শিরোনাম
ইবির চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা
মোস্তাক মোর্শেদ ইমন, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগে আবেদনকারীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) 'বি ইউনিট' ভর্তি পরীক্ষা সমন্বয়কারী অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছ ভর্তি পরীক্ষায় 'বি ইউনিটে'র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে যারা ইবির চারুকলা বিভাগে ভর্তির জন্য আবেদন করেছে তাদেরকে আগামি সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় ব্যবহারিক পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল একাডেমিক ভবনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এছাড়া, সকল পরীক্ষার্থীকে গুচ্ছভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ইবিতে আবেদনের একনলেজমেন্ট স্লিপ সঙ্গে নিয়ে আসতে হবে। সেই সাথে বিজ্ঞপ্তিতে উপরোক্ত কাগজপত্র, ছবি আঁকার উপকরণ এবং সাধারণ হাতঘড়ি ব্যতিত অন্য কোনো কাগজ পত্র অথবা ইলেকট্রনিক ডিভাইস না রাখার পরামর্শ দেয়া হয়।
লম্বা চুলই কাল হলো কলেজছাত্রী ঝুম্পার!
সাতক্ষীরার কুমিরা মহিলা কলেজের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী ঝুম্পা মজুমদার (২০)। পরীক্ষা দিতে গত ৩ নভেম্বর পাটকেলঘাটা থেকে ইজিবাইকযোগে সাতক্ষীরা শহরের কেন্দ্রে আসছিলেন। পথে মাথার লম্বা চুল জড়িয়ে যায় ইজিবাইকের মোটরে।
মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ বাঁচলেও ঝুম্পার মাথার ওপর থেকে চামড়াসহ সব চুল উঠে জড়িয়ে যায় মোটর ভ্যানে। বর্তমানে তিনি খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।
ঝুম্পা মজুমদার সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামের নেপাল মজুমদার মেয়ে।নেপাল মজুমদারের তিন সন্তানের মধ্যে ঝুম্পা মজুমদার সবার বড়। দ্বিতীয় বোন প্রতিবন্ধী এবং ছোট বোনের বয়স পাঁচ বছর।
ঝুম্পার আত্মীয় নারায়ণ মজুমদার বলেন, বর্তমানে ঝুম্পা মজুমদার খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিতে হবে। তবে এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ঝুম্পার দরিদ্র বাবার পক্ষে তার ব্যয় বহন করা কঠিন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
ঝুম্পা মজুমদারের বাবা নেপাল মজুমদার জাগো নিউজকে বলেন, ‘আমি অন্যের জমিতে কৃষিকাজ করে সংসার চালাই। অনেক কষ্টে মেয়েকে লেখাপড়া করিয়েছি। আমার মেয়েটা বাঁচতে চায়। তবে আমার পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব না। আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমার মেয়েকে বাঁচার সুযোগ করে দিন।’
পাখিদের কলরবে মুখরিত রাবির "মতিহার উদ্যান
মারুফ হোসেন মিশন, রাবিঃ সবুজ সুন্দর মনোরম পরিবেশ, সকাল সন্ধ্যা কিচিরমিচির পাখির ডাক, অবিরাম বয়ে চলা শান্ত হিমেল হাওয়া, হাজারো বাহারি রঙের ফুলে হেসে উঠা মনোরম পরিবেশে গড়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'মতিহার উদ্যান'। বিশ্ববিদ্যালয়ে বদ্ধভূমির পাশ ঘেঁষে সোজা পূর্ব দিকে রাস্তা ধরে হাঁটলেই চোখে পড়বে এই শান্ত নিবিড় জায়গাটি। যেখানে হরেক রকমের বড় বড় বৃক্ষে পরিপূর্ণ, পশুপাখিদের অভয়াশ্রম। রয়েছে ছোট-বড় কিছু পুকুর, দেশি পাখি-অতিথি পাখিরা সেই পানিতে স্নান করছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সুউচ্চ গগন শিরীষ বা রেইন ট্রি গাছ। শিরিষের পাতার ফাঁক দিয়ে সূর্যের হালকা আলো আসছে মাটিতে। কোথায়ও আবার ঘন বাঁশঝাড়। মেহগনিগাছগুলো সারি সারি দাঁড়িয়ে রয়েছে। রয়েছে আমের বাগানও। দু'ধারের আমগাছে দেশি পাখিদের আনাগোনা। শালিক, দোয়েল, হলদে, ঘুঘু, ফিঙ্গি পাখি একগাছ থেকে অন্য গাছে উড়ে বেড়াচ্ছে স্বাধীন চিত্তে। উদ্যানের পুকুরে খেলা করছে শুভ্র বক ও কৃষ্ণ পানকৌড়ি। গভীর গাছপালার ফাঁকে ফাঁকে কোথায় আবার তুলা, কচু, মাশকালাই বুনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প সূত্রে জানা গেছে, মতিহার উদ্যানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজি রয়েছে। জারুল, কৃষ্ণচূড়া, বহেরা, আমলকি, শিরিষ, শিমুল, লটকন, মেহগনি, পলাশ, আকাশমণি, বন কাঠালি, তমাল, হিজল, কামরাঙা, আকন্দ, আম, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির গাছ। এছাড়া বিভিন্ন ধরনের ডাল চাষ করা হয়। এসব গাছের বাহিরেও গবেষণার জন্য রয়েছে তুলার চাষ। পুকুরে গবেষণার জন্য মাছ চাষ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, মসলিন কাপড়ের জন্য ব্যবহৃত কার্পাস তুলার জন্য 'মতিহার উদ্যানে' রয়েছে নির্দিষ্ট ৬ বিঘা জমি। পুরো জায়গায় গাছ-গাছালি পশু-পাখি জীববৈচিত্র রক্ষা করে মনোরম বাগান করার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। শিক্ষার্থীদের বনভোজনের ব্যবস্থা রাখা হবে এই উদ্যানে। এছাড়াও জলাশয়গুলো উন্নত করে চারপাশে গাছ লাগিয়ে সৌন্দর্যবর্ধন করা হবে। যেখানে পিকনিক করার পাশাপাশি বিশ্রামের জন্য আলাদা কক্ষ, ওয়াশরুমের সুবিধা থাকবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মতিহার উদ্যান নিয়ে পরিকল্পনার বিষয়ে রাবি উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, মতিহার উদ্যান নিয়ে আমাদের বৃহৎ পরিকল্পনা আছে। জীববৈচিত্র্যর রক্ষার পাশাপাশি সেখানে শিক্ষার্থীদের অবসর সময় কাটানো, বনভোজন এবং বিনোদনের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। এছাড়া এক পাশে আলাদা একটা জায়গায় আইটি জোন তৈরা করা হবে। সেখানে শিক্ষার্থীদের আইটির বিষয়ে আগ্রহী করে তাদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে।
নোবিপ্রবি প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন
মো. আজহারুল হক, নোবিপ্রবিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী এই অফিস কক্ষ উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী বলেন, সাংবাদিকরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে সাংবাদিকরা যেন তার ক্ষমতার অপব্যবহার না করে সেদিকটি খেয়াল রাখতে হবে এবং সত্য ও নিরপেক্ষ সংবাদ সবার সামনে তুলে ধরতে হবে।
নোবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার নাসেরের সঞ্চালনায় ও সভাপতি রাহি রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, সহকারী প্রক্টর ইকবাল হোসেন সুমন, আইন বিভাগের চেয়ারম্যান বাদশা মিয়া, ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘সত্য প্রকাশে মোরা নির্ভীক’ এই মূলমন্ত্রকে ধারণ করে ২০১৯ সালে ২৪ ফেব্রুয়ারী পথচলা শুরু করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (নোবিপ্রবি প্রেসক্লাব)।
প্রযুক্তির অপব্যবহার রোধে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রযুক্তির অপব্যবহার রোধে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, প্রযুক্তিতে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। তবে প্রযুক্তি যাতে মানবিকতার ওপর আঘাত হানতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আজ ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ এবং ফার্মেসী অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান এবং ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ছাত্র-শিক্ষক কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরিবেশ সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে প্রত্যয় গ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, সময়ের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে যুগোপযোগী ও বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পিতা-মাতা, পরিবার, প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের প্রতিও দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের সকল প্রতিকূলতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আনা হবে।
https://therisingcampus.com/du-convocation/
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য