ সিম্পোজিয়াম আয়োজন করে।

লিড বাংলাদেশের লক্ষ্য স্থানীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবন ও টেকসই সমাধান নিশ্চিত করতে কমিউনিটির নেতৃত্ব হিসেবে দেশের তরুণদের ক্ষমতায়ন করা। সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিইএ), সুশীলন, দ্যা হাঙ্গার প্রজেক্ট, ওয়েভ ফাউন্ডেশন এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের অংশীদারিত্বে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, খুলনা, রাজশাহী ও সিলেটে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও, অভিবাসীদের মধ্যে নেতৃত্বের উপাদান বিকশিত করতে এই প্রকল্পের যুক্তরাজ্য-ভিত্তিক অংশীদার হিসেবে রয়েছে কমন পারপাস।

লিড বাংলাদেশ প্রকল্পটির উদ্দেশ্য বাংলাদেশের নীতি নির্ধারণে তরুণদের উপস্থিতি নিশ্চিত করে তাদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ বৃদ্ধি করা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য নেতৃত্ব প্রস্তুত করা। কমিউনিটিতে পরিবর্তন নিয়ে আসতে পারবে এমন ৩ হাজার তরুণকে সরাসরি প্রশিক্ষণ ও ১ হাজার ৪০০ সমমনা প্রার্থীদের দক্ষতার বিকাশে প্রশিক্ষণ সংযুক্ত করেছে লিড বাংলাদেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সাথে সম্পর্কিত বাংলাদেশের উন্নয়নের তিনটি সঙ্কটপূর্ণ খাত- শিল্পোদ্যোগ, জলবায়ু পরিবর্তনে নাগরিক অংশগ্রহণ ও গণতান্ত্রিক অন্তর্ভূক্তিতে ২৪০টি সোশ্যাল অ্যাকশন প্রজেক্টের (এসএপি) মাধ্যমে তরুণদের এ বিকাশ ঘটে। যুক্তরাজ্যের বাংলাদেশী অভিবাসী কমিউনিটির ৪০ জন অভিজ্ঞ পেশাজীবী ও নেতা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং তরুণ নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখেন।

সিম্পোজিয়ামের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আজহারুল ইসলাম খান। এতে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর প্রোগ্রামস বাংলাদেশ ডেভিড নক্স।

সিম্পোজিয়ামে দু’টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম প্যানেল আলোচনায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের ভূমিকা’ এবং দ্বিতীয় প্যানেল আলোচনায় ‘বাংলাদেশের তরুণদের দক্ষতা বৃদ্ধিতে অভিবাসী নেতৃত্ববৃন্দ কীভাবে অবদান রাখতে পারেন’ এ বিষয়ে আলোকপাত করা হয়। প্রথম প্যানেল আলোচনাটি বেটারস্টোরিজ লিমিটেডের চিফ স্টোরিটেলার মিনহাজ আনোয়ার এবং দ্বিতীয় প্যানেল আলোচনাটি কমন পারপাসের ডেভেলপমেন্ট ডিরেক্টর- রিম অ্যাসিল পরিচালনা করেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বিজয় দিবস উপলক্ষে ইবিতে কবিতা পাঠের আয়োজন

    নিজস্ব প্রতিবেদক
    ১৭ ডিসেম্বর, ২০২২ ১৭:৫৮
    নিজস্ব প্রতিবেদক
    বিজয় দিবস উপলক্ষে ইবিতে কবিতা পাঠের আয়োজন

    ইবি প্রতিনিধি: 'বিজয় মানে উল্লাস, বিজয় মানে চেতনা, বিজয় মানে নতুন করে, নতুন প্রজন্মের সূচনা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবসের কবিতা পাঠ।

    শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে সাংস্কৃতিক সংগঠন 'আবৃত্তি আবৃত্তি' এই কবিতা পাঠের আয়োজন করে। এসময় সংগঠনটির সদস্যরা কবিতা পাঠ করে।

    জান্নাতুল ফারজানার সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি নাঈমা পারভীনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি বায়োলজি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল, অধ্যাপক ড. খসরুল আলম, আবৃত্তি আবৃত্তি'র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মীরা, সাধারণ সম্পাদক হায়াতে জান্নাত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ প্রায় শতাধিক শিক্ষার্থী।

    এসময় অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম বলেন, কালচারলি ডেভলপ না হলে আলোকিত মানুষ হওয়া খুব কঠিন। মনকে বড় করাটা খুব কঠিন। কবিতা মানুষের মনকে অনেক প্রশস্ত করে। কবিতার একটি শব্দ পুরো কবিতাকে রিপ্রেজেন্ট করে। এই শব্দ গুলো কিন্তু কবিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আবৃত্তি আবৃত্তি সংগঠন তাদের যে মিশন রয়েছে সেগুলো কে নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাবে।

    প্রসঙ্গত, 'আসুন আমরা শুদ্ধতার চর্চা করি' এ উপজীব্যকে ধারণ করে ২০০৩ সালের ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক সংগঠন হিসেবে ‘আবৃত্তি, আবৃত্তি’ আত্মপ্রকাশ করে। সংগঠনটি বিভিন্ন দিবসকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে কবিতা পাঠের আয়োজন করে আসছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত

      নিজস্ব প্রতিবেদক
      ১৭ ডিসেম্বর, ২০২২ ১৭:৫৫
      নিজস্ব প্রতিবেদক
      কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত

      কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘অভিনব’ বিজ্ঞপ্তির বিপরীতে নিয়োগ স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে হাইকোর্টে দায়ের করা এক রিট নিষ্পত্তির আলোকে এ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার হাইকোর্ট থেকে রিট সংক্রান্ত এক চিঠি আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

      জানা গেছে, ‘অভিনব’ নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রমকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহেরসহ আরও সাতজন শিক্ষক। চিঠি পাওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে রিট নিষ্পত্তির জন্য আদশ দেয় বিচারপতি মাহমুদুল হক ও মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

      এর আগে নভেম্বরের মাঝামাঝিতে এ বিজ্ঞপ্তি সংক্রান্ত সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। খবরে বলা হয়, নির্দিষ্ট এক প্রার্থীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের আবেদনের যোগ্যতা না থাকায় ‘অভিনব’ উপায়ে অননুমোদিত একটি অনুবিধি যোগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে কুবি। গত ২৭ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করতে সচেতন শিক্ষকদের পক্ষে উপাচার্য বরাবর চিঠি দেওয়া হয়। উপাচার্যের কার্যালয় থেকে শিক্ষকদের চিঠি প্রাপ্তি স্বীকারের অনুলিপি দেওয়া না হলে ও বিষয়টি আমলে না নিয়ে নিয়োগ কার্যক্রম চলমান রাখলে হাইকোর্ট রিট করেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক।

      এসব বিষয়ে কথা বলতে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল ও খুদেবার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে যেসব বিভাগের পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছিল, সেসব বিভাগের বিভাগীয় প্রধানরা পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

      রিটকারীদের পক্ষের আইনজীবী মো. মোতাহের হোসেন বলেন, যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, সেটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদিত নয়। এমনভাবে একটি অনুবিধি যুক্ত করা হয়েছে, যাতে অযোগ্য ব্যক্তিও শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বিজয় দিবসে কুবিতে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্ল্যানচেট বিতর্ক

        নিজস্ব প্রতিবেদক
        ১৭ ডিসেম্বর, ২০২২ ১৭:৪৬
        নিজস্ব প্রতিবেদক
        বিজয় দিবসে কুবিতে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্ল্যানচেট বিতর্ক

        হেদায়েতুল ইসলাম নাবিদ, কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও প্ল্যানচেট বিতর্কের আয়োজন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই আয়োজন করা হয়।

        এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

        শুরুতে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে দেশাত্ত্ববোধক গান, নাচ অভিনয় ও ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে প্ল্যানচেট বিতর্কের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও পারফরমেন্স করেন।

        এর আগে সকাল সাড়ে দশটায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহিদমিনারে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ ও একটি বিজয় র‌্যালির আয়োজন করেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          কুবিতে বিজয় দিবস উপলক্ষে ৪০০ রোগীকে মেডিকেল স্বাস্থ্যসেবা প্রদান

          নিজস্ব প্রতিবেদক
          ১৬ ডিসেম্বর, ২০২২ ১৯:২
          নিজস্ব প্রতিবেদক
          কুবিতে বিজয় দিবস উপলক্ষে ৪০০ রোগীকে মেডিকেল স্বাস্থ্যসেবা প্রদান

          হেদায়েতুল ইসলাম নাবিদ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় বিজয় দিবস উপলক্ষে ফ্রী মেডিকেল স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়েছে। এতে মোট চারশো জন রোগীকে সেবা প্রদান করা হয়।

          শুক্রবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এ সেবা দেয়া হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আটজন ডাক্তার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ দুস্থ এলাকাবাসীদের সেবা প্রদান করেন।

          ফ্রী মেডিকেল সেবা কার্যক্রমটি সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও বিশেষ অতিথি প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান উদ্বোধন করেন। যা বিকাল ৫ টা পর্যন্ত অব্যাহত থাকে।

          এ বিষয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কমিউনিটি এংগেজমেন্ট এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা ফ্রী মেডিক্যাল স্বাস্থ্যসেবার আয়োজনটা করেছি। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী আছেন যাদের পক্ষে ঢাকায় যেয়ে সেবা নেয়া সম্ভব না। এই মানুষগুলো যেন একটু উপক্রিত হতে পারে সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য।

          এছাড়াও বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে কুবি ভিসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহিদমিনারে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ ও একটি বিজয় র‍্যালির আয়োজন করেন।

          র‍্যালি শেষে ভিসি বলেন, বঙ্গবন্ধু ছিলেন দুস্থ মানুষের নেতা। তাই আমরা তার আদর্শের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে এবারই প্রথমবারের মতো ফ্রী মেডিক্যাল স্বাস্থ্যসেবার আয়োজন করেছি।

          ৫১ তম বিজয় দিবস উপলক্ষে তিনি বলেন, যাদের নেতৃত্বে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের উদ্দেশ্য বাস্তবায়নে আমরা সবসময় সচেষ্ট। এদেশে আর যেন কোনো স্বাধীনতা বিরোধী অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সবাই সচেষ্ট থাকবেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত