ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে না ২০১৭ সালের পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২২ ১০:২২
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়  ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে না ২০১৭ সালের পরীক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে এসএসসি পাসকৃতরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না। ২০১৮ এবং ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরাই পরীক্ষার সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় করোনা পরিস্থিতি বিবেচনায় কেবলমাত্র ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ রাখার সিদ্ধান্ত হয়। এ বছর ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে (এ, বি ও সি) অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন ৭২ হাজার পরীক্ষার্থী। ​২০১৮-১৯ সালে এসএসসি এবং ২০২০-২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা পরীক্ষার সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির বলেন, আমাদের ভর্তি কমিটির সভায় এসএসসি এবং এইচএসসি’র ‘ইমিডিয়েট’ ব্যাচকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে ২০১৭ সালে এসএসসি পাসকৃতরা পরীক্ষার সুযোগ পাচ্ছে না।

তিনি আরও বলেন, ভর্তি ফি, আবেদনের যোগ্যতাসহ যাবতীয় বিষয় শিগগিরই বিজ্ঞপ্তি আকারে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালে ‘সেকেন্ড টাইম’ ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করা হয়। তবে করোনার কারণে শিক্ষার্থীদের ক্ষতি বিবেচনায় চলতি বছর সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ রাখার আহবান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিষয়টি নিয়ে সব বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠায় ইউজিসি। এর প্রেক্ষিতে এবার শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    শবে কদরের ফজিলত

    নিজস্ব প্রতিবেদক
    ২৩ এপ্রিল, ২০২২ ১০:১৭
    নিজস্ব প্রতিবেদক
    শবে কদরের ফজিলত

    লাইলাতুল কদর রমজান মাসের একটি মহিমান্বিত রাতের নাম। এ রাতের ফজিলত ও মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করেছেন। কেননা এ রাতেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। এ রাতকে নিয়ে পবিত্র কুরআনে একটি সূরাও নাজিল করা হয়েছে। এ বিষয়ে সূরা আল-কদরে বর্ণিত আছে, 'নিশ্চয়ই আমি তা (কুরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কী জানো?’ (আয়াত: ১-২)

    এ সম্পর্কে সূরা দুখানে মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ‘শপথ সুস্পষ্ট কিতাবের। আমি একে (কুরআন) নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় (লাওহে মাহফুজ থেকে ফেরেশতাদের কাছে) স্থিরিকৃত হয়। আমার পক্ষ থেকে আদেশক্রমে, আমিই প্রেরণকারী। আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমতস্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।' (আয়াত: ২-৬)

    এ রাতের মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘এটি হাজার মাসের চেয়েও উত্তম। এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। শান্তি আর শান্তি, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত (নাজিল হতে) থাকে।' ( সূরা: আল-কদর, আয়াত: ৩-৫)

    এ রাত সম্পর্কে হাদিসে এসেছে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোনাহ মাফের কথা উল্লেখ করেছেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত পবিত্র হাদিস গ্রন্থ সহিহ বুখারির বর্ণনায় এসেছে , রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমানের সঙ্গে সাওয়াবের আশায় লাইলাতুল কদর তথা (নির্ধারিত মর্যাদার রাত) জেগে ইবাদাত করে, তার বিগত জীবনের সব গোনাহ মাফ করে দেয়া হবে।' (বুখারি)

    যেদিনে শবে কদরের রাত হওয়ার সম্ভাবনা রয়েছে

    ঠিক কবে শবে কদরের রাত সে সম্পর্কে সুস্পষ্ট বা নির্দিষ্ট করে বলার বা জানার কোনো সুযোগ নেই। তবে, এটি সুস্পষ্ট যে তা রমজানের শেষ ১০ দিনের বেজোড় কোনো একটি রাত হবে। এই অনুসারে শবে কদর হবে, রমজান মাসের শেষ ১০ ‍দিনের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রমজানের রাতে। অর্থাৎ ২০ রমজান দিবাগত রাত, ২২ রমজান দিবাগত রাত, ২৪ রমজান দিবাগত রাত, ২৬ রমজান দিবাগত রাত এবং ২৮ রমজান দিবাগত রাতে লাইলাতুল কদর হবে।

    পবিত্র হাদিস গ্রন্থ সহিহ বুখারির বর্ণনায় এসেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতদের লাইলাতুল কদর অনুসন্ধান করতে দিকনির্দেশনা দিয়েছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে তোমরা কদরের রাত সন্ধান কর।' (বুখারি)

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      শুধু করোনা নয়, সব টিকাই দেশে উৎপাদনের ব্যবস্থা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

      নিজস্ব প্রতিবেদক
      ২২ এপ্রিল, ২০২২ ১৪:৫
      নিজস্ব প্রতিবেদক
      শুধু করোনা নয়, সব টিকাই দেশে উৎপাদনের ব্যবস্থা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

      শুধু করোনা ভাইরাসের টিকা নয়, সব ধরনের টিকাই দেশে উৎপাদন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

      শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মহাখালী তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

      স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে দেশে টিকা উৎপাদনের কাজ চলমান রয়েছে। শুধু করোনা টিকা নয়, দেশে সব রোগ প্রতিরোধক টিকা উৎপাদনে ব্যবস্থা নেওয়া হবে।

      করোনা টিকা প্রতিবছর নিতে হবে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এটা এখনও নিশ্চিত নয়, তবে আমরা প্রস্তুতি নিচ্ছি। টিকা উৎপাদন কার্যক্রম হাতে নিয়েছি।

      ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা খুবই সুন্দর ভাবে হচ্ছে, পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীরা সন্তুষ্ট। পরীক্ষায় প্রশ্নফাঁস এড়াতে ডিজিটাল পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি পরীক্ষা ব্যবস্থা ও পরীক্ষার মান আরও কীভাবে উন্নত করা যায়।

      ডায়ারিয়া প্রতিরোধে মে মাসে টিকা দেওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডায়রিয়ার প্রকোপ কমাতে টিকাদান কর্মসূটি হাতে নেওয়া হয়েছে। এ বিষয়ে কাজ চলমান রয়েছে। সাধারণত যেখানে কলেরা বা ডায়রিয়ার প্রকোপ বেশি, সেখানেই এটা দেওয়া হবে। আমরা আহ্বান করবে এই টিকা যাতে মানুষ নেয়। টিকা নিলে যে সফলতা আসে, তার সুফল করোনা টিকা দিয়ে প্রমাণ মিলেছে। গত এক মাস যাবত করোনায় মৃত্যু নেই। সংক্রমণ মাত্র ৩০-এর ঘরে। যার ফলে আমরা স্বস্তিতে রয়েছি, অর্থনীতির অবস্থা অনেক ভালো।

      ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষায় এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে প্রায় ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছেন।

      ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে ১ ঘণ্টার এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ৪৪তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির বিষয়ভিত্তিক পরামর্শ

        নিজস্ব প্রতিবেদক
        ২২ এপ্রিল, ২০২২ ১৩:৫৭
        নিজস্ব প্রতিবেদক
        ৪৪তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির বিষয়ভিত্তিক পরামর্শ

        ৪৪তম বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে আগামী ২৭ মে। প্রতিযোগিতামূলক এই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পরিকল্পনামাফিক প্রস্তুতির বিকল্প নেই। বিসিএসে কোনো বিষয়ে দুর্বলতা রাখা যাবে না। প্রিলিমিনারিতে নম্বর বণ্টন কমবেশি হতে পারে, তবে সব বিষয় সমান গুরুত্বপূর্ণ। এখন এড়িয়ে গেলে লিখিত পরীক্ষার সময় বেশি চাপ পড়বে।

        বিসিএসের সিলেবাস বোঝা গুরুত্বপূর্ণ। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর আওতা বোঝা। অনেক কিছুই সিলেবাসে সরাসরি উল্লেখ না–ও থাকতে পারে, তবে পরোক্ষভাবে সেটা যে সিলেবাসের ভেতরেই, তা বুঝে নিতে হবে প্রস্তুতির শুরুতে। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির বিষয়ভিত্তিক পরামর্শ এখানে তুলে ধরা হলো।

        বাংলা ভাষা ও সাহিত্য বাংলা ব্যাকরণ ও সাহিত্য মিলে ৩৫ নম্বর থাকে। ব্যাকরণের জন্য নবম-দশম শ্রেণির ব্যাকরণ বোর্ড বইটি সহায়ক হবে। ব্যাকরণের বিভিন্ন বিষয় উদাহরণসহ পড়তে হবে। খাতায় নোট করে নিলে অল্প সময়ে রিভিশন দেওয়া সহজ হবে। এ ছাড়া ব্যতিক্রমী উদাহরণগুলো টুকে নিতে হবে। সাহিত্যের ক্ষেত্রে পিএসসির নির্ধারিত ১১ জন সাহিত্যিক, বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব ও আধুনিক সাহিত্যিকদের মধ্যে অন্তত ২০ জনের সাহিত্যকর্ম নিয়ে প্রস্তুতি থাকতে হবে। ছড়া বা শব্দ সংকেতের মাধ্যমে মনে রাখা সহজ। মনে রাখতে হবে, বাংলা সাহিত্য একটি বিশাল সিলেবাস। সব আয়ত্ত করা যায় না, চেষ্টা করাও উচিত হবে না।

        ইংরেজি ভাষা ও সাহিত্য ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রশ্ন অপেক্ষাকৃত সহজ হয়। ইংরেজিতে ভালো করার বিকল্প নেই। ইংরেজির কিছু টপিক বিসিএসে প্রতিবারই আসে। যেমন, ভোকাবুলারি, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, প্রিপজিশন ও পার্টস অব স্পিচ। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় গ্রামার রুল শেখার সময় রুলের অন্তর্গত নানা চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন অনুশীলন করা। এতে সহজে বোঝা যাবে। সাহিত্যিকদের ক্ষেত্রে আগের প্রশ্ন ও তাঁদের সৃষ্টিকর্ম পড়া যেতে পারে।

        বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশ বিষয়াবলির সিলেবাস বেশ বড়। সিলেবাস দেখেই অনেকে হতাশ হয়ে যান। আরও হতাশ হয়ে পড়েন সাধারণ জ্ঞানে তুখোড় কাউকে দেখলে। এ বিষয়ে হতাশ হওয়ার কিছু নেই। বাংলাদেশ বিষয়াবলির প্রস্তুতিতে তিনটি পর্যায় আছে—প্রথমত, নবম-দশম শ্রেণির বোর্ড বই, একাদশ-দ্বাদশ শ্রেণির পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস বইগুলো রাখা যায়। এসব বইয়ের এমসিকিউ নোট আকারে সহায়ক বই পাওয়া যায়। দ্বিতীয়ত, বিভিন্ন সহায়ক বই। তৃতীয়ত, পত্রিকা, টিভি নিউজ ও বিভিন্ন সম্পাদকীয় সংকলন। পাশাপাশি সংবিধানের আগাগোড়া জানতে হবে।

        আন্তর্জাতিক বিষয়াবলি বৈশ্বিক ইতিহাস, জাতিসংঘ, আন্তর্জাতিক সংগঠন, বাণিজ্য চুক্তি, অন্যান্য চুক্তি, যুদ্ধ, যুদ্ধবিরতি, খেলাধুলা ও সাম্প্রতিক বিষয়ে প্রায়ই প্রশ্ন আসে। এই অংশে জানাশোনা কম থাকে বলে প্রার্থীদের মধ্যে ভীতি দেখা যায়। সাধারণ বইয়ের বাইরে প্রশ্ন হলে, সেটা সবার জন্য কঠিন। তবে ৭৫ থেকে ৮০ শতাংশ প্রশ্ন সব সময়ই কমন থাকে।

        সাধারণ বিজ্ঞান এই অংশের সিলেবাসের আয়তন ও বরাদ্দ করা নম্বর ব্যস্তানুপাতিক। আগের প্রশ্নগুলো পড়লেই ৮৫ ভাগ প্রস্তুতি হয়ে যায়। বিজ্ঞানে নম্বর কম বলে অনেকে বিজ্ঞানে কম প্রস্তুতি নেন বা এড়িয়ে যেতে চান। সে ক্ষেত্রে লিখিত প্রস্তুতির সময় অতিরিক্ত সময় ব্যয় করতে হবে বিজ্ঞানের জন্য।

        ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা নবম-দশম শ্রেণির ভূগোল বই থেকে বিসিএস সিলেবাস–সংশ্লিষ্ট অংশ পড়ুন। তবে গাইড বইয়ের চেয়ে আগের বছরে আসা প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। মানচিত্র সঙ্গে নিয়ে পড়লে সহজে রপ্ত করা যায়। দুর্যোগ ব্যবস্থাপনায় সাম্প্রতিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, চুক্তি ও সম্মেলন বেশি গুরুত্বপূর্ণ।

        গাণিতিক যুক্তি এই অংশে প্রস্তুতি দুই রকম। যদি প্রার্থীর বেসিক ধারণা ভালো হয়, তাহলে বই থেকে অনুশীলন করলেই চলে। আর দুর্বল হলে নিম্নমাধ্যমিকের গণিত বই সহায়ক হতে পারে। তবে প্রিলিমিনারি পরীক্ষায় দীর্ঘ গণিত বা জটিল গণিত আসে না। এ ক্ষেত্রে ইউটিউব থেকে সাহায্য নিলে প্রস্তুতি ভালো হবে।

        মানসিক দক্ষতা আগের বিসিএসে আসা প্রিলিমিনারি ও লিখিত প্রশ্নের সমাধান করতে হবে। মানসিক দক্ষতায় বিভিন্ন সূত্র প্রয়োগ করে সমাধান করলে ভুল হওয়ার আশঙ্কা কমে যায়।

        কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে একাদশ-দ্বাদশ শ্রেণির আইসিটি বইয়ের সাহায্য নেওয়া যেতে পারে। তবে নবম-দশম শ্রেণির আইসিটি বইটি সহজে বোঝা যায়। এ ছাড়া বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন পড়তে হবে।

        নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সবচেয়ে বেশি কনফিউজিং প্রশ্ন থাকে এ অংশে। একই প্রশ্নের উত্তর ভিন্ন দেখা যায়। যদিও বেশির ভাগ প্রশ্নের উত্তর কমনসেন্স থেকে করা যায়। জাতিসংঘসহ অন্যান্য বৈশ্বিক প্রতিষ্ঠানের সুশাসন–সম্পর্কিত পদক্ষেপ জানা জরুরি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          প্রশ্নের পুরোনো ছবি ছড়িয়ে বিভ্রান্তির চেষ্টা হয়েছে: ডিজি

          নিজস্ব প্রতিবেদক
          ২২ এপ্রিল, ২০২২ ১৩:৫১
          নিজস্ব প্রতিবেদক
          প্রশ্নের পুরোনো ছবি ছড়িয়ে বিভ্রান্তির চেষ্টা হয়েছে: ডিজি

          প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর প্রথম ধাপের লিখিত পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। তিনি জানান, এ পরীক্ষায় কোন ধরনের অনিয়মের সুযোগ নেই। গতকাল থেকে ফেসবুকে ছড়ানো প্রশ্নটি পূর্বের বছরের।

          গতকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া প্রশ্নের বিষয়ে জানতে চাইলে শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১১টায় পরীক্ষা শুরুর পর দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি এসব কথা বলেন।

          প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, একটি কুচক্রি মহল প্রতিটি পরীক্ষার আগে এ ধরনের কার্যক্রম করে থাকে। বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এরা এসব করে।

          এর আগে গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত থেকে পরীক্ষাকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যান্য যোগাযোগমাধ্যমগুলেতে ‘প্রশ্নসহ উত্তরপত্র’ ও ‘সাজেশন’ বিক্রির পোস্ট দিয়ে প্রলোভন দেখানো হয়েছে। এছাড়া পরীক্ষা শুরু সর্বশেষ কয়েক ঘণ্টা আগে নিয়োগ পরীক্ষার প্রশ্নের একাধিক পাতার ছবি ফেসবুকে বিভিন্ন পেজ-গ্রুপে ছড়িয়ে দেয়া হয়।

          মনসুরুল আলম বলেন, প্রাথমিকের নিয়োগ পরীক্ষার ৪৭০৯-নং সেটের যে প্রশ্নের ছবিটি ভাইরাল করা হচ্ছে সেটি পুরোনো। এ ধরনের সেট নম্বরে এবারে কোন প্রশ্ন হয়নি। সবাইকে সতর্ক থাকতে। যারা এগুলো করতেছে, তাদের শনাক্তের চেষ্টা চলছে। নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। আমি নিজেও একাধিক কেন্দ্র পরিদর্শনে যাচ্ছি।

          প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে শুক্রবার ঢাকাসহ ২২টি জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীদের পরীক্ষা শুরু হয়েছে। এরমধ্যে ১৪টি জেলার সব উপজেলা এবং ৮টি জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আবেদনকারীরা নিজ নিজ জেলায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত