ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫২ দেশ-অঞ্চল

অনলাইন ডেস্ক
৩০ জুলাই, ২০২৫ ১৪:৫৯
অনলাইন ডেস্ক
প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫২ দেশ-অঞ্চল

রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে বুধবার ভোরে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক। যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশের আবহাওয়া সংস্থা ও সুনামি সতর্কতা কেন্দ্রগুলো একযোগে সতর্কতা জারি করেছে। তিনটি ভিন্ন মাত্রার ঢেউয়ের আশঙ্কা অনুযায়ী বিশ্বের ৫২টি দেশ ও অঞ্চল এই সতর্কতার আওতায় এসেছে।


৩ মিটারের বেশি উচ্চতার সুনামির ঝুঁকিতে রয়েছে তিনটি দেশ ও অঞ্চল। এগুলো হচ্ছে রাশিয়া,ইকুয়েডর এবং উত্তর-পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ। এদিকে, এক থেকে তিন মিটার ঢেউয়ের আশঙ্কায় রয়েছে ১৪টি দেশ ও অঞ্চল। এদের মধ্য রয়েছে চিলি, কোস্টারিকা, ফ্রেঞ্চ পলিনেশিয়া, গুয়াম, হাওয়াই, জাপান, জার্ভিস আইল্যান্ড, জনস্টন অ্যাটল, কিরিবাতি, মিডওয়ে আইল্যান্ড, পালমিরা আইল্যান্ড, পেরু, সামোয়া ও সলোমন দ্বীপপুঞ্জ। খবর লাইভমিন্টের।


এদিকে, শূন্য দশমিক ৩ থেকে এক মিটার উচ্চতার ঢেউয়ের সতর্কতায় রয়েছে ৩৫টি দেশ ও অঞ্চল। এসব হচ্ছে, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ফিজি, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, তিউনিসিয়া, টোঙ্গা, তুভালু, ভানুয়াতু, কলম্বিয়া, মেক্সিকো, নিকারাগুয়া, এল সালভাদর, কুক আইল্যান্ডস, কেরমাডেক দ্বীপপুঞ্জ, কসরে, মার্শাল দ্বীপপুঞ্জ, পিটকায়ার্ন, চুক, পোহ্নপেই, নাউরু, নিউ ক্যালেডোনিয়া, নিয়ুয়ে, প্যালাউ, পানামা, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ, তাইওয়ান, হাওল্যান্ড ও বেকার দ্বীপপুঞ্জ, জন্সটন অ্যাটল, জার্ভিস আইল্যান্ড, ওয়েক আইল্যান্ড, টোকেলাও।


ইতোমধ্যে রাশিয়ার উপকূলীয় অঞ্চলে সুনামির ঢেউ ৩-৪ মিটার পর্যন্ত উঠেছে, এবং উপকূলবর্তী শহরগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে।


বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভূমিকম্পের পরবর্তী কয়েক ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। উপকূলবর্তী অঞ্চলগুলোতে জনসচেতনতা ও সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। সুনামির সম্ভাব্য ঢেউ যে কোনো সময় আছড়ে পড়তে পারে, তাই সব দেশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলছে আন্তর্জাতিক সংস্থাগুলো।


প্রাসঙ্গিক
    মন্তব্য

    বিশ্বের ৬ষ্ঠ শক্তিশালী ভূমিকম্প দেখল রাশিয়া

    অনলাইন ডেস্ক
    ৩০ জুলাই, ২০২৫ ১৪:৫৩
    অনলাইন ডেস্ক
    বিশ্বের ৬ষ্ঠ শক্তিশালী ভূমিকম্প দেখল রাশিয়া

    ১৯০০ সাল থেকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ভূমিকম্পের রেকর্ড রাখা শুরু করে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)। সেই রেকর্ড বলছে, বুধবার বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প দেখেছে রাশিয়া।


    আজ বুধবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প এবং তারপর ৬ দশমিক ৯ এবং ৬ দশমিক ৩ মাত্রার দু’টি ‘আফটার শক’ হয়। ভূমিকম্পটির এপিসেন্টার বা উৎপত্তিস্থল কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে।


    এক বিবৃতিতে ইউএসজিএস জানিয়েছে, শক্তি ও ধ্বংসক্ষমতার বিবেচনায় কামচাটকার এই ভূমিকম্প বিশ্বের ইতিহাসে ষষ্ঠ। এর আগে ২০১০ সালে চিলিতে এবং ১৯০৬ সালে ইকুয়েডরে এই মাত্রার ভূমিকম্প হয়েছিল।


    যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের সহকারী অধ্যাপক ড. হেলেন জেনিসজেউইস্কি ইউএসজিএসের এই তথ্যের সত্যতা স্বীকার করেছেন। বিবিসিকে তিনি বলেন, “আমাদের রেকর্ড বলছে, ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পটি হয়েছিল চিলিতে। বিওবিও অঞ্চলে। ১৯৬০ সালে চিলির বিওবিও অঞ্চলে হওয়া সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৯ দশমিক ৫।”


    বুধবারের ভূমিকম্পের পর সুনামির আঘাত এসেছে জাপানে। বিবিসির তথ্য অনুসারে, সুনামির পর ৪ মিটার (১২ ফুট) উচ্চতার একের পর এক ঢেউ আছড়ে পড়ে জাপানের সর্বউত্তরের দ্বীপ হোক্কাইডোর উপকূলে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুসারে, রাশিয়ায় ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞলজুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।


    ইতোমধ্যে জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পেরু, ইকুয়েডর, চিলি, সলোমন দ্বীপপুঞ্জ, চীন, যুক্তরাষ্ট্রের হাওয়াই, লস অ্যাঞ্জেলেসে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে সাগরে সুনামি পরিস্থিতি থাকার আশঙ্কা আছে।


    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় তিনি বলছেন, “ সরকারের হালনাগাদ তথ্য সম্পর্কে খোঁজখবর রাখুন। ভয় পাবেন না। দৃঢ় এবং নিরাপদ থাকুন।”


    প্রাসঙ্গিক
    মন্তব্য

    ভূমিকম্পের পর সক্রিয় আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকে গেছে আকাশ

    অনলাইন ডেস্ক
    ৩০ জুলাই, ২০২৫ ১৩:৪৩
    অনলাইন ডেস্ক
    ভূমিকম্পের পর সক্রিয় আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকে গেছে আকাশ

    রাশিয়ার কামচাটকায় ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি সক্রিয় হয়েছে। ভূমিকম্পের পর আগ্নেয়গিরিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ করা গেছে। এরই মধ্যে ৩ কিলোমিটার উঁচু ছাইয়ের স্তর আকাশ ঢেকে দিয়েছে। যে কোনো সময় লাভার উদগিরণ হওয়ার শঙ্কায় আতঙ্কিত ওই অঞ্চলের বাসিন্দারা।


    রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউটের কামচাটকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রতিক্রিয়া দলের তথ্যানুসারে, কামচাটকার ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরির ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার (১.৮ মাইল) উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।


    বুধবার (৩০ ‍জুলাই) ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা বলেছে, এখন পর্যন্ত ছাইয়ের স্তম্ভ আগ্নেয়গিরির ৫৮ কিলোমিটার (৩৬ মাইল) পূর্বে বিস্তৃত হয়েছে। আগ্নেয়গিরিটি চূড়ায় বিস্ফোরকভাবে অগ্ন্যুৎপাত অব্যাহত রেখেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার (৪.৯ মাইল) উচ্চতায় ছাই নির্গমন যে কোনো সময় ঘটতে পারে। অব্যাহত কার্যকলাপ নিচু উড়ন্ত বিমানগুলোকে প্রভাবিত করতে পারে।


    রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট বলেছে, গর্তটি প্রায় লাভায় পূর্ণ, আমরা লাভা প্রবাহের আশঙ্কা করছি।


    আন্তর্জাতিক বিমান চলাচলের রুটগুলো ক্লিউচেভস্কয় অঞ্চল দিয়ে যায় না। তবুও আঞ্চলিক বিমানগুলো চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। বিমান চলাচলের ঝুঁকির বোঝাতে ‘কমলা রঙের’ কোড ব্যবহার করছে কর্তৃপক্ষ।


    বুধবার রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পরে তা সংশোধন করে ৮.৮ মাত্রা রেকর্ড করা হয়। যার ফলে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত সুনামি সৃষ্টি হয়েছে। এরই মধ্যে রাশিয়ার উপকূলে সুনামি আঘাত করেছে। বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে।


    এদিকে জাপানেও সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, যুক্তরাষ্ট্রেও সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।


    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জাপানের সতর্কবার্তা

      ২৪ ঘণ্টারও বেশি সময় স্থায়ী হতে পারে সুনামি পরিস্থিতি

      অনলাইন ডেস্ক
      ৩০ জুলাই, ২০২৫ ১২:৫৭
      অনলাইন ডেস্ক
      ২৪ ঘণ্টারও বেশি সময় স্থায়ী হতে পারে সুনামি পরিস্থিতি

      রাশিয়ায় ব্যাপক ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগর অঞ্চলে যে সুনামি পরিস্থিতি দেখা দিয়েছে— তা আগামী ২৪ ঘণ্টারও বেশি সময় স্থায়ী হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাপান।


      দেশটির আবহাওযা দপ্তরের একজন মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, “সুনামির বিধ্বসী ক্ষমতা নির্ভর করে ভূমিকম্পের মাত্রার ওপর। রাশিয়ায় যে মাত্রার ভূমিকম্প থেকে এই সুনামি এসেছে— আমরা আশঙ্কা করছি যে আগামী ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও সুনামি পরিস্থিতি থাকবে।”


      আজ বুধবার ভোরের দিকে রাশিয়ার দূরপ্রাচ্যের অঞ্চল কামচাটকায় ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প এবং তার পর ৬ দশমিক ৯ মাত্রার ‘আফটার শক’ হয়। সেই ভূমিকম্পের পর ৪ মিটার (১২ ফুট) উচ্চতার ঢেউ এসে আঘাত হানে জাপানের সর্বউত্তরের দ্বীপ হোক্কাইডোতে।


      এখনও জাপানের উত্তর, পূর্ব-সহ বিভিন্ন উপকূলে আছড়ে পড়ছে সুনামির ঢেউ। তবে সেসব ঢেউয়ের উচ্চতা ২-৩ ফুটের বেশি নয়।


      “আমাদের চিন্তা হচ্ছে জোয়ারের সময় কী হবে— তা নিয়ে। সুনামি পরিস্থিতি অব্যাহত থাকলে স্বাভাবিক ভাবেই ঢেউয়ের আকার, উচ্চতা এবং শক্তি অনেক বেশি থাকবে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি”, সিএনএনকে বলেন ওই মুখপাত্র।


      সূত্র : সিএনএন


      প্রাসঙ্গিক
      মন্তব্য

      রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

      অনলাইন ডেস্ক
      ৩০ জুলাই, ২০২৫ ১২:৪৯
      অনলাইন ডেস্ক
      রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

      রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৭। এরপর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।


      এছাড়া শক্তিশালী এই ভূমিকম্পের জেরে নিজেদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে জাপানও। বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।


      সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।


      জাপান ও যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূলজুড়ে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া জাপানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাইওয়ানও সুনামি সতর্কতা জারি করেছে।


      রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় জানান, এটি “গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প”।


      অন্যদিকে যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, “বিধ্বংসী সুনামি ঢেউয়ের” আশঙ্কা রয়েছে এবং কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


      জাপানের কর্মকর্তারাও জানিয়েছেন, তাদের উপকূলীয় অঞ্চলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।


      এর কিছুক্ষণ পর রাশিয়ার একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে যথাক্রমে ১৪৭ ও ১৩১ কিলোমিটার দূরে ৬.৯ ও ৬.৩ মাত্রার আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়।


      ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস আল জাজিরাকে জানান, পরিস্থিতি গুরুতর বলে মনে হচ্ছে। তিনি বলেন, “এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই সঠিক।”


      এদিকে জাপানও তার পূর্ব উপকূলের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। আল জাজিরা বলছে, জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পূর্ব উপকূলের বেশিরভাগ অংশে সুনামির সতর্কতা জারি করেছে।


      লোকজনকে সৈকত থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে স্থানীয় সময় সকাল ১০টা থেকে হোক্কাইডোর উত্তরে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ শুরু হতে পারে এবং ধীরে ধীরে সেটি দক্ষিণে সরে যেতে পারে বলে আশা করা হচ্ছে।




      মন্তব্য
      সর্বশেষ সংবাদ
        সর্বাধিক পঠিত