ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

কৃষি গুচ্ছে কোন কেন্দ্রে কতজন পরীক্ষার্থী?

নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২২ ৯:১২
নিজস্ব প্রতিবেদক
কৃষি গুচ্ছে কোন কেন্দ্রে কতজন পরীক্ষার্থী?

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আট পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইডেন মহিলা কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই তিনটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৭ হাজার শিক্ষার্থী (রোল ২৯৫০১-৩৬৫০০), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন ১২ হাজার ৫০০ জন (১০০০১-২২৫০০), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার (২২৫০১-২৯৫০০), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার (৭৮১০৭-৮২১০৬), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ১৫৩ (৮৪১০৭-৮৭২৫৯), চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ( ৮২১০৭-৮৪১০৬), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৯০০ ( ৮৭২৬০-৮৯১৫৯)।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্র ২৬ হাজার (রোল নম্বর ৩৬৫০১-৬২৫০০), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ২৫ জন (৬২৫০১-৭৪৫২৫) এবং ইডেন মহিলা কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫৮১ জন (৭৪৫২৬-৭৮১০৬) শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

মোট ১০টি কেন্দ্রে একযোগে সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ১৭ পদে পদোন্নতি ডিজি হলেন দুদকের ৩ পরিচালক

    নিজস্ব প্রতিবেদক
    ৮ সেপ্টেম্বর, ২০২২ ২১:৩৩
    নিজস্ব প্রতিবেদক
    ১৭ পদে পদোন্নতি ডিজি হলেন দুদকের ৩ পরিচালক

    মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন পরিচালক।

    মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন। এছাড়া পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন দুদকের ৬ উপ-পরিচালক ও নতুন ৮ উপ-পরিচালক হয়েছেন ৮ সহকারী পরিচালক।

    বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুদক সচিব মো. মাহবুব হোসেন সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করে দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, দুদকের ইতিহাসে এত পদোন্নতি কখনো দেওয়া হয়নি। এর মাধ্যমে দুদকের ভাবমূর্তি বাড়বে ও গতিশীলতা বৃদ্ধি পাবে।

    পরিচালক হলেন যারা, এস এম সাহিদুর রহমান, মো. লুৎফর রহমান, মির্জা জাহিদুল আলম, মো. ফরিদ আহমেদ পাটোয়ারী, ঋত্বিক সাহা ও মো. মোশারফ হোসেইন মৃধা।

    উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, শহীদুল আলম সরকার, মো. এ কে এম বজলুর রশীদ, সৈয়দ আতাউল কবীর, মো. শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, মো. আমিনুল ইসলাম, মো. ফজলুল বারী ও এ কে এম ফজলে হোসেন।

    মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৫ সালের নভেম্বর মাসে পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      কোনও রাজনৈতিক দলকে ধরে নির্বাচনে আনার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

      নিজস্ব প্রতিবেদক
      ৮ সেপ্টেম্বর, ২০২২ ২১:১১
      নিজস্ব প্রতিবেদক
      কোনও রাজনৈতিক দলকে ধরে নির্বাচনে আনার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

      কোনও রাজনৈতিক দলকে ধরে বেঁধে নির্বাচনে আনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘যৌক্তিক কারণ ছাড়া কোনো দল নির্বাচনে অংশ না নিলে জনগণ তাদের প্রাধান্য দেয় না। আমরা চাই আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিক। তবে কোনও দল নির্বাচনকে প্রশবিদ্ধ করতে অংশগ্রহণ না করলে তাদের ধরে বেঁধে নিয়ে আসার সুযোগ নেই।’

      বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দীপু মনি বলেন, ‘সময়, নিয়ম ও আইন অনুযায়ী নির্বাচন হবে। বাংলাদেশে যদি সঠিকভাবে নির্বাচন হয়, তাহলে মানুষ উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। কিছু কিছু রাজনৈতিক দল আছে, যারা বিরোধিতা করবেন বলেই বিরোধিতা করেন, তাদের যুক্তির কোনো সম্পর্ক নেই।’

      শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আশা করি আগামী নির্বাচনে যোগ্য সব দল নির্বাচন অংশগ্রহণ করবে। সব ব্যবস্থা থাকার পরও যদি কেউ নির্বাচন অংশ না নেয়, সেটা তাদের রাজনৈতিক অধিকার। তবে আমরা সবসময়ই চাই সবার অংশগ্রহণ নির্বাচনে হোক।’

      এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ৪১তম বিসিএস লিখিতের ফল শিগগিরই: চেয়ারম্যান

        নিজস্ব প্রতিবেদক
        ৮ সেপ্টেম্বর, ২০২২ ২০:৫৮
        নিজস্ব প্রতিবেদক
        ৪১তম বিসিএস লিখিতের ফল শিগগিরই: চেয়ারম্যান

        ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই এই বিসিএসের ফল প্রকাশ করা হবে।

        বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলাপকালে এসব কথা জানান সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।

        তিনি জানান, পরীক্ষকদের খাতা মূল্যায়নে কিছু সমস্যা তৈরি হয়েছিল। বেশ কিছু পরীক্ষক নির্ধারিত সময়ে খাতা মূল্যায়নের কাজ শেষ করতে পারেনি। এছাড়া অনেকগুলো খাতা মূল্যায়নের ক্ষেত্রে কিছুটা ভুল হয়েছিল। সেজন্য ফল প্রকাশ করতে কিছুটা দেরি হয়েছে। তবে আমরা এই ভুলগুলো চিহ্নিত করেছি।

        কবে নাগাদ ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দিন-তারিখ নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারি, ফল প্রকাশের কাজ প্রায় শেষ। সহসাই ফল প্রকাশ করা হবে।

        প্রসঙ্গত ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেন। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন পদে দুই হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা বলা হয়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          শিক্ষার হার ৭৪.৬৬ শতাংশে উন্নীত হয়েছে: প্রধানমন্ত্রী

          নিজস্ব প্রতিবেদক
          ৮ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৪
          নিজস্ব প্রতিবেদক
          শিক্ষার হার ৭৪.৬৬ শতাংশে উন্নীত হয়েছে: প্রধানমন্ত্রী

          শিক্ষার হার ৪৬ দশমিক ৬৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৭৪ দশমিক ৬৬ শতাংশে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২২’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা জানান তিনি।

          প্রধানমন্ত্রী বলেন, ২০১০ শিক্ষাবর্ষ থেকে ২০২২ পর্যন্ত মোট ৪০০ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ৯১১ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বই বিতরণের পাশাপাশি বিভিন্ন ধরনের মেধাবৃত্তি, উপবৃত্তি দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষার সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বহুলাংশে বাড়ানো হয়েছে।

          তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২২’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ বছর দিবসটির প্রতিপাদ্য সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

          বঙ্গবন্ধুর শিক্ষা ও দর্শনের আলোকে আওয়ামী লীগ সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্ধারিত স্তর পর্যন্ত সব ছাত্র-ছাত্রীকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করেন জাতির পিতা। যুদ্ধ-বিধ্বস্ত দেশে সীমিত আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি ৩৬ হাজার ১৬৫টি স্কুলকে জাতীয়করণ করার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন।

          সরকার প্রধান বলেন, করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে শিক্ষার উন্নয়নকে ত্বরান্বিত করতে আমরা প্রযুক্তিনির্ভর আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর জোর দিয়েছি। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার গুরুত্ব বিবেচনা করে, বিশেষ করে চতুর্থ শিল্প-বিপ্লবের কথা মাথায় রেখে শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষা কার্যক্রমে আইসিটি এবং ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। করোনার মধ্যে অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও অনলাইন, সংসদ টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

          তিনি আরও বলেন, আশা করি সবার ঐক্যবদ্ধ চেষ্টায় শতভাগ সাক্ষরতা অর্জন এবং শিক্ষার গুণগত-মান ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত