ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিবের যোগদান

নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারি, ২০২২ ২০:৪৭
নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিবের যোগদান

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মো. আবু বকর সিদ্দিক। রোববার (২ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাকে ফুল দিয়ে বরণ করেন।

এসময় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নতুন সচিব মো. আবু বকর ছিদ্দীক।

তিনি বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং সেতু বিভাগ, সেতু মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মো. আবু বকর ছিদ্দীক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গর্ভনেন্স স্টাডিজে স্নাতকোত্তর করেন। যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল সংস্থা চার্টার্ড ইনসটিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই থেকে পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ে আন্তর্জাতিক ডিপ্লোমা অর্জন করে সিআইপিএস সদস্য লাভ করেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ২০২০ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা শুরু ৪ ফেব্রুয়ারি

    নিজস্ব প্রতিবেদক
    ২ জানুয়ারি, ২০২২ ২০:২৯
    নিজস্ব প্রতিবেদক
    ২০২০ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা শুরু ৪ ফেব্রুয়ারি

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আগামী ১৮ মার্চ।

    আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা ৪ ফেব্রুয়ারি শুরু হবে। এই পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। ঘোষিত সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষা শুরু হবে।

    পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সংক্ষিপ্ত সিলেবাসে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

      নিজস্ব প্রতিবেদক
      ২ জানুয়ারি, ২০২২ ২০:১৮
      নিজস্ব প্রতিবেদক
      সংক্ষিপ্ত সিলেবাসে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

      চলতি বছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রবিবার (২ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

      এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীককে ফুল দিয়ে বরণ করে নেন তিনি। এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

      শিক্ষামন্ত্রী বলেন, যারা এবার এইচএসসি দিয়েছে তাদেরও তো ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠেছে যে, তারা এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে দিলো, এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে?

      “আমার যতদূর কথা হয়েছে সকলে প্রায় একমত যে, এবার সংক্ষিপ্ত সিলেবাসের ওপরই ভর্তি পরীক্ষা হবে। তবে সাধারণ জ্ঞানের বিষয়টা ভিন্ন, সেটা যেকোনো জায়গা থেকে হতে পারে। আশা করি, আমাদের শিক্ষার্থীদের আর কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ।”

      তিনি বলেন, করোনার কারণে গত দুই বছর শিক্ষাব্যবস্থায় আমাদের কিছুটা ক্ষতি তো অবশ্যই হয়েছে। যদিও আমরা অনেকভাবেই সে ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা করেছি। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ায় কিছু ঘাটতি দেখা দিয়েছে। এখন যেহেতু করোনা সংক্রমণ একটু ঊর্ধ্বগামী, সেজন্য করোনা পরিস্থিতি বিবেচনা করতে হবে। যদি করোনা পরিস্থিতি বেশি খারাপ হয় তবে ঘাটতি পুষিয়ে ওঠা অনেক চ্যালেঞ্জের হবে। এই ঘাটতি একটি শিক্ষাবর্ষে পূরণ করতে পারব, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমরা ঘাটতি কমানোর সর্বোচ্চ চেষ্টা করছি।

      ডা. দীপু মনি বলেন, আমরা নতুন কারিকুলাম নিয়ে আসছি। সেটা বাস্তবায়নে করোনা যেন বাধা হয়ে না দাঁড়ায়। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

      তিনি আরও বলেন, স্কুলগুলোতে ক্লাস শুরু হয়েছে। আমরা চাইছি ক্লাসের সংখ্যা বাড়াতে। করোনার সংক্রমণের হার বাড়ায় এখনই স্বাভাবিক কার্যক্রমে যেতে পারছি না। মার্চ পর্যন্ত করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আমরা যদি মার্চ মাস ভালোভাবে পার করতে পারি, আশা করি স্বাভাবিকের দিকে নিয়ে যেতে পারব।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ভর্তি নিয়ে সক্রিয় প্রতারক চক্র, থানায় অভিযোগ রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

        নিজস্ব প্রতিবেদক
        ২ জানুয়ারি, ২০২২ ১৫:৪৩
        নিজস্ব প্রতিবেদক
        ভর্তি নিয়ে সক্রিয় প্রতারক চক্র, থানায় অভিযোগ রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

        রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে জালিয়াতি করে ভর্তির প্রলোভন দেওয়ায় থানায় অভিযোগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

        গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী রংপুর মহানগরের তাজহাট থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন।

        অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে গতকাল শনিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে একটি চক্র জালিয়াতির মাধ্যমে ভর্তির প্রলোভন দিচ্ছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে।

        অভিযোগে আরও বলা হয়েছে, কোনো একটি অসাধু চক্র বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়ে ভুয়া তথ্য সরবরাহ করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্নসহ প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে।

        বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ‘brur চান্স ১০০% করে দিব’ নামের গ্রুপ থেকে একটি বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করা হয়। ওই বার্তায় বলা হয়, ‘যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, তাদের চান্স পেয়ে দেব। এতে খরচ হবে ২০ হাজার টাকা। অগ্রিম পেমেন্ট করতে হবে ৮৫০ টাকা।’

        গতকাল দুপুরে একই গ্রুপ থেকে আরেকটি বার্তা শেয়ার করা হয়। সেখানে লেখা ছিল, ‘যারা রেজাল্ট চেঞ্জ করার জন্য ৮৫০ টাকা দিয়েছেন তাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে। বিকেল ৫টার সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজাল্ট পাবেন। বাকি টাকা ভর্তির পর দেবেন।’

        বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘যে মুঠোফোন নম্বর দিয়ে জালিয়াতি গ্রুপের অ্যাকাউন্ট খোলা হয়েছে, তা সার্চ দিয়ে “DU Admission” সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সংক্রান্ত প্রতারক চক্র এই কাজটি করেছে বলে আমাদের ধারণা। এ ঘটনায় তাজহাট থানায় শনিবার বিকেলে একটি অভিযোগ করা হয়েছে।’

        এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

        গত ৩১ ডিসেম্বর রাত একটায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওয়েবসাইটে প্রকাশিত তালিকা ও ভর্তি বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্যমতে, জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। বিভাগগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ১১ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          একাদশে ভর্তি কলেজে ৫ লাখ আসন ফাঁকা থাকবে

          নিজস্ব প্রতিবেদক
          ২ জানুয়ারি, ২০২২ ১৫:২৬
          নিজস্ব প্রতিবেদক
          একাদশে ভর্তি  কলেজে ৫ লাখ আসন ফাঁকা থাকবে

          চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ড সংখ্যক শিক্ষার্থী পাস করেছে। এরপরও উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রায় পাঁচ লাখ আসন ফাঁকাই থাকবে। অন্যদিকে অপেক্ষকৃত ভালো কলেজগুলোতে এবারও শিক্ষার্থী ভর্তিতে চাপ অব্যাহত থাকবে। জিপিএ-৫ পেয়েও ভালো মানের একটি কলেজ পাবে না শিক্ষার্থীরা

          সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়ালেখা হয় এমন প্রতিষ্ঠান রয়েছে ৯ হাজার ৪১৪টি। এই প্রতিষ্ঠানগুলোতে সব মিলিয়ে আসন রয়েছে ২৬ লাখ ৯ হাজার ২৪৯টি। আর এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন শিক্ষার্থী। সরকারি এই হিসেবেই আসন খালি থাকবে ৫ লাখ ১২ হাজার ৭০৩টি।

          এদিকে বরাবরের মতো এবারও অপেক্ষাকৃত ভালো কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির চাপ থাকবে। জিপিএ-৫ পেয়েও শিক্ষার্থীরা নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন না। ফলে কলেজ ভর্তি নিয়ে চিন্তায় রয়েছে এসব শিক্ষার্থী।

          ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সারা দেশে ‘ভালো বা মোটামুটি ভালো মানের’ কলেজ আছে প্রায় ২০০টি। যেগুলোতে সব মিলিয়ে আসন হতে পারে এক লাখের মতো। এ ধরনের ২০টির মতো কলেজ ঢাকায় অবস্থিত। এগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে কমবেশি ২০ হাজার। তবে এগুলোর কয়েকটিতে বিদ্যালয় শাখা আছে। ফলে ভর্তিতে ওই প্রতিষ্ঠানের বিদ্যালয় শাখার শিক্ষার্থীরাই অগ্রাধিকার পাবে। এর বাইরে ঢাকা কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কমার্স কলেজ, সিটি কলেজগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চাপ বেশি হবে। বিভিন্ন বিভাগীয় শহর এবং কিছু জেলা শহরে এরকম কিছু কলেজ আছে।

          এদিকে আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণির ভর্তির প্রক্রিয়া, শেষ হবে ১৫ জানুয়ারি। এরপর যাচাই এবং নির্বাচন প্রক্রিয়া শেষে ফেব্রুয়ারির ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে। এরপর ২ মার্চ শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।

          ভর্তির নীতিমালা অনুযায়ী, অনলাইনে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, সেগুলোর মধ্য থেকে মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত